ফৌজিয়া সিরাজ
ফৌজিয়া সিরাজ (২৬.৬.১৯৫৭-) আসানসোল, বর্ধমান। পিতা কাজী ফজরুল করিম। স্বামী ড. সৈয়দ আহসান সিরাজ। এম.এ. (রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়)। নাট্য বিভাগে শীর্ষস্থান অধিকার করেন (১৯৯২)। গৃহস্থালি, নাট্য গবেষণা ও অভিনয়। বাবা-মা দু'জনেই ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে বাবা নিজস্ব নাট্যসংস্থা গঠন করেন-- উত্তর সারথি। তাঁর কাছেই নাট্যাভিনয়ের হাতেখড়ি। শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় 'জীবিত ও মৃত'তে সতীশ চরিত্রে। আট বছর বয়সে মিনার্ভা মঞ্চে 'ফিঙ্গার প্রিন্ট' নাটকে অভিনয় করেন। সমান উৎসাহী ছিলেন আবৃত্তিতে এবং গল্প ও কবিতা লেখায়। বাবার নির্দেশনায় রবীন্দ্রনাথের 'মুকুট' ও 'ডাকঘর'-এ, ধনঞ্জয় বৈরাগীর 'এক পশলা বৃষ্টি'তে অভিনয় করেন। গণকৃষ্টি প্রযোজিত 'মান্যবর ভুল করছেন' নাটকে একটি মুখ্য চরিত্রে কয়েকটি শো অভিনয় করেন। কয়েক দশক সুন্দরম নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত। 'গল্প হেকিমসাহেব' নাটকে মোহরবাঈ চরিত্রাভিনয়ে নাট্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর আরব্ধ গবেষণার বিষয় 'গণনাট্য: নবপর্যায়'। এম.এ. পরীক্ষায় শীর্ষস্থান অধিকারের কৃতিত্বে নীরদবরণ পুরস্কার পান (১৯৯২)।