প্রতিবারের মতো
দুপুর রোদে ছাদের মাঝখানে,
ছড়ানো খেলনার মতো পুরনো হয়ে যাওয়া
একটা সম্পর্ক আর আর দুটো মানুষ—
উদ্ভ্রান্ত হতে পারি না তবু!
ইচ্ছে করে ভীষণ, সবকিছু ছেড়ে সামনে
গিয়ে দাঁড়াই শেষ প্রশ্ন নিয়ে,
ততবার উল্টোদিকে একটা পথ টেনে নিয়ে যায়!
অবশ দুটো পা
হু হু করা বুক
ছোট ছোট দুটো ছেলেমেয়ে
ঠিক যেন দুটো পুতুল দুদিকে ছুড়ে ফেলছে,
আর সেটা আনতে দৌড়ে যাচ্ছে তারই পেছনে!
দূরত্ব বাড়ছে,
ছায়ারা বড় হচ্ছে।
শ্যাওলাধরা ছাদের মেঝেতে ঠা ঠা করছে রোদ!
কত দূর গেলে দূরত্ব আর শূন্যতা একাকার হয়ে যায়?
প্রতিবারের মতো আমিই কথা রেখেছি—
ভালবাসতে বাসতে কাছে রাখতে পারোনি তাই
তারাদের পাশে জায়গা করেছি, থাকার!
এখান থেকে যাতে নির্বিঘ্নে দেখতে
পাই, ইচ্ছে হলেই!
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





