Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ইনস্টলমেন্টে গোপীনাথ: লিচু চুরি

বড়পিসিকে আমরা পিসিমণি বলতাম। তাঁর ছেলেমেয়েদের ডাকা হত বড়দা, ছোটদা, বড়দি আর ছোটদি বলে। কিছুদিন আগে ছোটদা মারা গেছেন, বছর-পঞ্চাশেক বয়সে। আজ ছোটদি ছাড়া আর কেউই বেঁচে নেই। ছোটদির সঙ্গে কথা হচ্ছিল। পুরনো দিনের অনেক গল্প বাইরে এল আর সেই গল্পের অনেকখানি জুড়ে ছোটদার কথা। ছোটদা, বাংলার একসময়ের নামী ফুটবল খেলোয়াড় অলোক মুখার্জি। জন্মেছেন গত শতকের ষাটের দশকে। তাঁদের শৈশব-বাল্য-কৈশোর কাল আজকের মত একবারেই ছিল না। ছোটদার প্রসঙ্গ, ছোটদার ছোটবেলার গল্পে তাঁর সখা গোপীনাথ থাকবে না, তাই কি হয়? সেই গোপীনাথ বা গোপীদার দুষ্টুমি ও মজার গল্প বলতেই ধারাবাহিক ‘ইনস্টলমেন্টে গোপীনাথ’।

