গোসাপ
নি বে দি তা ঘো ষ রা য়
বখাটে, ব্রিলিয়ান্ট, মিচকে, প্রেমিক, হবু ইঞ্জিনিয়ার, নেশাখোর, ঢপবাজ, ছিচকে চোর, বিরহী, ন্যাকা— সব ধরনের স্যাম্পলই ছিল আমাদের জয় মিত্তির ঘাটে। তার মধ্যে কালু হল ডেঞ্জারাস।
আমাদের এদিকে মঠ-মন্দিরের ছড়াছড়ি। আর মন্দির মানেই ভাল ভাল জুতো। পছন্দসই জুতো প্রয়োজনমতো কালু মন্দির-টন্দির থেকেই নিয়ে নিত। খুচরো টুকটাক জিনিস চুরিতে চলছিল না বলে কালু ফিল্ম ইন্ড্রাস্ট্রির গাড়ি চালাত। আর মিন্টু ‘কোন কাননের ফুল’ সিরিয়ালে ম্যানেজারি করে, হিসাবপত্র ইধার-উধার করে কিছু বাড়তি জমিয়েছিল। সুতরাং একটা পিকনিক হয়ে যাক।
ঘোর গ্রীষ্ম। মার্চের কটকটে সোনালি রোদ। কে বলল গরমে ফিস্টি হয় না! আমাদের যা পাড়া, তাতে গাছতলায় বসে ফ্রিতে কাওয়ালি শোনালেও পঞ্চার মা, হারুর দাদু, কমলা পিসি, নেড়ার ভাইরা পিলপিল করে এসে বসে যাবে।
পাড়াসুদ্ধ, মিনিবাস ভাড়া করে টাকি চলল।
কার একটা বাগানবাড়িতে গুছিয়ে বসেছি। সারাদিন ইছামতীর ধারে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো নৌকা দেখছি। ওপারে বাংলাদেশ। মধ্যিখানে চরের বালির রং দুপুরের রোদে পালটে যাচ্ছে। কাটা বেগুনের ফালি, ছাল ওঠা আলুর পাশে ‘ফাগুনেরই মোহনায়’— ঢিং চ্যাক বাজতেই নেড়ি, গুড়ি সব কী নাচ! হঠাৎ দেখি খাকি জামা, হাতে লাঠি তিনজন লোক ঢুকছে।
‘কার পারমিশনে এখানে ঢুকেছেন’— বলে তারা গম্ভীর হয়ে দাঁড়াল। লাঠির খোঁচায় জিনিসপত্র নেড়েঘেঁটে দেখতে লাগল এমন ভাবে, যেন সিবিআই রেড হচ্ছে। কালু বলল, বাড়ির মালিক তার কাছে মোবাইল সারায়, স্বয়ং পারমিশান দিয়েছেন। এদিকে পাশেই স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, বক্সের আওয়াজে পুলিশ এসে হাজির। বেশি আমড়াগাছি কালুর আবার সহ্য হয় না। ফস করে ব্যাডমিন্টনের র্যাকেট দিয়ে পুলিশের ভুঁড়িতে খোঁচা দিয়ে বলে বসল— ‘ঘোড়ার অণ্ডকোষ ভাজা দিয়ে ব্যাটারির জল খেয়েছেন?’
