ম ল য় চ ন্দ ন মু খো পা ধ্যা য়
হাজার হাজার বছর কেটেছে, কেহ তো কহে নি কথা।।
পৃথিবীর জন্ম সাড়ে চারশো কোটি বছর আগে। মানুষ এ পৃথিবীর সর্বকনিষ্ঠ আগন্তুক। আজ থেকে ৭০-৬০ লক্ষ বছর আগে আফ্রিকাতে বনমানুষ তাদের পূর্বপুরুষ গরিলাদের থেকে আলাদা হতে শুরু করে। ২০ লাখ বছর আগে চলনসই মানুষ হোমো ইরেকটাসের আবির্ভাব। আধুনিক মানুষ, যাদের হোমো সেপিয়েনস বলা হয়, জন্মেছে তিন লক্ষ বছর আগে। আজকের মানুষের নিকটতম আত্মীয় তারা।
মূকাভিনয়ের সঙ্গে এসবের যোগ কী? মূক আর মুখরতার পারস্পরিক সম্পর্কটাই বা কী? একটু গৌরচন্দ্রিকা সেরে নেওয়া যাক।
মানুষের জন্ম আর আদি মানুষের ভূ-পরিক্রমায় যে বেশ কয়েক লাখ বছর অতিবাহিত হয়েছে, তার হাল-হকিকত আমাদের জানা। অন্য কোনও প্রাণী নয়, কেবল মানুষ এত রকম কথা কইতে শিখল কীভাবে? মানুষের বুক ও পেটের মাঝখানে আছে একটি ঝিল্লির পর্দা, যা অন্য প্রাণীদের থেকে আলাদা। মূলত সেজন্য। মানুষের এই কথা বলা শুরু হয় আজ থেকে ৫/৬ লক্ষ বছর আগে, তার নিয়ানডারথাল পর্বে। এর সময়কাল শেষ হয়েছে আজ থেকে তিরিশ হাজার বছর আগে। এসময় মস্তিষ্কের পরিবর্তন ও স্বরযন্ত্রের গঠন ভাষার জন্ম দেয়। এরা এমন এক আদিম মানুষ, যারা কথা বলতে পারত।
কিন্তু এর আগেকার হোমো ইরেকটাসরা কথা বলা শেখেনি। এ হল আজ থেকে দশ লক্ষ বছর আগেকার কথা। এরা ভাববিনিময় করত ইশারায়, Sign language-এর মাধ্যমে। এই যে হোমো ইরাকটাস থেকে নিয়ানডারথালে পরিবর্তন, মূক থেকে মুখরতায়, তার পেছনে দায়ী ছিল একটি বিশেষ জিন, FOXP2, এর প্রভাবেই মানুষের মধ্যে বাচিক বিকাশ ঘটে। চোয়াল, ঠোঁট ও মুখের বিভিন্ন প্রত্যঙ্গের বিবর্তনে মানুষ উচ্চারণবৈচিত্র আয়ত্ত করে।
তা হলে দেখা যাচ্ছে, মূক মানুষের যাত্রাশুরুর দিনটি থেকেই মূকাভিনয়ের-ও সূচনা! অর্থাৎ পাঁচ-ছ’লাখ বছর আগে! আশ্চর্য লাগছে না শুনতে?
