চুম্বনের মতো
যেদিকেই যাই সেই দিগন্তই খুঁজে বেড়াই
প্রতিদিনের বেঁচে থাকার যে টুকিটাকি স্তূপ মেঘ
ধূসর পাখির মতো শেষ ছায়াটুকু ক্রমশ মিশে যাচ্ছে
শ্রদ্ধেয় অরূপ প্রতিষ্ঠানগুলি ভিজে বৃষ্টির মতো
অন্ধকারের যে কুহক রচনা করে তার কাছেই ইচ্ছে জানাই
প্রাণপণ নিবেদনের মতো ভাবতে থাকি আয়ুষ্কাল
আমার মৃত মায়ের কাছে বাকি জীবন গড়িয়ে যাব
এই পৃথিবীর একজন সম্পাদক কবি কীভাবে বেরোবে
অতএব এবং সেই ধূসর দিগন্তই খুঁজে বেড়াই
শিশুমুখে ছোট ছোট চুম্বনের মতো অদ্ভুত প্রতিক্রমা
নিষ্কৃতি চেয়ে অস্থানে অথবা অতৃপ্ত কোরকের নীচে
ঝরা বিস্মৃতির মতো অবশেষে সেই দিগন্তই খুঁজে বেড়াই
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