সুনসান মেরে গেল চৌদিক! দশাসই পুলিশ কালুকে শূন্যে তুলে ফেলল, দাঁড় কাকের মতো কালু ঝুলতে লাগল। থানায় ফোন গেল। দশ মিনিটের মধ্যে বড়বাবু ঢুকল। কালুর মেজাজ খিঁচড়ে গেল। সে ব্যাটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির গাড়ি চালায়। নইলে এত ফিল্মি উৎসাহ পায় কোথা? কালু একবার একটা ছিচকে গুন্ডার চরিত্রে বুম্বাদার ঘুসি খেয়েছিল। তারপর থেকে ওর ডান চোখ একটু বড়! মেজাজও তড়পাখ্যাঁচা। কালু দৌড়ে ছোট অ্যাম্বাসাডরটায় উঠল। মিন্টু আর আমিও উঠলাম। পেছনে স্তব্ধ পিকনিক জনতা।
আমাদের সামনে তখন হাইওয়ের কালো ছায়া, শুকনো ধুলোর গন্ধ। সেই গাড়ি থেকে আর নামতে পারিনি। পরদিন দুপুরে গড়িয়ে নামলাম হ্যামিল্টনগঞ্জ। মিন্টু মাসির বাড়ি।
ইছামতী থেকে তিস্তা— সারারাত গাড়ি চালিয়ে কালুর চোখ জবা ফুলের মতো লাল। রাতে কৃষ্ণনগরে শেষ খেয়েছি সেই নোংরা ঝলমলে ধাবাটায়। ভুসি মাখা আটার ধ্যাবড়া রুটি, খোসাওলা আলুর তরকারি, পেট্রোলে ভাজা, প্রাচীন মাছ এক পিস। রবারের মতো টানলে বড় হয়।
ভোর পাঁচটায় শিলিগুড়ি ঢুকে, গাড়ি থেকে নেমে টুংটাং করছি। মিন্টু সিটের নীচে সারারাত শুয়েছিল, গুটিয়ে ছোট হয়ে গেছে ইঞ্চিতে। তিনজনের বাড়িতেই কেউ জানে না। ঘন ঘন ফোন আসছে। পিকনিক থেকে পুলিশের ভুঁড়িতে খোঁচা মেরে হাওয়া হয়ে গেছি। খবর ছড়িয়ে গেছে। মিন্টুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বার বার ফোন করেছে। সকালেই সিনে একটা বেড়াল লাগবে। যে যার নিজস্ব কর্মক্ষেত্রে বাঘা বাঘা ঢপ মেরেছি।
কারও কাছে টাকা নেই। কালু ঢুলছিল বলে ওকে ঘুমোতে দেওয়া হয়েছিল। আমরা দুই মক্কেল খেতের পাশে রাস্তায় বসে ছিলাম। কালো আকাশে বুটিদার তারার আঁচল। দূরে কোথাও যাত্রা হচ্ছিল। ক্ল্যারিওনেট বাজছিল। ঝমঝম বাতাস তাকে আছড়ে ফেলছে ফাঁকা খেতের মাঠে।
এখন বিকেল। কালচিনি বাজারে এটিএম-এর সামনে ধর্না দিয়ে বসে আছি। দূরে রাজাভাতখাওয়ার জঙ্গল। ঝিমঝিম করে এল রাতের জ্যোৎস্না। ছোট টাউনে সান্ধ্য ভিড়। কার্বাইটের আলো জ্বেলে ঘুগনি, মোমো, ফুচকা ইতিউতি ছড়িয়ে আছে। নেপালি মেয়েরা সোজা ইস্ত্রি করা চুল নিয়ে কলকল করছে। মিন্টুর সিরিয়ালের টাকা ঢুকবে, তা আমাদের হাতে বেরোবে। আমার কাছে পঁচিশ টাকা, কালুর পকেটে তিন বান্ডিল বিড়ি, মিন্টুর পকেটে শুধুই ফাঁকা কার্ড। ধারের গাড়ি খিদেয় গোঁ গোঁ করছে বাজারে দাঁড়িয়ে। বাড়ি যদি ফিরি, মানে যখন ফিরব, তখন গাড়ির মালিক কী বলবে? কালুর সকালে আর্টিস্ট আনতে যাওয়ায় কথা ছিল। ওদিকে শুটিং ভেস্তে গেল। কী হবে ভেবে মাঝে মাঝে বুক গুড়গুড় করছে।
কালুর বাবা দক্ষিণেশ্বর ব্রিজের নীচে মাল টেনে পড়েছিল। অন্ধকারে ধেড়ে ছুঁচো আঙুলের মাংস খুবলে নিয়েছে। ফোনে জানার পর থেকে কালু খিস্তি করছে। খুব বেছে বেছে বিশেষণ দিচ্ছে বাপকে।
সান্ধ্য আকাশের তলায়, চা-বাগানের ঠান্ডা ঝলক হাওয়ায় কালুর খিস্তি সিম্ফনি খানিক বিষাদ ছড়িয়েছিল। জঙ্গলের দিকে কুয়াশার পাতলা রং মেখে ফানুশের মতো ভেসে এল চাঁদ।