মানুষ কথা বলতে শিখেই ভাষা আয়ত্ত করেনি। তার জন্যও লেগেছে হাজার হাজার বছর। এই বিপুল সময় জুড়েও পরস্পরের ভাববিনিময়ে আকার-ইঙ্গিত, অঙ্গভঙ্গি, হাতের মুদ্রাসমূহের ব্যবহার, ও কখনও কখনও বাদ্যযন্ত্রের সাহায্য নিতে হয়েছে মানুষকে। আঁকতে হয়েছে ছবি।
উদাহরণ হিসেবে রেড ইন্ডিয়ানদের কথা ধরা যাক। ভাষা আবিষ্কৃত হয়ে গেছে, কিন্তু একেক গোষ্ঠীতে তা আলাদা, অতএব অন্য গোষ্ঠীর সঙ্গে ভাববিনিময়ে তা বস্তুত অকেজো। তাই সেখানেও ভরসা হাত, পা, মাথা ও শরীরের অন্য অঙ্গের মাধ্যমে বার্তা পাঠানো। তার জন্য কথা বলা শেখার পরেও, ভাষা আবিষ্কৃত হলেও, সারা বিশ্বের আদিম মানুষের কাছে ও কাজে মূকাভিনয় ছিল দ্বিতীয় পরিবর্ত। যা কমবেশি এখনও রয়ে গেছে, কথা বলার সমান্তরালে।
মূকাভিনয়: আজ কাল পরশুর গল্প।।
আজ যাকে আমরা মূকাভিনয় বলি, ইংরেজিতে Mime, Pantomime, (এটি ফরাসি শব্দ), বা Gesture (ল্যাটিন Gestus থেকে), তার আদি উৎস খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী বা তার-ও আগে, গ্রিসে। সেখানে দেবতাদের সম্মান জানাতে অঙ্গভঙ্গি করা হত। গ্রিকদের ছিল মৌনদের দেবতা, নাম হারপোক্রেটস (Harpocrates), যার উৎস আবার মিশরীয় শিশু মূক দেবতা হোরাস। হোরাসের আঙুল ঠোঁটে স্পর্শ করা, যা আজ-ও বিশ্বময় মূক অভিব্যক্তির লক্ষণ।
গ্রিস থেকে মূকাভিনয় ইতালিতে যায়। পরে রেনেসাঁ যুগে, ১৬ শতকে তা ব্যাপ্তি লাভ করে। সেসময়কার ইতালীয় নাটকে হারকেউলিন নামে প্রায়শ এক কৌতুকাভিনেতা থাকত, বিচিত্র ও রঙিন পোশাক পরা। হাবভাব, অঙ্গভঙ্গিতে চতুরতা ফুটিয়ে তুলে সে আসর মাতিয়ে তুলত। আধুনিককালে সার্কাসের জোকার যেমন। অবশ্য জোকাররাও সাম্প্রতিক কালের নন। তাদেরও আছে সুদীর্ঘ ইতিহাস।
বিশ্বের সর্বত্র আদিবাসী সমাজে মূকাভিনয় একটি সাধারণ ও স্বাভাবিক শিল্পকলা। ভারতে সাঁওতালদের ব্রতানুষ্ঠান দহর বা দাসাই, লাগড়ে, বাহা ইত্যাদি পরবে মুদ্রার মাধ্যমে গভীর ভাব ফুটিয়ে তোলা হয়। মুন্ডাদের করম উৎসব ও হাড়িয়াতেও অনুরূপ দেখা যায়। আফ্রিকায় জুলুদের মধ্যেও রয়েছে এই ধরনের মূকাভিনয়ের রীতি।
মেক্সিকো। প্রাক্-ঔপনিবেশিক এই দেশটির রয়েছে অযুত ঐতিহ্য আর লোকাচার। সেগুলোর মধ্যে ‘Danda del Venado’ বা হরিণনৃত্য একটি। এই নৃত্যে শিল্পীরা অঙ্গভঙ্গির মাধ্যমে হরিণের গতিবিধি ফুটিয়ে তোলে। মেক্সিকোর সোনোরা মরুভূমির আদিবাসীরা তাদের প্রাচীন হরিণ-শিকারের স্মৃতিতে এই নৃত্যানুষ্ঠান করেন। তাছাড়া আছে তাদের ‘কঙ্কাল উৎসব’। এর নাম ‘ল্যাকাটরিনা’ (Elegant Skull)। গুয়াতেমালা, পেরু, ইকুয়েডর ও বলিভিয়াতেও এই রিচুয়ালটি পালন করা হয়। চিনি দিয়ে তৈরি হয় মাথার খুলি। এটি হলোউইন-এরও (ভূতের ভয় দূর করতে মুখোশ পরে, বিচিত্র অঙ্গভঙ্গিতে কৃত্য) দীর্ঘদিন আগেকার যাপিত অনুষ্ঠান। এর ঐতিহ্য পরবর্তীতে চে গুয়েভারার ‘এলিগ্যান্ট স্কাল’-এ অনুসৃত হয়েছে, যা গুয়েভারার অবয়বে ও তাঁর বিখ্যাত লাল বেরেট টুপিযুক্ত মাথার খুলির আধুনিক ও শৈল্পিক ডিজাইন।
