Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মানিক বন্দ্যোপাধ্যায়: অনন্যতাসমূহ

মানিক বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা উপন্যাস ও ছোটগল্পের জগতে এক বিশিষ্ট নাম। মাত্র আটচল্লিশ বছরের জীবনে তিনি তিরিশটি উপন্যাস ও তিনশোর ওপর গল্প লিখে গেছেন। ঘটিয়েছেন কথাসাহিত্যে তুমুল পালাবদল। একদিকে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব ও অন্যদিকে মার্ক্সবাদী শ্রেণীদ্বন্দ্বের প্রায়োগিক ব্যবহার তাঁর লেখাকে অনন্য মাত্রা দিয়েছে।

প্রথম-যৌবনে প্রেসিডেন্সি কলেজে রসায়নে অনার্স পড়াকালীন তিনি ‘অতসীমামী’ গল্প নিয়ে বাংলাসাহিত্যে আবির্ভূত হন। গল্পটি বেরিয়েছিল রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত ‘প্রবাসী’-তে। উল্লেখ্য, বিভূতিভূষণের-ও গল্পে হাতেখড়ি ওই পত্রিকাতে ‘উপেক্ষিতা’ গল্পরচনার মাধ্যমে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখালেখি শুরু হয় যখন, তখন বাংলা সাহিত্যে কল্লোল যুগ। ১৯২৩-এ প্রকাশিত এ-পত্রিকার নিয়মিত লেখক হিসেবে দেখা যেত প্রেমেন্দ্র মিত্র ও অচিন্ত্যকুমার সেনগুপ্তের সঙ্গে মাঝে মাঝে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কেও। কবিতায় ছিলেন জীবনানন্দ ও পনেরো বছরের বুদ্ধদেব বসু। প্রেমেন্দ্র মিত্রের ‘শুধু কেরানী’ বা ‘পাঁক’ এবং অচিন্ত্যকুমারের ‘বেদে’ ও ‘বিবাহের চেয়ে বড়ো’ তখন পাঠকমহলে তুমুল আলোড়ন তুলছে। এর মাঝেই আবার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে বিভূতিভূষণ ও মানিক। দুই মেরুর দুই অবিস্মরণীয় লেখক! মানিকের প্রথম উপন্যাস ‘দিবারাত্রির কাব্য’ তাঁর মাত্র আঠারো বছর বয়সে প্রকাশিত হয়েছিল।

মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯০৮-এর ১৯-এ মে। বিহারের দুমকায়। তবে তাঁদের পূর্বপুরুষের বাস ঢাকা জেলায়। স্কুল ও কলেজজীবনে কৃতী ছাত্র ছিলেন। সেইসঙ্গে দেশিবিদেশি সাহিত্যের ছিলেন আগ্রাসী পাঠক। তাঁর কৈশোর ও যৌবনে রবীন্দ্রনাথ জুড়ে ছিলেন বাংলা সাহিত্যের দিগন্ত। ‘রক্তকরবী’ আর ‘শেষের কবিতা’ ও ‘কালান্তর’ আর ‘রাশিয়ার চিঠি’ বেরোচ্ছে যখন, ঠিক সে সময়টিতে মানিকের গঠনপর্ব। শরৎচন্দ্র গল্প-উপন্যাসে দ্যুতি আর বিভা ছড়াচ্ছেন। আবির্ভাব ঘটে গেছে বিভূতিভূষণ তারাশঙ্কর শরদিন্দুর। বিহারপ্রদেশে বসে পূর্ণিয়ায় সতীনাথ ভাদুড়ী এবং মুজফফরপুরে বিভূতিভূযণ মুখোপাধ্যায় সমৃদ্ধ করে চলেছেন বাংলা সাহিত্যকে। প্রগতি, কালিকলম, চতুরঙ্গ, পরিচয়, পূর্বাশা-র মতো পত্রিকা নতুন নতুন লেখকদের স্বাগত জানাচ্ছে। অসহযোগ আন্দোলন আর সত্যাগ্রহ। রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ছাড়ো আন্দোলন। পঞ্চাশের দুর্ভিক্ষ। মেদিনীপুরের ভয়াবহ বন্যা। ছেচল্লিশের দাঙ্গা। উপমহাদেশের স্বাধীনতা ও নির্মম দেশভাগের বিমর্ষ অধ্যায়ের মধ্য দিয়ে কেটেছে তাঁর জীবন। আর তাঁর গল্প-উপন্যাসে তিনি এই ইতিহাসের রূপকার।

নিজের যুগকে তিনি ছুঁয়েছেন নির্মম ভয়াবহতায়। ভাবালুতা ও রোমান্স নয়, কট্টর বাস্তবধর্মিতা মানিকের যাবতীয় রচনার প্রেক্ষিত ও আবহ। এদিক দিয়ে তিনি তাঁর যুগের চূড়ান্ত ব্যতিক্রম। তাঁর বৌ-সিরিজের গল্পসমূহ আর শরদিন্দুর জাতিস্মর সিরিজ পাশাপাশি রেখে পড়লে মানিকের বাস্তবধর্মিতা ও মনুষ্যমনস্তত্ত্বের নিগূঢ়তায় অবগাহন করা যায়।

