Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে

আ মরি বাংলা ভাষা! পৃথিবীতে প্রায় পঁয়ত্রিশ কোটি মানুষ যে-ভাষায় কথা বলেন, প্রতিদিন যে-ভাষায় লিখিত হয়ে চলেছে পদ‍্যগদ‍্যপ্রবন্ধ, যে জাতির মেধাতালিকা বারোশো বছর ধরে ব‍্যাপ্ত ও ক্রমবর্ধমান, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত‍্যপুরস্কারে অভিনন্দিত হয়েছেন যে-ভাষার কবি, সেই বাংলাভাষাকে নমস্কার। বারোশো বছর ধরে অসংখ‍্য মনীষী ও সাধারণ মানুষের আন্তর পরিচর্যা ও নিবিড় যত্নকৃত সেবায় গড়ে উঠেছে এ-ভাষার রূপ আর ভঙ্গি। আর এ-ভাষা যারা ব‍্যবহার করেন দৈনন্দিন কাজে, সাহিত‍্যে আর বিশ্রম্ভালাপে, সেই বাঙালি জাতি নিজ মুদ্রাগুণে গড়ে তুলেছে তার নিজের সংস্কৃতি, ঐতিহ‍্য আর ইতিহাস, যা উত্তরাধিকারসূত্রে বহু শতক জুড়ে পরম্পরাবাহিত। বাংলাভাষা বাঙালিমাত্রের-ই অলংকার, অহঙ্কার, অক্ষয় কবচকুণ্ডল।

মাতৃভাষাকে রবীন্দ্রনাথ মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। আর সে-ভাষাকে বাঁচিয়ে তুলতে যদি রুধির, অশ্রু ও ঘামের প্রয়োজন হয়, দরকার হয় মানুষের রক্তাক্ত দক্ষিণা প্রদানের, তাহলে সে-মাতৃভাষা তো পরমান্নের-ও অধিক, তা যে অমৃত! বাংলাভাষা আমাদের কাছে তাই মাতৃদুগ্ধের অধিক। ১৯৫২-র ভাষা আন্দোলন ১৯৯৯-তে এসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মোহনায় এসে মিশল, আমাদের মাতৃভাষার এমন উজ্জ্বল বিভা সমগ্র বিশ্বে আমাদের মুখোজ্জ্বল করেছে; সেইসঙ্গে বঙ্গভাষার-ও। মোহনা এখন সমুদ্রগামী।

বাংলাভাষা নিয়ে সত‍্যিসত‍্যি গর্ব করার মতো কী আছে বাঙালির? না এ কেবল অযথা ঢক্কানিনাদ? আছে, অতি অবশ‍্যই আছে। চর্যাপদ থেকে আজকের সময় পর্যন্ত এ-ভাষায় যত কিছু লেখা হয়েছে, তার দিকে সামান্য তাকালেই টের পাব, বাংলাভাষা কতখানি সমৃদ্ধ। আরাকান থেকে গৌড়, সমতট, অনুত্তরবঙ্গ (একদা দক্ষিণবঙ্গকে এই নামে ডাকা হত), বাঙালির মেধাতালিকার কি শেষ আছে? বর্ধমানের মুকুন্দরাম চক্রবর্তী উত্তরাধিকার দিয়ে যান হাসান আজিজুল হককে, বরিশালের বিজয়গুপ্ত জীবনানন্দ-বেগম সুফিয়া কামাল-হেনরি স্বপনকে, কী আশ্চর্য মোজেজা! আর আজ তো বঙ্গভাষার লেখক বিশ্বজুড়ে। বাংলা যাঁদের মাতৃভাষা নয়, এমন ভারতীয়ের হাতেও সমৃদ্ধ হয়েছে বাংলাভাষা, যেমন সখারাম গণেশ দেউসকর, আবু সঈদ আইয়ুব, গুলজার। বেশ কয়েকজন বিদেশির হাতেও পরমযত্নে লালিত হয়েছে বাংলাভাষা। তাঁদের কয়েকজনের নাম হানা ক‍্যাথেরিন ম‍্যালেনস, উইলিয়াম কেরি, ডেভিড ম‍্যাককাচ্চিয়ন, মার্টিন কেম্পশেন, দানিলচুক, ফাদার দ‍্যতিয়েন, কাজুও আজুমা, উইলিয়াম রাদিচে, ক্লিন্টন বি সিলি প্রমুখ। ডিরোজিও সম্ভবত বাংলায় কিছু লেখেননি, তবে উনিশ শতকে তাঁর হাত দিয়েই শাণিত কিছু ইস্পাত গড়ে উঠেছিল, ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিলেন যাঁরা,— বাঙালির যুক্তিবাদী চিন্তা ও চেতনার অগ্রদূত। পরের শতকে ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের-ও কি নয়?