জিপসিদেরও আছে নিজস্ব মূকানিভয়ের নানান ঐতিহ্য। তাঁদের লোককথা, পুরাণ ফুটিয়ে তোলার জন্য হাত ও পায়ের বিচিত্র মুদ্রা যাযাবর এই গোষ্ঠির পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা। ডি এইচ লরেন্স-এর ‘The Virgin and the Gypsy’ উপন্যাসে দেখি, উনিশ বছরের ইসাবা সেওয়েল যখন এক জিপসি তরুণের প্রেমে পড়ল, তাদের কথোপকথনের চেয়েও ইশারা আর ইঙ্গিত-ই ছিল উভয়ের ভাবপ্রকাশের ভাষা। ক্রিস্টোফার মাইলস পরিচালিত এই কাহিনির চলচ্চিত্রায়ণেও তা দেখা গিয়েছে।
এবার আসা যাক মূকাভিনয়ের ভারতীয় প্রেক্ষাপটে। বিপুল দেশ, বহুধা ঐতিহ্যের দেশ ভারত— শক হূন পাঠান মোগল তো বটেই, আছে আর্য ও দ্রাবিড়, আদিবাসী ও অন্ত্যজ (কথাটি আপেক্ষিক ও আপত্তিজনক যদিও), আর আছে জনপদভেদে, যুগভেদে বৈচিত্র ও মাত্রা।
এর-ই মধ্যে ‘প্রথম সামরব তব তপোবনে’। আর তারও আগে, প্রাগার্য হরপ্পা-মহেঞ্জোদরো-সুৎকাজেন্দোরের হিসেব নিলে দেখব, হরপ্পায় নৃত্যরতা যে নারীমূর্তিটি পাওয়া গেছে, বা অন্য নানান মাটির পুতুল, সেগুলোর মধ্যে মুদ্রার বৈশিষ্ট্য। বাক্যহীন এই যে ইঙ্গিতময়তা, তা মূকাভিনয়ের-ই কুললক্ষণ। বৈদিক যুগে যজ্ঞানুষ্ঠানের সময় যন্ত্রপাঠ ও স্তোত্র উচ্চারিত হত যেমন, তেমনি ব্যবহৃত হত দু-হাতের আঙুলের মুদ্রা। এসব মুদ্রাকে আমরা মূকাভিনয়ের অন্তর্গত মনে করতে পারি, যদি এইগুলিকে Macmillan Encyclopaedia-র সংজ্ঞায় বিবেচনা করা যায়, ‘The actor portrays and depicts events using only his body, face and hands in universally understandable actions’. Universally understandable হয়তো হয়ে ওঠে না ওসব অঙ্গন্যাস; তা আর ক’জনের পরিপূর্ণ আয়ত্ত আজকের দিনেও? চ্যাপলিন বা মার্সেল মার্সোও কি সর্বজনবোধ্য?
তান্ত্রিক আচার-অনুষ্ঠানেও মন্ত্র ও মৌনতা, এ দুয়ের সহাবস্থান। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা পরস্পরের সঙ্গে ভাববিনিময় করতে মূকাভিনয়ের আশ্রয় নিই। তার ব্যাপ্তি আন্তর্জাতিক। সেই অর্থে পৃথিবীর সবাই কিন্তু কোনও না কোনওভাবে মূকাভিনেতা।