প্রথম কিস্তি

গরমের ছুটি চলছে। গোপীনাথ সকাল-সকাল হাজির, ‘চল অলোক! মাঠে যাই!’ পিসিমণি বললেন, ‘এই রোদে, গরমে মাঠে যাবি কীরে? ঘরে বসেই কিছু খেল।’ জালের বারান্দায় বসে (জাল দিয়ে ঘেরা বারান্দা, জায়গাটাকে জালের বারান্দা বলা হত) গল্প-গুজব শুরু হল।
জালের বারান্দার ঠিক সামনের বাড়িটায় জানলা দিয়ে এক গোছা লিচু ঝুলছে। নজর গেল গোপীনাথের, ‘আরে গুরু! চলো, ঝেপে দিই!’ ছোটদা বলল, ‘ওটা সন্ধ্যাদির বাড়ি! ওদিকে নজর দিয়ো না। ধরলে, তোমায় কাইট্টা ফ্যালাইব!’ গোপীনাথ বলল, ‘বেশ তবে চ্যালেঞ্জ রইল। আজ সন্ধের মধ্যে ও লিচু পেটস্থ না করতে পারলে আমার নাম গোপীনাথ নয়।’ দুপুর বারোটা বাজতে চলেছে। গোপীনাথ বলল, ‘এখন উঠি। আবার তিনটে, সাড়ে-তিনটে নাগাদ আসব। তৈরি থেকো। ও লিচু আমায় টানছে।’
দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে আবার জালের বারান্দায় বসা হল। এবার হোমওয়ার্ক নিয়ে। স্কুলগুলো ছুটিতেও স্বস্তি দেয় না! নাঃ, ও লিচু সত্যিই টানছে। জানলার উপর থেকে ঝোলানো আছে বড়-বড় লাল-লাল লিচু। এক লাফ মারলেই পুরো গোছাটা হাতে এসে পড়বে। গোপীনাথ কি সত্যিই লিচুর এটেম্পট নেবে? কে জানে?
বেলা তিনটে পনেরো নাগাদ গোপীনাথ হাজির। বেলা চারটের আগে বাইরে বেরনো বারণ ছিল ছেলেপুলেদের। গোপীনাথ বলল, ‘কাকিমা, গরমের ছুটির হোমওয়ার্ক একসঙ্গে করব আমরা।’ পিসিমণি তালা খুলে দিয়ে, তারপর গেলেন আধঘণ্টা গড়িয়ে নিতে। ভাতঘুম একটু দরকার হত তখনকার দিনে। পাড়া বেশ শান্ত। সাড়ে তিনটে বেজে গেছে। ও লিচু আর কাউকে স্থির থাকতে দিচ্ছে না। এদিকে চারটের আগে বাড়ি থেকে বেরনোর কোনও উপায় নেই। আবার ভয়, চারটের মধ্যে যদি সন্ধ্যাদি উঠে পড়ে? গোপীনাথ মুখ খুলল, ‘টার্গেট ফাইনাল! ও আজ কোনও মতেই ফসকাবে না!’
চারটে বাজতেই গোপীনাথ আর ছোটদা বাড়ির বাইরে বেরিয়ে এল। গোপীনাথ বলল, ‘গুরু! লিচু আমি টানবই। তবে যদি ধরা পড়ি, তুমিও কিন্তু সাথি হয়ো।’ ছোটদা বলল, ‘ধরা পড়লে, বাবা পিঠের ছাল-চামড়া তুলবে। গোপীনাথ, ছেড়ে দে। লিচু টেনে আর কাজ নেই।’
গোপীনাথ একথায় একটুও রাজি হল না। ছোটদাকে বলল, ‘লিচু টানার পর, পগার পার দেওয়ার দু’চারটে অপশন রাস্তা দেখাও। আর তুমি তার একটিতে গিয়ে দাঁড়াও। আমি কাজ সেরে আসছি।’ ছোটদা বাড়ির পেছনের অবাঙালি বস্তির রাস্তা আর তার পাশ দিয়ে বাড়ির ছাদে যাওয়ার রাস্তা বলে দিল। আর নিজে একটু দূরে গিয়ে দাঁড়াল।
গোপীনাথ সন্ধ্যাদিদের জানলার পাশে গিয়ে প্রথমে দেখে নিল কেউ আছে কিনা। সব শুনশান দেখে গোপীনাথ টপ করে জানলায় চড়ে, মারল এক হ্যাঁচকা টান। সট করে লিচু গোছাসুদ্ধ গোপীনাথের হাতে! ‘এই কে রে?’ আওয়াজ এল প্রায় সঙ্গে সঙ্গেই। কিন্তু গোপীনাথ কোনও দিকে ভ্রূক্ষেপ না করে, ডালপালা সমেত লিচু নিয়ে দিল এক ছুট। সে যে কোথায় হাওয়া হয়ে গেল, কারও সাত পুরুষের খোঁজার ক্ষমতা ছিল না! তাই সন্ধ্যাদিকে ‘আমার লিসু (লিচু) লইয়া গেল’ আর তার সঙ্গে ক’টা খিস্তি-খেউড় করে নিজের মনেই গজগজ করতে হল। ওদিকে ছোটদা আর গোপীনাথ, অবাঙালি বস্তির দিকের রাস্তা দিয়ে বাড়ির ছাদে উঠে, এক পাশে বসে লিচু সাবড়াল। আমার মায়ের মুখে শুনেছি, ওই লিচুর গোছা থেকে, একটা লিচু, গোপীনাথ আমার মাকেও (ওরা মামিমা বলত) দিয়েছিল। সব লিচু পেটস্থ করে, পেছন দিকের রাস্তা দিয়েই মাঠে খেলতে চলে গিয়েছিল ওরা। সন্ধ্যাদি, সন্দিগ্ধ কাউকে আশপাশে না দেখে, লিচুর জন্য স্বতঃস্ফূর্ত শোক জারি রেখেছিল। গোপীনাথ অভিযানে সফল হয়ে মনের আনন্দে ছিল।
আসল গল্পটার কিন্তু এখানেই শেষ নয়। উপসংহার পড়লেই বুঝবে গোপীনাথ কেন আজ গল্পের নায়ক হয়ে উঠেছে!
পরের দিন বিকেলবেলা, গোপীনাথ মাঠে খেলতে যাবার জন্য ছোটদাকে রোজকার মত ডাকতে এল। সন্ধ্যাদি তখন বাড়ির দাওয়ায় বসে চুল আঁচড়াচ্ছে। গোপীনাথ হঠাৎ করে, তার অচেনা-অজানা সন্ধ্যাদিকে বলে বসল, ‘লিচুগুলো বড় মিষ্টি ছিল, তাই না দিদি?’ সন্ধ্যাদি তড়াক করে লাফিয়ে উঠল। ‘তুমি কী কইরা জানল্যা? তুমি সুরি (চুরি) করসিলা কাল?’ গোপীনাথ একটুও ঘাবড়াল না। একদম গোবেচারা হয়ে বলল, ‘কী চুরি? আরে দিদি, সেদিন আপনি যে দোকান থেকে লিচু কিনলেন, আমিও যে আপনার পাশে দাঁড়িয়ে ওই ফলের দোকান থেকেই লিচু কিনে নিয়ে গেলাম।’ সন্ধ্যাদির তপ্ত মাথা পট করে ঠান্ডা হল। ‘ওঃ! তাই বলো! আর বোলো না ভাই! কাল কোন হতচ্ছাড়া আমার জানলাতে সইরা (চড়ে) লিসু চুরি কইরা লইয়া গেল! কী বলব সোরের (চোরের) দল সব! সবে দুইট্যা আমরা খাইসিলাম! বাকি সব সোরে নিল ভাই!’
গোপীনাথ সন্ধ্যাদির লিচু-শোকে সমব্যথী হয়ে, ছোটদাকে নিয়ে মাঠের পথে পা বাড়াল। ছোটদার কালো চেহারা কিছুক্ষণের জন্য ভয়ে সাদা হয়ে থাকবে! তবে গোপীনাথ থাকতে রং বদলানোর আর সুযোগ হয়ে ওঠেনি। ছোটদাও বলতে বাধ্য হয়েছিল, ‘জয়বাবা গোপীনাথ!’