একটি ভাষা অন‍্য ভাষা থেকে যত বেশি শব্দ আহরণ করে নিজের ভাষায় প্রচলন ঘটাতে পারবে, সেই ভাষাটি ততটাই জোরালো হবে। এইজন্যই ইংরেজি ভাষা প্রবল শক্তিশালী। বাংলাভাষাও অন‍্য বহু ভাষা থেকে শব্দ নিয়েছে। সংস্কৃতভাষা থেকে সবচাইতে বেশি, যাকে বলে তৎসম শব্দ। সে-ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করলেও মনে রাখতে হবে, বাংলা ভাষার গঠনরীতি কিন্তু তার নিজস্ব, ব‍্যাকরণ নিজস্ব। অন‍্যদিকে ব‍্যাকরণের তুমুল শাসন সংস্কৃত ভাষাকে জনপ্রিয় আর লোকভাষা হতে দেয়নি, যদিও এ-ভাষা অনন্ত ঐশ্বর্যে পূর্ণ এক ধ্রুপদী ভাষা। সংস্কৃত শব্দঋণ অতি অবশ‍্যই বাংলাভাষাকে শ্রুতিমধুর ও বলশালী করেছে। তার সঙ্গে ক্ষতিও করেছে অনেক। বাংলাভাষা যে নিজের শব্দের জোরে দাঁড়াতে পারে, তার বহুতর পরীক্ষা বাকি রয়ে গেছে, সংস্কৃত শব্দকাতরতা এবং আশ্রয় খাঁটি বাংলাভাষার বিকাশের ক্ষেত্রে বেশ খানিকটা বাধা। বহু লেখক আবার এই বাধা কাটিয়ে ওঠায় সচেষ্ট। রবীন্দ্রনাথ যখন ‘চুলা’ বা ‘জউ’ (যতু অর্থে), বা নজরুল ‘খুন’ লেখেন ‘রক্ত’-এর সমার্থক শব্দ হিসেবে, তখন এর প্রমাণ পাই। কালীপ্রসন্ন সিংহ, স্বামী বিবেকানন্দ, প্রমথ চৌধুরী, সৈয়দ মুজতবা আলী, পরবর্তীকালে আল মাহমুদ (‘সোনালী কাবিন’- সহ বহু কবিতাগ্রন্থে), সৈয়দ শামসুল হক (‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটক, ‘পরাণের গহীন ভিতর’ কাব‍্য ও অন‍্যত্র) বাংলার প্রাণভোমরা দেশি শব্দকে তাঁদের লেখায় প্রয়োগ করে বাংলাভাষাকে প্রকৃত বাংলাভাষা করায় অবদান রেখেছেন। এ কাজ অনবরত চালিয়ে যেতে হবে আমাদের। অর্থাৎ একদিকে অন‍্য ভাষা থেকে শব্দ এনে অলংকার করে আমার ভাষাকে পরাব, অন‍্যদিকে বাংলার হাটে মাঠে গঞ্জে মজলিশে যে চলমান ভাষা, তাকেও স্বাঙ্গীকৃত করে আমাদের ভাষায় ব‍্যবহার করে তাকে সমৃদ্ধ করব।

