Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

অপ্রকাশিত: তীর্থঙ্কর মৈত্রের কবিতা 

হলুদ পাতার ফাঁকে

সব স্মৃতি সুখ আনে, সব গান আকাশে মিলায়!
হলুদ পাতার ফাঁকে, তোমার প্রেমিক খুঁজে যায়
আহত ঘুড়ির স্বপ্ন— অঘ্রাণের বিকেলবেলায়!
তবুও মাটির পথে গোরু নিয়ে রাখাল বালক
তোমাকে বাঁশিতে ডাকে, পাকা ধানে রাতে চন্দ্রালোক
খেতের সোনায় বসে, রূপকথা শৈশব চায়!
পরাজিত রাজা শেষে ফুল গুঁজে রানির খোঁপায়
চোখ চোখ রেখে বলে— ভালবাসি কেবল তোমায়!
প্রেমের নতুন দিন এল নাকি— আলো যে ছড়ায়—
[২৭/১১/২০১৮]

ভোরবেলার মতন

অধিকাংশ ফুল দেখো ফুটে থাকে ভোরবেলা;
স্নিগ্ধ, নরম আলোয়; ঘাসের সবুজ ডগা
কচি কচি মুখে ধরে শিশিরেতে আলো,
এসব বোঝেনি সে তো, তপ্ত রোদ ভালবেসে,
গোরুর গাড়ির মতো চলে গেছে তবু দূরে—
মাটির পথের বুকে চাকার দাগের রেখা
এখনো রয়েছে জেগে— পথ নির্বিকার!
সবুজ লতার ঝোপে, ছায়ার আশ্রয় থেকে
উড়ে গেলে রোদে পাখি; ঝোপ তেমনি তো থাকে;
আবার আশ্রয় নেয় রোদে ক্লান্ত অন্য কোনো
পাখি! এমন নিয়ম। ব্যথা তো পাই না আর;
হৃদয় এখন যেন ভোরবেলার মতন আমার—
[২৪/৯/২০২০]

পায়ে নিয়ে রেণু

প্রতিশোধস্পৃহা দেখো, অধিকাংশ ফুলের থাকে না;
পতঙ্গ শরীরে বসে, মধু খায়— কিছু তো বলে না!
তাই তারা আসে, বসে, চলে যায় অন্য কোনো ফুলে—
অম্লান হাসিতে তবু পবিত্র হৃদয় নিয়ে ফুল;
ভোর-রোদে ফুটে ডালে ছড়ায় সে এ-ই অনুভব—
তুমি তো পতঙ্গ এক, ফুলের হৃদয়, মন, পাঠহীন;
চলে যায় দিন শুধু— মৌন এ ভাষা তার কখনো বোঝে না!
অবুঝ হৃদয়ে ফেরো, পায়ে নিয়ে রেণু কণা কণা!
[৭/১০/২০২০]

তুমি ভেবে দেখো

পাশের বাড়িতে এক সবুজ রঙের টিয়া
খাঁচার ভেতরে থাকে, ছোলা খায়, তবু সে তো
সারাদিন ছটফট… পেয়ারার ডালে বাঁধা
ঝুলন্ত খাঁচাটি দোলে, উপরে পাতার ফাঁকে
নীলাকাশ বসন্তের— শান্ত স্থির— খাঁচা-ছায়া
নিচে দোলে, ছায়া-পাখি তার মধ্যে করে ছটফট!
লাল মোরগের দল আসল পাখিটির ফেলা
ছোলা খুঁটে খায় দেখি— ছোলার ছায়া তো তারা
খায় না কখনো খুঁটে, এ-ই কথা তুমি ভেবে দেখো;
কোনো এক বসন্তের চাঁদওঠা রাতে— বসে ঘরে।
[১/৩/২০২১]

চিত্রণ: মনিকা সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eight =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »
রাধাবল্লভ রায়

ধর্মযুদ্ধ

এই যে সংবাদমাধ্যমে প্রতিদিন শতমুখে বিদ্বেষ ছড়ানো হয়, এই যে ফেসবুক জুড়ে বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করে সম্মানীয় নেতা-মন্ত্রীদের কুৎসিত ইঙ্গিত, হিংসার প্রদর্শনী— এর প্রতিক্রিয়া কোথায় গিয়ে ঠেকে তাঁরা কি জানেন? পাড়ায় পাড়ায়, রকের আড্ডায়, ক্লাবের আড্ডায়— সর্বত্র বয়োজ্যেষ্ঠদের নির্বোধ অসংযত উচ্চারণ কোন শিশুর হৃদয়ে কেমন ভাবে প্রোথিত হয় তাঁরা কি জানেন? ভেবে দেখেছেন কি এই বিদ্বেষিতার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবে আগামী প্রজন্ম?

Read More »