Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

পূর্ণেন্দু মিশ্রর কবিতাগুচ্ছ

আলোকবৃত্ত

আলো থেকে অন্ধকার
নাকি অন্ধকার থেকে আলোর দিকে ফিরছি,
ছায়া, ছায়া ঘুরছে মাথার ভেতর,
মাথার ভেতর আরেক মাথার জন্ম হতে দেখি,
কাম, ক্রোধ, বরফ, অক্ষর, প্রেত ও প্রসাদ,
কে যেন কখন ভর করে,
আশ্চর্য এইসব ছায়া মেখে ঘুরি আজকাল,
এইসব মাথাপিছু দিন।

 

অন্ধ বিকেলের দিকে

অন্ধ বিকেলের দিকে রোদ গড়ালে—
কৃষ্ণনীল বাঁশী হয়ে বাজে চাঁপা গাছের শরীর।
তখন ঊর্বশী ছন্দে কটা সমুদ্রচোখ,
রংমানবীরা, মেঘমানবীর মত ভাসতে ভাসতে—
ভাসতে ভাসতে জাদু দেখালে,
মুখে পড়ে আলো।
আর আলো মুখে পড়লে কার না তখন নক্ষত্র ইচ্ছে হয়।
এখন যেমন মধুমাটিতে ছড়ানো আপেল রঙের খিদে,
কে কামড় দেয় না তাতে।
জানি খিদে পেটে পাপ বলে কিছু নেই,
যেভাবে রক্ত শুষবে বলে মশার ঝাঁক,
কখন যুদ্ধমাটিতে হেরে পিঁপড়ে পাহাড়ের কাছে বন্ধক,
এবার শীতে প্রায় ফিস্টি করবে ওরা।

ব্ল্যাকহোল সভ্যতায়

কুকুরের জিভ ফেটে লালচে চিৎকার গড়িয়ে পড়লে—
ফৎফৎ করে নড়ে ওঠে পাগলের রাগ।
সে রাগ তখন রুপোলি ঢিল হয়,
মুঠো হাত আকাশে তুলে—
আবারও নিচে নামালে,
আমিও তো তেমনই নিচে নামিয়ে হাত।
লিখছি, ভাঙছি, কাটাকুটি যা ইচ্ছে তাই করছি।
বেহিসেবি খেলায় মুদ্রারাক্ষস।

রাস্তার কিনারে শুনি বাঁশী বেজে ওঠে।
যে বেলুনওয়ালা বাঁশী বাজায় সে কি জানে না—
এ ব্ল্যাকহোল সভ্যতায় তার ক’জন শ্রোতা ও ক্রেতা,
তবু এমন জাদুকরী আয়োজন?
তবু এমন ছড়িয়ে ঘরানা?
ঘরানা ছড়িয়ে পড়ে ঘাসের আলো ছুঁয়ে,
পরজন্ম নীল অজানায়।

খিদে 

এখন গোলাপ উপমা নয়,
এখন ঝলসানো আগুন সেতার।
হাত চায় ভাত, ভাত চায় ডাল,
একপেট খাবার।

ছুটে চলা এ ঘূর্ণি নাগরদোলা,
ধুলো ওড়ায় বিষুব মেলা প্রাঙ্গণ।
হে পৃথিবী, যতদূর বিপ্লবে হাঁটো,
আমাদের এক স্বপ্ন গমখেত প্রয়োজন।

নুন আনতে পান্তা ফুরোলে আজও—
স্বপ্ন হাজার মাটিতে ঘষে যায়।
ছটফট, ছটফট ঘষে শরীর,
ভোটরাষ্ট্র যদিও দলছাপ চেনায়।

চিনতে চিনতে, জানতে জানতে
ভুলে যায় কখন, কোথায় খুলে পড়ে চোখ।
চোখ নেই, চোখ নেই, দেখি না কিছুই,
আমাদের চাওয়া শুধু, অন্নসংস্থান হোক।

বাদামি অ্যাসট্রেতে ছাই

বাদামি অ্যাসট্রেতে ছাই পড়ে আছে,
গরম রাগের মত ছাই পড়ে আছে,
দেশপোড়া ছাই, হাড়পোড়া ছাই।
গাছ-পাথর পোড়া ছাই পড়ে আছে।
মুখে মুখে কারা আগুন ছড়াল,
আর কারা তত আগুন বুকে নিয়ে মশাল জাদুকর,
বদলে রইল পড়ে হিম বরফের চাদর,
যেন ঠান্ডা সভ্যতার ঘুরে দাঁড়াবার নেই কোনও দায়,
ছাই, ছাই, সেই ছাই পড়ে আছে প্রচণ্ড অহমিকায়।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »