আসনের তলে
চাবুকের থেকে বুক চলেছে আলগা হয়ে ক্রমে
দাগগুলো থেকে গেছে তবু।
সেইসব হলাহল, বর্ণবিপর্যয়
কঠিন সরণি থেকে গানগুলি
যে যার নিজের মতো পথ পেয়ে গেছে
মাথার ভেতর
ধুকপুক করছে কবিতা!
আর তো দূরত্ব নেই কোনো
হৃদয়ের সাথে যেন তার।
সাজানো আসন থেকে মৃদু
কর্পূরের উরুজাত ঘ্রাণ,
নাড়া দ্যায় ধূপের মহিমা…
ঈশ্বরের দরিদ্র আঙুল তবু ফুলে
ওঠেনি এখনও!
অথচ পুজোর রমরমা আয়োজন।
রমা দের কথা মনে পড়ে।
ঠাকুরের মুখোমুখি প্রদীপ জ্বলছে ঘরে তাঁর।
বিগলিত বুক, শঙ্খে মুখ রেখে আমি
ফুঁ দিয়ে ফুঁ দিয়ে লম্বা শ্বাস টানি…
একটা ইঁদুর শুধু দৌড়াদৌড়ি
করে তার নিজের নিয়মে
আসনের তলে নীল শীতল পাষাণ
অন্ধকার স্যাঁতসেঁতে পুর।
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





