পি য়া স ম জি দ
অনিমিখ
তোমার ভেতর যত ময়ূরতা, কেকা;
আমি বন থেকে তার দিকে লক্ষ
করে আছি। আমার চোখের সবুজ
লোকালয়ের বাকি সব দৃশ্য এড়িয়ে
তোমার নিহিত সৌন্দর্যে নিহত হয়ে
শুনেছে দিনের অ-কথিত বাণীর
জন্য রাতে বীণার মতো বাজবে নীল
সমুদ্রস্বপ্ন, আজীবন পরস্পর-মূক
আমাদের আলাপ হবে প্রথম ও
শেষবারের মতো মলিন ও রঙিন৷
হেমন্তের জন্য যারা অপেক্ষায় থাকে
তারা জানে হেমন্ত তার চেয়ে বেশি
অপেক্ষায় আছে কারও জন্য যে বা
যারা তাকে ঝরাপাতার বিলাপি ভাষায়
ভাসাবে আর এই আনন্দে আহত
পৃথিবী আবার তার অময়ূর অবয়বে
অনন্ত একটা পার্পল-পাহাড়ে হাঁটতে
থাকবে যথাযোগ্য কেকার অভাবে।
°°°
চিত্রণ: দেবাশিস সাহা





