Search
Generic filters
Search
Generic filters

সুনন্দ অধিকারীর ছোটগল্প

হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, শ্রয়েডিংগারের বেড়াল ও একটি সম্পর্ক

সু ন ন্দ  অ ধি কা রী

একবার রাস্তার দিকে, পরক্ষণেই আবার ব্রিজটার দিকে ঘুরে দেখছি আমি। আমি অর্থাৎ মণিময় সান্যাল। এক বহুজাতিক কোম্পানির জেনারেল ম্যানেজার। যার মাসমাইনের ওজন এবং ক্ষমতা, এর কোনওটার সঙ্গেই এই মুহূর্তের মণিময়কে মেলানো যে কারও পক্ষে অসম্ভব।
কিন্তু কেন? এইরকম একটা মানুষের এ হেন দশা কেন!
কৃতজ্ঞতার সুরধ্বনি? না কি ভালবাসার ম্যাজিক লন্ঠন! কী বলা যাবে একে। চৈত্রের শেষ বিকেলে সারা আকাশ জুড়ে একটা মনকেমন করা আলো! মন ভালরও কি নয়?
মণি বসে আছে নিমতলার এক ঘাটে। ঘাটটা ঠিক শ্মশান লাগোয়া নয়। আবার শ্মশান থেকে যে খুব দূরে, তাও বলা চলে না। তার সামনে দিয়ে আহ্বানে, প্রত্যাখানে, সম্মতিতে, অসম্মতিতে, প্রেমে, বিচ্ছেদে, বিরহে, শোকে, নিবিড় একাকিত্বে, বিপুল জনারণ্যে— এককথায় জীবনের সমস্ত কিছুকে একসঙ্গে বুকে নিয়ে নির্লিপ্ত নদী সে বয়ে চলেছে সেই কবে থেকে আজও। মণি ঘড়ি দেখতে থাকে ঘন ঘন।
ঠিক সেই সময় দুটো লোক এসে সামনে ঘাটের প্রথম ও দ্বিতীয় সিঁড়ি দুটো ছেড়ে তৃতীয়টায় গিয়ে বসে। মনে মনে বিরক্ত হয় মণি। তার একাকিত্বের ব্যাঘাত ঘটাবে না তো? অথবা বীথি যদি ঠিক…
‘…আসলে বুঝলেন না, ছোট হোক বা বড়। আপনি যদি কোনও কিছু ভাঙতে চান, অথবা যদি সে নিজে থেকেই ভেঙে পড়ে। সেই সময়টা কিন্তু কয়েক মুহূর্ত থেকে শুরু হয়ে, কয়েক ঘণ্টা। বড় জোর খুব বিশাল কিছু হলে সেটা কয়েকটা দিন পর্যন্ত গড়িয়ে যেতে পারে।’
‘হ্যাঁ। আপনার এই কথাগুলো মেনে নিচ্ছি। কিন্তু এখানে আসার একটু আগেই ভাঙার উল্টোপিঠ নিয়ে কী একটা বলতে আরম্ভ করেছিলেন। বাস পেয়ে যাওয়ায় আমাদের বাসে উঠে পড়তে হল। কথাটা শেষ হল না।’
ঠিক। মণি যা আশঙ্কা করেছিল ঠিক তাই। তার একাকিত্বে ব্যাঘাত ঘটাচ্ছে লোকদুটো। আবার এও সত্যি লোকদুটোর চেহারা পোশাক চলন ইত্যাদি দেখে যে ধরনের লোক মনে হয়েছিল, কথাবার্তায় সেরকম লাগছে না।
‘হ্যাঁ। ঠিক বলেছেন। ওই কথাটা আর শেষ করা হয়নি তখন। আপনি শুনবেন সেই কথাগুলো? এখনই শুনবেন?’
‘কেন শুনব না। আপনি বললেই শুনব।’
‘বেশ। আপনি যখন শুনবেন বলছেন। তখন শোনাই আপনাকে। আমার কথা শোনার তো তেমন কেউ নেই। আপনি যখন নিজেই যেচে শুনতে চাইছেন। এমন সুযোগ আর হাতছাড়া করি কেন।’
‘না না, হাতছাড়া করা একদম উচিত হবে না।’
