Search
Generic filters
Search
Generic filters

গৌতমকুমার দের বিশেষ রচনা

মন্তব্যের আয়নায় উত্তর গোয়ার সমুদ্রসৈকত 

গৌ ত ম কু মা র  দে

গোয়া আর বিনোদন শব্দদুটো প্রায় সমার্থক। মস্তির ফাঁদ পাতা গোয়ার ভুবন বিশেষত তার রোম্যান্টিক বালুকাবেলার বর্ণময় হাতছানি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে অনেকদিন আগেই। নীলিমায় নীল একঝাঁক সোনালি সৈকতে ঝকঝকে সূর্যালোকের মিশেলে তৈরি হয় অমোঘ আকর্ষণের আলো ও ভাষা।

গোয়ার তটভূমি প্রায় ১০৫ কিমি দীর্ঘ। তাকে সমৃদ্ধ করেছে ২৯টি সমুদ্রসৈকত। বৈশিষ্ট্য ও পর্যটনের আধুনিক সুযোগ-সুবিধার নিরিখে সেগুলো ভারতসেরা। শুধু তাই নয়, আন্তর্জাতিক গুণমানসম্পন্ন। বিষয়টির ব্যাপ্তি বাড়িয়েছে অবসর বিনোদনে উপকরণের বৈভব এবং গোয়ার নিজস্ব উৎসবপ্রিয়তা। ক্যালেন্ডারের তিন-চতুর্থাংশ সময় জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সে-সব উৎসব-অনুষ্ঠান। তারই মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে প্রতিবছর নভেম্বর মাসে। খাদ্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে। দেশ-বিদেশ থেকে নানান বয়সি নারী-পুরুষ ছুটে আসেন যার টানে। স্বভাবতই পর্যটনবন্যায় পর্যটকরা চলে যাবার পরে পলির মতন পড়ে থাকে তাঁদের রেখে যাওয়া স্মৃতি-লিখন। এই যে অক্ষরস্কেচ এবং মেমোরি রেফারেন্স সে-সবের প্র্যাকটিসে গড়ে ওঠা ভাবনা-মনন-এর ল্যান্ডস্কেপের বৈচিত্র এই লেখার উপপাদ্য। মূল চালিকাশক্তি। যা পাকড়েছে আমায় এবং/অথবা, আমি ফেঁসেছি তার মোহিনী মায়ায়! আমার কাছে এই অনু-কথাগুলো প্রায়শই হাজির হয় সংবেদনশীল দৃশ্যভাষা হিসেবে। এদেরকে বলতে পারেন, এক-একটা স্বতন্ত্র ল্যান্ডস্কেপ অব হিডেন সাইলেন্স। যেখানে সংশ্লিষ্ট জায়গাটির সঙ্গে মানব-মনের দেওয়া-নেওয়া, ভাব-ভালবাসা, গ্রহণ-বর্জন, আলো-অন্ধকারের সূক্ষ্ম সম্পর্ক নীরবে স্নাত-সিঞ্চিত হয়ে থাকে। অতঃপর প্রতিটি লিখনচিত্রর বহিরঙ্গের পাশাপাশি ধরতে চেয়েছি তারা অন্তর্লীন আবেগকে।

গোয়ার উত্তর ও দক্ষিণ ভাগ জুড়ে রয়েছে সমুদ্রসৈকতগুলো। উত্তর গোয়া দিয়েই শুরু করা যাক। এখানকার বিখ্যাত বিচগুলো: কালানগুটে, কান্ডোলিম, বাগা, আঞ্জুনা, আগুয়াদা, ভাগাতোর, মাপুসা, আরামবোল, তেরেখোল, ছাপোরা, ময়েম। এছাড়া আরও আছে। তাদের কথা পরে হবে’খন।

নর্থ গোয়ার বিচ-মহলের মহারানি কালানগুটে। লাগোয়া কান্ডোলিম তার যমজ। দু’জনকে এক ফোঁড়ে বাঁধিয়াছে মেমসাহেবার এই মন্তব্য: ‘Calangute & Candolem are two vulves of a heart in the same body.’ (১৯৯৯)। কারও দৃষ্টিতে, ‘… two hands of a singer.’ (২০১৬)। ইতালিয়ানের মনের মুকুরে: ‘এযুগের শ্রেষ্ঠ সৈকত-প্রণয়’ (২০১৮)। ভাগলপুরের ভ্রামণিকের লঘু চালে গুরু মস্করা (২০০১): ‘এক ফুল দো মালি, কালানগুটে লোড কান্ডোলিমমে খালি!’ শুরুটা এক সময়ের জনপ্রিয় সিনেমা ‘এক ফুল দো মালি’-র অনুসরণে। পরের অংশটুকু গিয়ার চেঞ্জ করে বাহনলিপি-র বয়ান ‘গড়িয়া লোড ধম্মতলা খালি’ আদলে রচিত!