মাসির বর বাড়ির পাশেই একটা অটোয় বসে বিড়ি খায়। জং পড়া চাকার ওপর বেঁটে প্লাস্টিকের পরদা। সারাদিন সে অটোতেই থাকে। এক কালে চালাত। এখন বসে থাকে। মাসির অল্প বয়সের প্রেম।
সেই ফালতু অটোয় লুঙ্গির ওপর উথলে ওঠা ভুঁড়ি নিয়ে বেকার মেসো, নন্দী-ভৃঙ্গির মতো দু’পাশে কালু-মিন্টুকে নিয়ে বসে কলকে ফুঁকছেন। ওখানেই দুপুরে ডিমের ঝোল-ভাত খেয়ে নিচ্ছেন। বহুদিন পর এমন বেঁড়ে কাত্তিক স্যাঙাত পেয়েছেন।
কালুর আবার উৎসাহ ভারি! এক শ্বাসে কলকে ফাটাচ্ছে। মাসি অগাধ গম্ভীর প্রশয়ঢালা ঢুলুঢুলু চোখে স্কুল যাচ্ছে। অটোর গভীরে আধো-অন্ধকারে তিন গুম পাগলার কিছুতেই তাপ-উত্তাপ নেই। মাঝেমধ্যে প্রবল বেগে অটো কেঁপে উঠছে, কেন কে জানে! আমি পার্টনারদের থেকে বিতারিত হয়ে মাসির বুড়ো শ্বশুরের পাল্লায় পড়েছি।
হ্যামিল্টনগঞ্জের বড় মায়া। মিন্টুর মাসির মেয়ে তিখি মির্চি। দুর্ধর্ষ নাচে। বাড়িঘর আকাশপাতালে ঘূর্ণি তুলে এমন নাচল কাল রাতে! কালু পুরো মোহিত। বলল, ‘রিয়েল প্রতিভা। ডান্স বাংলা ডান্সে নিয়ে যেতে হবে। মিঠুনদা দেখলেই বম্বে!’
মিন্টু বলল, চেপে যা! ওর একটা ডেঞ্জারাস নাচের মাস্টার আছে। আশপাশে নেপালি ছেলেগুলো দেখেছিস! টাফ কমপিটিশান!
মাসির অদ্ভুত রহস্যময় স্কুল। বারোটায় ছাতা মাথায় একজন ডাকতে আসে। দুটোয় স্কুল শেষ।
কালু ‘মাসির মেয়েতে’ বিভোর। কিন্তু আমাদের তো প্রেমকাহানিতে আর্কষণ নেই। জানলার ধারে বসে চুটচাট মশা মারছি। মাসি একটা খাম্বাজ টেস্ট পেপার গছিয়ে দিয়ে গেছে আমায়- মেয়েকে প্রেসি করাতে। মেয়ে বারো ক্লাস ফাইনাল দেবে।
সকালে একটা কিশোরী মেয়ে এসে জানলা দিয়ে উঁকি মারল!
‘লাক্কিদাকে মা লুচি খেতে ডাকছে!’
কালু কাঁধ নাচিয়ে, ধুরন্ধর মতো হেসে চলে গেল! আমরা দু’জন চমকে গেলাম। ঘোরেল রহস্য চারপাশে।
চা-বাগানের কালীপুজোয় কলকাতা থেকে নাটকের দল এসেছিল। তাতে একটা বেঁটে রোগা ছেলে খুব হাসিয়েছিল। পাবলিকের কান্নাহাসিই তো আর্টিস্টের সব। সেই লাক্কিকে কেউ ভুলতে পারেনি। কালুকে নাকি লাক্কির মতো দেখতে। দু’দিনেই কালু এখানে পপুলার। কালু কখন পাশের বাড়ির ডাব পেড়ে দিয়ে এসেছে, তা তো আমরা জানি না।
সামনের মাঠে নাচ প্র্যাকটিস চলছে। মাসির কোবরেজ শ্বশুর চেয়ার পেতে বসে। দু’চারটি নেপালি ছেলে গুটি গুটি জড়ো হয়েছে দেখে এলাম।
মাঠের রাস্তা বেঁকে গেছে উধাও দিকচিহ্নহীন ধু ধু চা-বাগানের দিকে। নীল-সাদা আকাশ ঢালু হয়ে নেমেছে জঙ্গলের মাথায়। বুকের ভেতর থেকে রঙিন মাছের ঝাঁকের মতো নিঃসঙ্গ শিরশিরে হাওয়া উঠে আসে। সারাক্ষণ জায়গাটা ভারি মেঘলা। বাড়ির পেছনে কুয়াশামাখা সন্ধ্যা নামে। দূরে ভুটান পাহাড়ের ওপর জ্বলজ্বল করে ইউরেনাস। উঠোনে দুটো পাইন গাছ বর্ণনাতীত নির্জনায় দাঁড়িয়ে থাকে। ঝিমঝিম করে দু’একটা বাড়ি।
লাক্কি ওরফে কালুকে আমরা ছিনিয়ে এনেছি। কালু না হয় দু’একটা জুতো চুরি করেছে।
তা বলে কালুর হৃদয় নেই?
