বিরিয়ানি
অ প রা জি তা মৈ ত্র
বিরিয়ানি ভালবাসেন না এমন মানুষ কমই আছেন এদেশে। যদিও সুবাসের ইতিহাস বলে, বিরিয়ানির আদি নিবাস মধ্যপ্রাচ্য। কালে কালে সে ভারতীয় উপমহাদেশের রসনার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। বিরিয়ানির ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, আদিতে প্রায় হাজার চারেক বছর আগে বাণিজ্যপথ ধরে সে ভারতে এসেছিল। তারপর ভারতীয় মাটি তাকে অন্যান্য জাতিকে আপন করে নেওয়ার মতন করেই কাছে টেনে নিল। কিছু গবেষক অবশ্য বলেন যে, আদতে ভারতীয় উপমহাদেশ থেকেই নাকি এই রান্না মধ্যপ্রাচ্য হয়ে আবার ভারতে প্রবেশ করেছিল। উৎস যেখানেই হোক, বিরিয়ানির বিশ্বসভায় পৌঁছোনোর যাত্রা শুরু হয়েছে ভারত থেকেই। আজ ভারতের প্রায় প্রতিটি শহরে দু’পা হাঁটলেই পাওয়া যাবে কোনও না কোনও বিরিয়ানির দোকান। আসলে, কোনও রান্নার আদি কোথায়, খুঁজে পাওয়া খুব একটা সোজা কথা নয়। এই লেখার উদ্দেশ্য অবশ্য বিরিয়ানির উৎস সন্ধান নয়, বরং একে বিরিয়ানির প্রকারভেদের গল্পই বলা যায়।
এই প্রসঙ্গে মুঘল রান্নাঘরের কিছু প্রচলিত ও জনপ্রিয় গল্প বলে নেওয়া যাক। দুটি গল্পেই মূল চরিত্র অবশ্য মুঘল সৈন্যদল। প্রথম প্রচলিত গল্প অনুসারে, সুবিশাল মুঘল সৈন্যদের জন্য এমন এক খাবার দরকার ছিল যা ভাত, মাংস ও মশলা সব কিছু দিয়ে একবারে রান্না করা যাবে, আবার সেই খাবার সহজে পরিবেশনও করা যাবে। এই গল্প অনুসারে তৈরি হয়েছিল সৈনিকের জোগাড়ের খাবার হিসেবে বিরিয়ানি। দ্বিতীয় গল্পে বলে, শাজাহান-প্রিয়া মুমতাজ মহল একবার সেনাছাউনিতে গিয়ে সৈনিকদের খাবার দেখেন। সেই খাবার দেখে তাঁর মনে হয় সিপাহিদের খাবার স্বাস্থ্যসম্মত নয়। অতএব উপায়, ডাক পড়ল শাহি বাবুর্চির, সৈনিকদের জন্য বানিয়ে দিতে হবে স্বাস্থ্যকর সুখাদ্য। আরও বেশ কয়েকটি গল্প আছে বিরিয়ানি নিয়ে। সেই গল্পগুলি বলে, আদতে আদিতে বিরিয়ানি ছিল সৈন্য, মিস্ত্রি বা সাধারণ মানুষদের খাবার। ধীরে ধীরে তা রাজরসুইয়ে প্রবেশ করে শাহি হয়ে ওঠে।
এই মুহূর্তে সারা ভারতে প্রায় ২৫-২৬ রকমের বিরিয়ানি পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় বিরিয়ানিগুলির মধ্যে অন্যতম— লখনউ (আওয়াধি) বিরিয়ানি, হায়দরাবাদি বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, অন্ধ্র বিরিয়ানি, মালাবার বিরিয়ানি, ডোনে বিরিয়ানি। এছাড়া আরও যে-সব বিরিয়ানি আছে সেগুলির কয়েকটির নাম না নিলেই নয়— মুরাদাবাদি বিরিয়ানি, আসাম বিরিয়ানি, ডিন্ডিগুল বিরিয়ানি, চাট্টিনার বিরিয়ানি ইত্যাদি। এর মধ্যে মালাবার বিরিয়ানির সঙ্গে কিঞ্চিত নিকট আত্মীয়তা আছে আরবের। আসলে, সারা ভারত জুড়েই বিরিয়ানির বৈচিত্র খুঁজে পাওয়া যাবে। আর তাদের মিলিয়ে দেয় ভোজনপ্রিয় মানুষ, একেও এক ধরনের ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ বলা যায়!
