আমার সম্পত্তি সম্পদের কথা—
ঝড় জল বৃষ্টি সমেত
একটা ফুরফুরে বাগান আছে আমার—
টোল খাওয়া এক বালতি আছে গাছে জল দেবার জন্য। ঝিকমিক তারাদের খেলা করার জন্য নিটোল দিঘি আছে। সিঁড়ি নেই, তাই ঘাটও নেই। লাগোয়া হু হু এক মাঠ আছে। সেখানে মাঝেমাঝে অতুলপ্রসাদ রজনীকান্ত আসেন…
এতক্ষণ সবাই মন দিয়ে শুনছিল, আমার স্থাবর সম্পত্তি সম্পদের কথা। একবার মুখ ফসকে বেরিয়ে গেল, আমার মধ্যে একটা রাক্ষস আছে। ওমনি মাদুর ছেড়ে উঠে দাঁড়াল সবাই। ম্যানেজ করার জন্য বলতেই হল, এক রাক্ষসীর সঙ্গে জোরালো প্রেম আছে। ফষ্টিনষ্টির গন্ধ পেয়ে, আবার সবাই মাদুরে বসে পড়ল। মুগ্ধতায় ভরে গেল চারিদিক, আর আমি মুচকি মুচকি হেসেই চললাম।
চিত্রণ: মনিকা সাহা