ভারতে প্রাচীনকাল থেকেই নাটকের চর্চা হয়ে আসছে। আর তা এতই এক সাহিত্যের অঙ্গন, যেখানে ভাস, কালিদাস, শ্রীহর্ষ, ভবভূতি, শূদ্রক, বিশাখদত্তের মতো বিখ্যাত নাট্যকার জন্মেছেন। কেবল তা-ই নয়, নাটককে বলা হয়েছে কাব্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ (কাব্য ও সাহিত্য প্রাচীন আলঙ্কারিকদের কাছে ছিল সমার্থক)। আর লেখা হয়েছে নাট্যশাস্ত্রের ওপর গ্রন্থ, ধনঞ্জয়ের ‘দশরূপক’, সাগরনন্দীর ‘নাটকলক্ষণরত্নকোষ’, শ্রীরূপ গোস্বামীর ‘নাট্যলোচন’, নন্দিকেশ্বর রচিত ‘অভিনয়দর্পণ’ ইত্যাদি। তবে সবচেয়ে খ্যাতিলাভ করেছে ‘নাট্যশাস্ত্র’। রচয়িতা ভরত। এখানে অভিনয়কলার যে চারটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন ভরত, সেগুলি হল— ১. বাচিক, ২. আঙ্গিক, ৩. আহার্য, আর ৪. সাত্ত্বিক। সবগুলো নিয়ে বিশদ আলোচনা করার অবকাশ এ-লেখায় নেই। কেবল আঙ্গিক-অভিনয় নিয়ে খানিক আলোকপাত করব, যা প্রমাণ করে, প্রাচীন ভারতীয় নাটকে মূকাভিনয়ের গুরুত্ব কতখানি ছিল। পাশাপাশি সেসময়কার নাট্যকারদের লেখা থেকে মূকাভিনয়কে মান্যতা দেওয়ার উদাহরণ-ও দেব।
শুদ্রকের ‘মৃচ্ছকটিক’ নাটকটি এখনও অত্যন্ত জনপ্রিয়। এ-যুগে কলকাতার ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠী কুমার রায়ের পরিচালনায় এর নাট্যরূপ মঞ্চস্থ করেছে, হিন্দিতে ‘উৎসব’ নাম দিয়ে চলচ্চিত্রায়িত-ও হয়েছে। নাটকটি প্রায় সব ভারতীয় ভাষায় অনূদিত ও মঞ্চস্থ। এর বাংলা অনুবাদ অতীতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ও পরে ড. সুকুমারী ভট্টাচার্য, গুজরাটি অনুবাদ উমাশঙ্কর যোশির মতো প্রথিতযশাদের দ্বারা হয়েছিল। বহু বিদেশি ভাষাতেও অনূদিত এই নাটকটি।
এ নাটকে মূকাভিনয়ের ভূমিকা অপর্যাপ্ত, কেননা নাটকটির প্রধান দুই নায়ক-নায়িকা চোর ও গণিকা। উভয়ের চরিত্র সংলাপে ফুটিয়ে তোলার বিধান নাট্যশাস্ত্র প্রণেতা ভরত দেননি, পাছে ‘জুগুপ্সা’-র দায়ে পড়তে হয়। ভরত কিন্তু অভিনেতা-অভিনেত্রীদের ওপর কঠোর বিধি চাপিয়ে দেন। যেমন, অশ্লীল বাক্য পরিহার্য। এমনকী হত্যাদৃশ্য-ও মঞ্চে দেখানো চলবে না। আর নাটক কখনওই বিয়োগান্তক হতে পারবে না। তাই নায়ক চারুদত্তের অভিনয় বাচিকের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ছিল আঙ্গিক। এমনকী এ নাটকে নায়কের ফাঁসির কথা থাকলেও তা পরিহার করা হয়েছে। অনুরূপ ভট্টনারায়ণের ‘বেণীসংহার’ নাটকে দুর্যোধনের উরুভঙ্গ ও রক্তপাত মঞ্চে দেখানো যায়নি। অবশ্য মূকাভিনয়ের ক্ষেত্রে এতে শাপে বর-ই হয়েছিল বলতে হবে। আর তাই অন্ধকার রাতে চৌর্যবেশী চারুদত্তের পলায়ন, নায়িকা বসন্তসেনার মৃৎ শকটিকা, অর্থাৎ মাটির ছোট গাড়ির সঙ্গে বোঝাপড়া অসীম দক্ষতায় ফুটিয়ে তুলতে হয়েছিল, হয়, এই নাটকটিতে। তাছাড়া এ-নাটকের বিদূষক, একাধারে হাস্যরস পরিবেশন ও একই সঙ্গে বিবেকের দায়িত্ব-ও পালন করতে হয় যাকে, সেই শকার চরিত্রটি রূপদান করতে আঙ্গিকের সাহায্য নেওয়া ছাড়া গত্যন্তর নেই। শকারের সংলাপ নয়, অঙ্গভঙ্গি-ই এ নাটকে প্রাণসঞ্চার করেছে।