কালানগুটে এককভাবেও এসেছে রিমার্কস কলামের ছোটপর্দায়! যেমন: মুগ্ধতার সহজ বিস্ফোরণ— ‘Kalangute, the Kohinur of Indian beaches.’ (১৯৯৯)। সূর্যাস্ত ও কালানগুট-এর সঙ্গে ব্যক্তি বিশেষের নিবিড় সম্পর্কের বয়ন— ‘Sunset at Kalangute is such a memorable moment that I can never forget.’ (২০০৯)। কিংবা রম্য কথায় (২০২২), ‘উত্তর গোয়ার সৈকতকুলের সুয়োরানি।’ শেষেরটা, মারাঠি থেকে ভাষাবদলে বাংলায়।

কালানগুট-এর রূপে মুগ্ধ এক ফরাসিনীর মনের ভাবপ্রকাশে সহায় হোন যখন ব্যেদলেয়ার: ‘Ô mer, nul ne connaît tes richesses. intimes./Tant vous êtes jaloux de garder vos secrets! (Courtesy: Charles Baudelaire)’। মানে, হে সাগর, কেউ জানে না তোমার গভীরতার সমৃদ্ধি সম্পর্কে।/ যখন থেকে তুমি তোমার গোপনীয়তা সংরক্ষণে যত্নশীল হয়েছ। প্রসঙ্গত এই পঙক্তিদ্বয় কবির ‘ফ্লাওয়ারস্ অব ইভিল’ কাব্যগ্রন্থ থেকে স্মরিত। মনে পড়ে, বাসে পাঞ্জিম থেকে কালানগুট-এ আসার পথে দেখা বাড়ির নামকরণ: ‘দ্য ফেয়ারি ফ্লাওয়ারস্, কালানগুট’!

সতর্কবার্তা এক ইজরায়েলির পক্ষ থেকে: ‘If beech lovers don’t restrict themselves in spreading pollutions then We will loose Kalangute soon.’ (২০১৭)!— পাঠমাত্র নেমে আসে এক নিঃসীম স্তব্ধতা! বাস্তবে কালানগুটের পরিবেশ আজ অনেকটাই ধ্বস্ত। প্রশাসনের তরফে যথাযথ নজরদারির অভাব এবং মাত্রাতিরিক্ত ট্যুরিস্টের চাপ এজন্য মূলত দায়ী।

এককভাবে কান্ডোলিম বিষয়ক প্রতিক্রিয়াটি যেভাবে লিপিবদ্ধ হয়েছে (২০০৬): ‘I want to be prisoned in a open prison at Candolim!’ ভাষার কী দীপ্ত প্রাণন! ২০২৪-এর লেখা: ‘In first visit, I have fallen in love of Kondolim.’ বিদায়বেলায় বিরহের সুর (২০০৭): ‘Ya no puedo caminar con Condolim’। স্পেনীয় যুবকের আক্ষেপের অর্থ, আর কোনওদিনই আমি হাঁটব না কান্ডোলিমের সাথে। এরা যেন নোবেলজয়ী সাহিত্যিক হান কাং-এর উপন্যাস ‘গ্রিক লেসন্স’-এ বর্ণিত দৃষ্টিহীন বিদগ্ধ শিক্ষক আর বাক্যহারা নারী। দু’টি পলাতক সত্ত্বা শেষবারের মতন পরস্পরকে স্পর্শ করে বেদনাদীপ্ত অক্ষর-অঙ্গুরীয় পরানোর মধ্য দিয়ে।

‘Baga, the Capital of both sunbath & seabath— both are equally attractive.’ এই স্বীকারোক্তি (২০১৪) এক ইউরোপীয় পর্যটকের। সোজাসাপ্টা, নিবিড় বোধের আঁচে তন্দুরিত: ‘I love Saturday night club at Baga.’ (২০১৭)। সমমনষ্ক এক নবীন আর্জেন্টিনীয় যুবকের উচ্ছ্বাস (২০১১): ‘Me gusta mucho Baga por la vida en la noche.’ অর্থাৎ, বাগা আমার খুবই প্রিয় তার নৈশজীবনের জন্য। যাঁরাই বাগা-র শনিবাসরীয় নৈশবাজার ম্যাকি (Macky) বা ইনগো (Ingo)-র উষ্ণ উদ্দীপ্ত সান্নিধ্য পেয়েছেন, তাঁরাই জানেন এদের চোরা আকর্ষণের টান কতটা মাত্রাছাড়া আগ্রাসী! গ্রন্থিহীন জীবনের স্বাদ আর রঙিন পানীয়ের আশ্বাস— বড়ই মায়াবী সে জগৎ! মধ্যবিত্ত বাঙালি-সহ অনেক সাবেকি ভারতীয়কে এখানে এসে পাশ্চাত্যের তথাকথিত আধুনিকতার পাঠে হাতেখড়ি হতে দেখে থাকবেন।