‘বেশ তাহলে শুরু করি বলুন।’
‘শুরু করুন, শুরু করুন। তাড়াতাড়ি শুরু করুন। বলা তো যায় না। কখন কোথা থেকে কী বিঘ্ন এসে পড়ে।’
‘সেই ভাল। হ্যাঁ। যা বলছিলাম। ব্যাপারটা যদি ভাঙার উল্টোপিঠ গড়া হয়, তখন সেখানে কথা থাকে অনেক। তা সে কোনও জড়বস্তুই হোক কিংবা কোনও সম্পর্ক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি আপনাকে।’
‘করুন।’
‘আচ্ছা, বলুন তো ‘সম্পর্ক’। এই শব্দটার মধ্যেও বাঁচা-মরা থাকে। হ্যাঁ কি না?’
‘মানে! এই ব্যাপারটা তো ঠিক বোধগম্য হল না।’
সত্যি বলতে এই অসময়ে লোকদুটো এখানে এসে জুড়ে বসায় মণির যে শুধু শান্তি বিঘ্নিত হচ্ছে তাই নয়, মণি ভাবছে অনেক ভেবেচিন্তে এমন একটা জায়গা বীথির সঙ্গে দেখা করার জন্য ঠিক করল, যেখানে কিনা লোকের উপস্থিতি প্রায় থাকবে না বললেই চলে। অথচ সেখানেও কিনা…
অগত্যা এখন আর কী করা। মণি চেষ্টা করে যতটা সম্ভব লোকদুটোর কথায় কান না দিতে। ঠিক তখনই ডানদিকে বসা লোকটার প্রশ্নটা মণিকে একদম আমূল নাড়িয়ে দেয়! সত্যি, এ বড় মোক্ষম প্রশ্ন। মানুষের বাঁচা-মরা হয়। কিন্তু তাই বলে সম্পর্কেরও কি জীবিত-মৃত থাকে?
‘বোধগম্য হল না তাই তো?’
‘বেশ। তা হলে বলুন, আপনার বাবা বেঁচে আছেন, না নেই?’
‘কী যে বলেন মশাই। বেঁচে নেই শুধু নয়, সেই কবে আমার শিশুকালেই তিনি পৃথিবীর মায়া কাটিয়ে কেটে পড়েছেন।’
‘না না, ওভাবে বলবেন না। তা হলে একজন মৃত মানুষকে, থুড়ি তাঁর স্মৃতিকে অসম্মান করা হয়। তার ওপর নিজের বাবা বলে কথা। তা সে যাই হোক, মোটকথা বাবা-ছেলের মতো একটা সম্পর্ক তা মৃত।’
‘হ্যাঁ মশাই। মৃত বলে মৃত।’
‘বুঝলাম। কিন্তু আপনি কি মনে করেন, বাবা মারা গেছেন বলেই সম্পর্কটা মরে গেছে? বাবা জীবিত থাকলেই বেঁচে থাকত সম্পর্ক?’
‘হ্যাঁ। অবশ্যই। এটা একটা প্রশ্ন হল। তাছাড়া আবার কী?’
‘এই, এখানেই ভুলটা করলেন। মস্ত একটা ভুল।’
‘ভুল মানে!’
‘মশাই ধরে নিন যে, আপনার বাবা আপনার বিবাহ পর্যন্ত জীবিত ছিলেন। কিন্তু আপনি এমন একজনকে বিয়ে করেছিলেন সেটা আপনার বাবার একেবারেই অপছন্দের ছিল। তিনি কোনও ভাবেই মেনে নেননি সেই সম্পর্ক। ফলত আপনাকে আপনার পৈতৃক ভিটে ত্যাগ করতে হয়েছিল শুধু নয়, আপনার স্ত্রী একজন অত্যন্ত ভালমানুষ হওয়া সত্ত্বেও তিনি জীবনে কোনওদিন আপনার স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদা দেননি। তথাপি প্রয়োজনে আপনি বাবার প্রতি কর্তব্যে অবহেলা করেননি। তা এ হেন বাবা-ছেলে সম্পর্ককে কি আপনি জীবিত বলবেন?’
