Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

অ্যাভন: বহিয়া চলেছে আগের মতন

দুইপাশে ঘন সবুজ গাছপালা। মাঝখানে বয়ে চলেছে অ্যাভন। এই অ্যাভন নদীর তীরেই জন্মেছিলেন মহাকবি উইলিয়াম শেকসপিয়র। আর উইলিয়াম শেকসপিয়র শুধু মহাকবিই নন, তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার।

১৫৬৪ সালে এই এপ্রিলেই তাঁর জন্ম। ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের ছোট্ট শহর স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভনে পৃথিবীর প্রথম আলো দেখেন উইলিয়াম শেকসপিয়র। তাঁর জন্মতারিখটি নির্দিষ্ট করে জানা না গেলেও তাঁকে Baptize বা খ্রিস্টধর্মের সদস্যভুক্তির দিনটি ধরা হয় ২৬ এপ্রিল। সাধারণত জন্মের কয়েক দিনের মধ্যেই এই ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সেই সূত্রে দিনকয়েক আগেই তাঁর জন্ম হয়েছে বলে ধরে নিতে হয়। আবার ১৬১৬ সালের এপ্রিল মাসের ২৩ তারিখেই তিনি পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেন। মহান মানুষের আবির্ভাব ও তিরোভাব তিথিতে মিল রাখতেই সকলে তাঁর জন্মদিন হিসেবে ২৩ এপ্রিলকেই মেনে নিয়েছেন। মাঝখানের ৫২টি বছর তিনি পৃথিবীতে ছিলেন। পৃথিবীর মানুষের সুখদুঃখের সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে নিয়েছেন। আর এই মাত্র পাঁচ দশকের স্বল্পায়ু জীবনে তিনি পৃথিবীকে দিয়ে গিয়েছেন মোট ৩৭খানি কালজয়ী নাটক, ২খানি কাব্য এবং ১৫৪টি সনেট।

স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভন ওল্ড টাউন।

পৃথিবীর ইতিহাসে শেকসপিয়রের মত প্রতিভা খুব বেশি দেখা যায়নি। তাঁর সৃষ্টিও কোনও নির্দিষ্ট কালের বন্ধনে বাঁধা পড়েনি। তা সব কালের সব মানুষের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছে। শেকসপিয়র মানুষের জীবনকে যেমনভাবে নেড়েচেড়ে দেখেছেন, যেমনভাবে মানুষের মন-প্রাণকে বিশ্লেষণ করেছেন, তেমনভাবে পৃথিবীর খুব কমসংখ্যক কবি, লেখক ও নাট্যকারই করেছেন। হয়তো এমনও হতে পারে তাঁর মত করে জীবনকে কেউই উপলব্ধি করেননি। যদিও বা কেউ করে থাকেন তাও তিনি শেকসপিয়রের কাছে গভীরভাবে ঋণী। শেকসপিয়রের কাছ থেকে তিনি উত্তাপ ও আলো ধার করে নিয়েছেন।

স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভনে শেকসপিয়রের জন্মস্থান।

আজ স্ট্রাটফোর্ড-আপন-অ্যাভন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রাটফোর্ডে ছুটে আসেন শেকসপিয়রের এই প্রিয় জন্মভূমি দর্শন করতে। তার আকাশ, বাতাস, মাঠ, বন, প্রান্তর থেকে সুখানুভূতি আহরণ করতে। অ্যাভনের স্রোতধারায় গা ভাসিয়ে দিতে। কবির বাসভূমি আজ পরিণত হয়েছে শেকসপিয়র মিউজিয়ামে। শেকসপিয়র মিউজিয়াম ছাড়াও এই স্ট্রাটফোর্ডেই রয়েছে অ্যান হ্যাথওয়েজ কটেজ। সেই অ্যান হ্যাথওয়ে, যাঁকে কবি তাঁর প্রণয়িনী হিসেবে গ্রহণ করেছিলেন। রয়েছে কবির প্রিয় নদী অ্যাভন। তার দু’পাশে সবুজ মাঠ। একটি পার্কে শেকসপিয়রের মর্মর প্রতিমূর্তি। আর তাকে ঘিরে রয়েছে তাঁরই সৃষ্ট নাটকের কয়েকটি চরিত্রের প্রস্তরমূর্তি।

স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভনে শেকসপিয়রের জন্মভিটের অন্দরে।