আঞ্জুনা বিচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব নিম্নোক্ত প্রায় কালানুক্রমিক পাঠ থেকে:
১. ‘Empire of Hipis’ (১৯৭৮)। সমধর্মী: ‘The capital hipis in India.’ (১৯৯১)।
২. ‘Beware of Abode of Hipis’ (১৯৮৫)— এমন সতর্কবার্তাও পাওয়া গেছে। যেন কিছুটা জনস্বার্থে প্রচারিত।
৩. ‘Wednesday’s Flea market is no less than a pituitary gland of Anjuna beach.’ (১৯৮৫)। এর ১৮০°-তে অবস্থান করছে গুরুমুখীতে লিখিত লিপি বিশেষে যেখানে Flea মার্কেটকে তুলনা করা হয়েছে বজ্জাতি, নষ্টামি আর উচ্ছন্নে যাওয়ার সুবর্ণ সরণি হিসেবে। এটা ১৯৮৯-এর।
৪. প্রশংসার ছলে: ‘The sexy semi-circular Anjuna beach is really excellent.’ (১৯৯০)। স্বপ্নের নায়িকার ব্রা হীন কুচযুগল, টপ-এর আলতো আড়াল টেনে সহসা আগমনের মতন আঞ্জুনা হাজির হয় পাঠকের দরবারে। কারও ইতিবাচক প্রস্তাব মানসিক ক্ষতে প্রলেপ দিতে: ‘If you are in mood off tone, just pass 3 or 4 days at Anjuna beach. You will regain your mood.’ (২০০৪)।
৫. মারাঠিতে লেখা বিদায়বার্তায় (২০১০) আঞ্জুনাকে তুলনা করা হয়েছে ভারতের সেরা সমুদ্রসৈকত হিসেবে। দৃষ্টিভঙ্গির অন্য পরিচয় বহন করে উর্দুতে লেখা (২০১৭) ভাষ্যটি, বাংলায় যার অর্থ, এই উচ্ছৃঙ্খল জীবন আমাদের জন্য নয়। এহেন লেখায় স্পষ্ট ভিন্ন স্বর ও মূল্যবোধের বিষয়টি। সময়ের সঙ্গে রুচি বদলের ব্যাপারটি প্রত্যক্ষভাবে জড়িত। এই সময়ের মন্তব্যে তার ছোঁয়া: ‘the sea coast based entertainment capital of our country.’ (২০১৯)। এই অনুষঙ্গে থাকুক হিন্দিতে লেখা (২০২৩), ‘খাও-পিও-জিও আঞ্জুনা মে আকর গার্লফ্রেন্ড লেকর ঘুমো, খাও চুমো অউর প্যাকিট …’। শেষোক্ত উদ্ধৃতাংশে ‘প্যাকিট’ শব্দটি তাৎপর্যপূর্ণ। বহ্বর্থবোধক। জৈব এবং অজৈব উভয় ক্ষেত্রেই। হ্যাঁ, আঞ্জুনাতে জীবনকে দেখা যায় উন্মুক্ত রূপে, যাতে মিশে থাকে স্বেদ ও সাগরের নোনতা স্বাদ।

একটু নিরালায় নিজেকে খুঁজে পেতে পারেন আগুয়াদা সাগরবেলায়। জীবনের সাজপার্বণের সুযোগ-সুবিধেও মেলে সেই সঙ্গে। ‘Aguada is a coastal recharge center to come out from the bad times of your life.’ (২০১৮)। ‘অদৃশ্য শক্তির চারুবাসনায় সৃষ্ট সৈকত।’— ঈশ্বর বিশ্বাসীর অক্ষরছাপ (২০০৫)।

‘Vagator is a open to sky solitary cell in the great Goan beach.’ (২০১৩)। হক কথা। নিরিবিলি নির্জন বলেই ভাগাতোর জনপ্রিয়তার ভল্যুমে নয় বরং, কোয়ালিটি ট্যুরিস্টদের মন জয় করতে পেরেছে। আরেক সৈকতপ্রমীর কলমে আরেকটু ডিটেইলে পাওয়া গেছে ভাগাতোরকে। ‘3 sisters of Vagator are equally attractive to me.’ (২০২২)। এক্ষেত্রে তিন বোন বলতে বুঝতে হবে আলোচ্য সি-বিচটি তিন ভাগে বিভক্ত। যথা বড়, মধ্য ও ছোট। আলোচ্য সৈকতভূমির উদ্দেশে কানাডার এক পর্যটকের নৈবেদ্য (১৯৯৮), ‘শুধু বিধাতার সৃষ্টি নয় তুমি!’