চিত্র : গুগল

ইনস্টলমেন্টে গোপীনাথ: চাঁদা আদায়

ইনস্টলমেন্টে গোপীনাথ: ঘুগনি সেল

ইনস্টলমেন্টে গোপীনাথ: লে হালুয়া

Advertisement

ইনস্টলমেন্টে গোপীনাথ: মুদিখানার প্রত্যাবর্তন

ইনস্টলমেন্টে গোপীনাথ: আচার অভিযান

ইনস্টলমেন্টে গোপীনাথ: পরীক্ষার খাতা

ইনস্টলমেন্টে গোপীনাথ: পথের চাঁদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Recent Posts

কাজী তানভীর হোসেন

কন্টেন্ট ক্রিয়েশনের বিস্ফোরণ: তৃতীয় বিশ্বযুদ্ধের এক নীরব পূর্বাভাস

পণ্যের এই ভয়াবহ সঞ্চালন সংকটে পড়ে পুঁজিপতিরা এখন আগের চেয়ে বেশি উদ্বিগ্ন। তাই অবিক্রীত পণ্য গছিয়ে দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে বিজ্ঞাপনের প্রচার চালানো হচ্ছে। এই সুযোগেই বিশ্বজুড়ে ‘কন্টেন্ট ক্রিয়েশন’ বা আধেয় নির্মাণের এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটেছে। যখন বিশ্বের সাধারণ শ্রমজীবী মানুষ দু’বেলা অন্নসংস্থানে হিমশিম খাচ্ছে, তখন ইন্টারনেটে ছোটখাটো ভিডিও প্রচার করে ক্রিয়েটররা বিপুল অর্থ উপার্জন করছেন। এটি আসলে জমে যাওয়া শ্রম ও পণ্যের এক অস্বাভাবিক বণ্টন প্রক্রিয়া। যে পণ্যের রিভিউ করে একজন ক্রিয়েটর লাখ লাখ টাকা আয় করছেন, সেই পণ্যের প্রকৃত উৎপাদনকারী শ্রমিক হয়তো আজ কর্মহীন কিংবা নিম্নতম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চন্দ্রাবতী: বঙ্গের প্রথম পদকর্ত্রী

চন্দ্রাবতীর জীবনের যেটি শ্রদ্ধেয় দিক, তা হল গরলকে অমৃতে পরিণত করা। ব্যক্তিগত জীবনের গভীর শোককে কাটিয়ে উঠে একাগ্রতা নিয়ে পঠনপাঠন‌ ও সৃষ্টিকর্মে মন দেন। পিতাকে সহায়তা করেন কাব্যরচনায়। ১৫৭৫ নাগাদ, যখন চন্দ্রাবতীর বয়স মাত্র পঁচিশ, সেসময় তিনি পিতার লেখা মনসার ভাসান-এ সহযোগিতা করেছিলেন। তারপর একের পর এক নিজস্ব রচনায় ভাস্বর হয়ে থাকে তাঁর কারুবাসনা।