বলা বাহুল্য, মণি এখন কান খাড়া করে ওই দু’জনের কথাই শুনছে তো বটেই। এমনকী পিছনে বসে তাদের লক্ষ্যও করছে তীক্ষ্ণভাবে। মণি দেখে— মণির ডানদিকে বসা লোকটার মুখে এই কথাগুলো শুনে বাঁদিকে বসা লোকটা কেমন চুপচাপ হয়ে গেল। প্রশ্নের উত্তর দেওয়া তো দূর, তার বদলে সূর্য ডুবে যাওয়ার পরও জলে যে আলোর খেলা চলছে সেদিকে তাকিয়ে কেমন যেন উদাস সে! অবশ্য এর কিছুক্ষণ বাদে হঠাৎ সেই লোকটাই বলে উঠল, ‘বুঝেছি মশাই বুঝেছি। আপনি যা বলতে চাইছেন এবার বুঝেছি।’
এবার হতচকিত হওয়ার পালা ডানদিকে বসা লোকটার। সামান্য হলেও মণিরও। তা যাই হোক। সিঁড়ির ডানদিকে বসা লোকটা এবার কথা বলে ওঠে।
‘আমি কি অজান্তে আপনাকে আঘাত দিয়ে ফেললাম? যদি দিয়ে ফেলে থাকি দয়া করে ক্ষমা করে দেবেন।’
‘কী বলছেন মশাই। আঘাত দেবেন কেন। উল্টে বরঞ্চ আমার চোখ খুলে দিলেন আপনি। আমি এতদিনে বুঝতে পারলাম সম্পর্কেরও বাঁচা-মরা আছে। আর সেই বাঁচা-মরা মানুষটার জীবিত থাকার সঙ্গে জড়িত হতে পারে, আবার নাও পারে।’
‘আর একটু যদি খোলসা করে বলেন। তা হলে সুবিধে হয় বুঝতে।’
যেন মণির মনের কথাটাই বলে দিল ওই ডানদিকে বসা লোকটা।
‘আসলে কী জানেন, আপনি ওই যে বাবার কথা বললেন। উদাহরণ দিলেন একটা। আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। তার ঠিক ওরকমই হয়েছিল। সেখানে অবশ্য তারা এক ছাদের তলাতেই থাকত। কিন্তু তা সত্ত্বেও একটা সময়ের পর বাবার সঙ্গে ছেলের সম্পর্কটা কেবল বায়োলজিক্যাল ফাদারেই পর্যবসিত হয়ে গেছিল। সেখানে প্রাণের কোনও টান ছিল না।’
‘তাই!’
‘হ্যাঁ ঠিক তাই।’
‘আর দ্বিতীয়টা? মানে সম্পর্ক যেখানে জীবন্ত।’
‘বলছি বলছি। আসলে সেটা আমার নিজের জীবনের গল্প। গল্প নয় সত্যি।’
‘ব্যাপারটা কীরকম জানেন। আজ বছর তিনেক হল হঠাৎ করে মাত্র তিনদিনের জ্বরে আমার স্ত্রী চলে গেলেন। তিনদিনের দিন সকালে নার্সিংহোমে ভর্তিও করানো হয়েছিল। কিন্তু সেই রাত আর কাটল না। সেই ভোররাতেই চলে গেলেন।’
‘সরি সরি, কিছু মনে করবেন না। আমি না জেনে আপনার ব্যথার জায়গায় হাত দিয়ে ফেলেছি! আপনার বলতে ইচ্ছে না করলে বলবেন না।’
‘না না বলব না কেন বলছেন। একথা তো আমাকে আজ বলতেই হবে। আপনি তো আমাকে আমার তৃতীয় চোখ খুলে দিলেন!’
‘মানে? আমি! তৃতীয় চোখ! বিষয়টা ঠিক…।’