অনুরূপভাবে ‘মুদ্রারাক্ষস’ নাটকে চাণক্যের বন্ধনমুক্ত কেশে আঙুল চালিয়ে ক্রোধের প্রকাশ, জৈন সন্ন্যাসীর শারীরিক অভিব্যক্তি কঠিন আঙ্গিক অভিনয়ের ক্ষমতা দাবি করে। আমাদের মনে পড়বে, নাটকটির বাংলা মঞ্চায়নে চাণক্যের ভূমিকায় শম্ভু মিত্র কী নিপুণ দক্ষতায় চরিত্রটিকে আঙ্গিক-অভিনয়ের মাধ্যমে কোন অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এখানে, প্রাচীন ভারতের নাটক নিয়ে আলোচনায়, শম্ভু মিত্রকে আনার অবকাশ নেই, তবে ‘বিভাব’ নাটকে আঙ্গিক অভিনয়ের চূড়ান্ত করে দেখিয়ে গেছেন তিনি, এইটুকু না বলে থাকা গেল না।
ভারতীয় দেবদেবীদের মূর্তিকল্পনা ও সেসবের রূপায়ণে আঙ্গিক ব্যবহারের প্রচুর পরিচয় মেলে। শিবের তাণ্ডব নাচ, নাট্যশিল্পের উদ্ভবরূপে তাঁর বরাভয়মূর্তি, লাস্যভাব বা শান্ত ধ্যানী রূপ তো আঙ্গিকের-ই অধীনস্থ ক্রিয়া। যার প্রবহমানতার সুদীর্ঘ ধারায় একদিকে কেরলের কথাকলি, কর্ণাটকের যক্ষগান, মালদহের গম্ভীরা পর্যন্ত প্রসারিত। কপিলা বাৎস্যায়নের লেখায় এ কথার সমর্থন মেলে।
শিব ছাড়াও দুর্গা আর কালী, সরস্বতী-সহ হিন্দু দেবদেবীর মধ্যে এই আঙ্গিক মুদ্রা প্রভূত লক্ষ্যগোচর হয়।
আমরা আবার নাটকে ফিরে যাই। ভাস। তাঁর লেখা নাটকের সংখ্যা তেরোটি। সংস্কৃত ভাষায় সবচেয়ে বেশি নাটকের জন্মদাতা তিনি-ই। আর তাঁর হাত দিয়েই আমরা পেয়েছি অভিনব দুটি জিনিস, ছোটদের জন্য লেখা নাটক, আর ‘ঊরুভঙ্গ’, সংস্কৃতে লেখা একমাত্র ট্র্যাজেডি। কী করে সম্ভব হল? কারণ তিনি যে ভরত-পূর্ববর্তী! অথচ তাঁর প্রায় সব নাটকে আঙ্গিক অভিনয়ের বৈভব চোখে পড়ে। তার অর্থ, এই ধারাটির উৎস আরও পুরনো।
আমাদের সবিস্তার আলোচনার অবকাশ কম। তাই ভাসের দুটি নাটক, একাঙ্ক ‘কর্ণভারম্’ আর ছয় অঙ্কের ‘স্বপ্নবাসবদত্তম্’ নির্বাচন করে দেখানো হবে, ভাস তাঁর নাটকে আঙ্গিক অভিনয়কে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে কী অনবদ্য ও শৈল্পিক হয়ে উঠেছেন।
প্রথম নাটকটিতে দুটি চরিত্র, কর্ণ ও কৃষ্ণ। নাটকে রথারোহী কর্ণের রথচালনা, স্থানে স্থানে গভীর বিষাদের অভিব্যক্তি আঙ্গিকের মধ্য দিয়ে আভাসিত। নাটকশেষে কৃষ্ণ যখন কর্ণকে আশীর্বাদ করে প্রস্থান করেন, কৃষ্ণের সেই শান্ত ও স্থির হস্তমুদ্রা নাটকটির বেদনা ও মাধুর্য এক-ই সঙ্গে দর্শককে আপ্লুত, আকুল করে। উল্লেখ্য, ভাসের নাটকগুলো আবিষ্কৃত হয়েছে কেরলে। সেখানে রয়েছে মূকাভিনয়ের সুপ্রাচীন ধারা ‘কুডিয়াত্তম্’। অতএব ভাসের মধ্যে একাধিক ধারার মিশ্রণ লভ্য।