শুধু ভারত নয় পাকিস্তান, বাংলাদেশ (ভারতীয় উপমহাদেশের বিরিয়ানি বইচিত্রে বা ভারতীয় রান্নার বইচিত্রে এই দুই ঘরানার রান্নাকে সব সময়ে রাখতেই হয়, রাজনৈতিক বিভাজনে দেশ আলাদা হলেও স্বাদকোরকে ভারত প্রায় একই আছে।) এদের বিরিয়ানি বিন্যাসও আলাদা, তবে স্বাদু। ভারতীয় উপমহাদেশের বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুরেও ভারতীয় বিরিয়ানি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে নিজস্ব ঘরানার বিরিয়ানি।
এত প্রকার বিরিয়ানি যদিও আমার পক্ষে চেখে দেখা সম্ভব হয়নি, তবে যে-ক’টি চেখেছি তা নিয়েই এই লেখা। প্রথমেই বলতে হয় কলকাতা স্টাইল বিরিয়ানির বিষয়ে। আমরা প্রায় সবাই জানি, কলকাতার ঘুড়ি ওড়ানোর মতন কলকাতার বিরিয়ানির অবদানও লখনউয়ের নির্বাসিত নবাব ওয়াজেদ আলি শাহের। প্রচলিত গল্প যদিও বলে, নবাব সাহেব অর্থকষ্টের কারণে এই বিরিয়ানিতে আলু আর ডিম দিয়েছিলেন, বিশেষত আলুর জন্য এই গল্প বহুল প্রচলিত। ব্যক্তিগত ভাবে এই কারণটি আমার খুব একটা যুক্তিসঙ্গত লাগে না, কারণ ওয়াজেদ আলি যে সময়ে কলকাতায় আসেন, তখন বাঙালি কেন, ভারতীয়দের খাদ্যতালিকায় আলু সহজলভ্য ছিল না, উপরন্তু কিঞ্চিৎ দামি ছিল বলেই জানা যায়।
নবাব সাহেবের আনা এই বিরিয়ানি আজকে কলকাতা বিরিয়ানি বলে জগৎ-খ্যাত। আলু আর ডিম ছাড়াও এই বিরিয়ানির বৈশিষ্ট্য রন্ধনপ্রণালীতেও। আওয়াধের মতন এই বিরিয়ানিও দমে রান্না করা হয়। লম্বা সাদা হালকা সুবাসের বাসমতি চাল, সঙ্গে থাকে মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল— এই তিনটি জল বা সুবাস কলকাতা বিরিয়ানির সুবাসের মূল কাণ্ডারি। সঙ্গে যোগ্য সঙ্গত দেয় কেশর, জায়ফল আর জাফরান। কলকাতা বিরিয়ানিতে ঝালের আধিক্য থাকে না, আবার একে মিষ্টি বিরিয়ানি বলে অপবাদও দেওয়া যায় না। ভাত, মাংস সব লেয়ারে লেয়ারে দেওয়ার সময় মশলা থেকে কেওড়া সব কিছু সমান পরিমাণে প্রতিটি লেয়ারে যায়, তবেই তৈরি হয় কলকাতার দমের বিরিয়ানি। আদতে এ যেন আওয়াধের ঐতিহ্যের সঙ্গে সুজলা সুফলা বাংলার এক সুন্দর মিলনের গল্প। একটুখানি সুপক্ক কলকাতা বিরিয়ানি মুখে দিলেই মনে হবে, আদতে এটি ঐতিহ্য ও মাত্র কিছু মশলার সূক্ষ্ম সুনিপুণ রন্ধনপ্রণালীর মিশেল।
কলকাতা বিরিয়ানি যদি খেতে চান তবে পুরনো স্বাদ কিঞ্চিৎ আজও পাওয়া যায় যে-সব জায়গায়, তার কয়েকটির নাম না নিলেই নয়। এর মধ্যে আছে রয়াল, আর্সেলান, আমিনিয়া ইত্যাদি। আজকাল অবশ্য কলকাতা বিরিয়ানির আর একটি ভাগ হয়েছে, যাকে বলা হয় ব্যারাকপুর বিরিয়ানি। রন্ধনপ্রণালী প্রায় এক, শুধু মশলার কিছু তারতম্য থাকে। এই ঘরানার বিরিয়ানির জন্য বিখ্যাত ব্যারাকপুরের ‘দাদা বৌদি’ ব্র্যান্ড। এছাড়াও আজকাল আরও বেশ কিছু দোকান এই ঘরানার বিরিয়ানিতে সুখ্যাত হয়ে উঠেছে। আওয়াধের নবাবের ভালবাসার রান্না, তাঁকে সম্মান জানিয়েই শাখাপ্রশাখা বিস্তার করে দিনের শেষে তৈরি করেছে বাংলার নিজস্ব ‘বিরিয়ানি’।
