উপসংহার
এত যে কথা ছিল,
গহনে আনমনে
কোথায় তারা আজ?
শূন্যবাক
শ্রাবণে বেজে ওঠে
অচেনা একতারা—
বৈরাগীর চোখ
ধূসর দিন।
অথচ এই জলে
তুমুল ভেসে গেল
সকল মুখচোরা
ছন্দপাঠ;
তোমাকে ডেকেছিল
একক সাঁঝদিয়া—
সেটুকু ভাললাগা
গোপন ঘর।
ঘরের পাশে এই
লুকোনো ঘরবাড়ি
নিকোনো উঠোনেও
রক্তদাগ—
রক্তমুখী রাত
ওষ্ঠে লিখে রাখে
সকল বঞ্চনা,
রাত নিঝুম
ক্রমশ গাঢ় হয়
পৃথিবী, চরাচর
শ্রাবণে ডুবে যায়
হৃদয় কার?
অথচ কথা ছিল
গভীর এই হাতে
সাগরে ফেরবার
নীল নিশান।
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





