প্রতীক্ষা
অ র্থি তা ম ণ্ড ল
আপাতত বিশ্রাম, তারপর ঝাঁপানের ভেতর থেকে
বিষকন্যা ফুল আঁকে রোজ কিংবা ঘাম, অশ্রু, দাগ…
মুহুর্মুহু ভেঙে যাচ্ছে লোকাচার, ধু ধূু চোখ দুয়ারের খসে পড়া কপাটে…
গোল্লাছুট উঠোনে নতজানু বিগত শতক, আমাদের মায়া রঙের গেরস্থালি
আগুন ছুঁয়ে যে সব মৃতদেহ ভেসে গেছে আজ, ধূপ ধূপ দিনে—
তাদের কপালে নিরন্ন তিলক। সহস্র উপবাসের ভেতর
আমরা শিকড় ধরে ধরে বিষকন্যার কাছে ফিরি,
বিষকন্যা সমস্ত বিষ গিলে শুষে নেয় মৃত শরীরের অসুখ—
একটু একটু করে ছড়িয়ে গেল শস্যবীজ—
খুনিরা মরে গেলে ঝোলানো দেয়ালে আমাদের জন্ম…
এসব অলৌকিকের ভেতর ভাতের গন্ধ চেয়ে চেয়ে
গোলাপি রঙের দুপুর আদিগন্ত ধানখেত এবং…
লাল নক্ষত্রের কথা লিখে রাখে জন্ম-জন্মান্তরের আয়ু
°°°
চিত্রণ: দেবাশিস সাহা