দ্বিতীয় নাটকটিতে আঙ্গিকের উপস্থাপনা নান্দনিকতার উত্তুঙ্গতা স্পর্শ করেছে। নায়িকা বাসবদত্তা বীণাবাদন শিখছে। এসময় সে তার ধ্যানের ধন, যিনি তাকে বীণা বাজাতে শেখাচ্ছেন, সেই উদয়নকেই ধ্যান করছিলেন বলে বাসবদত্তার আঙুল বীণার তারের আশপাশে চলে যাচ্ছিল, ফলে ঘোষবতী নামের সে বীণাটিতে কোনও শব্দই বেরোচ্ছিল না, যা প্রণয়ে আবিষ্ট বাসবদত্তা সে-মুহূর্তে অনুভব পর্যন্ত করতে পারেনি। আঙ্গিকের মাধ্যমে গান্ধর্ব সম্পর্কের এ এক অসাধারণ শিল্পিতা।
এখানে একটি কৌতূহলকর তথ্য জানাই। সংস্কৃত নাটকে খলচরিত্র আছে অনেক, যেমন দুর্বাসা (শকুন্তলা), দুর্মুখ (উত্তররামচরিত), কাপালিক (মালতীমাধব), সংস্থানক (মৃচ্ছকটিক), কৈকেয়ী (ভাসরচিত প্রতিমানাটক)। এদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা মুদ্রা, অভিব্যক্তি, ইশারা, ইঙ্গিত, ভ্রুকুটির মাধ্যমে আঙ্গিক অভিনয় মূর্ত হয়ে ওঠে।
মূকাভিনয় ও দক্ষিণ ভারতীয় সঙ্গম সাহিত্য।।
উত্তর ভারতে যেমন বৈদিক ও তৎপরবর্তী সংস্কৃত সাহিত্য, সমসাময়িক কালে, বা তার-ও আগে থেকে তামিল সভ্যতা ও সংস্কৃতি আমাদের উপহার দিয়েছে সঙ্গম সাহিত্য। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মাদুরায় পাণ্ড্য রাজাদের আমলে এ সাহিত্যের জয়যাত্রা শুরু। আর এর স্থায়িত্ব ছিল ছ’শো, মতান্তরে হাজার বছর। এই বিশাল সাহিত্য, মূলত কবিতা, প্রাচীন দক্ষিণী ধ্রুপদী সাহিত্যের এক বিস্ময়। কাব্যের বিষয়বস্তু প্রেম (‘আকাম’), বীরত্ব (‘পুরম’) ইত্যাদি। চারশোর ওপর এর রচয়িতাদের মধ্যে কপিলর, তিরুভাল্লুভার প্রমুখ পুরুষদের পাশাপাশি আছেন এই প্রায় পঞ্চাশজন নারী কবি, অব্বাইয়ার, মারোক্কাতু প্রমুখ। আছে তামিল মহাকাব্য মহাকবি ইলাঙ্গো আদিগাল-এর ‘সিলাপ্পিডিকরম’, নায়িকা কান্নগীর পতিভক্তি ও মাদুরাই ধ্বংস হওয়া যার উপজীব্য। তাছাড়া আছে বৌদ্ধ মহাকাব্য ‘মণিমেখলাই’। লেখক সিমালাই সাতানার। মূকাভিনয়ের উৎস ও পরিচয় এখানেও লভ্য, আর তাকে আমরা মান্যতা দিতে বাধ্য, যদি মূকাভিনয় নিয়ে Etienne Decroux-এর কথাটি আমরা শিরোধার্য করে নিই, ‘Mime is a bodily expressive form.’
এসব সাহিত্যের নানা স্থানে আঙ্গিকের প্রয়োগ আছে, বিশেষ করে নাটকীয়তার মুহূর্তগুলোতে। কিন্তু তার চেয়েও যা গুরুত্বপূর্ণ, তা হল তামিল নন্দনতত্ত্বে আঙ্গিক অভিনয়ের প্রশস্তি রয়ে গেছে তাদের ব্যাকরণগ্রন্থ ‘থোলকাপ্পিয়াম’-এ। এখানকার একটি অধ্যায় ‘নাদাকাম’, অর্থাৎ নাট্যকলা। সংলাপের চেয়ে শারীরিক গতি ও ভঙ্গির প্রাধান্য এখানে স্বীকৃত হয়েছে। এই আঙ্গিকপ্রধান নাটকের নাম ছিল ‘আডাল’। তাছাড়া ছিল ‘কুথু’। টেরিকুথু, চাকিয়ার এগুলোর উপবিভাগ। নাচ, অভিনয় আর অঙ্গভঙ্গি সহযোগে পরিবেশিত কুথু সহস্রাধিক বছর ধরে দক্ষিণ ভারতের