আবার কি গ্রহণের কাল
কোথাও ঘটছে অজ্ঞাত কোনও তাণ্ডব ভয়াবহ!
সাংঘর্ষিকও, নিশ্বাস নিতে পারছি না মোটে বায়ু দুর্বহ!
হঠাৎ বাতাসে কেন এত পোড়া বারুদের ঘ্রাণ!
আকাশে মেঘের ঘন কালো ভয় ডাকে গুরুগুরু
হয়তো কোথাও অশুভ যুদ্ধ হয়ে গেছে শুরু।
প্রকৃতি এখনও সংকেতে কথা বলে!
জলোচ্ছ্বাসের কিংবা ঝড়ের আগেই পিঁপড়ে জানে
পিলপিল পায়ে চলে নিরাপদ আশ্রয় সন্ধানে।
ঈশানের কোণে ওই দেখো আজ মেঘেও আগুন জ্বলে।
এমন শরতে গুরুগুরু মেঘ কেন বর্ষার?
বৃষ্টির দিন বিগত যদিও তবু এই আলামত
ভাল নয় মোটে। স্বদেশ তোমার আবার হারাবে পথ!
আলোকোজ্জ্বল সকালে তাই কি রাতের অন্ধকার!
শরতের সাদা কাশফুলগুলো সহসা হয়েছে লাল!
তবে কি আবার ভয়াবহ সেই কৃষ্ণপক্ষ, গ্রহণের কাল?
চিত্রণ: মনিকা সাহা





