Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুজিত বসুর গুচ্ছকবিতা

বেদনাঘন দিনে লিজাকে

মস্কো নগরীর বন বনান্তর ভরে গেছে হিম কুয়াশায়
শুকনো পাতারা সব ঝরে যায় ক্রমাগত তুহিন মর্মরে
এ সব বেদনাঘন দিনে লিজা মনে হয় তুমি যে কোথায়
কোন সুদূরের সুইডেনে যেন নির্বাসনে নির্জন বন্দরে;
কোথায় ঈশ্বর আজ, ঘণ্টা বাজে ঝমঝম হিমেলি নির্জনে
আমার পাপীর মনে কেন শুধু পাকায় যে ময়ালকুণ্ডলী
আমার ঈশ্বর আমি পদতলে লুটিয়েছি, বিষের অঞ্জলি
তোমাকে নিজেকে দেব একদিন ঠিক জেনো, মনে রেখো মনে;

প্রতিটি মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম
নখ দাঁত মুখ সব অস্ত্রের সম্ভারে সেজে ব্যর্থ এই রণে
বেশ তো নিমগ্ন আছি, কেন যে সুইডিশ তুমি স্তবগাথা মনে
এনে দাও শুধু শুধু, বিভ্রমে মস্কোকে আজ শুধু স্টকহোম
অবিরত মনে হয়, তুলোর ব্যান্ডেজ হাতে তুমি এলে নাকি
আহত শুয়েছি আজ, বুক পেট গলা মুখ রক্তে মাখামাখি।

*

স্মৃতির ইউলিয়া

স্বর্ণকেশী রাজকুমারী নীলাভ চাহনিতে
সম্মোহনে দিয়েছ মনে গোপন যন্ত্রণা
প্রখর বুকে উজ্জ্বলতা, তুহিন ঘন শীতে
শরীরে সেঁকে শরীর, তবু করেছ বঞ্চনা

চুলে কি তুমি লাগালে ভুলে সোনালি গাঢ় রোদ
অগ্নিস্রোতে দুজনে ভেসে সুদূর কোনো দ্বীপে
এলাচ বনে, এখন মনে বেদনা প্রতিশোধ
নিয়েছে, তেল ফুরোল বুঝি পুরোনো এ প্রদীপে

সন্ধে মরু রিক্ত ধূ ধূ, রাত্রি শুধু তার
গভীরে সরু স্রোতস্বিনী, পোশাক পরিচ্ছদ
ভাসাই তাতে রিক্ত হাতে, প্রচ্ছন্ন হ্রদ
সাঁতার কাটে কেবল যাতে হিংস্র জানোয়ার

গলার পাশে ঘনিয়ে আসে গিলোটিনের দাঁত
মধ্যরাতে দুঃস্বপ্ন জাগায় অসময়ে
বরফ তাপে পুড়েছে ঘর, শরীর কাঁপে ভয়ে
জ্যোৎস্না ঝরে সবার ঘরে, এখানে কালো রাত

ঘরের থেকে বেরোতে মানা, বন্দি আমি ঘরে
বোতলে কারো রক্ত গাঢ়, আমার মৃতা প্রিয়া
কবরে স্মৃতি, তাই তো রীতি, তবুও মনে পড়ে
মিথ্যে খুঁড়ে বেরোয় মৃত কবিতা ইউলিয়া।

Advertisement

*

কুয়াশায় লিয়েনাকে

হাইওয়ে এলে লিয়েনা তোমাকে খুব মনে পড়ে যায়
চকচকে ঝকঝকে পথ মস্কো মসৃণতা ভরা, লেনিন সরণি
বেয়ে বেয়ে গ্রীষ্মকালে কত পথ উজিয়েছি মস্কোর রাস্তায়
সেসব পুরোনো স্মৃতি, প্রাভদা সিনেমা হলে অন্ধকারে মণি
রিমঝিম ঝরে পড়ত জড়ানো হাতের ফাঁকে, অত শীতে ঘাম
ঝিরঝির বৃষ্টি হয়ে ঝরে যেত দুর্নিবার, মণিবন্ধে জ্যোতি
জলার মায়াবী আলো ঝিলমিলে সাংকেতিক, আস্তিনের হ্রদে
ভাসাতে মোহান্ধ তুমি কয়েকটি সোনার নৌকো, কোনোদিন যদি
গঙ্গা হয়ে পৌঁছে যায় ঝুলন্ত সেতুর নিচে, তাতে বুঝি নাম
তোমার প্রতীকচিহ্ন, সহজেই চিনে নেব আশ্চর্য ভারতে
হিমেল ভোলগার ছোঁয়া, আত্মবিস্মৃতির পথে যেতে যেতে ঘুরে
উপহার দেব শুধু একটি নাম শকুন্তলা, একান্ত অঞ্জলি
শুভেচ্ছালিপির মধ্যে, সারাটি আকাশভরা রক্তিম আবিরে
রক্তস্রোত বলে যাকে ভ্রম হয় অবিরত, সারা সেতু জুড়ে
এত ছিল ক্যাকটাস, কষ্ট হয় বড় কষ্ট ট্রামে বাসে ভিড়ে
স্মৃতিভ্রষ্ট ঘুরি ফিরি সারাদিন, কুয়াশায় রাতভর চলি।

