পেঁচান্বেষণে
ফের যদি ভিনদেশে পাড়ি জমাই কাঞ্চনজঙ্ঘা কিংবা কালকা মেলে
ভ্রমণবিলাসী নয়, কিংবা অন্য কোনও মৌতাত
তির-ধনুক ছাড়াই স্রেফ পেঁচান্বেষণে…
তুমি একদম পিছু ডাকবে না আমাকে, কবিতা!
এখন এই আষাঢ়ে বিকেল পাঁচটা বাজলেই
খোকা আমার ফুটবল খেলার মাঠে ফরোয়ার্ড
জানি, বিতান কোনওদিন পেলে-মারাদোনা হতে পারবে না
শুধু মাঠের কাদায় অচেনা ভূত হয়ে ফিরবে…
তবে তাই হোক–
ভূত হতে হতে একদিন সে নিশ্চিত
অদ্ভুত হয়ে যাবে…
বিতানের মা এখন রজনী ফুলের মালা গাঁথে পাশের বাড়ির
খেজুর পাতার চাটাই পেতে মাটির কোঠায়
জানি, আমার জন্য সে কোনওদিন মালা গাঁথবে না
নাম আমার ভগবান শ্রীবিষ্ণু হলেও কী যায় আসে
পেঁচার জন্য সে মালা গাঁথে প্রতিদিন গোধূলিবেলায়…
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





