মাতাল আর সুস্থমস্তিষ্ক পিশাচের কথোপকথন
আন্তন পাভলোভিচ চেখভ
স্মি তা সে ন গু প্ত
কমিসারিয়েট বিভাগের প্রাক্তন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কলেজিয়েট সচিব লাখমাতভ, তার টেবিলে বসে ষোলো নম্বর পেগ গলায় ঢালতে ঢালতে ভ্রাতৃত্ব, সাম্য আর স্বাধীনতার কথা চিন্তা করছিলেন। হঠাৎ টেবিল ল্যাম্পের পেছন থেকে একটা পিশাচ উঁকি মারল… পাঠিকারা ভয় পাবেন না যেন। আপনারা কি জানেন পিশাচকে কেমন দেখতে? সে সুন্দর চেহারার এক যুবক, যার মুখ বরফের ওপর হাঁটার বুটের মতো কালো আর লাল অভিব্যক্তিপূর্ণ চোখ। তার মাথায় শিং, যদিও সে বিবাহিত নয়,… চুলে আ লা ক্যাপুল ছাঁট (উনবিংশ শতাব্দীর ফ্রেঞ্চ গায়ক ক্যাপুলের মতো, মাথার মাঝখানে সিঁথির দু’পাশে পেতে আঁচড়ানো)। সবুজ লোমে ঢাকা শরীরে কুকুরের গায়ের গন্ধ। পিঠের নীচে, একটা লেজ ঝুলছে, যার শেষে একটা তির… আঙুলের পরিবর্তে— নখ, পায়ের পরিবর্তে— ঘোড়ার খুর। লাখমাতভ, পিশাচটাকে দেখে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেই, সবজেটে পিশাচগুলোর সাধারণত মাতালদের দেখা দেওয়ার একটা বোকা অভ্যাস আছে কথাটা মনে পড়ায়, তিনি শান্ত হয়ে গেলেন।
আজ কার সাথে কথা বলার সৌভাগ্য হবে আমার? তিনি অনাহূত অতিথির দিকে ফিরে জানতে চাইলেন।
পিশাচটা লজ্জায় চোখ নামিয়ে নিল।
‘লজ্জা পাবেন না’, লাখমাতভ আলাপ চালিয়ে গেলেন। ‘কাছে আসুন… আমি পক্ষপাতহীন মানুষ, আপনি আমার সাথে নিঃসংকোচে… মন খুলে কথা বলতে পারেন… তা, আপনার পরিচয়টা?’
পিশাচ ইতস্তত করে লাখমাতভের কাছে গেল আর তার লেজটা গুটিয়ে বিনয়ের সাথে অভিবাদন জানাল।
‘আমি পিশাচ, দুষ্ট আত্মা…’, সে নিজের পরিচয় দিল। ‘আমি মহামান্য শ্রীযুক্ত শয়তানের নরকীয় চ্যান্সেলারির পরিচালকের বিশেষ দায়িত্বে নিযুক্ত একজন কর্মকর্তা।’
‘হ্যাঁ, শুনেছি বটে… আলাপ হওয়ায় খুব ভাল লাগল। বসুন! আপনাকে একটু ভদকা ঢালি? খুব খুশি হলাম… তা আপনি কী করেন?
পিশাচ আরও বেশি বিব্রত হয়ে পড়ল…
‘আসলে, এখন আর আমার কোনও নির্দিষ্ট পেশা নেই…’, সে ‘রেবুস’ পত্রিকার ওপর কেশে আর নাক ঝেড়ে বিব্রত হয়ে উত্তর দিল। ‘আগে, সত্যিই, আমাদের একটা কাজ ছিল… আমরা মানুষকে প্রলুব্ধ করতাম… ভালর পথ থেকে মন্দের পথে নিয়ে যেতাম… এখন এই পেশা, ‘আন্তর-নু-সুয়াদি’ মানে আমাদের মধ্যে বলা যায় (ফরাসিতে: entre nous soit dit) যে, থুতু ফেলারও যোগ্য নয়… ভাল পথ আর নেই তাই প্রলুব্ধ করার কিছু নেই। আর তাছাড়া, মানুষ আমাদের চেয়ে অনেক বেশি ধূর্ত হয়ে উঠেছে… আপনি কাউকে প্রলুব্ধ করুন তো যখন সে আগুন, জল ও তামার পাইপের মধ্য দিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে পড়া শেষ করেছে! যদি সে ইতিমধ্যে আমার সাহায্য ছাড়াই হাজার হাজার রুবল হাতিয়ে থাকে তবে আমি আর কীভাবে তাকে এক রুবল চুরি করা শেখাই বলুন?’
‘তা ঠিক… কিন্তু, সে যাই হোক, আপনি কিছু তো করেন, তাই নয় কি?’
‘হ্যাঁ… আমাদের আগের পদ এখন হয়তো স্মৃতি মাত্র, কিন্তু তবু এখনও আমাদের কিছু কাজ আছে… আমরা মেয়েদের স্কুলের শিক্ষিকাদের প্রলুব্ধ করি, তরুণদের কবিতা লিখতে উত্সাহিত করি, মাতাল ব্যবসায়ীদের আয়নার কাচ ভাঙতে বাধ্য করি… আমরা অনেক দিন থেকেই রাজনীতি, সাহিত্য আর বিজ্ঞানে হস্তক্ষেপ করি না… কিছু মনে করবেন না আমরা ওগুলো একদম বুঝি না… আমাদের মধ্যে অনেকেই ‘রেবুস’ পত্রিকার সঙ্গে যুক্ত, এমনকী এমনও অনেকে আছে যারা নরক ছেড়ে বেরিয়ে মানুষের মধ্যে ঢুকে পড়েছে… এই অবসরপ্রাপ্ত দুষ্ট আত্মারা, যারা মানুষের মধ্যে প্রবেশ করেছে, তারা ব্যবসায়ীদের ধনী বউদের বিয়ে করে এখন দারুণ জীবন কাটাচ্ছে। তাদের মধ্যে কেউ ওকালতি করছে, কেউ খবরের কাগজ প্রকাশ করছে, মোট কথা তারা এখন খুব কাজের আর সম্মানিত মানুষ!’
