যে পথ হয়নি চলা
লক্ষ্যহীন হেঁটে যাব নিরুদ্দেশের পথে,
আকাশগঙ্গা বেয়ে— তারাদের সাথে
আলোকবর্ষ দূরে ঘুরে ঘুরে,
ওয়াদা ছিল দুজনেরই কাছে।
সময়ের হাত ধরে দিন বদলায়।
চেনা গলিপথ, রাস্তার বাঁক
অচেনা আলোয় যেন মায়াহীন লাগে।
পিছু হটি। তেজপাতা রঙে
পরতে পরতে জমে গাঢ় অভিমান।
একদিন আকাশগঙ্গা জুড়ে— নক্ষত্রেরা
হিসেবের খাতা খুলে যোগ-বিয়োগের শেষে
লিখে যায়— দোষ ছিল কতখানি কার।
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





