সু দী প্ত মা জি
মেঘ
জংলা হাওয়ার গন্ধে জাগা নেশার মতো
উড়িয়ে দিচ্ছ ওড়না তোমার, দিদিমণি
এখন কি আর তেমন সবুজ বয়স আছে
কুড়িয়ে আনতে পারব তোমার চশমাখানি
শ্যামল বনের অমল ছায়ায় হাসনুহেনা
হাসির হররা জাগিয়ে তুলছে আপনমনে
কুসুম কুসুম স্নিগ্ধ, ভেজা, গাছের ছায়ায়
বৃষ্টিমুখর কণ্ঠ থেকে কী গান শোনে
শেষ গানেরই রেশটুকু থাক স্মৃতির ভেতর
মনের মধ্যে মেঘ-ছায়া থাক দ্বিপ্রহরে
খেলার প্রহর হারিয়ে যাওয়ার মনখারাপে
বুকের ভেতর যৎসামান্য বৃষ্টি পড়ে
°°°
চিত্রণ: দেবাশিস সাহা





