সুখ
গভীর ঘুমের মধ্যে, কোথাও হয়তো তুমি আছ
আমারই দোসর, তবু, এত কেন আগুন লেগেছে?
আকাশে জ্বলন্ত ধোঁয়া, গাছে গাছে আদিম শ্মশান
দিগন্তে কলকাতা পোড়ে, আদিগন্ত ভারতের ছাই
উড়ে এসে পড়ছে জলে, কোনদিকে মানুষ পালায়?
তবে কি নিজেরই ঘুমে ডাক দেব, এসো পরিত্রাণ?
হয়তো কোথাও তুমি আছ, তাই ডাকিনি তোমায়–
আমার আরুণিজন্ম এ শহরে উপবাস চায়।
যেভাবে খরার মাঠে ফুটিফাটা গোপন খোঁদলে
জন্ম নেয় চারাগাছ, সেভাবেই আজ
হয়তো গভীর ঘুমে আছ তুমি, চেয়েছ আমায়।
চিত্রণ: মনিকা সাহা