অন‍্যভাষার কাছ থেকে আমাদের নেওয়া শুরু হয়েছে সুদূর ইন্দো-ইরানিয়ান যুগ থেকে। প্রাচীন ভারতীয় আর্যভাষা ও ইরানীয় ভাষার মিল ছিল প্রচুর। ‘মিহির’ বা ‘মিত্র’ এরকম দুটি শব্দ, যা আজ-ও বাংলায় দিব্বি ব‍্যবহার করা হয়। প্রাচীন ইরানী থেকে যেমন, দীর্ঘ পাঁচশো বছর পাঠান ও মুঘল শাসনামলে ফার্সি রাজভাষা থাকায় দ্বিতীয় দফায় ফার্সি ও সেইসঙ্গে আরবি ভাষা থেকেও বহু শব্দ বাংলায় এসেছে। প্রাচীন কালে যেমন বাঙালির মধ‍্যে তামিল, অস্ট্রিক, ভোট-চীনীয় রক্তের মিশ্রণ ঘটেছে, তেমনি ঘটেছে শব্দের-ও মিশ্রণ। আর ঔপনিবেশিক আমলে বহুতর ইংরেজি ও সামান‍্য কিছু পর্তুগিজ, ফরাসি শব্দ-ও যুক্ত হয়েছে। এই নিয়ে আজকের বাংলাভাষা।

এখানে একটা মজার ব‍্যাপার আছে। মধুসূদন ‘শবদে শবদে বিয়া’ (বিয়া! সে-ও তো বাংলাভাষার অপূর্ব শব্দ! এই মধুসূদন-ই আবার লেখেন, ‘যাদঃপতি রোধঃ যথা চলোর্ম্মি আঘাতে!’ বাপ রে বাপ!) দেওয়া কবির কাজ, লিখেছিলেন। কিন্তু এক-ই শব্দ দুই ভাষা থেকে এসে দুটি অর্থে ব‍্যবহৃত হয়, এ কি তিনি জানতেন? ‘ভর্তা’ সংস্কৃত শব্দ, অর্থ ‘স্বামী’। আর সেই শব্দটিই আবার অন‍্য ভাষা থেকে বাংলাভাষায় এসে ‘সেদ্ধ’-র প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে! তেমনি ‘রবি’, কিনা সূর্য। আর আরবি ‘রবি’ মানে ‘শীত’ (তু. রবিশস‍্য)! মজা নয়?

একটি ভাষা একটি জাতির গর্ব। আর তা যদি হয় একটি জাতির ভাষা, অর্থাৎ সমগ্র জাতির, একটি দেশের মানুষের মাতৃভাষা তা, সে তো স্বপ্নরাজ‍্য, স্বর্গরাজ‍্য! প্রাচীন ব্রিটনরা যেমন বলত, ‘Ma yezh eo ma bro’, অর্থাৎ ‘My language is my country’, বাংলাদেশ সে-কথা বলতে পারে আজ। আরও। ‘ধ্রবতারাকে পিছনে রেখে ধূমকেতুকে চলেছে লখি’ আজ বাংলাভাষা। রাষ্ট্রসঙ্ঘে ব‍্যবহৃত ভাষাসমূহের অন্তর্গত হওয়ার উদ্দেশে চলেছে সে। ইংরেজি, ফরাসি ও স্প‍্যানিশের পাশাপাশি বাংলাভাষাতেও রাষ্ট্রসঙ্ঘের কাজকর্ম পরিচালনার দিন আগত সামনে।

সে পদবিতে পৌঁছনোর যোগ‍্যতা আছে বাংলাভাষার। একটি ভাষা গড়ে ওঠার পেছনে স্তম্ভ হয়ে কাজ করে তার সার্বিক সাংস্কৃতিক ঐতিহ‍্য ও সেইসঙ্গে সে-ভাষার লেখককুল, তাঁদের মেধার নান্দনিক স্বাক্ষর। বাঙালি হাজার বছর ধরে অবিরাম এই উভয়ক্ষেত্রে নিজের বৈভব প্রদর্শন করে চলেছে। একটি ভাষার চরম উৎকর্ষ নির্ভর করে সে-ভাষায় কী পরিমাণ গভীর কথা এবং শ্রবণযোগ‍্য পঙ্‌ক্তি,— Quotable quotes রচিত হয়েছে, তার ওপর। সেই চর্যাপদের ঊষালগ্ন থেকেই তো তা হয়ে এসেছে, ‘আপনা মাংসে হরিণা বৈরী’। অথবা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন, কী শাশ্বত পঙ্‌ক্তি ও গাঢ় অনুভূতি রাধার,— ‘বাঁশীর শবদে মোর আউলাইলো রান্ধন’! তার পর থেকে যদি এ-ভাষার বিপুল লেখকদের মধ‍্য থেকে মাত্র কয়েকজনের ধ্রুবপদ সাজাই, তাহলে দেখব, বাংলাভাষার কী মণিময় সম্ভার!