যে এপ্রিল মাসে শেকসপিয়র পৃথিবীতে প্রথম এসেছিলেন সেই এপ্রিল মাসেই আবার তাঁকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। মৃত্যুর পর তাঁকে সমাধিস্থ করা হয় প্যারিস চার্চের কাছের ওই হিমশীতল মাটিতে। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। তাঁর সমাধিফলকে লেখা এই ক’টি লাইন দর্শকদের চোখকে অশ্রুসজল করে তোলে—
‘GOOD FRIEND FOR JESUS’ SAKE FORBEAR,
TO DIG THE DUST ENCLOSED HERE:
BLEST BE THE MAN THAT SPARES THESE STONES,
AND CURST BE HE THAT MOVES MY BONES.

এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন।

এই সেই স্ট্রাটফোর্ড-আপন-অ্যাভন। এই মাটিতেই তাঁর পৃথিবীর সঙ্গে প্রথম পরিচয়। এর আকাশ বাতাস নদীজলের সঙ্গে রয়েছে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়তা। এর সবুজ প্রকৃতি তাঁকে দিয়েছে মনের আনন্দ। এর জন-স্রোতধারা তাঁকে দিয়েছে জীবন-রহস্যের নিবিড় অনুভূতি। এই মাটিতেই কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। আবার এর ধূলিধূসর পথে-প্রান্তরে তিনি পা রেখেছেন যৌবনের দোরগোড়ায়।

১৫৮২-র ২৮ নভেম্বর আঠেরো বছর বয়সে অ্যান হ্যাথওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অ্যান ছিলেন শেকসপিয়রের চেয়ে ৭ বছরের বড়। তারপর তাঁদের তিন সন্তানের জন্ম হয়। বড়মেয়ে সুজানার জন্ম ১৫৮৩-তে, তাঁদের বিয়ের ৬ মাসের মাথায় এবং দু’বছর পর ১৫৮৫-তে যমজ সন্তান পুত্র হ্যামনেট এবং ছোটমেয়ে জুডিথের জন্ম। ১৫৯২ সাল। স্ট্যাটফোর্ডের নিবিড় বন্ধনকে শিথিল করে তিনি পা বাড়ালেন লন্ডনের পথে। পিছনে পড়ে রইলেন তাঁর প্রিয়তমা স্ত্রী অ্যান হ্যাথওয়ে, পুত্র হ্যামনেট, দুই কন্যা— সুজানা ও জুডিথ। হ্যামনেটের মৃত্যু হয় মাত্র ১১ বছর বয়সে।

স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভনে অ্যান হ্যাথওয়ে কটেজ।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, ১৫৮৫ থেকে ১৫৯২ পর্যন্ত শেকসপিয়রের জীবনযাপনের কোনও হদিশ মেলে না। কোনও রেকর্ডও নেই ওই সাত বছরের। এই দীর্ঘ কালপর্বের সবটাই অনুমান-নির্ভর। তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ মনে করেন ওই সময় শেকসপিয়র বিশ্বভ্রমণ করেছেন, কেউ মনে করেন শিক্ষকতা করেছেন, কেউ মনে করেন আইন নিয়ে পড়েছেন, আবার কেউ মনে করেন তিনি একটি অভিনেতৃ সংঘে যোগ দিয়েছিলেন।

Advertisement

ষোড়শ শতাব্দীর শেষভাগের লন্ডন শহর। এখানেই শেকসপিয়র খ্যাতির শীর্ষে আরোহণ করেছিলেন। এখানেই শেকসপিয়র লাভ করেছিলেন তাঁর জীবনের বিভিন্ন বৈচিত্র‌্যময় অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে তিনি সুনিপুণভাবে কাজেও লাগিয়েছিলেন তাঁর রচনাবলিতে। জীবনের বিভিন্ন রহস্যকে তিনি উদঘাটন করেছিলেন। তিনি সব মানুষের মনের কথাকে গভীর মমতায়, অননুকরণীয় ভাষায়, সুন্দরভাবে প্রকাশ করেছেন। তাই তো তিনি দেশ ও কালের গণ্ডি ছাড়াতে পেরেছেন। তাই তো তিনি হয়ে উঠেছেন মহাকালের পথের পথিক।

স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভনে হল’স ক্রফ্ট। এই বাড়ির মালিক উইলিয়াম শেকসপিয়রের মেয়ে সুজানা হল এবং তাঁর স্বামী ড. জন হলের, যাঁকে সুজানা ১৬০৭ সালে বিয়ে করেছিলেন।

শেকসপিয়র তাঁর সমগ্র জীবনে যে বিপুল সৃষ্টিসম্ভার আমাদের জন্য রেখে গিয়েছেন, তা ভাবলে বিস্মিত হতে হয়। তাঁর রচিত নাটকগুলি কমেডি, ট্র‌্যাজেডি এবং ঐতিহাসিক— তিন ধারায় বিভক্ত করা হয়েছে।
কমেডি রয়েছে ১৬টি: ১. The Tempest, ২. The Two Gentlemen of Verona, ৩. The Merry Wives of Windsor, ৪. Measure for Measure, ৫. The Comedy of Errors, ৬. Much Ado About Nothing, ৭. Love’s Labour’s Lost, ৮. A Midsummer Night’s Dream, ৯. The Merchant of Venice, ১০. As You Like It, ১১. The Taming of the Shrew, ১২. All’s Well That Ends Well, ১৩. Twelfth Night, ১৪. The Winter’s Tale, ১৫. Pericles, Prince of Tyre, ১৬. The Two Noble Kinsmen.
ট্র‌্যাজেডিগুলি হল: ১. Troilus and Cressida, ২. Coriolanus, ৩. Titus Andronicus, ৪. Romeo and Juliet, ৫. Timon of Athens, ৬. Julius Caesar, ৭. Macbeth, ৮. Hamlet, ৯. King Lear, ১০. Othello, ১১. Antony and Cleopatra, ১২. Cymbeline এবং ঐতিহাসিক নাটকগুলি হল: ১. King John, ২. Richard II, ৩. Henry IV, Part 1, ৪. Henry IV, Part 2, ৫. Henry V, ৬. Henry VI, Part 1, ৭. Henry VI, Part 2, ৮. Henry VI, Part 3, ৯. Richard III, ১০. Henry VIII, ১১. Edward III.

স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভনে রয়্যাল শেকসপিয়ার কোম্পানি।

কবিতার জগতেও শেকসপিয়রের ছিল স্বচ্ছন্দ বিচরণ। তিনি দুখানি কাব্যগ্রন্থও রচনা করেন, ‘Venus and Adonis’ এবং ‘The Rape of Lucrece’। এছাড়াও তিনি ১৫৪টি সনেট রচনা করেন।

সম্ভবত ১৬১০ সালে শেকসপিয়র লন্ডন ছেড়ে ফিরে আসেন তাঁর প্রিয় জন্মভূমি স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভনে। তারপর ১৬১৬ সালে এখানেই তাঁর জীবনদীপ নির্বাপিত হয়।

৩৩ বছর বয়সে শেকসপিয়ারের কেনা বিশাল পারিবারিক বাড়ি।

রবীন্দ্রনাথের ভাষায় উইলিয়াম শেকসপিয়র—

যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে,
ইংলণ্ডে দিকপ্রান্ত পেয়েছিল সেদিন তোমারে
আপন বক্ষের কাছে, ভেবেছিল বুঝি তারি তুমি
কেবল আপন ধন; উজ্জ্বল ললাট তব চুমি
রেখেছিল কিছুকাল অরণ্যশাখার বাহুজালে,
ঢেকেছিল কিছুকাল কুয়াশা-অঞ্চল-অন্তরালে
বনপুষ্প-বিকশিত তৃণঘন শিশির-উজ্জ্বল
পরীদের খেলার প্রাঙ্গণে। দ্বীপের নিকুঞ্জতল
তখনো ওঠে নি জেগে কবিসূর্য-বন্দনাসংগীতে।
তার পরে ধীরে ধীরে অনন্তের নিঃশব্দ ইঙ্গিতে
দিগন্তের কোল ছাড়ি শতাব্দীর প্রহরে প্রহরে
উঠিয়াছ দীপ্তজ্যোতি মাধ্যাহ্নের গগনের ‘পরে;
নিয়েছ আসন তব সকল দিকের কেন্দ্রদেশে
বিশ্বচিত্ত উদ্ভাসিয়া; তাই হেরো যুগান্তর-শেষে
ভারতসমুদ্রতীরে কম্পমান শাখাপুঞ্জে আজি
নারিকেলকুঞ্জবনে জয়ধ্বনি উঠিতেছে বাজি।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »