Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুজিত বসুর কবিতাগুচ্ছ

তোমার শয্যায় শোবে

মুরগির পায়ের ভরে ঘুরে যায় বৃত্তাকারে গোল কাচঘর
শয্যায় ছড়ানো মেঘ, শরীরে পদ্মের মত ছুঁচ
ফুটে আছে একগুচ্ছ, পালঙ্কের চতুর্দিকে লাল বহুভুজ
উচ্ছ্বসিত অক্টোপাস, তামাটে খনিজ রাত, দূর দূরান্তর
অস্পষ্ট কুয়াশাঘেরা, সাতটি সমুদ্র ভরে কলস্বনা বান
আক্রোশে সাপিনী ফণা তুলে ধরে মায়াবিনী, ডাকিনী ঘিয়ের
বাতির শিখাটি আরো উসকে দিয়ে বসে থাকে, ভুল বিবাহের
সাজপরা কনেবউ, শুধু চারিদিকে শব্দ ‘ইভান ইভান’
রাজপুত্র তুমি আর কোথায় কতটা দূরে, গোধূলি ধূলিতে
কিছুই যায় না দেখা, ছায়াময় চারিদিক, অগুরু কুমকুম
চন্দন আবিরে ঘিরে সুগন্ধে সাজানো এই আঙিনায় শ্বেত
অশ্বের হ্রেষার ধ্বনি যদি না স্পন্দিত হবে, চুল থেকে ফিতে
জালের বন্ধনী হয়ে জড়িয়েছে রাজকন্যা, ডাকিনীও স্বেদ
মুছে নিয়ে কপালের তোমার শয্যায় শোবে নিথর নিঝুম।

*

অপেক্ষায় থেকে থেকে

দ্বারে স্তব্ধ পক্ষীরাজ, চোখ থেকে বাষ্পময় ফেনিল অশ্রুর
স্রোতের নির্ঝর ঝরে, তেরোটি নদীর ক্রূর প্রতিবন্ধকতা
পেরিয়ে অঙ্গনে এই রাজপুত্র এসে গেছে সাত সমুদ্দুর
গণ্ডুষে নিঃশেষ করে, শয্যা থেকে দুলে ওঠে দুটি বাহুলতা
কপালে স্বেদের বিন্দু শুকিয়ে কাজল গাঢ়, ক্লান্তির কালিমা
ছদ্মবেশী রাজকন্যা উঠে পড়ো এসময়, অসময়ে ঘুম
ভাল না, ভাল না এই অবেলায়, এ পৃথুলা শরীরে প্রতিমা
কীভাবে দেখাবে তাকে, ঝাঁপি খুলে বার করো কালো সম্মার্জনী
বাহন তোমার হবে, অহঙ্কার থলি ভর্তি প্লাস্টিক কুসুম
দুটি-একটি গুঁজে নিয়ো মেঘচুলে, কেন আজ সাবান মাখোনি!
পুরু আস্তরের মতো ঢেকে রাখত তবে সে তো নিশীথিনী রূপ,
সাজসরঞ্জাম সব কিন্তু এ কাদের জন্য, বাঁধভাঙা স্রোত
কেন যে প্লাবন হয়ে ভরে তোলে তার সব গণ্ডি নলকূপ,
দুয়ারে যে রাজপুত্র অপেক্ষায় থেকে থেকে ডন কুইকসোট।

*

রাজকন্যা শায়িতা ঘুমে

ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে দরজা ধরে দাঁড়ানো
রাজপুত্র দুর্গদ্বারে, বিভ্রান্তি ক্ষণিকে
জলবালুকা হয়ে কি তাকে টেনে নিয়েছে ঘোরানো
সিঁড়ির ষড়যন্ত্রে ক্রূর, চেনেনি সে কি খনিকে
যা ছিল এত কুহকে ভরা, ধূসর কোনো অতীতে
খনন করে সন্ধানীরা খুঁজে নিয়েছে স্বর্ণ,
ধাতব পীত উজ্জ্বলতা, শোকাগ্নিও যে গীতে
নিশ্চিহ্ন নিমেষে, তার মূর্ছনাতে বন্য
মানবদল চকিতে স্থির, তাকে কি রাজপুত্র
নিপাতে তুমি ধন্য হবে, তরবারিতে মরচে
জমেছে জানো, সঞ্জীবনী ঢেলে কি তাকে শুদ্ধ
করতে পারো, সময় নেই, চতুর্দিকে প্রহরী
তন্দ্রাহীন সজাগ ধীর, স্বপ্ন দিয়ে তুমি এ
বিদ্ধ তবু করোনি বলে রাজকন্যা কবরী
এলিয়ে থাকে শায়িতা ঘুমে, ঘুমিয়ে থাকে ঘুমিয়ে।

চিত্রণ: মুনির হোসেন

One Response

  1. অসাধারণ তিনটি কবিতা। জীবনের পাওয়া আর স্বপ্নে চাওয়ার মাঝেমাঝে জমে থাকা দ্বান্দ্বিক প্রেক্ষাপটে দ্বিধান্বিত বোধ বাহি চরণগুলি পাঠককে এক অতীন্দ্রিয় আবহে এনে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =

Recent Posts

সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ছোটগল্প: ফাউ

গরমকালে ছুটির দিনে ছাদে পায়চারি করতে বেশ লাগে। ঠান্ডা হাওয়ায় জুড়োয় শরীরটা। আকাশের একপাশে আবির। সন্ধে হবে হবে। অন্যদিকে কাঁচা হলুদ। চায়ের ট্রে নিয়ে জমিয়ে বসেছে রুমা। বিয়ের পর কি মানুষ প্রেম করতে ভুলে যায়? নিত্যদিন ভাত রুটি ডালের গল্পে প্রেম থাকে না কোথাও? অনেকদিন রুমার সঙ্গে শুধু শুধু ঘুরতে যায়নি ও।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারীকে আপন ভাগ্য জয় করিবার…

