Search
Generic filters
Search
Generic filters

লিলিপুটের লেখার টেবিল অথবা নকুলদানার জাহাজ

১

ধুলোবালির গল্প শোনাতে গিয়ে এই লিলিপুটজন্ম শেষ হয়ে গেল।
পরের জন্মে অন্তত রোঁয়াটুকু উঠুক, শুঁয়োপোকাটির
এই বলে রেনকোট পরে নেওয়া।

এই জামা আদতে বাসরঘর। লখিন্দরের।

২

মঙ্গলকাব্য পৌঁছে গেছে মঙ্গল গ্রহে।
সাতটি ডিঙা পৌঁছে গেছে স্পেস স্টেশনে।
এলিয়েনদেরও ঈশ্বরী পাটনী বলে চলেছে দুধভাতের কবিতা।
মঙ্গল গ্রহের ঘরে ঘরে এখন গোয়াল।

৩

কবীরের দোঁহা পাঠিয়েছ ইমেলে
এই দেশ ছেড়ে চলে গেছে ইমনকল্যাণ

পারস্যের মেঘ উড়ে উড়ে আসে আমাদের বাংলায়
দূর্বা আরও নরম হয়ে ওঠে
আকাশ ভেজে আবিদা ধারায়।

৪

ভেসে আসছে গুলজারের গলা, হাওয়া, মাস্তুল
উঠে পড়লেই হয় শেষ নৌকাটি, পালতোলা
পাহাড়ের পাদদেশে রেখে এসো পাষাণ প্রাণ

কোথা আছে শান্তিজল, আছে কোথা বরফবৃক্ষ
তার কাজলজ্বর মেপে দেখার মুহূর্তরা অদেখা

শেকল তুলে বেরিয়ে এসেছে খালি পা
ঘুঙুরও জানে শব্দহীন চলে যাওয়া।

৫

কোক স্টুডিওর খোলা জানলা
থেকে উড়ে আসছে আরশপাখিটি
তখন গোলাম মোস্তফার জীবন বিনিময়
আর
শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনায় একটি সাঁকো দেখতে পাওয়ার কথা

ঠিক এভাবেই তুলসীদাসে জাগি, মীরাতে কাঁপি

নিজেরই গভীরে ঘুরে ঘুরে নামে অচেনা মেঘ।
আজান।

৬

বাতাসার ঠোঙাটিতে শিশুদের শবযান
মিথ্যে বলো এই ক্ষুধা, ক্ষয়রোগ
মর্গের বরফ দিয়ে আর সরবত বানিয়ো না

ঈশ্বরের থালা এত ছোট না হলে
নকুলদানার জাহাজে পিঁপড়ে ধারণের জায়গা হত না

পৃথিবীর সব ময়রার দোকান
গুঁড়িয়ে দিয়ে গেছে যুদ্ধজাহাজ

ইস্পাতের জানালা। নরক পোড়ার ধোঁয়া।

৭

মৃত সূর্যের সাতটি ঘোড়ার পিঠে ফোস্কা
সমস্ত আকাশফল ঝরে পড়েছে, জেট প্লেন

এই হিমঘরে পোকারা মগজ চিবোয়

নক্ষত্রমৃত্যুর দৃশ্যে
এখনও তুমি ইচ্ছাপূরণ ভাবো

৮

জানাজা থেকে উড়ে আসা মাছিটি
এসে বসেছে শ্বেতপাথরের থালায়
জাতিসংঘের ছাদে

ভাতের হাঁড়িতে ঢুকে পড়েছে
গুয়েপোকা, পরমাণু বোমা

শিশুটির দুই কাঁধ থেকে নেমে
দুই দেবদূত
ফেলে দিচ্ছে পাপপুণ্যের হিসাব।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eleven =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

নারায়ণগঞ্জের দুর্গাপুজো

বাংলাদেশের নানা জেলার‌ রামকৃষ্ণ মিশনে ঘোরার অভিজ্ঞতায় দেখেছি, সব জায়গাতেই আচারপরায়ণ মহারাজ ও ব্রহ্মচারীদের সুমধুর ব্যবহার। এখানে এসেই যখন এখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী একনাথানন্দজির সঙ্গে আলাপ হল, মুহূর্তের মধ্যেই তিনি অন্তরঙ্গ হয়ে উঠলেন। আমাকে পূজামণ্ডপে নিয়ে তাঁর কাছে বসালেন। ষষ্ঠীর রাতে নববস্ত্র বিতরণ অনুষ্ঠান‌ ছিল। আমাকে দিয়েও বস্ত্রদান করালেন। এই যে আচরণ, এতে করে আমি যে কী পরিমাণ সম্মানিত বোধ করলাম, তা বলার‌ নয়। কেবল‌ তাই নয়, সমবেত দর্শক-শ্রোতার সামনে আমাকে কিছু বলার আমন্ত্রণ-ও জানালেন। আমাকে আপ্লুত করল তাঁর এই আহ্বান।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

