আমার মন
সংকীর্ণ গণ্ডির মধ্যে আছ, তাই বোঝোনি
কত বড় এই পৃথিবী, আমার মন আর আকাশের বুক।
বুক চিরে যদি দেখানো যায়,
দেখা যেতেও পারে কালপুরুষের জমি।
ভাবের ঘরে চোর ঢুকেছে একলা মানুষ
মিথ্যা বলে সান্ত্বনা দেয় উড়ায় ফানুস।
আমি এখন চাঁদ দেখি না রাত্রিবেলায়
স্বপ্নগুলো হাতড়ে বেড়াই স্মৃতির ভেলায়।
আমি এখন কষ্টে আছি বুঝলে প্রিয় আউড়ে বেড়াই মিথ্যা প্রলাপ।
কালের ঘরের ফুলদানিতে যন্ত্রণাতে মরছে বসে শুকনো গোলাপ।
মেনে নিচ্ছি, মানবও সব, এটাই এখন কালের নিয়ম
আমি এখন কষ্টে আছি বুঝলে প্রিয়, কষ্টে আছি আমি এখন।
আমি যখন রাত্রিবেলা একলা ঘরে যুদ্ধ করি নিজের সাথে,
যুক্তিগুলো আছাড় মারি নিজের হাতে।
যন্ত্রণাকে বুকের মাঝে ছাইচাপা দিই,
আগুনটাকে বাঁচিয়ে রাখি যত্ন করে।
লুকিয়ে রাখা লাভার স্রোতে ভাসবে যেদিন;
বুঝবে সেদিন কষ্ট ব্যথা গুমরে মরার যন্ত্রণা কী!
বাঁচতে হয় কেমন করে?
সংকীর্ণ গণ্ডির মধ্যে আছ তাই বোঝোনি
কত বড় পৃথিবী আর আমার মন।
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