সর্বত্র জনপ্রিয়। মুখের ভাব, শরীরের অঙ্গভঙ্গির ও হাত ও পায়ের সঞ্চালনের মধ্য দিয়ে কুথুনাট্য রামায়ণ-মহাভারতের দৃশ্যায়ন ঘটায়। এর প্রভাব পড়েছে ‘যক্ষগণ’, ‘কুচিপুডি’, ‘কথাকলি’-তেও। তিজন বাইয়ের পাণ্ডবানি, যার প্রতিচ্ছায়া একদিকে শাঁওলি মিত্রের ‘নাথবতী অনাথবৎ’ হয়ে হাবিব তানভিরের ‘চরণদাস চোর’ ছুঁয়ে মণিপুরিদের হস্তমুদ্রা ‘খুটথেকে’, যা ভারত ও বাংলাদেশের মণিপুরি অভিনেতা-অভিনেত্রীরা অনুসরণ করেন— পর্যন্ত প্রসারিত।
শুরু থেকে শেষ।।
আমাদের এ পর্যন্ত আলোচনায় আমরা দেখলাম, প্রাচীন ভারত সাধারণভাবে যাবতীয় শিল্পমাধ্যমেই ও বিশেষভাবে নাটকে কী বিপুলভাবে মূকাভিনয়কে প্রশ্রয় দিয়েছে। নাটকে আঙ্গিকরীতির প্রয়োগ প্রসঙ্গে সেলিম আলদিনের মনোভঙ্গিটি জানা জরুরি। তাঁর মতে, মানুষের অঙ্গপ্রত্যঙ্গসমূহ-ও সঙ্গীতের মতো নানান সুরে বাঁধা। একেই বিশদ ও বিধিবদ্ধকরণ ঘটে আঙ্গিকে। এর সাথে মিলিয়ে নিতে হবে Decroux-কেও, ‘Novelist, gymnast, and above all an ideal in his heart’— একজন মূকাভিনেতার মধ্যে লক্ষণীয়ভাবে অবস্থান করে।
নাটক ছাড়া কালিদাসের কুমারসম্ভব আর রঘুবংশতেও এই আঙ্গিকের অনবদ্য প্রকাশ দেখি। প্রথমটিতে শিবের আরাধনায় মগ্ন পার্বতী সহসা তার সামনে শিবকে আবির্ভূত হতে দেখে অভিভূত, ‘ন যযৌ না তস্থৌ’, অর্থাৎ তিনি স্থির থাকতে পারছেন না, পারছেন না অস্থির হতেও! একালের খ্যাতিমান মূকাভিনেতা মার্সেল মার্সোর ধ্রুববাক্যটি এখানে মনে পড়বে আমাদের, ‘The art of mime makes visible the invisible, makes cocrete the abstract’.
আবার রঘুবংশে রাম যখন লক্ষ্মণকে বলেন বাল্মীকির আশ্রমে সীতাকে রেখে আসতে, একদিকে গুরুজনের আজ্ঞা অলঙ্ঘনীয়, অন্য দিকে সীতাবিসর্জন গর্হিত কাজ, এই দোটানায় পড়ে লক্ষ্মণ যে ‘দোলাচলচিত্তবৃত্তি’ হন, তা আঙ্গিক-এরই অন্তর্গত। আসলে, শিল্পীমাত্রকেই কালিদাসের যে উপদেশ, ‘তৎ প্রতিপাত্রমাধীয়তাম্ যত্নঃ’— শিল্পের প্রত্যেক মুহূর্তকেই সযত্নে নির্মাণ করতে হয়, তা একটি শাশ্বত বাক্য। জীবজগতেও বাঘ থেকে শালিক, ময়ূর থেকে আরশোলা, এমনকী হয়তো গাছপালার-ও নিজস্ব ভঙ্গি আছে, আছে সাইন ল্যাঙ্গোয়েজ। প্রাচীন নাটক থেকে একালের আইজেনস্টাইন-চ্যাপলিনের নির্বাক থেকে সত্যজিৎ-ঋত্বিকের সবাক চলচ্চিত্রে এর ভূরি ভূরি উদাহরণ লভ্য।
মার্সেল মার্সো আর যোগেশ দত্ত যেমন বিশ্ববরেণ্য, তেমনই বাংলাদেশের পার্থপ্রতিম মজুমদার। তা ছাড়া জিল্লুর রহমান জন, দেওয়ান মামুন, রেজওয়ান রাজন, শ্রীকান্ত বসু, স্বপন নন্দী, ইরশাদ পাঞ্জাতন, মৌসুমী মৌ, মধুরিমা গোস্বামী, অর্পিতা সেনগুপ্ত-সহ বহু শিল্পী আছেন। বিদেশেও আছেন এতিয়েন দক্রো (Etienne Docrou), জা লুই ব্যারেত (Jean Louis Barrault), জা গ্যাসপার দ্যবুরো (Jean Gasperd Deburau), নোলা রে (Nola Rae), ব্রিজিত সোবেরো (Brigitte Souberan), ইরিনা আন্দ্রেয়েভা (Irina Andreyeva) প্রমুখ।