মাপুসার খ্যাতি যত না তার বালুকাবেলার জন্য, তার চেয়ে বেশি শুক্রবারের হাট ও লোকাল বেকারির সৌজন্যে। তাছাড়া এখানে থেকে আঞ্জুনা ও ছাপোরা সৈকত ঘুরে নেওয়াটা সুবিধেজনক। কারণ ছাপোরাতে থাকার ব্যবস্থা নেই বললেই চলে। বিষয়গুলো যে নজর এড়ায়নি সতর্ক-সন্ধানী পর্যটকের, তার প্রমাণ এই মন্তব্যসমূহ: ১. সংগ্রাহকের দৃষ্টিতে— ‘Friday market is really a fruitful source for souvenir collectors.’ (২০০৬)। ২. কোঙ্কণি ভাষায় একজন যা লিখেছেন হোটেলের রেজিস্ট্রারে (২০১৭), তার সরলার্থ: মাপুসার মুকুটে উজ্জ্বল হিরের টুকরো শুক্রবারের হাট। কোঙ্কণি শিল্পসামগ্রী সংগ্রহের অপূর্ব সুযোগ। হক কথা। ৩. খাদ্যান্বেষীর দৃষ্টিকোণ থেকে— ‘One can easily come just to taste the local bakery products of Mapusa.’ (২০০৯)! লিখছেন মিউনিখ থেকে আগত ভ্রমণার্থী। ৪. বেসক্যাম্পের ভূমিকায়— ‘Mapusa plays the role of a co-ordinator on behalf of the visitors, to travel Chapora & Anjuna sea beach from here.’ (২০১৩)— লেখক শ্রীলঙ্কার কলম্বো থেকে আগত অতিথি।

আরামবোল-কে দ্বিতীয়বার দেখেছি যখন সেটি ভোলবদলের মধ্যে দিয়ে চলেছে! এমনটা বলার কারণ, ২০০৭ আর ২০১৮-র আরামবোল সৈকতের মধ্যে অনেকটাই তফাত। যেন একই বইয়ের দুটো পৃথক সংস্করণ। যেখানে বইয়ের প্রচ্ছদ থেকে অন্দরের সাজসজ্জা আমূল বদলেছে। এমনকী বিষয়বস্তুতেও বিস্তর সংযোজন-বিয়োজন হয়েছে। প্রথমবার তাকে দেখে মনে হয়েছিল ধীরস্থির ঘোমটা-টানা লজ্জারুণ নিটোল সুন্দরী গৃহবধূ। আর ২০১৮-র আরামবোল-এর চেহারা-চরিত্র অনেকটা মফস্বল থেকে সদ্য আসা টাইট জিনস-টপ পরা চোখমুখে সারল্যমাখা গৃহস্থ বধূটির মতন। একটা আত্মবিরোধ লেপ্টে আছে তার সর্বাঙ্গে। এমন একটা সত্ত্বা যে রয়েছে দোটানার মধ্যে। সকল দ্বিধা-দ্বন্দ্ব, গ্রহণ-বর্জনের কেন্দ্রে আধুনিকতার রোমাঞ্চকর বর্ণিল হাতছানি। পাম গাছে ছাওয়া সাদাটে বালুকাবেলায় আঞ্জুনার উদ্বাস্তু হিপিদের ইতিউতি উপস্থিতি। স্থানীয় জেলেরা যেন কিছুটা তটস্থ! একদিকে নিরালা নির্জন নিজস্বতা হারাবার ভয়, অন্য দিকে, বহিরাগত ডলার আধিপত্যের উচ্ছৃঙ্খলতার গ্রাসে আচ্ছন্ন হওয়ার আশঙ্কা কুরে কুরে খাচ্ছিল তাদের। হোর্হে লুইস বোরহেস-এর কবিতার ভাষায়:
‘Todo nos dijo adiós, todo se aleja.
La memoria no acuña su moneda.’

অর্থাৎ, সকলে আমাদের বিদায় বলে চলে যায়।/ স্মৃতি ধরা পড়ে না নিজস্ব মুদ্রায়। (Son los ríos/ নদী)। ‘the sea side village is the last original flavour of primitive Arambol.’ (২০০৬) কিংবা, ‘Fishermens’ village is the last local sign of smart modernized Arambol’ (২০১৫) জাতীয় মন্তব্য পূর্বোক্ত কাব্যভাষ্যর যথার্থতাকে প্রমাণ করে।

দেখা যাক, কী বলছে মন্তব্য-কলাম: ১. মুগ্ধ-মোচন— ‘Abode of God of peace.’ (১৯৯৭)। ২. সুললিত রাগে— ‘a Virgin beach with nature’s poetic justice.’ (২০১৪)। ৩. ‘If you want to sink yourself in the sea of undisturbed peace, then definitely Arambol is your destination.’ (২০১৭)— যেন এসেইস্টিক কবিতার চলন! ৪. মেড ইজিসুলভ— ‘To pass time on the sea shore of Arambol means getting a free natural therapy!’ (২০১৯) ৫. পর্তুগিজে লেখার বঙ্গীয় সংস্করণ: ‘শান্ত শুভ্র সাগরবেলা? আরামবোল থাকতে কীসের ঝামেলা!’ (২০২২)।

