ব্যক্তিগত দৃশ্যপট
তোমার জানালার গরাদে লুকিয়েছে
বিকেলের বিনম্র রোদ্দুর
আর তুমি কী বিষণ্ণতায়
এলোচুলে চিরুনি বোলাও…
এরকম একটা দৃশ্যের পর
অসম্ভব বৃষ্টিপাত।
তোমাকে ছুঁয়ে যায় বেপরোয়া বৃষ্টিজল!
তারপর দৃশ্যবদল
সবুজ মোমের পাশে তুমি
তোমাকে ছুঁয়ে ফেলে বিষণ্ণ নিশ্বাস
তোমার রাত্রিবাসও কেঁপে ওঠে।
শেষদৃশ্যে দেখা যায়
অবাধ্য চুল ওড়ে… চুল ওড়ে–
ঘুমন্ত মুখের পাশে।
মসৃণ অবয়ব জুড়ে পিছলে যায়
প্রকৃত জ্যোৎস্না…
আর এ সকল দৃশ্যের মাঝে
জেগে থাকি আমি
তুমি শুধু ডুবে থাকো ঘুমে…
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





