বি শ্ব জি ৎ ঘো ষ
প্রজন্মকথা
সীমাহীন বিস্তারের কথা হলে সমাজমাধ্যমে চলে এসো—
গভীর সহানুভূতি কিংবা অনন্ত অনীহা এত ছল, এত চতুরালি ওদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার ভাষা কৃত্রিম বুদ্ধিমত্তায় যাচাই করো—
কোথা থেকে শব্দেরা আসে, এত বার্তা বিনিময়—!
নিঃশব্দে ভেঙে যায় নিরীশ্বর ব্রত পালনের প্রহর, প্রশ্নপত্র ফাঁস হয় জন্মের শংসাপত্র নেই বলে নড়ে যায় নাগরিকত্বের ভিত, বনেদিয়ানা-শাসকের স্মৃতিও ভুলে যায় সভ্যতার সূচনার কথা।
জেন জি’র প্রতিবাদী ভাষা তীব্র থেকে তীব্রতর হলে সবুজ মননে জ্বলে উঠবেই ক্ষুব্ধ দাবানল।
এক্স হ্যান্ডেলে মনভুলানো রাজ-ভাষণ, সমাজমাধ্যমে প্রজন্মের দৃপ্ত রোষানল— দ্রুত বেড়ে যাচ্ছে পরিবেশের উষ্ণতা, বিশ্ব উষ্ণায়নের পারদ!
ডেটা সেন্টার শুষে নিচ্ছে ভূগর্ভের প্রাণরস, নাজেহাল মেটামডার্ন অভিভাবক
এ-আই’র কাছে জেনে নিচ্ছে— কীভাবে সামাল দেবে তাদের আলফা প্রজন্ম!
°°°
চিত্রণ: রাজ রায়