কালের নিয়মে আরামবোল বদলাবে, হয়তো স্বাতন্ত্র্য হারিয়ে নিজেকে ভাসিয়ে দেবে চলতি স্রোতে, মিশে যাবে ভিড়ের মধ্যে; কিন্তু থেকে যাওয়া এই স্মৃতিমঞ্জুষাই হবে ভবিষ্যতের আগ্রহীদের কাছে ফিরে দেখার দূরবিন।

গোয়া-মহারাষ্ট্র যেখানে হাত মিলিয়েছে, সেখানে সাক্ষী হয়েছে তেরেখোল। ‘Natural beauty and a 18th century fort with green hilly background has made Terekhol sea beach unique!’— লিখছেন হেরিটেজ হোটেলের বোর্ডার, এক ইউরোপীয় পর্যটক। এটা একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের প্রথম দিককার নমুনা। এক ইহুদীর অনুভব: ‘অতীত জমাট বেঁধে আছে তেরেখোল-এর নিসর্গের পরতে পরতে।’ (২০০৩)। সত্যিই মন শান্তায়িত হয় এখানকার দিগন্তবিস্তৃত নোনা বৈদগ্ধে। বার্সেলোনার বাসিন্দা পেশায় ইলেকট্রিশিয়ান, ভ্রমণ যাঁর জীবনসঙ্গী সেই পেড্রো পারমা-র ভাষায়: ‘Terekhol tiene una fuerza que puede muestra otro cuerpo a su cuerpo. Tiene que inventa.’ (২০০৯)। মানে, তেরেখোল-এর একটা শক্তি আছে যা প্রদর্শন করতে সক্ষম নিজের শরীরে অন্য এক শরীর। আপনাকে উদ্ভাবন করতে হবে! আমার এক পঞ্চাশোর্ধ্ব স্বদেশি-র সংক্ষিপ্ত প্রতিক্রিয়াটুকুও না হয় থাকুক এই অনুষঙ্গে: ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’। এটি যখন রেজিস্ট্রার বুক-এ ল্যান্ড করে (২০২২), তখনও ইমতিয়াজ আলি পরিচালিত সমনামের সিনেমাটি মুক্তি পায়নি। প্রসঙ্গত ইমতিয়াজ-এর রোম্যান্টিক ড্রামাসুলভ ফিল্মটি রিলিজ করে ২০২৬-এর ১২ জুন।

ছাপোরা-র উল্লেখ পাওয়া গেছে আঞ্জুনায়। পিতামহের সরাইখানা নাম্নী থাকার ডেরা থেকে। জাপানি পর্যটকের পর্যবেক্ষণে (২০০১): ‘সঙ্কীর্ণ সাগরবেলায় শান্তিপূর্ণ সহাবস্থান করছে পাহাড়, নদী, সমুদ্র আর অতীতের রাজারাজড়াদের ইতিহাস।’ এটা নিছক অনুস্মৃতি নয়। এদেশের বর্তমান পরিস্থিতিতে বাক্য মাঝে ‘সহাবস্থান’-এর অব্যবহিত আগের শব্দটির উপস্থিতি, কারও কারও মানসিক শান্তির ভারসাম্য বিঘ্নিত হওয়ার কারণ হতেও পারে। মাপুসা-র এক কেয়ারি করা থাকার জায়গা থেকে সংগৃহীত ছাপোরা-র সমুদ্র সম্পর্কিত এই অভিজ্ঞান (১৯৯৬): ‘Here Ocean has penetrated hill again and again, which is the act of living painting of this place.’

এ-পর্যন্ত আলোচিত উত্তর গোয়ায় ইতিমধ্যেই পর্যটকবন্দিত সাগরবেলার বাইরেও আছে আরও কয়েকটি। সাবঅল্টার্ন বিচ। এদের মন জয় করার মতন পুঁজি ও মনমোহিনী আকর্ষণের ক্ষমতা যথেষ্ট। তবে সংশ্লিষ্ট জায়গায় পর্যটনের উপযুক্ত পরিকাঠামো-সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধার অপ্রতুলতার কারণে সংখ্যাতত্ত্বের নিরিখে ভ্রামণিকদের উপস্থিতি অত্যল্প থেকে কম। বিক্ষিপ্তভাবে কোথাও সেটার অভিমুখ মাঝারির দিকে। অবশ্য এসব জায়গাগুলোর মধ্যেও পর্যটনশিল্প প্রসার ক্রমশ তার ডানা বিস্তার করছে। সেরকম কিছু বালুকাবেলার কথা মন্তব্যের মিনারে! এগুলো পাওয়া গেছে প্রতিবেশী বা নিকটবর্তী সৈকত-আস্তানায় থেকে এসব জায়গা ঘুরে যাওয়া ভ্রামণিকদের সৌজন্যে।

ছাপোরা নদীমুখে উদীয়মান সাগরবেলা মরজিম। ইতিমধ্যেই জহুরি স্পটারের চোখে পড়েছে। আরামবোলের হোটেলে সেই অনুভবের বীজ রোপিত হয়েছে (২০১৭): ‘Morjim, the future sensation in the North Goa.’ অনুগামী আরেকটি (২০২২): ‘Ur nxt dream stacation’। বানান থেকেই স্পষ্ট রচনাকাল এবং রচনাকারের বয়স। এখানে ‘stacation’ বলতে stay for vacation!

