প্রণাম
প্রথম যেদিন আপনাকে প্রদক্ষিণ করেছিলাম পৃথিবীর হাত ধরে
আপনি আশীর্বাদ করে বলেছিলেন— তুমি-ই শ্রেষ্ঠ
প্রথম যেদিন স্বপ্ন থেকে শোকে খসে পড়েছিলাম পাতাদের মতো
আপনি আর্দ্র কণ্ঠে বলেছিলেন— সহিষ্ণুতা শেখো
প্রথম যেদিন বোকা সরল প্রেমপত্র রেখেছিলাম বইয়ের খাঁজে
আপনি মৃদু হেসে বলেছিলেন— স্থিতধী হও
প্রথম যেদিন সঙ্গে চলেছিলাম গতিভঙ্গ এক নদী হয়ে
আপনি হাত ধরে বলেছিলেন— পিছু-পিছু আসো
আর কতদূর যাব মাস্টারমশাই, কীভাবে সামলাব
বিভক্ত এত স্রোত, কীভাবে পেরোব দিগন্তনীল ওই
সাঁকো— যার একদিকে অসীম আকাশ অন্যদিকে
মেঘ, ঘনঘটা নিয়েও অবিচল দাঁড়িয়ে থাকেন আপনি…
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