এবার আসা যাক কলকাতা বিরিয়ানির পূর্বজ বলে পরিচিত লখনউ বিরিয়ানিতে, এটি আওয়াধি বিরিয়ানিও বলেও সমাদৃত। সারা উত্তর ভারতের বিরিয়ানির আদিপুরুষ বলে যদি কিছু থাকে, তবে তা এই আওয়াধি বা লখনউ বিরিয়ানি। দেশে ইংরেজ রাজত্ব শুরু হয়ার আগে মুঘল শাসন যখন প্রায় অস্তাচলে, সেই সময়ে সারা দেশের সাংস্কৃতিক রাজধানী ছিল লখনউ। লখনউয়ের নবাবও ছিলেন খাদ্যরসিক। তাই মধ্যপ্রাচ্য থেকে মুঘল দরবার হয়ে ঘুরে আসা সৈনিকের বিরিয়ানি এখানে এসে হয়ে উঠল রাজকীয়। এ বিরিয়ানি মুখে দিলে তা যেন কথা বলে না, তারা শুধু কানে কানে ফিসফিস করে বলে যায়, ‘কেয়া বাত, কেয়া বাত’।
পাক্কি দম স্টাইলে তৈরি হয় লখনউয়ের বিরিয়ানি। শ্বেতশুভ্র বাসমতি চালের সঙ্গে থাকে মাংসের ইয়াখনি, মূলত এই ইয়াখনি একে বাকিদের থেকে আলাদা করে। মশলার সঙ্গে মাংসের যে সুপক্ক সুপ জাতীয় জিনিস হয়, তাই হল এই ইয়াখনি। ভাত, মাংসের এই পরতের মধ্যে থাকে কেওড়া, কেশর, স্টার অ্যানিস, তেজপাতা ইত্যাদি। কোনও কাঁচা লঙ্কার ব্যবহার হয় না এই রান্নাতে। এই সব কিছু একসঙ্গে যখন দমে রান্না হয়ে আপনার সামনে আসবে, তখন মনে হয় আদতে এ যেন সেই মহাবিদ্রোহের আগেকার হারিয়ে যাওয়া এক টুকরো লখনউ। আজকের লখনউ বেড়াতে গেলে যদি সেই স্বাদ একবার চেখে দেখতে চান, তবে যেতে পারেন টুন্ডে কাবাবি (এদের কাবাবও অপূর্ব), ইদ্রিস কি বিরিয়ানি, ওয়াহিদ বিরিয়ানি, রহিমস ইত্যাদিতে।
পূর্ব, উত্তর ঘুরে এবার একটু ভারতের দক্ষিণ দিকে যাওয়া যাক। দক্ষিণের বিরিয়ানি বল্লেই প্রথমে মনে আসে হায়দরাবাদি বিরিয়ানির কথা। তেলেঙ্গানার রাজধানী যাওয়ার আগে আমরা একবার দক্ষিণের একটু কম পরিচিত বিরিয়ানি ‘মালাবার’-এর স্বাদ নিয়ে আসি বরং। মালাবার বিরিয়ানির আর এক নাম থালাসেরি নামেও পরিচিত। এই বিরিয়ানির মূল বৈশিষ্ট্য এর চাল। এটি খিয়ামা বা জিরা খাসালা নামের ছোট দানার সুবাসিত চাল। এই বিশেষ চালটি মূলত কেরালার বৈশিষ্ট্য। পাক্কি দম উপায়ে এটি রান্না হয়। বলে রাখা ভাল, পাক্কি মানে চাল আর মাংস কিছুটা রান্না করে তার পরে একসঙ্গে পরতে পরতে আবার রান্না। পাক্কির ক্ষেত্রে অবশ্য দু’টি একসঙ্গেই পরতে পরতে বানানো হয়। আরব আর মুঘল দুই ঘরানার বৈশিষ্ট্য এতে আছে বলেই সম্ভবত এই রান্নায় কাজু ও কিসমিস ও দেওয়া হয়। মালাবার বিরিয়ানি ভারতের বাকি বিরিয়ানিগুলির মধ্যে সব থেকে বেশি হালকা।
কেরালা বেড়াতে গেলে কালিকটের প্যারাগন রেস্টুরেন্ট, রাহমাত রেস্টুরেন্টের মতন জায়গায় একবার মালাবার বিরিয়ানির স্বাদ নিতে পারেন। এছাড়াও আছে কুন্নুর-এর আরাফা রেস্টুরেন্ট, পুলারাই রেস্টুরেন্ট। আর মাল্লাপুরামের দ্য সামকো-তে পাবেন যে বিরিয়ানি, তা সার্ভ করা হয় কলাপাতায় করে।
মালাবার থেকে এবার যাওয়া যাক দক্ষিণের অপর দিক হায়দরাবাদে। যে বিরিয়ানির কথা না বললে শুধু দক্ষিণ ভারত না, ভারতের বিরিয়ানি মানচিত্র অসম্পূর্ণ থেকে যাবে। এই বিরিয়ানি কাচ্চি ও পাক্কি দুই ভাবেই রান্না হয়ে থাকে। কাচ্চি মানে স্তরে স্তরে সাজানো চাল আর কাঁচা মাংস, সঙ্গে মশলা এই সব একসঙ্গে দমে রান্না হবে। আর পাক্কি বিরিয়ানি মানে আমরা সচরাচর যে বিরিয়ানি চিনি ভাত আর মাংস আলাদা আলাদা করে অল্প রান্না করার পরে স্তরে স্তরে তা সাজানো হবে মশলার সঙ্গে তারপরে রান্না হবে দমে। এই বিরিয়ানিতেও ব্যবহার করা হয় লম্বা দানার বাসমতি চাল, সঙ্গে থাকে বারিস্তা, কেশর, গোটা মশলা। এই রান্নার মূল বৈশিষ্ট্য ধনে পাতা আর পুদিনা পাতা। মুখে দিলে মোলায়েম মাংস যেন একসঙ্গে হায়দরাবাদি নবাবের সঙ্গে লখনউ থেকে মুঘল দরবার সবার হারিয়ে যাওয়া গল্প বলবে এক গ্রাসে।
হায়দরাবাদে এই রান্নার স্বাদ পেতে গেলে যাদের কথা বলতে হবে, তার মধ্যে প্রথমেই থাকবে সাদাব-এর কথা। এদের এক ও অকৃত্রিম দোকান চারমিনারের কাছে। এছাড়া আছে প্যারাডাইস, বাওয়রচি ইত্যাদি। আর হ্যাঁ, আর একটা নাম না বল্লেই নয়, সে হল সাহ গোস, ফালাকনামার কাছে এই দোকানের মটন বিরিয়ানি বিখ্যাত।
বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্যাঙ্গালোরের মিলিটারি মেসগুলো নিয়ে আসে আরেক ঘরনার বিরিয়ানি, যাকে আমরা আজ ডোনে বিরিয়ানি বলে চিনি। ডোনে নামের কারণ এটি যে ছোট পাতায় করে সার্ভ করা হয়, সেই পাতাকেই কানাড়া ভাষায় ডোনে বলা হয়। পাতার মধ্যে থেকে বিরিয়ানি থেকে নির্গত হয় নিজস্ব এক পাতার গন্ধ যা একে বাকিদের থেকে অনেকটাই আলাদা করে তোলে। সিরাগা সাম্বা মানে জিরা সাম্বা চালে রান্না করা হয়। এর ফলে বাকি বিরিয়ানির তুলনায় একটু নরম আর চ্যাটচ্যাটে হয়। এই বিরিয়ানিকে দক্ষিণ ভারতের খাদ্যাভ্যাসের একটু ছোট ঝলক বললেও ভুল হবে না। এই বিরিয়ানি রান্নার অন্যতম উপকরণ হল নারকেল কোরা বা নারকেলের পেস্ট। এই বিরিয়ানিতে কোনও স্বাদবর্ধক মশলা নেই, না আছে কোন সুবাসের জৌলুস, এ যেন মাটির বিরিয়ানি, মানে মানুষের একদম হাতের কাছে যা পাওয়া যায় সেই সব উপকরণে সাজানো সাধারণ মানুষের আরও কাছের রান্না। এই রান্নায় ভাত আর মাংস প্রায় সম পরিমাণ থাকে।
ব্যাঙ্গালোর শহরের রাস্তায় অনেক দোকানেই এই বিরিয়ানি পাওয়া গেলেও কিছু বিখ্যাত দোকানের নাম না নিলেই নয়। শিবাজিনগরের বিসমিল্লাহ হোটেল, একই জায়গার বি বি হুসেন, শিবাজি মিলিটারি হোটেল, ফ্রেজার টাউনের একাধিক দোকান। একটু অন্য ধারার এই বিরিয়ানি খেয়ে বাঙালি বা উত্তর ভারতীয় জিভে হয়তো প্রথম দিনই ভাল লাগবে না, তবে ধীরে ধীরে এর স্বাদ নিতে পারলে বুঝবেন অন্য ধারার এই বিরিয়ানিটিও হেলাফেলা করার মতন নয়।
দক্ষিণের অপর একটি ঘরানার বিরিয়ানির গল্প বলে আজকের এই বিরিয়ানি কাহিনি শেষ করব, তা হল অন্ধ্র বিরিয়ানি। এই বিরিয়ানির শুরু গুন্টুর, অন্ধ্রপ্রদেশ বা আজকের তেলেঙ্গানার সাধারণ পরিবার থেকে। যেখানে বিরিয়ানি একটি সামাজিক খাবার ও আনন্দ উদযাপনের উপায়। এ যেন অনেক বেশি সাধারণ মানুষের কাছের বিরিয়ানি। এই বিরিয়ানির মূল উপকরণ বিখ্যাত গুন্টুর লঙ্কা। যার ফলে এটি ভারতের বাকি সব বিরিয়ানির থেকে অনেক বেশি মশলাদার ও ঝাল। এছাড়া এতে দেওয়া হয় গোনগুরা পাতা মানে চুকাই পাতা (হ্যাঁ সেই চুকাই যে চুকাইয়ের লাল ফল বাঙালির কাছে পরিচিত)। গুন্টুর লঙ্কা ছাড়াও কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো এর অন্যতম প্রধান উপকরণ। এতে মাঝে মাঝে তেঁতুল বা নারকেলের ব্যবহারও হয়ে থাকে। লম্বা দানার বাসমতি বা সোনা মুসুরি চাল থাকে এতে। অন্যান্য সব বিরিয়ানি থেকে ঝালে, ঝাঁঝে অনেক এগিয়ে, আবার উপকরণ সবই অতিসাধারণ। কেওড়া, গোলাপজল বা কেশরের ব্যবহার থাকে না এই রান্নায়। অন্ধ্র বিরিয়ানি আবার বেশ কয়েকটি আলাদা প্রাদেশিক ভাগেও বিভক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য— নেলোরা বিরিয়ানি (এটি সব থেকে বেশি প্রচলিত), বিজয়ওরা বিরিয়ানি (চুকাই পাতার ব্যবহার হয় এই রান্নায়), সমুদ্রের ধারের অন্ধ্র স্টাইল বিরিয়ানি (পাক্কি দম স্টাইলে রান্না হয়)। নাগার্জুনা রেস্টুরেন্ট, নেল্লোর মেস ইত্যাদি জায়গা অন্ধ্র বিরিয়ানির স্বাদ চেখে দেখতে পারেন।
এই নিবন্ধে কিছু বিরিয়ানির নাম ও তা নিয়ে কিছুটা লেখা হলেও দেওয়া হল না তার থেকেও অনেক বেশি ধরনের বিরিয়ানির হিসেব। সেই সব কোনও এক দিন অন্য কোনও জায়গায় দেওয়ার ইচ্ছে থাকল। তবে শেষে একথা বলতেই হয়, একাধিক কারণে ক্ষতবিক্ষত এই দেশে রান্নাঘরে বিরিয়ানি শুধু ইতিহাসের গল্প বলে না বলে একটা কমপ্লিট মিলের কথাও। এদেশ জাতিধর্ম রাজনীতির মাধ্যমে যতই ক্ষতবিক্ষত হোক না কেন, বিরিয়ানি যেন এই দেশের রান্নাঘরের নিজস্ব সুবাস নিয়ে বেঁচে আছে, সেই আদি ভারতাত্মার মতনই।
চিত্র: গুগল