আবার ভ্রমণ রাজনীতির কাটিং এজ দর্শনে পৌঁছে দেয় মরজিম সম্পর্কিত এই ভাষ্য: ‘little russia in India’। এই লেখার মধ্যে রয়েছে এখানে স্বেচ্ছানির্বাসিত রাশিয়ান ও সেদেশের পর্যটকদের আধিক্যের বিষয়টি। রাশিয়ানদের সংখ্যাধিক্যের নেপথ্যে রয়েছে সেদেশের ভয়ঙ্কর ঠান্ডা, অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় পকেট-বান্ধব খরচে আরামদায়ক উষ্ণমণ্ডলীয় জলবায়ুতে থাকার সুবিধে, গোয়ায় আসার জন্য সরাসরি চার্টার ফ্লাইটের সুযোগ প্রভৃতি ফ্যাক্টরগুলো।

তেরেখোল-এ থাকাকালীন যেতে পারেন স্বল্প পরিচিত কেরিম ও কালাচা সৈকত কিনারে। অনেকটা দিঘায় গিয়ে বাঁকিপুট ও তাজপুর-এ যাওয়ার মতন। এখনও খ্যাতি-গ্ল্যামার-বৈভবের আশকারা সেভাবে পায়নি বলেই এসব জায়গায় প্রকৃতিকে পাবেন তার আটপৌরে স্বাভাবিকতায়। চাহিদা-যোগানের আব্দার মেনে অদূর ভবিষ্যতে এগুলোও যে চেনা ছকের কোস্টাল রিসর্ট শহরের চেহারা নেবে না তার নিশ্চয়তা কোথায়? বরং বলা সহজ, হওয়াটাই অনিবার্য। আজকের নিউ দিঘা আর সংলগ্ন ওড়িশার তালসারি তার জ্বলন্ত প্রমাণ।

সে আজ থেকে প্রায় চার দশক আগের কথা। তালসারিতে তখন ঝিনুকরা ভয়ডরহীন। সুলভ। সন্ন্যাসী কাঁকড়াদের অবাধ ঘোরাফেরা। মানুষের উপস্থিতি টের পেলেই টুক করে সলাজ ভঙ্গিতে দ্রুত পদচারণায় তাদের সুরঙ্গপ্রবেশ ঘটত। পর্যটক তথা মানুষের সঙ্গে এদের যেন ভাসুর-ভাদ্রবৌয়ের সম্পর্ক। অচিরেই প্রাণীজগতের সবচেয়ে স্বার্থপর জীব মানুষের আধিপত্য লাল কাঁকড়াদের স্বাভাবিকতায় অদৃশ্য ১৪৪ ধারা জারি করা থেকে ঘরবন্দি সব করল। আজ তালসারির ভূমিজীবরাই পুরোপুরি ঠাঁইনাড়া। মানবকৃত তথাকথিত উন্নয়নের সৌজন্যে! ওদের মরিচঝাঁপি, দণ্ডকারণ্য হয় কি না আমার অন্তত জানা নেই। উদ্বাস্তু কাঁকড়া-সহ অন্যরা কোথায় গেছে তার খোঁজ রাখার প্রয়োজনবোধ করিনি আমরা। তবে নিজেদের ক্ষুদ্র স্বার্থে ওদের দুনিয়ায় বুলডোজার চালাতে ভুলি নাই। কারণ ওদের যে ভোট দেওয়ার অধিকারটাই নেই। ওদের হয়ে বলার জন্য গোপাল ভট্টাচার্য, রিচার্ড অ্যাটেনবরো অথবা আলিসন শ (Allison Shaw)-র মতন হৃদয় সত্যিই বাড়ন্ত! তালসারিতে আমাদের প্রতিবেশী রাজ্যের পর্যটন দপ্তরের থাকার রেজিস্ট্রার থেকেও বহুদিন হল তাই উধাও: ১. ‘তালসারির সৈকত জুড়ে লাল কাঁকড়ার সঙ্গে দুটো দিন ভালই কাটল।’ ২. ওড়িয়ালিপিতে, ‘তালশারি আমকার গোয়া’। ৩. ‘সবুজ ঝাউবনের আড়ালে সুবর্ণরেখা-তালসারির নিরালা রোমান্স দোল খায় সকাল-সন্ধে জোয়ার-ভাটায়!’ ৪. ‘Odisa’s Goa at cheapest rate with something special…!’

