Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নুশান জান্নাত চৌধুরীর গুচ্ছকবিতা

অদলবদল

তোমার সাথে অদলবদল করে নেব খুব প্রিয় কিছু।
তবে বেঁচে থাকাই আপাতত তোমার বাঁচার উপায়
তোমার পরাজয়ের বীজ দিয়ে বৃক্ষ বানাব বলে
তোমায় বাঁচিয়ে রাখলাম।
একদিন বিনিময়ে শুধু দিয়ো
খুব প্রিয় কিছু; মরুআকাশের শিশিরভরা অশ্রু দিয়ে
ভিজিয়ে দিয়ো আমার বুক।

*

এখানে কেবল ডুব

আর সবখানে ফুলের মধ্যে ক্ষত।
আর সবখানে ব্যথা—
.               ঝড়ের মতো।

কে যায় কে যায়?
আর সবখানে বাতাস ছুটে আসে
নেশায় পেশায় উদাম উল্লাসে।
মানব কিংবা মানবীর প্রেম নয়,
চোখের পক্ষে স্বস্তিকর অক্ষর
তোমার অপেক্ষায়।
          বন্ধু, তোমার কাছে
.            এখানে কেবল ডুব
.            এখানে কোমল স্বর।
          এখানে বেশ একাই তো বসে আছি
.            তুমি হৃদয়ের একধাপ কাছাকাছি;
          ঠান্ডা শীতের রাতে যে পাখি গান গায়,
.            তুমি তার মতো।

.            আর সবখানে ফুলের মধ্যে ক্ষত

তুমি তো খুঁজছ আমায়
কিছু কথা বাকি থাকে
মনে পড়ে যে কোন অবস্থাতে।
আর সবখানে রক্তমাখা ঠোঁট,
মনের মলিন ফাঁদ।
আর সবখানে দলে দলে কারা হাঁটে

কথারা পাশ কাটে
হয়তো উড়ে যায় দোকানে বা রাস্তায়।
সারাদিন ভেবে চিঠির অপেক্ষায়
এই বুঝি কেউ লজ্জার মাথা খায়।

আর সবখানে অমনোযোগ, দেখো,
ভান করা সব লোক।
আর সবখানে কেন সব হাওয়া হয়,
কে যায় কে যায়?
প্রখর চোখ, পুরাতন প্রয়োজন সাথে নিয়ে যায়
সমস্ত বন্ধন।
.            আর সবখানে মনটা কেমন ফাঁকা
          অহেতুক দূরত্ব, সুগন্ধি নিশ্বাস,
.            দেখো দেখো, হাতে রাখা এইসব মন্থর হাত।
          আমি কি বুঝি না বলো?
.            আর সবখানে ধনুকের মতো বাঁকা
.            ইতস্তত লজ্জিত
.            মানুষ জলের মতো।

.            আর সবখানে ফুলের মধ্যে ক্ষত।

.            বন্ধু, তোমার কাছাকাছি
.            এখন কেবল ডুব
.            এখন কোমল স্বর;
.            এখন বেশ একাই তো ভাল আছি

*

আমার উৎসবটুকু নিয়ো

গোলমেলে শারীরিক শোকতাপে
যেটুকু টিকে আছি, ওতেই আমার জীবনের
টেকসই উপাদান
ওটুকুই আমার উৎসব ও বিজয়ের দৃশ্য।
প্রেমের ব্যতিব্যস্ত পরিশ্রমে খুঁজে নিয়ো আমাকে,
হৃদয়ে স্থান দিয়ো সংক্ষিপ্ত কিছু বছর,
যদি কিছু ভাল পাও,
তার সবটুকু নয় উৎসবটুকু রেখে দিয়ো
শুধু তোমার কাছে,
বিষণ্ণ মেজাজে হারিয়ে যেতে দিয়ো একদিন।
ধূসর নক্ষত্র বেয়ে
অগণিত আমি গড়িয়ে পড়ছি রোজ।