*

তামারাকে সনেট

গোধূলি বিকেলে দেখা হয়েছিল তার সঙ্গে, গোধূলি বিকেলে
পাভলভস্কায়া স্ট্রিট তুহিন তুষারে মোড়া, রাস্তা দিয়ে ট্রাম
অলস শিথিল চলে, রমণীর ঝুরো চুলে ম্লান মায়া মেঘ
তারপর কথাবার্তা, অবান্তর কথাবার্তা ঢেকে রাখে কাম
মদের দোকান বন্ধ, যথারীতি নারী বলে মিশিয়ে আবেগ
চলো ঘরে যাই, আছে দুবোতল ড্রাই জিন, কেন যাবে বারে?
কিন্তু নারী ঘরে গিয়ে চকিতে বদলায় রূপ, নামে সে শিকারে
মস্কো নগরীর সীমা অতিক্রম অপরাধ, নিয়ে যাব জেলে

পিস্তল দেখাতে চায় জামার বোতাম খুলে, বোতামের ফাঁকে
কোথায় পিস্তল তার, উঁচোনো সঙিন হয়ে জোড়া ধ্রুবতারা
উরুতে মোমের জ্যোতি, উপরে আবদ্ধ তার রহস্যের খনি
এ যেন নরকে নামা, পাতালে ডোবাতে চায় লোলুপ আমাকে
উদাসী সঙ্গম শেষে কলরোলে হেসে ওঠে পিশাচী তামারা
উল্টোনো কলসির মত নিতম্বে বাজায় নারী মোজার্ট সিমফনি।

চিত্রণ: বিভাবসু

One Response

  1. এই বর্ষিয়ান কবির প্রারম্ভ যৌবন কেটেছে মস্কোয়। সেই উজ্জ্বল উত্তেজনাময়তায় আজো যেন মগ্ন কবি। কি অসাধারণ সব চিত্রকল্পের সন্ধান পেলাম তাঁর এই কবিতাগুচ্ছে। কবি ও ভালভাষাকে ধন্যবাদ ও শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 6 =

Recent Posts

সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ছোটগল্প: ফাউ

গরমকালে ছুটির দিনে ছাদে পায়চারি করতে বেশ লাগে। ঠান্ডা হাওয়ায় জুড়োয় শরীরটা। আকাশের একপাশে আবির। সন্ধে হবে হবে। অন্যদিকে কাঁচা হলুদ। চায়ের ট্রে নিয়ে জমিয়ে বসেছে রুমা। বিয়ের পর কি মানুষ প্রেম করতে ভুলে যায়? নিত্যদিন ভাত রুটি ডালের গল্পে প্রেম থাকে না কোথাও? অনেকদিন রুমার সঙ্গে শুধু শুধু ঘুরতে যায়নি ও।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারীকে আপন ভাগ্য জয় করিবার…

মনু-পরাশর-বৃহস্পতি-কৌটিল্যদের অনুশাসন এসে নারী প্রগতির রাশ টেনে ধরল। নারীর শিক্ষালাভের ইতি ঘটল, অন্তঃপুরে বাস নির্দিষ্ট হল তাঁর জন্য। তাঁকে বাঁধা হল একের পর এক অনুশাসনে। বলা হল, স্বাধীনতা বলে কোনও পদার্থ থাকবে না তাঁর, ‘ন স্ত্রী স্বাতন্ত্র্যমর্হতি’! কুমারী অবস্থায় পিতা-মাতার অধীন থাকবে সে, বিয়ের পর স্বামীর, বার্ধক্যে সন্তানের। ধাপে ধাপে তাঁর ওপর চাপানো হতে লাগল কঠিন, কঠিনতর, কঠিনতম শাস্তি।