যাই হোক, ফেরা যাক কেরিম-কালাচা-র কথায়। তেরেখোল-এর হোটেল-রিসর্ট থেকে পাওয়া জলস্থল-এর মিলনমেলার সাংস্কৃতিক অবয়ব: ফিল্মি সংলাপের আদলে হিন্দিতে ‘কেরিম তেরে লিয়ে ম্যায় হুঁ দিওয়ানা…’ (২০০৮); ‘Kerim will be shortly the unique destination of Goa.’ (২০১৬); ‘Kalacha is going to earn foreign currency for our country.’ (২০০৬); ‘One must visit Kalacha not as a off beat sea beach. Rather it is untouched of vices of modernism.’ (২০১৫)। মারাঠিতে যা লিখেছে (২০১৮) তার গূঢ়ার্থ: ‘পরে এলে আজকের কালাচাকে কখনই দেখতে পেতাম না।’ অর্থাৎ, দেরি না করে বিখ্যাত হওয়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব দেখে নিন কালাচাকে। খ্যাতি যেমন পরিচিতি-গ্ল্যামার বাড়ায়, সে-রকম তার কলঙ্কও আছে যাকে এড়ানোটা খুব কঠিন। একালে তথাকথিত খ্যাতির মায়াবী মঞ্চের দীপিত কেন্দ্রে থাকার প্রাথমিক সমস্যাই হল সে যার লগ্ন হয়, তার নিজস্বতাকে প্রথমেই গ্রাস করে। পর্যটনকেন্দ্রটি আক্রান্ত হয় ক্রমিক প্রাণহীনতায়। এটাই খ্যাতির আধিপত্যবাদ— দ্য ইনফারম গ্লোরি।

পেরনেম-কে পাবেন আরোনডেম ও ছাপোরা— এই দুই নদীর মাঝে। অবিরত দ্বৈত প্রবাহের ধ্যানবিন্দু রূপে। নদীদু’টি যেন পেরনেম-এর দুই দেহরক্ষী! কৈফিয়তহীন তরঙ্গ, স্বাধীন ঢেউ, চপল ফেনার প্রবাহ ও কারুকার্য, সাগরের নিঃসঙ্কোচ প্রকাশ, লবণাক্ত প্রাণ, প্রণয়ের নৈসর্গিক প্রকাশের সাক্ষী হতে চাইলে আসুন উত্তর গোয়ার অখ্যাত সাগরবেলা পেরনেম-এ। মিশরীয় প্রত্যক্ষদর্শীর বয়ান (২০১৩) অনুযায়ী, ‘the echo of loneliness can be heard here in Pernem!’ বিহ্বল ও মুগ্ধ হয়েছি এখানে এসে নির্বাক বাগ্মীকে দেখে। মনে হয়েছে এও এক সৈকত বিনির্মাণ সরণি!

পেরনেম তালুকের আরেক সৈকতবেলা মানড্রিম। ‘The beach of white sand with a cute bohemian village.’— মানড্রিম সম্পর্কে লিখছেন (১৯৯৮) এক ডাচ ভ্রামণিক। পর্তুগালের এক পেশায় প্রযুক্তিবিদ নেশায় ভবঘুরের মতে (২০১৪), ‘a beach ideal for meditation and yoga.’ এই সকল খুদে মন্তব্যরাই উত্তর গোয়ার অচেনা সৈকতকে পৌঁছে দিচ্ছে অমৃত আন্তর্জাতিকতায়!

মানড্রিম ও পূর্বোক্ত মরজিম-এর মাঝে রয়েছে সোনালি বালির নিঃসঙ্গ সৈকতভূমি অ্যাশওয়েম। তামিল পরিচয়ে (২০০১), ‘দার্শনিক চেতনাঋদ্ধ এক তাপস’! সৌজন্যে প্রায় ৩১ কিমি দূরবর্তী পানাজির এক হোটেল। পোলিশ বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ডগলাস-এর কথায় (২০১২) অ্যাশওয়েম হল, ‘… a serene, calm and quiet, peaceful, wide range of golden mattress to welcome sea lovers.’

সিনকেরিম-এর প্রতি আমার আকর্ষণের উৎস, আগুয়াদা সি-বিচ থেকে খানিক দূরে এক সেকেলে আদলের ভিলায় নাম লেখানোর খাতায় এক মন্তব্য (২০০৭)। কী ছিল? শুনুন তা হলে: ‘A less crowded compared to other famous beaches of north Goa, thy name is Sinquerim. A disciplined place with indisciplined beauties!’ ভ্রমণের ক্লেদ-ক্লান্তিকে মুহূর্তে মুছে দেয় যখন দিনের পর দিন গোডাউনের অন্ধকারে হাতড়াতে হাতড়াতে পরিত্যক্ত পাতায় সহসা পেয়ে যাই এমন স্বর্ণাভ লিখন (২০১১): ‘The basic elements of our lives get lost. But you may find here some of them.’ স্বীকার করতে দ্বিধা নেই, আমাকে খালি হাতে ফেরায়নি সিনকেরিম।