১. সবার উপরে মানুষ সত‍্য, তাহার উপরে নাই।— চণ্ডীদাস।
২. জনকজননী বন্দম শিরের ভূষণ/ যাহার কৃপায় দেখি এ তিন ভুবন— বিজয়গুপ্ত।
৩. যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী/ সেসব কাহার জন্ম নির্ণয় না জানি।— আবদুল হাকিম।
৪. নানান দেশের নানান ভাষা।/ বিনে স্বদেশী ভাষা/ পুরে কি আশা?— রামনিধি গুপ্ত।
৫. বন‍্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।— সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

একটি স্থাপত‍্য নির্মিত হয় একদিকে যেমন প্রযুক্তিগত ভাবনাকে মাথায় রেখে, অন‍্যদিকে তেমনি তার মিনার ও জগমোহন, চৈত‍্য ও তোরণ তাই কত কথা বলে, কত নন্দনের বার্তা দেয়। ভাষা-ও অনেক সময় ভাস্কর্য হয়ে দেখা দেয়। ‘এ ভরা বাদর মাহ ভাদর, শূন‍্য মন্দির মোর’ (বিদ‍্যাপতি), ‘খাঁচার ভিতর অচিন পাখী কমনে আসে যায়’ (লালন শাহ্), বা ‘সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর’ ( ভারতচন্দ্র), এসব সদুক্তি বাংলাভাষাকে রঞ্জিত করে রাখবে যাবচ্চন্দ্রদিবাকর। আর রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দের ভাবনার ভাস্কর্যের উদাহরণ দিতে গেলে তো একটি গ্রন্থ-ই লেগে যাবে। আছে কতই না প্রবাদ-প্রবচন! জেমস লং বা ড. সুশীল দে-র সম্পাদনায় জলধিপ্রতিম তা। ‘তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে’ (দ্বিজেন্দ্রলাল), বা ‘ছোট্ট নেবুর ফুল গো আমার, ছোট্ট নেবুর ফুল,/ স্বর্ণ ঊষার কর্ণভূষার বর্ণতুষার দুল’ (যতীন্দ্রমোহন বাগচী), অথবা ‘কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে’ (জীবনানন্দ)। আর ‘প্রলয়সৃষ্টি তব পুতুলখেলা, আনমনে’ (নজরুল)।

Advertisement

কী যে জাদু বাংলাভাষায়! আর ব‍্যাপ্তি। একহাতে সে উপহার দেয় বৈষ্ণবকবিতা, অন‍্যহাতে ময়মনসিংহগীতিকা। আবিশ্বের বিশ্ববিদ‍্যালয়গুলিতে বাংলাভাষা পড়ানো হচ্ছে,— মেলবোর্ন, লন্ডন, টোকিও, বেইজিং, মন্ট্রিল-সহ একশোটি বিশ্ববিদ্যালয়ে। ব্রিটেন থেকে বেরোয় বারোটি সাপ্তাহিক বাংলা পত্রিকা। আছে দৈনিক পাক্ষিক মাসিক পত্রিকাও। বিদেশিদের গবেষণা মাইজভাণ্ডারী দর্শন (হানস হার্ডার, জার্মানি) থেকে অশ্বিনীকুমার দত্ত, চাকমা ভাষা থেকে লালন পর্যন্ত ব‍্যাপ্ত। ব‍্যারি মরিনসন (কানাডা), এলভিয়েতা ওয়ালটার (পোল‍্যান্ড), মারিয়েন ম‍্যাডার্ন (মেলবোর্ন) বাংলাভাষা নিয়ে বিদেশি গবেষকদের সামান‍্য কয়েকটি নাম।