Read More »
কাজী তানভীর হোসেন

মহাজনী সভ্যতা

অর্থের লোভ আজ মানবিক অনুভূতিগুলোকে সম্পূর্ণ গিলে ফেলেছে। আজ আভিজাত্য, ভদ্রতা আর গুণের একমাত্র মাপকাঠি হল টাকা। যার কাছে টাকা আছে, তার চরিত্র যত কালোই হোক, সে-ই দেবতা। সাহিত্য, সঙ্গীত, শিল্প— সবই আজ টাকার পায়ে মাথা ঠুকছে। এই বিষাক্ত বাতাসে বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ ডাক্তাররা মোটা ফিজ ছাড়া কথা বলেন না, আইনজীবীরা মিনিটের হিসাব করেন মোহর দিয়ে। গুণ ও যোগ্যতার বিচার হয় তার বাজারমূল্য দিয়ে। মৌলভি-পণ্ডিতরাও আজ ধনীদের কেনা গোলাম, আর সংবাদপত্রগুলো কেবল তাদেরই গুণগান গায়।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

রবীন্দ্রনাথের দৃষ্টিতে ইসলাম

হিন্দুকে মুসলমানদের আপন বলে মনে করতে হবে, একথা তিনি ‌বারবার উচ্চারণ করে গেছেন। ‘যদি ভাবি, মুসলমানদের অস্বীকার করে একপাশে সরিয়ে দিলেই দেশের‌ সকল মঙ্গলপ্রচেষ্টা সফল হবে, তাহলে বড়‌ই ভুল করব’— বলেছেন তিনি। বাউলদের সাধনার মধ্যে তিনি হিন্দু-মুসলমানের সম্মিলন আবিষ্কার করেন, অনুবাদ করেন মারাঠি সন্ত কবি তুকারামের ‘অভঙ্গ’ যেমন, ঠিক তেমনই কবীরের দোহা। মধ্যযুগের মরমী সুফি কবি কবীর, জোলা, রজব, দাদু প্রমুখের জীবনবৃত্তান্ত উৎসাহের সঙ্গে জেনে নেন ক্ষিতিমোহন সেনের কাছ থেকে, আর সত্তরোর্ধ্ব কবি পারস্যে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন কবি হাফেজকে।

Read More »
তপোমন ঘোষ

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে…

হঠাৎ চোখ পড়ে বুথের এক্সিট দরজাটার দিকে… একটা ছোট্ট ছায়া ঘোরাফেরা করছে! চমকে উঠে সে দেখে, সেই বাচ্চাটা না! মায়ের কোলে চড়ে এসেছিল… মজা করে পোলিং অফিসার তার ছোট্ট আঙুলে লাগিয়ে দিয়েছিলেন ভোটের কালি। হুড়োহুড়িতে মা ছিটকে গেছে কোথাও— নাকি আরও খারাপ কিছু! বুকটা ছ্যাঁৎ করে ওঠে তার। শুনশান বুথে পোলিং আর সেক্টর অফিসার গলা যথাসম্ভব নিচুতে রেখে ডাকতে থাকেন বাচ্চাটাকে। একটা মৃদু ফোঁপানি… একটা হালকা ‘মা মা’ ডাক— বাচ্চাটা এইসব অচেনা ডাকে ভ্রূক্ষেপও করে না, এলোমেলো পায়ে ঘুরতে থাকে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বুদ্ধ: অন্ধকারে আলোর দিশারী

তিনি বলেন গেছেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, তাকে জয় করতে প্রেম ও ভালবাসা দিয়ে। মৈত্রী ও করুণা— এই দুটি ছিল তাঁর আয়ুধ, মানুষের প্রতি ভালবাসার, সহযোগিতার, বিশ্বপ্রেমের। তাই তো তাঁর অহিংসার আহ্বান ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশে,— চীন, জাপান, মায়ানমার, তিব্বত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে। এই বাংলায় যে পালযুগ, তা চিহ্নিত হয়ে আছে বৌদ্ধযুগ-রূপে। সুদীর্ঘ পাঁচ শতাব্দী ধরে সমগ্র বাংলা বুদ্ধ-অনুশাসিত ছিল। বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ বৌদ্ধ কবিদের দ্বারাই রচিত হয়েছে।

Read More »