থাকার আস্তানায় বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন এই খুদে লিপিসমূহ অবশ্যই ‘ইন আদার ওর্ডস’ শরতের মেঘের মতন ভাসমান এক ধরনের ভ্রমণ-সাহিত্য। নিছক শব্দগুচ্ছ নয়। আলোর দিশারী। মায়া-ম্যাজিক। বিচিত্র মনন ও সৃজনের নমুনা এসব। বহু প্রবাহে ধাবমান। কখনও তারা আমাদের দাঁড় করিয়ে দেয় এথিক্স অ্যান্ড পলিটিক্স ইন ট্রাভেলের সামনে; কখনও সমকালীন ভ্রমণের সমস্যা ও সম্ভাবনার একটুকরো চালচিত্রকে সামনে আনে; কখনও উদ্দীপ্ত করে ভবিষ্য-ভ্রমণ অথবা ভ্রমণের ভবিষ্যতের ভাবনার অন্বেষনে!

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Recent Posts

পবিত্র সরকার

পবিত্র সরকারের বিশেষ রচনা

বাংলাদেশের প্রগতিশীল মানুষদের রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু বেশি দুর্বলতা আছে। রবীন্দ্রনাথ আমাদের কাছে যত কিছু, তাঁদের কাছেও তত কিছু তো বটেই, কিন্তু তারও চেয়ে অনেকটা বেশি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেনাপতি। বাহান্নর ভাষা-আন্দোলনের সময় থেকে, আয়ুব শাহি ফরমানে রেডিয়োতে রবীন্দ্রসঙ্গীত নিষেধ আর রবীন্দ্র-শতবার্ষিকীর ওপর ফতোয়া জারি থেকে রবীন্দ্রনাথ বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক মহাশক্তিধর যোদ্ধা, তাঁর সম্বন্ধে এঁরা তাই এত স্পর্শকাতর।

Read More »
মীরাতুন নাহার

মীরাতুন নাহারের প্রবন্ধ

হিন্দু-সাম্প্রদায়িকতা এবং মুসলমান-সাম্প্রদায়িকতা উভয়কেই তিনি যুক্তি ও তথ্যদ্বারা দ্ব্যর্থহীন ভাষায় ধ্বংসাত্মক বলে বোঝাতে চেয়েছেন দেশবাসীকে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শের দ্বারা অনুপ্রাণিত দেশবাসীকে তিনি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন, যদিও তাঁর মূল লক্ষ্য ছিল ‘সাম্প্রদায়িকতার বিষ’ দেশবাসীর মন থেকে নিষ্কাশন করে দেশকে বিপন্মুক্ত করা।

Read More »
গৌতম ঘোষ

গৌতম ঘোষের প্রবন্ধ

চলচ্চিত্রের ধর্ম হল সময়কে ধরে রাখা, সময়ের স্মৃতিমালাকে ধরে রাখা। সেই পদ্ধতি, সেই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। এখন আমাদের আরও মানবিক হতে হবে। চলচ্চিত্র যারা তৈরি করবেন তারা শুধুমাত্র সস্তার বিনোদন সরিয়ে রেখে একটু মানবিক ছবি করবেন। যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক, মানুষ ও সমাজের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে। যা আমরা বিশ্বের শ্রেষ্ঠ ক্লাসিক সব সিনেমায় দেখেছি, সেই ভাবনায় ভাবতে হবে।

Read More »
সঞ্জয় মুখোপাধ্যায়

সঞ্জয় মুখোপাধ্যায়ের বিশেষ নিবন্ধ

বস্তুত সুকান্ত কবিতার চাইতে বড়। তিনি এক প্রতীকচিহ্ন। সারা ভারতে যখন কবিকে ভাবা হয়েছে জনতার একজন প্রতিনিধি হিসেবে, তখন সুকান্তকেই ভাবা হয়েছে। তামিল বা হিন্দি সিনেমাতেও হয়েছে। যেমন রাজেশ খান্নার ‘অনুরোধ’ নামের ছবিটিতে যে কবিটি রাজেশের বন্ধু ছিলেন তার নাম সুকান্ত। অথবা অতদূরে কেন যাই, বাংলায় উত্তম-তনুজার ‘দেনা পাওনা’ ছবিতে উত্তম যে বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় আসেন, তার নামও তো সুকান্ত। তিনিও তো ফুসফুসের রোগী।

Read More »
কালীকৃষ্ণ গুহ

কালীকৃষ্ণ গুহর কবিতা

একটি রাত্রি কা লী কৃ ষ্ণ  গু হ প্রতিটি রাত্রিকেই নতুন মনে হয়— অচেনা লাগে। আজকের রাত্রিটা যেন চির-অচেনা যেন কিছু ঘটার ছিল যা ঘটেনি

Read More »
অভিজিৎ সিরাজ

অভিজিৎ সিরাজের ছোটগল্প

ফরেস্ট বাংলো অ ভি জি ৎ  সি রা জ শঙ্কর দত্তকে আমি শেষ দেখি আনন্দপুরে মাদুরদহের একটা স্কুল বাড়িতে। অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। বাড়ির

Read More »