আছে।
কালুর হৃদয় কোনও খাঁচায় বাঁচে না। পুরনো বাসের ইঞ্জিনের মতো ধরকায়, কিন্তু কেঁপে যায় চরাচর। যে পায় পুরো পায়। রেখেঢেকে বাঁচিয়ে কিছু দিতে জানে না। নিঃস্ব ল্যাংটা!
ধাক্কা দেবার মতো কোনও চুমকি-চামেলি আজও মেলেনি কালুর! সিরিয়ালের মেগা রুপেয়া দেদার উড়ছে। আমি, কালু শুধু হিসেব রাখছি। মিন্টুর মাসির বাড়ি রাতে ডিম-ভাত খাওয়ার পর আর খাইনি। ভোরে লুকিয়ে পালিয়ে এসেছি। পুলিশ আছে পেছনে এক জায়গায় গেঁড়ে বসা ঠিক না। মেসো ফোনে খুব আফসোস করল। কোথায় নাকি ধুতরো বিচি পুরিয়া অর্ডার দিয়ে রেখেছিল।
ফুন্টশোলিং-এ একদম ঠান্ডা নেই! কিন্তু আরও উঁচুতে উঠতে গেলে জ্যাকেট লাগবে। কালু একটা দোকানে ঢুকে এটা-সেটা দেখে অসন্তুষ্ট হয়ে বলল, গোসাপের চামড়ার জ্যাকেট আছে?
ভুটানি দোকানদার সরু চোখ কুঁচকে বলল, হোয়াট?
মিন্টুর খোঁচা খেয়ে কালু চেপে গেল। কালু মাসির বরের কাছে শুনেছে, গোসাপের চামড়া ভীষণ দামি। লাখ লাখ টাকা। ব্যবসা করলে দু’দিনে গাড়ি-বাড়ি। ওয়েলিংটনে এক ভুটানি বুড়ি নাকি বলেছিল, ওর উন্নতি ভুটান পাহাড়ে।
সেই থেকে গোসাপের চামড়াটা একবার ট্রাই করে দেখে নিচ্ছে।
আমাদের ফোন বন্ধ। মিন্টুর অন্য ফোনে ফোন করে এক বন্ধু জানাল, পাড়ার নেতা অশোককাকু থানা-পুলিশ ম্যানেজ করে নিয়েছে। কিন্তু পিকনিক হয়নি বলে জনতা খেপে আছে।
পরদিন চকচকে রোদের দুপুরে ফুন্টশোলিং নীচে ফেলে উপরে উঠছি। সাত হাজার তিনশো পঁয়ত্রিশ ফুট উঁচুতে একপাশে খাড়া পাহাড়, তারই উলটো দিকে পড়ন্ত বিকেলে, খাদের ধার ঘেঁষে এক বুড়ি বিক্রি করছে মেমো। কাঠকয়লার আগুন জ্বেলে। মুখে তার পেল্লাই এক চুরুট। কালু গিয়ে ফিসফিস করে বুড়ির সঙ্গে গোসাপের চামড়ার আলোচনা জুড়েছে।
ড্রেটন ল্যাম রোডের দিকে একটা ঘুপচি গলিতে গিয়ে উঠেছি। একেবারেই রোদ ঢোকে না, ছায়াছন্ন বাড়ির মাথায় লাল মারকাটারি ড্রাগন ঝুলছে। কালু বিরিয়ানি বিবিয়ানি করে পাগল। ঘর মোছা জলের মতো থুকপা মুখে রুচছে না।
কাঠের দোতলা ঘর। সরু নড়বড়ে সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে টিনের চেয়ারে বসতেই এক বিপুলা মহিলা মাথায় স্কার্প, ফুল ফুল ছাপ বোকু পরে টেবিলে যা দিয়ে গেল সেটা নাকি কামরূপী বিরিয়ানি। সঙ্গে বোরথু সস। কীসের যেন অচেনা গন্ধ।