‘বললেই বুঝতে পারবেন। আসলে, ওই যে আপনি বললেন সম্পর্কের বেঁচে থাকা। আমি এখন উপলব্ধি করছি জানেন। দেখুন, আমার স্ত্রী তিন বছর হল গত হয়েছেন। তা তিনি যখন জীবিত এবং কর্মরতা ছিলেন, তখন সপ্তাহে অন্তত কমবেশি তিনদিন আমরা একসঙ্গে বাড়ি ফিরতাম। আসলে, ওনার অফিস আর আমার কর্মক্ষেত্র এ দুয়ের মাঝে— মেট্রোর চাঁদনি চক স্টেশন পড়ত। আমার যেহেতু আধঘণ্টা আগে ছুটি হত। তাই আমি আগে এসে ওনার জন্য ওই স্টেশনের বাইরে অপেক্ষা করতাম। উনি আমার দাঁড়ানোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে আসতেন। আর তারপর…।’
‘তা এর সঙ্গে সম্পর্কের বাঁচা-মরা?’
‘দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছেন কেন। আগে পুরোটা শুনুন।’
‘সরি সরি, বলুন।’
‘হ্যাঁ যা বলছিলাম। তা ওই একসঙ্গে ফেরার ব্যাপারটা তো স্ত্রী গত হওয়ার পর বন্ধ হয়ে গেল। আমি এখন আর ওই স্টেশন হয়ে ফিরি না। কিন্তু এখনও কি হয় জানেন?’
‘কী হয়?’
‘হয় কী— যদি কখনও কোনওদিন কোনও কাজে— ওই ধরুন বিকেল-সন্ধের দিকে, ওই স্টেশন দিয়ে ফিরি— অদ্ভুত ব্যাপার— আমি যে জায়গাটা দাঁড়িয়ে থাকতাম অথবা আমার কোনও কারণে দেরি হলে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করতেন— ঠিক সেখানটায় এসে আমার মনে হয় একটু দাঁড়িয়ে যাই। ও নিশ্চয়ই যখনতখন এসে পড়বে। অথবা ধরুন, ও যেখানটা দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করত— ঠিক সেখানেই আমার স্ত্রীর সমবয়সি কোনও একজন মহিলা দাঁড়িয়ে আছেন— তার দিকে একবার তাকিয়ে আমার মন শান্ত হয় না। একাধিকবার আমি তাকে দেখি। সে দূর থেকে যেমন, তেমনই তার কাছে গিয়ে।’
‘দেখুন আপনি সম্পর্কের বাঁচা মরার কথা বলছিলেন। আগের ঘটনাটায় পেলাম মানুষটা জীবিত। কিন্তু তাদের ভেতরের সম্পর্কটা মরে গেছে। আর আমার নিজের বেলা ঠিক তার উল্টো। মানুষটা নেই। কিন্তু সম্পর্কটা এখনও জীবিত।’
বেশ কিছুক্ষণ চুপচাপ দু’জন। মণিও কেমন যেন থম মেরে গেছে। কী বলবে। কী করবে। ওদিকে বীথিও তো…
এই যখন অবস্থা তখন আবার ওই সিঁড়ির বাঁদিকে বসা লোকটা কথা বলতে শুরু করে।
‘শুনুন দাদা। আপনাকে আর ভাঙার উল্টোপিঠ নিয়ে বাকিটুকু বলতে হবে না। ওটা বরঞ্চ আমিই বলি। কী বলেন?’
‘বলুন বলুন, নিশ্চয়ই বলুন। এখন আপনি বললে আমার চাইতে অনেক অনেক সঠিক বলবেন। সত্য বলবেন।’
‘বেশ। ভাঙার উল্টোপিঠ হল গড়া। তাই তো?’
‘একদম তাই।’
‘তা হলে এই গড়া বা গড়ে তোলার মধ্যে যদি সেটা জড়বস্তু হয়। যেমন ধরা যাক, কোনও সেতু। অথবা মনোহর দৃষ্টিনন্দন কোনও স্থাপত্য। সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু তাকে মা গঙ্গার হাতে ছেড়ে দিলে চলে না। সেই বস্তুটিকে তখন টিকিয়ে রাখতে ও তার স্বাভাবিক ক্ষয় রোধ করতে বস্তুটির রুটিন চেকআপ এবং সেই অনুযায়ী রক্ষণাবেক্ষণ অবশ্য জরুরি। হ্যাঁ। সেখানে অবশ্যই স্থাপত্য ও সেতু, দুয়ের বেলা দু’রকম। কিন্তু নিরন্তর নজরদারি ব্যাপারটা কিন্তু দু’জনের বেলাতেই প্রযোজ্য।