মাতৃভাষার আলোচনা প্রসঙ্গে এটা মনে রাখা জরুরি, যাকে বৈয়াকরণেরা মান‍্য চলিত বাংলা বলেন, তার চেয়েও মানুষের মুখের ভাষা, যা জেলাভেদে, নরনারীভেদে, সামাজিক অবস্থান আর বালক-তরুণ-বৃদ্ধভেদে উচ্চারিত হয়, মাতৃভাষার প্রকৃত দাবিদার কিন্তু সে-ই। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ তার উদাহরণ হয়ে আছে।

এই ভাষায় গর্জে ওঠেন নূরলদীন, ‘জাগো বাহে কোনঠে সবায়?’ এই ভাষায় নদেরচাঁদ বলে, ‘তুমি হইয়ো গহিন গাঙ, আমি ডুইব‍্যা মরি’, বা কবিতায় মনীষ ঘটকের নায়িকা বলে ওঠে, ‘তরে বুঝি কই নাই, আমিও বান্দুরী?’ আর মানিক বন্দ‍্যোপাধ‍্যায়ের শশীচরিত্র আর্তকণ্ঠে জানায়, ‘শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?’ আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর সে-দেশে রাষ্ট্রীয় আমন্ত্রণে ঋত্বিক ঘটক ওই যে ঢাকায় এসে তাঁর জন্মস্থান জিন্দাবাহার লেন দেখতে চেয়েছিলেন, মোটর গাড়িতে নয়, ঘোড়ার গাড়ি চড়ে, হ‍্যাঁ, সেটাই মাতৃভাষা। ভার্জিনিয়া উলফ কি সাধে বলেছেন, ‘Language is wine upon the lips?’ মনে রাখতে হবে, ভার্জিনিয়া উলফের দিদিমা ছিলেন ফরাসি, আর দাদু বাঙালি!

যেন ভুলে না যাই, বাহান্নোর একুশে ফেব্রুয়ারির মতো উনিনশো একষট্টির উনিশে মে-তেও (রবীন্দ্রজন্মশতবর্ষ!) বাংলাভাষার দাবি আদায়ে ভারতের শিলচরে শহিদ হয়েছিলেন এগারোজন। তাঁদের মধ‍্যে কমলা ভট্টাচার্য নামে এক নারীও ছিলেন। যেন ভুলে না যাই, বাংলাভাষার দাবি আদায়ে মানভূমের বাঙালিদের বহুবছর লড়াই করতে হয়েছিল। যেন ভুলে না যাই, ভারতের অন্ধ্রপ্রদেশে সেখানকার মাতৃভাষা তেলুগুর জন‍্য শহিদ হয়েছিলেন পত্তি শ্রীরামালু।

বাংলাভাষাকে ভালবাসব আমরা বাঙালিরা। আর বেদনাহত হব একথা ভেবে, প্রতিদিন পৃথিবী থেকে লুপ্ত হচ্ছে একটি একটি করে ভাষা। যেন এই বিবেচনায় মাতৃভাষাকে আঁকড়ে থাকি আমরা। আর মাতৃভাষা ছাড়াও অন্তত অন‍্য একটি ভাষা যেন শিখি, কেননা নিজ ভাষা সম্পর্কে ধারণা ও বোধ পাকা হবে তাতে। মহাকবি গ‍্যেটে শিখিয়েছেন খুব জরুরি একটি কথা, ‘Wer framde Sprachen nicht kenat, weiz nichts von seiner eigenen.’ অর্থাৎ, ‘Those who know no foreign language, know nothing of their mother tongue.’
ভাষাশিক্ষাটা যেন হরিনাথ দে-র মতো না হয়ে সৈয়দ মুজতবা আলীর মতো হয়, পরিবেশিত হয়ে আনন্দ দেয় পাঠককে।

বাংলাভাষার জন‍্য প্রাণ দিয়েছেন খণ্ডিত এই উপমহাদেশের দুই অংশের বাঙালি। ভাষাভাই আমরা। রাজনীতি যতই বিচ্ছেদ ঘটাক, মহান বার্নার্ড শ মাথায় থাকুন আমাদের, যিনি তাঁর স্বভাবসুলভ ভাষায় লিখেছিলেন, ‘England and America are two countries divided by a common language.’

বড্ড জানতে ইচ্ছে করে, পাকিস্তানে কি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি?

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + four =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »