Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুজিত বসুর কবিতাগুচ্ছ

প্যারিসের ব্রিজিত

এখন প্রতীক্ষা এই, বড়ই বিধুর ছায়া প্যারিস স্টেশনে
মাত্র একটি দিন বড় মায়া দিয়ে ঢেকেছিলে তুমি মোহময়ী
ফরাসি বাদামি চুলে ঘন মোহাচ্ছন্ন করে ব্রিজিত তরুণী
সমস্ত ফ্রান্সের ছায়া শরীরে জড়ালে, যেন ইফেল টাওয়ারে
ক্লান্তির প্রতিমা মুখ ঝুলেছিল, ঝুলেছিল ঝুলন্ত উদ্যান
যেরকম ঝুলে খাকে এলোচুলে এলোচুলে, আমি ব্যাবিলনে
হঠাৎ এসেছি যেন, ক্ষণিকের আগন্তুক, এমন সময়ই
চলে যাব শোকাচ্ছন্ন সীন নদীতীর ছেড়ে, হীরে পান্না চুনি
তোমার মুকুটে থাকে, প্রাচীন যুবতী তুমি, কুয়াশা হাওয়ারে
বলে যাব নম্রলঘু, যেন তারা গির্জা জুড়ে নরম লজ্জায়
বিছোয় গভীর ছবি, ভ্যানগগ লুভরের চিত্রপট জুড়ে
ছড়িয়েছে যেরকম রঙিন মিহির জাল, আর লন্ডনের
টেমসের তীক্ষ্ণতা ছুরি বেঁধে না, বেঁধে না বুকে, প্যারিস মায়ায়
পাঠালে বাহিকা করে এ কাকে আশ্চর্যময়, সোনার মুকুটে
যদি বা ছড়াতে কাঁটা, তাহলে ঘনান্ধ বুকে এ রাত্রি সন্ধ্যায়
হত না বিষাদধ্বনি, যা নিয়ে আপ্লুত এই চলে যাওয়া দূরে।

*

আবার লন্ডনে আসা

ভোরের কুয়াশা সারা শরীরে, বিমান নামে হিথরো বন্দরে
বাতাসে হিমের ছোঁয়া, তাপমাত্রা সাত ডিগ্রি, সূর্য অন্তরালে
অনেক বছর পরে আবার লন্ডনে আসা, মন স্মৃতি খোঁড়ে
উত্তর সমুদ্র পাড়ি জাহাজে সেবার, মন বন্দি স্বপ্নজালে
সমাজতান্ত্রিক দেশে তখন তো ছাত্র, নেই পোশাকে ঝলক
ধনতন্ত্র চেনে শুধু ধনের জলুস, তাই প্রাপ্তি অবহেলা
ডোভারে প্রথম ভীরু পদক্ষেপে অভিমানে জলে ভরে চোখ
লন্ডনে পৌঁছেই দেখি ধনের গরিমা, দেখি প্রাচুর্যের মেলা
অনেক স্তিমিত তবু কিছুটা তো রয়ে গেছে মেকি অহংকার
নিভে গেছে রাজত্বের দীপশিখা, তবু বাজে অক্সফোর্ড স্ট্রিটে
ট্রাফালগার স্কোয়ারে বা হাইড পার্কে আজও ক্ষীণ জয়ের ঝংকার
যা কিছু উষ্ণতা ছিল অতীত গর্বের সব জমে গেছে শীতে
রাকস্যাক কাঁধে নিয়ে ঘোরাফেরা রাজপথে, সীমিত মুদ্রায়
কলা রুটি কোক দিয়ে প্রাতরাশ দুপুর ও রাতের আহার
সেবারে নিয়মমতো, উপভোগ অজানাই থেকে যেত প্রায়
পকেটে পাউন্ড দিত অতি লঘু চাপ, বুকে বিষাদ পাহাড়
এবারে আমার কাছে রানির হাসিতে মাখা অনেক কাগজ
শ্বেতাঙ্গিনী ওয়েট্রেস স্যার নামে সম্বোধনে জানায় সম্মান
ইসলিংটনে দেখি ধবল ঊরুর শোভা নারীদের রোজ
এখন স্টেশনে আর শুতে হয় না, হোটেলের বাথটবে স্নান
এখন লন্ডনে ঘোরে অনেক রঙের লোক, নগর বর্ণিল
অয়সটার কার্ড নিয়ে বাসে বা পাতালপথে চলাফেরা করি
উবের বা কালো ক্যাবে অনায়াসে যাতায়াত, জীবন স্বপ্নিল
কটাক্ষের ইশারাতে প্রতিদিন ডাক দেয় রূপসী নগরী
এসবের দাম আছে, শরীরে জীর্ণতা বাঁধে অবাঞ্ছিত বাসা
চুলেও রুপোলি ছাপ, যদিও আমাকে আর সম্রাজ্ঞীর ঘৃণা
করে না আদৌ বিদ্ধ, হয়তো পাউন্ডে কিনি তাঁর ভালবাসা
দুবার এলাম তবু কোনটা যে ভাল ছিল জানি না বুঝি না।