তা এই হল গিয়ে জড়বস্তুর গল্প। এবার আসা যাক মানুষে মানুষে সম্পর্কে। সেখানে তো কোনও বা সম্পর্ক রাতারাতি গড়ে ওঠে না। আর গড়ে ওঠা মানেই যে তা চিরকাল অর্থাৎ দুটো মানুষের একজনের জীবনকাল অবধি স্থায়ী হবে তার কোনও নিশ্চয়তা নেই। তা সে সাধারণ বন্ধুত্ব থেকে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, এমনকী বাবা-মার সঙ্গে সন্তানের বেলাতেও সেই প্রযোজ্য। এখন তা হলে উপায়?
উপায় হল, সেই সম্পর্কটাকে প্রপার নারচার করা। অর্থাৎ নিত্যযাপনের প্রতিটি পলে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে তাকে সযত্নে লালনপালন করা। তার পরিচর্যা করে যাওয়া। আর তবেই সে সম্পর্ক সত্যকার জীবিত থাকে।’
এতক্ষণ একটানা অনেকক্ষণ কথা বলে এবার সেই বাঁদিকে বসা লোকটা চুপচাপ হয়ে যায়। ইতিমধ্যে সন্ধে নেমেছে। ডানদিকে বসা লোকটাও চুপ। মণি তো এতক্ষণ ধরে সম্পূর্ণ চুপই ছিল। এবার যেন আরও একটু বেশি বেশি চুপ হয়ে যায়। আর ঠিক তখনই হঠাৎ করে তার মনে এসে পড়ে বিজ্ঞানের দুটো প্রসঙ্গ।
‘হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি’ ও শ্রয়েডিংগারের বেড়ালটার কথা। প্রথম নীতিটি বলছে, বস্তুর অবস্থান এবং ভরবেগ দুটোকে একসঙ্গে নিঁখুতভাবে পরিমাপ অসম্ভব।
অবশ্য এই অবস্থায় হঠাৎ করে মণির মনে বিজ্ঞানভাবনা এসে পড়ার কারণ মণিও নিজেও জানে না। এ যেন অনেকটা শশ্মানে দাঁড়িয়ে— প্রেমের কবিতার লাইন মনে পড়ে যাওয়া!
আর এই ‘প্রেম’ কথাটা উদয় হতেই আমার মনে পড়ে যায় বীথির কথা। কিন্তু আমি তো এখনও পর্যন্ত সম্পর্কের লালনপালন, পরিচর্যা ইত্যাদি থেকে অনেক অনে…ক দূরে।
এসব সাত-পাঁচ ভাবনার মধ্যে কখন যে সিঁড়িতে বসা লোকদুটো উঠে চলে গেছে আমি এতক্ষণ খেয়াল করিনি। এখন হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে দেখি— সে স্থান শূন্য। এও লক্ষ্য করি, ইতিমধ্যে সন্ধে আরও ঘন হয়েছে। জোয়ার এসেছে গঙ্গায়। সিঁড়িতে সেই জল এসে ধাক্কা মারছে সশব্দে। কিছুক্ষণ আগেও দৃশ্যমান থাকা বেশ ক’টা সিঁড়ি এখন জলের তলায়।
নাহ্। এবার আমাকেও ফিরতে হবে। আমি চেষ্টা করি বেঞ্চ ছেড়ে উঠতে। কিন্তু…। আসলে, আমার অবস্থা এখন শ্রয়েডিংগারের সেই বেড়ালটার মতো।
যে কি না একই সঙ্গে জীবিত, আবার মৃত— দুইই!