মনু-পরাশর-বৃহস্পতি-কৌটিল্যদের অনুশাসন এসে নারী প্রগতির রাশ টেনে ধরল। নারীর শিক্ষালাভের ইতি ঘটল, অন্তঃপুরে বাস নির্দিষ্ট হল তাঁর জন্য। তাঁকে বাঁধা হল একের পর এক অনুশাসনে। বলা হল, স্বাধীনতা বলে কোনও পদার্থ থাকবে না তাঁর, ‘ন স্ত্রী স্বাতন্ত্র্যমর্হতি’! কুমারী অবস্থায় পিতা-মাতার অধীন থাকবে সে, বিয়ের পর স্বামীর, বার্ধক্যে সন্তানের। ধাপে ধাপে তাঁর ওপর চাপানো হতে লাগল কঠিন, কঠিনতর, কঠিনতম শাস্তি।

Read More »
স্বপনকুমার মণ্ডল

গরিব হওয়ার সহজ উপায়

এককালে পর্তুগিজ-মগরা আমাদের নিম্নবঙ্গ থেকে দাস সংগ্রহ করত মালয়-বার্মাতে শ্রমিকের কাজের জন্য, ইংরেজ সাহেবরাও কিনত গোলাম। আজ আবার মানুষ সস্তা হয়েছে। ঔপনিবেশিক শাসকের দরকার নেই। খোলাবাজারে নিজেরাই নিজেদের কিনছে দেশের মানুষ। মানুষ বিক্রির মেলা বসে এখন গ্রামগঞ্জের হাটে হাটে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মহাশ্বেতা দেবী: স্বনামে চিহ্নিত অনশ্বর প্রতিভা

গ্রামশি-বর্ণিত ও পরবর্তীতে বহুলচর্চিত ‘সাব অলটার্ন’-এর আগেই মহাশ্বেতার লেখায় ব্রাত্যজনসংহিতা মূর্ত; ‘অরণ্যের অধিকার’ প্রকাশিত হয় ১৯৭৭-এ। আর সাব অলটার্ন-তত্ত্ব প্রথম দানা বাঁধছে ১৯৮২-তে জ্ঞানেন্দ্র পাণ্ডে, রণজিৎ গুহ, গৌতম ভদ্র, শাহেদ আমিন, পার্থ চট্টোপাধ্যায়দের সঙ্কলন প্রকাশের মাধ্যমে। অবশ্য তার বহু আগেই ইতিহাস রচনায় সাব অলটার্ন চেতনায় স্থিতধী দেখা গেছে রবীন্দ্রনাথকে। স্বামী বিবেকানন্দ মূর্খ, চণ্ডাল ও দরিদ্র ভারতবাসীর মাহাত্ম্য বুঝিয়ে গেছেন, আর বিভূতিভূষণকেও আমরা সামগ্রিক বিচারে প্রান্তিক মানুষের কথাকার রূপেই পাই। কিন্তু মহাশ্বেতা আরও ব্যাপক, গভীর, তন্ময়, নিবিড়, ও নিঃসন্দেহে দলিত জনতার কথাকার।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

সারদাদেবী: এক অনন্যা মাতৃরূপা

ব্রাহ্মণ ঘরের মেয়ে ও বধূ হয়ে তিনি কিনা মুসলমান ঘরামি আমজাদকে খেতে দিয়ে তার এঁটোকাটা নিজের হাতে পরিষ্কার করেন! বিধর্মী খ্রিস্টান নিবেদিতার সঙ্গে বসে আহার করেন! আর তাঁর চেয়েও বড় কথা, সে যুগের বিচারে বিপ্লবাত্মক ঘটনা, স্বামীর মৃত্যুর পর যে দীর্ঘ চৌত্রিশ বছর বেঁচেছিলেন তিনি, বিধবাবিবাহের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-ও যা কল্পনায় আনতে গেলে নির্ঘাত মূর্ছা যেতেন, লালপেড়ে শাড়ি আর সোনার বালায় ভূষিতা থাকতেন তিনি! আজকের উচ্চশিক্ষিত সমাজেও ক’জন পারবেন এ-কাজ করতে, বা নিদেন এ কাজকে সমর্থন করতে?

Read More »
মো. বাহাউদ্দিন গোলাপ

জীবনচক্রের মহাকাব্য নবান্ন: শ্রম, প্রকৃতি ও নবজন্মের দ্বান্দ্বিকতা

নবান্ন। এটি কেবল একটি ঋতুভিত্তিক পার্বণ নয়; এটি সেই বৈদিক পূর্ব কাল থেকে ঐতিহ্যের নিরবচ্ছিন্ন ধারায় (যা প্রাচীন পুথি ও পাল আমলের লোক-আচারে চিত্রিত) এই সুবিস্তীর্ণ বদ্বীপ অঞ্চলের মানুষের ‘অন্নময় ব্রহ্মের’ প্রতি নিবেদিত এক গভীর নান্দনিক অর্ঘ্য, যেখানে লক্ষ্মীদেবীর সঙ্গে শস্যের অধিষ্ঠাত্রী লোকদেবতার আহ্বানও লুকিয়ে থাকে। নবান্ন হল জীবন ও প্রকৃতির এক বিশাল মহাকাব্য, যা মানুষ, তার ধৈর্য, শ্রম এবং প্রকৃতির উদারতাকে এক মঞ্চে তুলে ধরে মানব-অস্তিত্বের শ্রম-মহিমা ঘোষণা করে।

Read More »