Read More »
স্বপনকুমার মণ্ডল

গরিব হওয়ার সহজ উপায়

এককালে পর্তুগিজ-মগরা আমাদের নিম্নবঙ্গ থেকে দাস সংগ্রহ করত মালয়-বার্মাতে শ্রমিকের কাজের জন্য, ইংরেজ সাহেবরাও কিনত গোলাম। আজ আবার মানুষ সস্তা হয়েছে। ঔপনিবেশিক শাসকের দরকার নেই। খোলাবাজারে নিজেরাই নিজেদের কিনছে দেশের মানুষ। মানুষ বিক্রির মেলা বসে এখন গ্রামগঞ্জের হাটে হাটে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মহাশ্বেতা দেবী: স্বনামে চিহ্নিত অনশ্বর প্রতিভা

গ্রামশি-বর্ণিত ও পরবর্তীতে বহুলচর্চিত ‘সাব অলটার্ন’-এর আগেই মহাশ্বেতার লেখায় ব্রাত্যজনসংহিতা মূর্ত; ‘অরণ্যের অধিকার’ প্রকাশিত হয় ১৯৭৭-এ। আর সাব অলটার্ন-তত্ত্ব প্রথম দানা বাঁধছে ১৯৮২-তে জ্ঞানেন্দ্র পাণ্ডে, রণজিৎ গুহ, গৌতম ভদ্র, শাহেদ আমিন, পার্থ চট্টোপাধ্যায়দের সঙ্কলন প্রকাশের মাধ্যমে। অবশ্য তার বহু আগেই ইতিহাস রচনায় সাব অলটার্ন চেতনায় স্থিতধী দেখা গেছে রবীন্দ্রনাথকে। স্বামী বিবেকানন্দ মূর্খ, চণ্ডাল ও দরিদ্র ভারতবাসীর মাহাত্ম্য বুঝিয়ে গেছেন, আর বিভূতিভূষণকেও আমরা সামগ্রিক বিচারে প্রান্তিক মানুষের কথাকার রূপেই পাই। কিন্তু মহাশ্বেতা আরও ব্যাপক, গভীর, তন্ময়, নিবিড়, ও নিঃসন্দেহে দলিত জনতার কথাকার।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

সারদাদেবী: এক অনন্যা মাতৃরূপা

ব্রাহ্মণ ঘরের মেয়ে ও বধূ হয়ে তিনি কিনা মুসলমান ঘরামি আমজাদকে খেতে দিয়ে তার এঁটোকাটা নিজের হাতে পরিষ্কার করেন! বিধর্মী খ্রিস্টান নিবেদিতার সঙ্গে বসে আহার করেন! আর তাঁর চেয়েও বড় কথা, সে যুগের বিচারে বিপ্লবাত্মক ঘটনা, স্বামীর মৃত্যুর পর যে দীর্ঘ চৌত্রিশ বছর বেঁচেছিলেন তিনি, বিধবাবিবাহের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-ও যা কল্পনায় আনতে গেলে নির্ঘাত মূর্ছা যেতেন, লালপেড়ে শাড়ি আর সোনার বালায় ভূষিতা থাকতেন তিনি! আজকের উচ্চশিক্ষিত সমাজেও ক’জন পারবেন এ-কাজ করতে, বা নিদেন এ কাজকে সমর্থন করতে?

Read More »
মো. বাহাউদ্দিন গোলাপ

জীবনচক্রের মহাকাব্য নবান্ন: শ্রম, প্রকৃতি ও নবজন্মের দ্বান্দ্বিকতা

নবান্ন। এটি কেবল একটি ঋতুভিত্তিক পার্বণ নয়; এটি সেই বৈদিক পূর্ব কাল থেকে ঐতিহ্যের নিরবচ্ছিন্ন ধারায় (যা প্রাচীন পুথি ও পাল আমলের লোক-আচারে চিত্রিত) এই সুবিস্তীর্ণ বদ্বীপ অঞ্চলের মানুষের ‘অন্নময় ব্রহ্মের’ প্রতি নিবেদিত এক গভীর নান্দনিক অর্ঘ্য, যেখানে লক্ষ্মীদেবীর সঙ্গে শস্যের অধিষ্ঠাত্রী লোকদেবতার আহ্বানও লুকিয়ে থাকে। নবান্ন হল জীবন ও প্রকৃতির এক বিশাল মহাকাব্য, যা মানুষ, তার ধৈর্য, শ্রম এবং প্রকৃতির উদারতাকে এক মঞ্চে তুলে ধরে মানব-অস্তিত্বের শ্রম-মহিমা ঘোষণা করে।

Read More »