°°°

চিত্রণ: সৌজন্য চক্রবর্তী 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 16 =

Recent Posts

পবিত্র সরকার

পবিত্র সরকারের বিশেষ রচনা

বাংলাদেশের প্রগতিশীল মানুষদের রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু বেশি দুর্বলতা আছে। রবীন্দ্রনাথ আমাদের কাছে যত কিছু, তাঁদের কাছেও তত কিছু তো বটেই, কিন্তু তারও চেয়ে অনেকটা বেশি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেনাপতি। বাহান্নর ভাষা-আন্দোলনের সময় থেকে, আয়ুব শাহি ফরমানে রেডিয়োতে রবীন্দ্রসঙ্গীত নিষেধ আর রবীন্দ্র-শতবার্ষিকীর ওপর ফতোয়া জারি থেকে রবীন্দ্রনাথ বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক মহাশক্তিধর যোদ্ধা, তাঁর সম্বন্ধে এঁরা তাই এত স্পর্শকাতর।

Read More »
মীরাতুন নাহার

মীরাতুন নাহারের প্রবন্ধ

হিন্দু-সাম্প্রদায়িকতা এবং মুসলমান-সাম্প্রদায়িকতা উভয়কেই তিনি যুক্তি ও তথ্যদ্বারা দ্ব্যর্থহীন ভাষায় ধ্বংসাত্মক বলে বোঝাতে চেয়েছেন দেশবাসীকে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শের দ্বারা অনুপ্রাণিত দেশবাসীকে তিনি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন, যদিও তাঁর মূল লক্ষ্য ছিল ‘সাম্প্রদায়িকতার বিষ’ দেশবাসীর মন থেকে নিষ্কাশন করে দেশকে বিপন্মুক্ত করা।

Read More »
গৌতম ঘোষ

গৌতম ঘোষের প্রবন্ধ

চলচ্চিত্রের ধর্ম হল সময়কে ধরে রাখা, সময়ের স্মৃতিমালাকে ধরে রাখা। সেই পদ্ধতি, সেই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। এখন আমাদের আরও মানবিক হতে হবে। চলচ্চিত্র যারা তৈরি করবেন তারা শুধুমাত্র সস্তার বিনোদন সরিয়ে রেখে একটু মানবিক ছবি করবেন। যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক, মানুষ ও সমাজের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে। যা আমরা বিশ্বের শ্রেষ্ঠ ক্লাসিক সব সিনেমায় দেখেছি, সেই ভাবনায় ভাবতে হবে।

Read More »
সঞ্জয় মুখোপাধ্যায়

সঞ্জয় মুখোপাধ্যায়ের বিশেষ নিবন্ধ

বস্তুত সুকান্ত কবিতার চাইতে বড়। তিনি এক প্রতীকচিহ্ন। সারা ভারতে যখন কবিকে ভাবা হয়েছে জনতার একজন প্রতিনিধি হিসেবে, তখন সুকান্তকেই ভাবা হয়েছে। তামিল বা হিন্দি সিনেমাতেও হয়েছে। যেমন রাজেশ খান্নার ‘অনুরোধ’ নামের ছবিটিতে যে কবিটি রাজেশের বন্ধু ছিলেন তার নাম সুকান্ত। অথবা অতদূরে কেন যাই, বাংলায় উত্তম-তনুজার ‘দেনা পাওনা’ ছবিতে উত্তম যে বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় আসেন, তার নামও তো সুকান্ত। তিনিও তো ফুসফুসের রোগী।

Read More »
কালীকৃষ্ণ গুহ

কালীকৃষ্ণ গুহর কবিতা

একটি রাত্রি কা লী কৃ ষ্ণ  গু হ প্রতিটি রাত্রিকেই নতুন মনে হয়— অচেনা লাগে। আজকের রাত্রিটা যেন চির-অচেনা যেন কিছু ঘটার ছিল যা ঘটেনি

Read More »
অভিজিৎ সিরাজ

অভিজিৎ সিরাজের ছোটগল্প

ফরেস্ট বাংলো অ ভি জি ৎ  সি রা জ শঙ্কর দত্তকে আমি শেষ দেখি আনন্দপুরে মাদুরদহের একটা স্কুল বাড়িতে। অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। বাড়ির

Read More »