দোকানের এক পাশে ড্রাগন আঁকা পর্দা ঝুলছে। ভেতর থেকে জগঝম্প, শিঙার আওয়াজ আর অদ্ভুত গম্ভীর ছন্দে সুরেলা টিবেটিয়ান মন্ত্রপাঠ ভেসে আসছে। ভেতরে উঁকি দিয়ে দেখি তিন হাত লম্বা শিঙা, কাঁসার করতাল বাজিয়ে পুজোপাঠ চলছে। ঘিয়ের প্রদীপ জ্বলছে।
ডানদিকে অন্ধকার করিডর। ভৌতিক লাল আলো। বিপুলা মহিলা হঠাৎ মাটি ফুঁড়ে উঠলেন। থমথমে মুখে জিজ্ঞেস করলেন, আমরা কি কেউ চুল কাটব? ও হরি! এটা বুঝি বিউটি পার্লার! মহিলা পর্দা সরিয়ে ভেতরে চলে গেলেন। হাতে দুটো প্লেট নিয়ে বেরিয়ে এলেন। কী যেন উৎসব আছে বাড়িতে, তাই খেতে দিলেন। এটার জন্য দাম লাগবে না।
ওয়াং নদীকে পাশে রেখে চলেছি। ৫৪ কিলোমিটার পারো ভ্যালি। জুতোটা বেজায় খারাপ হয়ে ছালতোলা ঘেয়ো কুকুরের চামড়ার মতো ঝুলছিল।
পাইন বনে ফেলে দিয়ে নিশ্চিন্ত হলাম। আপাতত খালি পায়েই।
কালু অবশ্য আসেনি। খাওয়ার ফাঁকে কালু নাকি গোপনে জিজ্ঞেস করেছিল, গোসাপের চামড়া পাওয়া যায় কি না। বিপুল বক্ষ মহিলা ছোট ছোট কুঁচকানো চোখে মধুর হেসে বলেছে, ‘মিলেগা’। কালু তাই ওর একান্ত নিজস্ব মতামতে অটল থেকে আমাদের পাত্তা না দিয়ে রয়েই গেল।
কলকাতায় ওয়েলিংটন স্কোয়ারে শীতকালে সোয়েটার বেচতে আসা এক ভুটানি বুড়ি নাকি ভবিষ্যদ্বাণী করেছিল, ওর উন্নতির শুরু ভুটান থেকেই। সে নাকি দশ হাজার ফিট উপরে কোনও পাহাড়ি গ্রামের রহস্যময় গুম্ফায় যাবে কাল। মানসচক্ষে দেখতে পাচ্ছি, উড়ন্ত লামাদের সঙ্গে কালু গোসাপের চামড়া ছাড়াচ্ছে চেস্টনাট ঘন বাঁশের জঙ্গলে। ভয়ঙ্কর!
ফিরে এসে থানায় হাজিরা দিয়ে ক্ষমা চেয়ে এসেছি। কালুর ব্যাপারে সব বলেওছি। কেউ বিশ্বাস করেনি।
এর পর বহুদিন কালুর খোঁজ নেই। হঠাৎই সাতটা পাঁচের ডানকুনি লোকাল ধরব শিয়ালদায়, দেখি কালু একটা গুমটিতে বসে মোবাইল সারাচ্ছে। বলল, বালি ব্রিজে মদে চুর বাবা পড়েছিল, ট্রাক এসে মেরে দিয়েছে। এখন একা।
একবার দেখা হয়েছিল ছোটকার বিয়েতে। জুটমিলের ভেতরে বউভাতের প্যান্ডেল, হ্যালোজেনের উল্টো দিকে ঘুপচি কোণ দখল নিয়েছে কুকুররা, ছেটানো থার্মোকলের সাদা থালা। কালো, চকচকে চোখের কালু মাইকেল জ্যাকসনের মতো হেসেছিল। কালপিন সাহেবের ঘাটের দিক থেকে ফাল্গুনের হাওয়া দিচ্ছিল তখন।
আর কোনওদিন দেখিনি ওকে। শুনেছি উজ্জ্বল রোদ এক মাঘের দুপুরে আগরপাড়ায় ডি গুপ্ত লেনের গলিতে সুইসাইড করেছে। অনেক রাতে মর্গ থেকে দেহ এসেছিল পাড়ায়। আমি যাইনি।
°°°
চিত্রণ: রাজ রায়