*

স্টকহোমে নিঃস্ব পথিক

রত্নাগারের তালা খুলে কেন যে দাও খুলে
স্টকহোমে কি আমিই শুধু নিঃস্ব পথিক আজ!
লোভীর চোখে স্বপ্ন আনে রত্নহিরের খোঁজ
কী কুড়োব, কীই বা নেব, কোথায় পাব আজ
এ সব ভেবে এই অবেলায় মিথ্যে মরি ঘুরে
ভিক্ষার পাল বাঁধা শুধু আমারই মাস্তুলে!
ওই যে অলেনস দোকানে এক সুইডিশ যুবতী
খাটো প্যান্টে দেখায় ঊরুর মাদক আন্দোলন
সেও কি খুঁজে চলছে না তার পরশপাথর রোজ
গোপন ব্যথা যন্ত্রণা তার বুকের শিখর চূড়ে
নেয়নি বাসা, কোন কুয়াশা থমকে জামার ভাঁজে
হৃদয়ে তার কি তির বেঁধা, তাই কি সে অস্থির
উথালপাথাল শব্দে কি তার রিক্ততা গোপন
হয় কখনো, বৃন্তে বুকের বিঁধল সোনার তির
ক্রোনার পাউন্ড আর ইউরোর হিসেব ও লাভ ক্ষতি
সব ধুইয়ে বৃষ্টি, মনে তবুও বিষাদ বাজে।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

2 Responses

  1. বাঃ, চমৎকার। আবার একগুচ্ছ কবিতা পেলাম। দুটি দীর্ঘ কবিতা, কী ঝরঝরে চলন। প্রায় আধখানা ইউরোপ ঘুরে আসা গেল। কবিকে শুভেচ্ছা

  2. অমিতাভ ভট্টাচার্য কলকাতা শ্রী সুজিত বসু র এই তিনটি নতুন কবিতা গুলো khub ভালো লাগলো. চমৎকার. আশা করবো ওনার আরও নতুন নতুন কবিতা আপনাদের ভালোবাসা তে প্রকাশিত হোক. ধন্যবাদ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =

Recent Posts

মণিশংকর বিশ্বাস

মণিশংকর বিশ্বাসের কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ ম ণি শং ক র  বি শ্বা স কুদৃষ্টি রাস্তার চোখগুলি মনে পড়ে স্নানঘরেও মেয়েটি ভয় পাচ্ছে নগ্ন হতে °°° ক্ল্যাইম্যাক্স মুনমুনকে খুঁজছি সকাল

Read More »
নুশান জান্নাত চৌধুরী

নুশান জান্নাত চৌধুরীর ছোটগল্প

রাত-জ্বলা পোকা নু শা ন  জা ন্না ত  চৌ ধু রী ।। ১ ।। দক্ষিণে, শিরাজের তখত নিয়ে জান্দ আমিরদের নিজেদের ভেতর কামড়াকামড়ি। উত্তর থেকে

Read More »
শুভদীপ রায়চৌধুরী

শুভদীপ রায়চৌধুরীর কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ শু ভ দী প  রা য় চৌ ধু রী দৃষ্টি অন্ধের যষ্টির মতো ধরতে চেয়েছি অন্ধ আসলে কী ধরে? প্রতিবিম্ব? ছায়া? নাকি শান্ত অন্ধকারে

Read More »
দত্তাত্রেয় দত্ত

দত্তাত্রেয় দত্তর প্রবন্ধ

অজস্র ত্রুটি ও অপব্যাখ্যায় পরিকীর্ণ ব্রুকের এই ফাঁপা মহাভারত-নাট্য সম্বন্ধে সংক্ষেপে কিছু বলতে গেলে বলতে হয়, ওটা হলো মহাভারতের মলাট অবলম্বনে ব্রুকের বানানো একটা গপ্পো মাত্র: মহাভারতের নাম-না-শোনা পশ্চিমা দর্শকমণ্ডলীকে ঘেবড়ে দেবার জন্য তৈরি। তাই আমাদের দেশেও চট্ করে পশ্চিমা হয়ে যাবার লোভে অনেকেই ব্রুকের মহাভারতের স্তুতি গেয়ে থাকেন— বিশেষত তাঁরাই, যাঁরা মহাভারত পড়েননি।

Read More »
রথীন চক্রবর্তী

ইউক্রেন ভ্রমণ: রথীন চক্রবর্তী

ইউক্রেনে প্রথম দু’টি রাত র থী ন  চ ক্র ব র্তী যাক, শেষপর্যন্ত ইউক্রেনের মাটিতে পা রাখা সম্ভব হল! ভিসা পাওয়ার জন্য কলকাতায় নিজের অফিস

Read More »
মানব সাধন বিশ্বাস

ব্রিটিশ গল্প ।। অনুবাদ: মানব সাধন বিশ্বাস

পরিচয় ডরিস লেসিং মা ন ব সা ধ ন  বি শ্বা স ক্যাথারিনকে বলেছিলাম ওকে আমার আরেক কিশোর-বন্ধু ফিলিপের সঙ্গে আলাপ করিয়ে দেব। ফিলিপ লন্ডন

Read More »