যুগে যুগে মূকাভিনয় রূপ পাল্টেছে, পাল্টাচ্ছে প্রতিনিয়ত। নাটকে, নৃত্যে, কথকতায় যা ছিল, এখন ‘White face make up’ তার লাঞ্ছন। রঙের ব্যবহার হচ্ছে, নাটকের যৌথ শিল্পকলা থেকে বেরিয়ে এসে একদা একক প্রদর্শেয় হয়ে উঠে ফের দলগত প্রদর্শনীতে ফিরে গেছে। মার্সো মঞ্চ থেকে তাকে নিয়ে গেছেন পথে। এমনকী চ্যাপলিনের ভবঘুরের সমান্তরাল তাঁর বিখ্যাত বিপ দ্য ক্লাউন (Bip the Clown) নিয়ে তিনি চলচ্চিত্রেও অবতীর্ণ। মূকাভিনয় আর মার্সো আজ এতটাই সমার্থক যে, যোগেশ দত্ত সত্যজিৎ রায়ের কাছে ভারতীয় মার্সো! দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সৈনিক তাঁর মূকাভিনয়ের জাদুতেই ইহুদি বহু শিশুদের বাঁচিয়েছিলেন। ফরাসি বিপ্লবের দ্বিশততম বর্ষ উদযাপন উপলক্ষে ভারত সরকারের আমন্ত্রণে তিনি এদেশে এলে তাঁর সঙ্গে একলব্য যোগেশ দত্তের মোলাকাত হয়, চালচুলোহীন যে যোগেশ, ব্যাকরণহীন আর নড়বড়ে মূকাভিনয়কে ভারতে দৃঢ়প্রতিষ্ঠ করেছেন।
মূকাভিনয় নিয়ে বলতে গিয়ে আবার ভরতের নাট্যশাস্ত্রে একটু ফিরে যাই। তাঁর সংজ্ঞায়িত আঙ্গিক প্রকরণ কিন্তু চতুর্থ ও চূড়ান্ত প্রকরণে, অর্থাৎ ‘সাত্ত্বিক’ ছাড়া অসম্পূর্ণ। অর্থাৎ আঙ্গিক যত নিপুণ-ই হোক না কেন, রসশাস্ত্রে যাকে ‘লাবণ্য’ বলা হয়েছে, কবি কিটস-এর ভাষায় যা ‘Ecstasy of joy’, আর ষড়ঙ্গবাদীদের মতে মুক্তার আভা, জাপানের অলঙ্কারশাস্ত্র যাকে নির্দেশ করেছে ‘হানা’ নামে, সেই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এককথায় সেটি হল আন্তরিক ভাবের সাহায্যে প্রাণের আবেগ প্রকাশ।
সবশেষে একটা কথা। মূক শিল্প, তা আঙ্গিক অভিনয়-ই হোক বা মাইম, তার শাশ্বত বার্তা রেখে গেছে নটরাজ মূর্তিতে, রেখেছে তাজমহলে আর স্ট্যাচু অফ লিবার্টিতে। আরও যদি স্বাধীনতা পাই তো বলি, কনফুসিয়াস-কথিত ও পরে বিশ্বব্যাপী পরিচিত, আজকাল তো ইমোজিতেও জনপ্রিয় ‘Three Wise Monkeys’-এ। মিজারা (Mizara), যে হাত দিয়ে চোখ ঢেকে রাখে কোনও কুদৃশ্য দেখবে না বলে, কিকাজারু (Kikazaru), কান ঢেকে রাখে কুকথা পাছে কানে যায়, আর কুকথা উচ্চারণে বিরত মুখে হাত দিয়ে রাখা আইওয়াজারু (Iwazaru)— এরা কি সর্ববিধ মাইমের শিখরে দাঁড়িয়ে নেই? আর বাঙালির কাছে আছে রবীন্দ্রনাথের ‘তপতী’ নাটকে উপালি চরিত্রে বেদনার চিরায়ত প্রতিমূর্তি, ও অন্তিমে, তোরা যে যা বলিস ভাই, অশ্বারূঢ় নেতাজি সুভাষচন্দ্র বসুর নায়কোচিত দীপ্ত ভঙ্গি!
চিত্র: গুগল