*

খবর পেয়েছি

আমাকে নিয়ে তোমার ভাবনাচিন্তা
আমাকে ব্যথিত করে।
তোমার নির্লজ্জতা দেখে আমি
চোখের জল ধরে রাখতে পারি না।
তোমার আমার এই যে অবিরাম আলাপ
তারপরও আমাকে কি বুঝেছ তুমি?
সেদিন বলাবলি করছিলে—
আমাকে কী ভীষণ ভালবাসো।
স্বীকার করি—
আমার জন্য তোমার ভালবাসা ও অনুভূতিই
আমাকে দিয়েছে অতুঙ্গস্পর্শী জনপ্রিয়তা।
শুধু দুঃখ হয়— এইসব অনুভুতির নাজুকতায়।
খবর পেয়েছি ওরা নাকি
ফুলের টোকায়ও কুঁকড়ে ওঠে?
এটাই দূরত্ব।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

2 Responses

  1. খুব ভালো লেগেছে। এই কবির উচ্চারণ আগে শুনিনি। প্রতিটি অক্ষরে কেমন অন্য পাখির সুর…অনুভবে সিক্ত। প্রতিটি লাইনে আলো- অন্ধকারের হিম মেঘে জমাট বাঁধা শিশিরের বিন্দু।অনেক শুভেচ্ছা জানাই এই কবিকে।

    1. পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রাণিত হলাম! প্রণাম রইল।

      নুশান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seventeen =

Recent Posts

কাজী তানভীর হোসেন

চেতনার বিবর্তন ও ঈশ্বরের নৃবিজ্ঞান

মানুষের অজ্ঞানতা ও ভুলের গর্ভেই ঈশ্বরের জন্ম হয়েছিল; আর মানুষের জ্ঞান ও সভ্যতার ঐতিহাসিক অগ্রগতিই একদিন ঈশ্বরের কবরে শেষ পেরেকটি ঠুকে দেবে। জ্ঞানতাত্ত্বিক আধুনিক পদার্থবিজ্ঞান তাত্ত্বিকভাবে বিনাশ করবে অলৌকিক সৃষ্টিকর্তার ধারণা, আর সম্পদের সুষম বণ্টন ও সাম্যবাদ (Communism) বিলুপ্ত করবে প্রাচীন টোটেমীয় কুসংস্কারকে। একদিন ধর্মের এই অন্ধ খোলস ভেদ করে স্থান করে নেবে উচ্চতর গণিত, আধুনিক সৃষ্টিতত্ত্ব এবং বিজ্ঞানসম্মত মানবিক কর্তব্যবোধ।

Read More »
গৌতম চক্রবর্তী

ব্রিটিশ ছোটগল্প

আমি আগে থেকেই আমেরিকার পাখি বইটি সম্পর্কে জানতাম, কিন্তু কখনও বইটির সঙ্গে তেমনভাবে সময় কাটাইনি। ঠিক যেভাবে কেউ নদীর ধারে বসে সময় কাটায়। বাবার হাসপাতালের শয্যার পাশে বসে থাকতে থাকতে আমি যেন ধৈর্যের অর্থ শিখে নিয়েছিলাম। অপেক্ষা করতে শিখেছিলাম। এডি ঠিকই বলেছিল— আমিও মাছ ধরতে যেতে চাইছিলাম। জলের ধারে বসে থাকতে চাইছিলাম। কিন্তু বাবাকে দেখতে যাওয়া ছাড়া অন্য কোনও কাজে বাড়ি থেকে বেরোনো সম্ভব হয়নি। তাই আমি অডুবন-এর সরোবরসম বইয়ে আমার জাল ফেললাম।

Read More »
কাজী তানভীর হোসেন

কন্টেন্ট ক্রিয়েশনের বিস্ফোরণ: তৃতীয় বিশ্বযুদ্ধের এক নীরব পূর্বাভাস

পণ্যের এই ভয়াবহ সঞ্চালন সংকটে পড়ে পুঁজিপতিরা এখন আগের চেয়ে বেশি উদ্বিগ্ন। তাই অবিক্রীত পণ্য গছিয়ে দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে বিজ্ঞাপনের প্রচার চালানো হচ্ছে। এই সুযোগেই বিশ্বজুড়ে ‘কন্টেন্ট ক্রিয়েশন’ বা আধেয় নির্মাণের এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটেছে। যখন বিশ্বের সাধারণ শ্রমজীবী মানুষ দু’বেলা অন্নসংস্থানে হিমশিম খাচ্ছে, তখন ইন্টারনেটে ছোটখাটো ভিডিও প্রচার করে ক্রিয়েটররা বিপুল অর্থ উপার্জন করছেন। এটি আসলে জমে যাওয়া শ্রম ও পণ্যের এক অস্বাভাবিক বণ্টন প্রক্রিয়া। যে পণ্যের রিভিউ করে একজন ক্রিয়েটর লাখ লাখ টাকা আয় করছেন, সেই পণ্যের প্রকৃত উৎপাদনকারী শ্রমিক হয়তো আজ কর্মহীন কিংবা নিম্নতম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চন্দ্রাবতী: বঙ্গের প্রথম পদকর্ত্রী

চন্দ্রাবতীর জীবনের যেটি শ্রদ্ধেয় দিক, তা হল গরলকে অমৃতে পরিণত করা। ব্যক্তিগত জীবনের গভীর শোককে কাটিয়ে উঠে একাগ্রতা নিয়ে পঠনপাঠন‌ ও সৃষ্টিকর্মে মন দেন। পিতাকে সহায়তা করেন কাব্যরচনায়। ১৫৭৫ নাগাদ, যখন চন্দ্রাবতীর বয়স মাত্র পঁচিশ, সেসময় তিনি পিতার লেখা মনসার ভাসান-এ সহযোগিতা করেছিলেন। তারপর একের পর এক নিজস্ব রচনায় ভাস্বর হয়ে থাকে তাঁর কারুবাসনা।

Read More »
কাজী তানভীর হোসেন

মহাজনী সভ্যতা

অর্থের লোভ আজ মানবিক অনুভূতিগুলোকে সম্পূর্ণ গিলে ফেলেছে। আজ আভিজাত্য, ভদ্রতা আর গুণের একমাত্র মাপকাঠি হল টাকা। যার কাছে টাকা আছে, তার চরিত্র যত কালোই হোক, সে-ই দেবতা। সাহিত্য, সঙ্গীত, শিল্প— সবই আজ টাকার পায়ে মাথা ঠুকছে। এই বিষাক্ত বাতাসে বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ ডাক্তাররা মোটা ফিজ ছাড়া কথা বলেন না, আইনজীবীরা মিনিটের হিসাব করেন মোহর দিয়ে। গুণ ও যোগ্যতার বিচার হয় তার বাজারমূল্য দিয়ে। মৌলভি-পণ্ডিতরাও আজ ধনীদের কেনা গোলাম, আর সংবাদপত্রগুলো কেবল তাদেরই গুণগান গায়।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

রবীন্দ্রনাথের দৃষ্টিতে ইসলাম

হিন্দুকে মুসলমানদের আপন বলে মনে করতে হবে, একথা তিনি ‌বারবার উচ্চারণ করে গেছেন। ‘যদি ভাবি, মুসলমানদের অস্বীকার করে একপাশে সরিয়ে দিলেই দেশের‌ সকল মঙ্গলপ্রচেষ্টা সফল হবে, তাহলে বড়‌ই ভুল করব’— বলেছেন তিনি। বাউলদের সাধনার মধ্যে তিনি হিন্দু-মুসলমানের সম্মিলন আবিষ্কার করেন, অনুবাদ করেন মারাঠি সন্ত কবি তুকারামের ‘অভঙ্গ’ যেমন, ঠিক তেমনই কবীরের দোহা। মধ্যযুগের মরমী সুফি কবি কবীর, জোলা, রজব, দাদু প্রমুখের জীবনবৃত্তান্ত উৎসাহের সঙ্গে জেনে নেন ক্ষিতিমোহন সেনের কাছ থেকে, আর সত্তরোর্ধ্ব কবি পারস্যে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন কবি হাফেজকে।

Read More »