দুর্গাপূজা ও প্রসঙ্গত

এতদিন ধরে অন্য কোনও দেবদেবীর পুজো কোথাও হয় না। দুর্গাপুজোর এটি একটি অনন্য বৈশিষ্ট্য। আরও একটি বৈশিষ্ট্য, এই পুজো উপলক্ষে কত যে পত্রপত্রিকা বেরোয়, তার কোনও সীমা নেই। কলকাতা যেহেতু এ-পুজোর প্রাণকেন্দ্র, স্বভাবতই এখান থেকে সবচেয়ে বেশি পুজোসংখ্যা পত্রিকা বেরোয়। প্রতিটি দৈনিক পত্রিকা বিরাট আকারে পুজোর অর্ঘ্য সাজায়। প্রসঙ্গত, সত্যজিৎ রায় তাঁর যে দু’টি ভিন্নধারার লেখার মাধ্যমে দীর্ঘ পঞ্চাশ বছরের ওপর জনপ্রিয়তার শীর্ষে, তা কিন্তু এই পুজোর ‘দেশ’ আর’ আনন্দমেলা’-র সূত্রেই।

Read More »
পবিত্র সরকার

পবিত্র সরকারের বিশেষ রচনা

বাংলাদেশের প্রগতিশীল মানুষদের রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু বেশি দুর্বলতা আছে। রবীন্দ্রনাথ আমাদের কাছে যত কিছু, তাঁদের কাছেও তত কিছু তো বটেই, কিন্তু তারও চেয়ে অনেকটা বেশি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেনাপতি। বাহান্নর ভাষা-আন্দোলনের সময় থেকে, আয়ুব শাহি ফরমানে রেডিয়োতে রবীন্দ্রসঙ্গীত নিষেধ আর রবীন্দ্র-শতবার্ষিকীর ওপর ফতোয়া জারি থেকে রবীন্দ্রনাথ বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক মহাশক্তিধর যোদ্ধা, তাঁর সম্বন্ধে এঁরা তাই এত স্পর্শকাতর।

Read More »
মীরাতুন নাহার

মীরাতুন নাহারের প্রবন্ধ

হিন্দু-সাম্প্রদায়িকতা এবং মুসলমান-সাম্প্রদায়িকতা উভয়কেই তিনি যুক্তি ও তথ্যদ্বারা দ্ব্যর্থহীন ভাষায় ধ্বংসাত্মক বলে বোঝাতে চেয়েছেন দেশবাসীকে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শের দ্বারা অনুপ্রাণিত দেশবাসীকে তিনি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন, যদিও তাঁর মূল লক্ষ্য ছিল ‘সাম্প্রদায়িকতার বিষ’ দেশবাসীর মন থেকে নিষ্কাশন করে দেশকে বিপন্মুক্ত করা।

Read More »
গৌতম ঘোষ

গৌতম ঘোষের প্রবন্ধ

চলচ্চিত্রের ধর্ম হল সময়কে ধরে রাখা, সময়ের স্মৃতিমালাকে ধরে রাখা। সেই পদ্ধতি, সেই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। এখন আমাদের আরও মানবিক হতে হবে। চলচ্চিত্র যারা তৈরি করবেন তারা শুধুমাত্র সস্তার বিনোদন সরিয়ে রেখে একটু মানবিক ছবি করবেন। যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক, মানুষ ও সমাজের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে। যা আমরা বিশ্বের শ্রেষ্ঠ ক্লাসিক সব সিনেমায় দেখেছি, সেই ভাবনায় ভাবতে হবে।

Read More »
সঞ্জয় মুখোপাধ্যায়

সঞ্জয় মুখোপাধ্যায়ের বিশেষ নিবন্ধ

বস্তুত সুকান্ত কবিতার চাইতে বড়। তিনি এক প্রতীকচিহ্ন। সারা ভারতে যখন কবিকে ভাবা হয়েছে জনতার একজন প্রতিনিধি হিসেবে, তখন সুকান্তকেই ভাবা হয়েছে। তামিল বা হিন্দি সিনেমাতেও হয়েছে। যেমন রাজেশ খান্নার ‘অনুরোধ’ নামের ছবিটিতে যে কবিটি রাজেশের বন্ধু ছিলেন তার নাম সুকান্ত। অথবা অতদূরে কেন যাই, বাংলায় উত্তম-তনুজার ‘দেনা পাওনা’ ছবিতে উত্তম যে বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় আসেন, তার নামও তো সুকান্ত। তিনিও তো ফুসফুসের রোগী।

Read More »