‘অশালীন একটা প্রশ্ন করার জন্য দুঃখিত: আচ্ছা আপনি কত মাইনে পান?’
‘আমাদের অবস্থা আগের মতোই, স্যার…’, উত্তর দিল পিশাচটা। ‘নিয়ম একটুও বদলায়নি… আগের মতোই অ্যাপার্টমেন্ট, আলো আর হিটিং সিস্টেমের খরচ সরকারের… আমাদের তো বেতন দেয় না, কারণ আমাদের ফ্রিল্যান্সার হিসাবে ধরা হয় আর তাছাড়া, পিশাচের পদটা তো অবৈতনিক।… মোট কথা, খোলাখুলি বললে, অবস্থা খারাপ, বিশ্বের যেখানেই যান না কেন… মানুষদের ধন্যবাদ, তারা আমাদের ঘুষ নিতে শিখিয়েছে, না হলে আমরা অনেক আগেই মারা পড়তাম… আমরা কেবল ওই আয়ের ওপরই বেঁচে আছি… পাপীদের রসদ যোগান দাও,… আর বাগিয়ে নাও… শয়তান বুড়ো হয়ে গেছে, সে ভারজিনিয়া জুক্কিকে (ইটালিয়ান ব্যালেরিনা, ১৮৪৯-১৯৩৩) দেখতে যায়, তবে সে এখন আর রিপোর্ট লেখার অবস্থায় নেই…।’
লাখমাতভ পিশাচকে এক পেগ ভদকা ঢেলে দিলেন। সে তা খেয়ে মুখ খুলল। নরকের সমস্ত গোপন কথা বলে ফেলল, মনে যা জমে ছিল সব উগরে দিল, কাঁদল আর লাখমাতভের তাকে এত পছন্দ হল যে, তিনি তাকে রাতে নিজের কাছে থাকতে দিলেন। পিশাচটা চুল্লির ওপর শুয়ে সারারাত প্রলাপ বকল। তারপর সকাল হতেই সে উধাও হয়ে গেল।
১৮৮৬
* রেবুস— একটি সাপ্তাহিক পত্রিকা, ১৮৮১ সালে সেন্ট পিটার্সবার্গ থেকে প্রথম প্রকাশিত হয়। শুরুতে এটি ধাঁধার পাতা হিসাবে বেরোত। পরবর্তীকালে স্পিরিটিজম চর্চার কেন্দ্রে পরিণত হয়। জার্নালটি ১৯১৮ সালে বন্ধ করে দেওয়া হয়, ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে পত্রিকার সব সংখ্যা লাইব্রেরিগুলো থেকে বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়।
°°°
লেখক পরিচিতি
আন্তন পাভলোভিচ চেখভ (১৮৬০–১৯০৪) প্রখ্যাত রুশ নাট্যকার ও ছোটগল্পকার, যাঁকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ছোটগল্পকার হিসেবে গণ্য করা হয়। নাট্যকার হিসেবে তাঁর কর্মজীবনে চারটি ক্লাসিক সৃষ্টি হয়েছে এবং তাঁর সেরা ছোটগল্পগুলো লেখক ও সমালোচকদের কাছে অত্যন্ত সমাদৃত। হেনরিক ইবসেন ও অগাস্ট স্ট্রিন্ডবার্গের পাশাপাশি, চেখভকে প্রায়শই নাট্যজগতে প্রারম্ভিক আধুনিকতাবাদের জন্মের তিনজন প্রধান ব্যক্তিত্বের একজন হিসেবে উল্লেখ করা হয়। চেখভ তাঁর সাহিত্যজীবনের বেশিরভাগ সময় একজন চিকিৎসক হিসেবে কাজ করেছেন: তিনি একবার বলেছিলেন, ‘চিকিৎসা আমার বৈধ স্ত্রী, আর সাহিত্য আমার উপপত্নী।’ ১৮৯৬ সালে ‘দ্য সিগাল’ নাটকের শোচনীয় ব্যর্থতার পর চেখভ নাট্যজগৎ ত্যাগ করেন, কিন্তু ১৮৯৮ সালে কনস্টানটিন স্টানিস্লাভস্কির মস্কো আর্ট থিয়েটার নাটকটিকে পুনরুজ্জীবিত করে ব্যাপক প্রশংসা লাভ করে। এই থিয়েটারই পরবর্তীকালে চেখভের ‘আঙ্কেল ভানিয়া’ নাটকটি মঞ্চস্থ করে এবং তাঁর শেষ দু’টি নাটক ‘থ্রি সিস্টার্স’ ও ‘দ্য চেরি অর্চার্ড’-এর প্রথম প্রদর্শনী করে। চেখভ প্রথমে কেবল আর্থিক লাভের জন্য গল্প লিখতেন, কিন্তু তাঁর শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষা বাড়ার সাথে সাথে তিনি এমন কিছু আঙ্গিকগত উদ্ভাবন করেন, যা আধুনিক ছোটগল্পের বিবর্তনকে প্রভাবিত করেছে। আন্তন চেখভ শত শত ছোটগল্প এবং বেশ কয়েকটি নাটকের রচয়িতা এবং অনেকেই তাঁকে সর্বশ্রেষ্ঠ রুশ গল্পকার এবং আধুনিক নাটকের জনক হিসেবে গণ্য করেন।





