ভা স্ক র ভ ট্টা চা র্য
অসুন্দর
মতিচুর চাচা কার চাচা?
কার কোন মতি কবে চুরি করেছিল কেউ জানে না।
পুরনো ট্রাম গুমটির পাশে ভাতের হোটেলে মুখভরা বসন্তের মতিময় স্মৃতি নিয়ে
মতিচুর চাচা নিশ্চুপে থালা ধোয়, গালি শোনে, বাসন মাজে।
রাত অনেক হলে নিজের ঝুপড়িতে একা ফেরা।
কে কবে নাম দিয়েছিল কেউ জানে না,
বিধাতার চূড়ান্ততম ব্যঙ্গ সুন্দরী বৌ।
তার অসুন্দরতম শরীর নিয়ে
হোসিয়ারির সুন্দরতম মহিলাদের বক্ষবাসনা প্যাক করে,
লেবেল আর ট্যাগ লাগায়,
রাত বাড়ে—
পুজোর মরশুমে কাজের চাপ বাড়ে।
অনেক রাত্রে নিজের বস্তিতে ফিরতে ফিরতে
কোথায় যেন আরও একটা ছায়া অপেক্ষা করে
—খেয়েছ?
—তুমি খেয়েছ?
—তোমার জন্য দাঁড়িয়ে আছি।
তারপর দুটো ছায়া আলাদা হয়ে মিশে যায় বস্তির নীরব নিভৃত নিশ্চলতায়।
এভাবেই জীবন বয়ে চলে।
*
জয় জগন্নাথ
ছোট্ট শিশুর বুকে আজ এক আকাশ আনন্দ।
পরিযায়ী শ্রমিক থেকে অধুনা কর্মহীন তার বাবা
কোথা থেকে যেন কিনে এনেছে একটা ছোট্ট টালমাটাল রথ।
লোকের বাড়িতে বাসনমাজা তার মা
কোথা থেকে যেন চুরি করে এনেছে কয়েকটা পাতা আর প্রথম কদম ফুল।
সেজে উঠছে তার রথ—
রথের রশিতে টান পড়ার অপেক্ষা।
মা হাত রাখে বাবার শীর্ণ বুকে,
যেখানে ভারতবর্ষের অশ্রুভাঙা টালির নীচে
শ্রাবণের ধারার মতো বয়ে চলে,
পাঁচ লক্ষ টাকা কত টাকা! টাকার উল্লসিত আস্ফালন—
জয় জগন্নাথ।
সার্জিক্যাল এয়ার স্ট্রাইক—
খাবার নেই, রোজগার নেই, শিক্ষা নেই, ঈশ্বর নেই,
কিন্তু ভোট আছে।
নিরন্ন নিঃস্বতম বৃহত্তম গণতন্ত্রের আস্ফালন আছে।
তবু স্বপ্ন,
জেনো একদিন ঠিক এইরকম অজস্র ছোট ছোট টলোমলো রথের চাকার নীচে
গুঁড়িয়ে যাবে ধর্ম, গুঁড়িয়ে যাবে ঈশ্বর।
আজকের শিশু একদিন ঠিক টেনে নেবে
আকাশ থেকে ভালবাসা মানুষের জন্য— মানুষের বুকের মাঝে।
*
রক্তকরবী
যখন সূর্যহীন প্রেমে কাম জেগে থাকে শুধু,
যখন দিশাহীন দেশে পতিতোদ্ধারিণী স্রোতে ভাসে মৃত্যুগন্ধ,
উলঙ্গ অন্ধকারে শকুনের উল্লাসে বিক্রি হয়ে যায়
জল জঙ্গল আকাশ নিশ্বাসবায়ু—
আর রেললাইনে পড়ে থাকা রক্তমাখা রুটির স্মৃতি ভোলাতে
ঘরে তীব্র ঝগড়া তুই বেড়াল না মুই বেড়াল—
তখনই কতশত গণচিতা পেরিয়ে সীমান্তে ধর্মযুদ্ধে আমার নাস্তিক ভাই ছিন্নভিন্ন।
আবার ভোট হবে,
দুনিয়ার বৃহত্তম ও নিঃস্বতম গণতন্ত্র চয়ন করবে তার শোষণপথদিশারী,
জানি সবই ‘তাঁর ইচ্ছা’,
যে ইচ্ছায় তেলের বাণিজ্য থেকে গাজ্জায় শিশুমৃত্যু ঠিক করা হয়।
এভাবেই স্বপ্নের গন্ধ মুছে যায়,
তবু খঞ্জের দুরন্ত অভিলাষ মিছিলে হাঁটার।
°°°
চিত্রণ: দেবাশিস সাহা





