বেঁচে থাকার প্রাচীন পদ্ধতি
সব ক’টা সবুজ ঝরে গেলে শেষে
অট্টহাসের মুখে তাচ্ছিল্য এঁকে
আবার ভরিয়ে দেব সবুজ পাতায় জানি
শিকড়ে সঞ্চিত রস জোগাবে রসদ
বন্ধ করেছ আজ হাতে হাত রাখা
ডালপালা ছেঁটে
জানো না তো শিকড়ের গভীরতা
আলিঙ্গন-গন্ধ তার সারা গায়ে মাখা…
না আজ আর কান্না নয়
না আজ আর কাঁদবে না কেউ
কারণ চোখ মোছার জন্য মায়ের আঁচলও
আর নিরাপদ নয় আজ!
বরং এসো, খানিকটা গাছের মতো স্থির ঽয়ে,
শিকড় ছড়িয়ে দিই মাটির গভীরে
বেঁচে থাকার প্রাচীন পদ্ধতি শিখে নেব বলে…
***
তোমার ব্যথার কাছে নিচু করে মাথা
একদিন চলে যাব ঠিক
হাতের আঙুল ছুঁয়ে বসব খানিক
তোমার ব্যথার কাছে নিচু করে মাথা
টুপ টুপ বেদনায় সিক্ত হব চাতকের মতো
কপালের আঁচিলটাতে হাত বুলিয়ে বলব
ভাল থেকো, শুধু ভাল থেকো…
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





