কুণ্ডলী পাকানো মানুষ
মানুষ গুটিয়ে যাচ্ছে। গুটিয়ে যেতে যেতে সে দেখল শিরার আকাল, কলিজায় কী নেই, কে নেই আর সেতু থেকে পড়তে পড়তে মহানন্দা, তিস্তা, তোর্সা। নিজের কাছে ঘুমিয়ে পড়বে ভেবে টেনে নিল কালো কম্বল। আগুনের বিষয়-আশয়। ঘুম খুব সহজে আসে না। না এলে মেঘের মতো করে, এ আকাশ সে আকাশ আর ঝমঝম বেজেই চলেছে। এত কান্না প্রত্যাখান করে পৃথিবী ফুলের দোকানে বিক্রি করল কাঁটা। এযাবৎকালে দেখা শ্রেষ্ঠ দোকান সেই। বেশ ডাগর হয়েছে যত রহস্য-নেশা আর চাঁদের বিষাদ। পাখি তার ব্যথা নিয়ে উড়ে গেছে। পরে দেখে নিজেই সে পাখি। হয়েছে অনেক দেরি। এখন আর ডানা নেই, ডানার বেদনা।
চিত্রণ: মনিকা সাহা