মানিকের ‘পদ্মানদীর মাঝি’ বাংলাসাহিত্যে দ্বিতীয়রহিত। বাংলাভাষায় নদীনির্ভর উপন্যাস লেখা হয়েছে প্রচুর। অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’; বিভূতিভূযণ বন্দ্যোপাধ্যায়ের ‘ইছামতী’; সমরেশ বসুর ‘গঙ্গা’; লোকনাথ ভট্টাচার্যের ‘বাবুঘাটের কুমারী মাছ’; শওকত ওসমানের ‘কর্ণফুলি’; আবু ইসহাকের ‘পদ্মার পলিদ্বীপ’; তাছাড়া আছে হরিশঙ্কর জলদাসের একাধিক উপন্যাস। এসমস্ত উপন্যাসসমূহকে মনে রেখেও মানিকের উপন্যাসটি নানাকারণেই স্বাতন্ত্র্যে চিহ্নিত। ভারতীয় এমনকি বিশ্বসাহিত্যের যে অমূল্য নদী ও সমুদ্রসংশ্লিষ্ট গল্প-উপন্যাস যেমন তাকাষি শিবশঙ্কর পিল্লাইয়ের তামিলভাষায় লেখা ‘চেম্মিন’; মিখাইল শলোকভের ‘And Quiet Flows the Don’; আর্নেস্ট হেমিংওয়ের ‘The Old Man and the Sea’-এর পাশেও মানিকের এই উপন্যাসটিকে দাঁড় করানো চলে। মানিকের জীবিতকালেই উর্দুভাষায় এর চলচ্চিত্ররূপ দেওয়া হয়েছিল পাকিস্তানে। নাম ছিল ‘ধরতী কি লাল’। এ ছবির নায়িকার ভূমিকায় ছিলেন তৃপ্তি মিত্র। পরে গৌতম ঘোষ এটির চলচ্চিত্রায়ন করেন। এবারেও ছবিটি কলকাতায় নয় বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের জনাব হাবিবুর রহমানের প্রযোজনায় নির্মিত হয়েছিল।

সমাজবাস্তবতা ও মানুষের ভিতরকার অন্তর্দ্বন্দ্বই মানিকের লেখার মুখ্য আশ্রয়। যথার্থ এক আধুনিক সাহিত্যিকের মতোই তিনি সমসময়কে তাঁর লেখায় তুলে আনেন। আবার শাশ্বত প্রেম বিরহ ঈর্ষা কাম রিরংসাও তাঁর লেখার উপজীব্য। এই কারণে তাঁর ‘পুতুলনাচের ইতিকথা’, ‘জননী’, ‘ইতিকথার পরের কথা’ বাংলাসাহিত্যে চিরস্থায়ী। বা গল্পগ্রন্থ ‘ছোট বকুলপুরের যাত্রী’। পরবর্তীকালে মহাশ্বেতা দেবী, জ্যোতিরিন্দ্র নন্দী, সোমনাথ লাহিড়ী, সমরেশ বসু, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াসের মধ্যে এর অনুরণন দেখতে পাই। এঁরা অনেকেই মানিকের কাছে তাঁদের ঋণ স্বীকার করে গেছেন।

মানিকের কিছু কবিতাও আছে। এবং তা নিজস্বতার পরিচয়বাহী। তাঁর মৃত্যুর পর তাঁর জামাতা যুগান্তর চক্রবর্তীর সম্পাদনায় তা প্রকাশিত হয়।

এছাড়া রয়েছে তাঁর ডায়েরি। বিভূতিভূষণ, বনফুল, সতীনাথ ভাদুড়ীর মতো তিনিও ডায়েরি লিখতেন। এ ডায়েরি অন্য এক মানিক বন্দ্যোপাধ্যায়কে সামনে এনে দাঁড় করায়। মদ্যাসক্ত মানিক হাসপাতালে লুকিয়ে রাখছেন মদের বোতল। ডাক্তার-নার্সকে লুকিয়ে মদ খাচ্ছেন। আর বাঁচার আকুলতায় মার্ক্সবাদী মানিক কালীর নাম জপ করছেন! তবু যদি শেষরক্ষা হত! মধুসূদন ও ঋত্বিক যেমন, ঠিক তেমন করেই অতিরিক্ত মদ্যপান তাঁর অকালমৃত্যু ডেকে আনল!

কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর অতি প্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে তিনি একটি কবিতায় লেখেন ‘বসন্তে কোকিল কেশে কেশে রক্ত তুলবে সে কীসের বসন্ত?’ মানিক সুকান্তকে এতটাই ভালবাসতেন যে নিজের ছেলের নাম রাখেন সুকান্ত। এ এক অনন্য নজির। না। তা নয়। বাংলার বাঘ স্যার আশুতোষ আর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন হরিহরাত্মা। আশুতোষ তাঁর ছেলের নাম রাখেন শ্যামাপ্রসাদ। প্রসাদটুকু বন্ধুত্বের স্মারক। অন্যদিকে হরপ্রসাদের বন্ধুত্বের স্মারক নিজ সন্তানের নাম বিনয়তোষ রাখার মধ্যে।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nineteen =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

অজানা বিভূতিভূষণ

নিতান্ত দারিদ্র্যের মধ্য থেকে তিনি উঠে এসেছিলেন বলে দারিদ্র্য ও প্রতিকূলতা নিয়ে তাঁর নিজস্ব এক দর্শন ছিল। তাই দেখি, ডায়েরির এক জায়গায় তিনি লিখছেন, ‘দুঃখ জীবনের বড় সম্পদ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ— Sadness ভিন্ন profundity আসে না।’ অতীত দারিদ্র্যময় জীবনের কথা মনে করে নিজে সপ্তাহে একদিন শুধু নুন আর ভাত খেতেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »