Search
Generic filters
Search
Generic filters

মুঘল মিনিয়েচার ও এক আশ্চর্য সম্রাটের গল্প

মুঘল চিত্রসাম্রাজ্যের প্রথম সম্রাট আকবর। যদিও বাবর, হুমায়ুনকে নিয়ে দিল্লির তখত্-এ তিনি তৃতীয় মুঘল নরপতি। তাঁর আমলের দরবারি চিত্রের সংখ্যা কত কে জানে! তবে এই তসবির-নির্মাতাদের সংখ্যা নিশ্চয়ই শ’খানেক ছাড়িয়ে গিয়েছিল। জানতে ইচ্ছে করে, এই ছবি আঁকিয়েদের গুণগ্রাহী বাদশা নিজে কি কোনওদিন তসবির কলায় মন সঁপে ছিলেন? রঙের পাত্রে ডুবিয়েছিলেন নিজের কোনও তুলি?

সে কথা ভাবলে মনে পড়ে যায় ১৫৫১ সালের এক অলস মধ্যাহ্নের কথা। দুই রাজকুমার প্রাকৃতিক পরিবেশে ছবি আঁকছেন, তাঁদের একজন আকবর। বয়সটি তখন তার বছর নয় হবে। সম্ভবত ঘটনাটি ঘটেছিল কাবুলে। সে সময় তার বাবা হুমায়ুন ভাগ্যের বিড়ম্বনায় পরবাসে কোনওক্রমে দিন কাটাচ্ছেন কষ্টেসৃষ্টে।

আকবর বাদশার এর পরের চিত্র-চর্চাটি ১৫৫৬ সালের। হুমায়ুন দিল্লির মসনদে পুনরাধিকার কায়েম করেছেন। তেরো বছরের বালক আকবর উদ্যানবাটিকায় দৌড়ে এসেছে বাবাকে ছবি দেখাতে! এই যে চিত্রকলায় আকবরের বাল্যলীলা তার সচিত্র প্রমাণ ধরা আছে আবদুস সামাদের আঁকা দুটি বিখ্যাত ছবিতে। একটি তাঁর জাহাঙ্গীরের গুলশান অ্যালবামের অন্তর্গত ছিল কোনওকালে। তারপর সেটি যায় তেহেরানের গুলিস্তা মিউজিয়ামের সংগ্রহে।

খাজা আবদুস সামাদ এবং মীর সঈদ আলি নামে দুই ইরানি শিল্পীর আশ্রয়ে আকবরের শিল্পশিক্ষার ভার দিয়েছিলেন পিতা হুমায়ুন। পারস্যের এই মহান দুই চিত্রশিল্পীকে আরও কয়েকজন শিল্পীর সঙ্গে হুমায়ুন এদেশে এনেছিলেন পারস্যরাজ শাহ তাহমাম্প-এর রাজসভা থেকে। ইরানি এই শাহের সঙ্গে হুমায়ুনের প্রথম দেখা ১৫৪৪-এর জুলাই মাসের এক নতুন গড়ে ওঠা চিত্রশালায়। এই আবদুস সামাদ, মীর সঈদ আলিদের প্রথম যুগলবন্দীতে ভরে উঠল মুঘল চিত্রকলার অভিনব তসবিরখানা।

সম্রাট আকবরের আঁকা সীতা।

আবদুস সামাদের সেই ছবির কথা বললাম যার বিষয় কিশোর আকবরের ছবি আঁকা। এখন দেখা যাক, এ বিষয়ে ‘আকবরনামা’-তে আবুল ফজল নিজে কী বলেন? ‘‘শাহনশা বাদশার (আকবরের) আশ্চর্যজনক ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল সেদিনের সেই ব্যাপারটি যেদিন বাদশা জাহানবানি জিন্নত আশিয়ানি (হুমায়ুন) সিকন্দরকে যুদ্ধে পরাজিত করে দিল্লিতে এলেন আর আকবর তাঁর (হুমায়ুনের) এক উজ্জ্বল ব্যঞ্জনাময় ছবি এঁকে ফেললেন। শিল্পচর্চার অতুলনীয় দুই কুশলী ব্যক্তি মীর সঈদ আলি এবং খাজা আবদুস সামাদ ‘শিরিন কলম’ তাঁকে (আকবরকে) শিল্পশিক্ষার পাঠ দিতেন।’’

তাব্রিজ শহরের চিত্রকর মীর মনসুরের ছেলে মীর সঈদ আলি মাইকেলেঞ্জেলো কিংবা রোসেটির মত একাধারে ছিলেন কবি ও শিল্পী। তাঁরই সমসাময়িক সিরাজ নগরীর খাজা আবদুস সামাদ খ্যাত হয়েছিলেন চিত্রকর ও অলঙ্কৃত লিপির কুশলী বিশারদ হিসেবে। বলতে গেলে হুমায়ুনের আগ্রহে এবং আকবরের আনুকূল্যে মুঘল চিত্রকলার গোড়াপত্তন করেন এঁরাই। ছেলেবেলায় নানা কারণে প্রথাগত বিদ্যাশিক্ষার সুযোগ হয়নি আকবরের। কিন্তু ছবির জগৎকে তিনি গড়ে নিয়েছিলেন শিক্ষার বাহন হিসেবে। আকবরের আগে ভারতবর্ষের ইতিহাসে কোনও রাজাবাদশা চিত্রকলাকে শিক্ষার মাধ্যম বলে মনে করেননি বোধ হয়।

‘আইন-ই-আকবরী’-র লেখক আবুল ফজল সম্রাটের এই দৃষ্টিভঙ্গির কথা লিখতে গিয়ে বলেছেন— ‘বাদশা তাঁর খুব ছোটবেলা থেকেই চিত্রকলার প্রতি বেশ আগ্রহ দেখিয়েছিলেন আর এ ব্যাপারে তিনি অন্যদের উৎসাহও যোগাতেন অনেকখানি। কেননা তিনি মনে করতেন ছবি বা তসবির হল একাধারে শিক্ষা ও আনন্দের উপকরণ। তাই শিল্পচর্চার বেশ প্রসার হল তাঁর সাম্রাজ্যে। অনেক শিল্পী খ্যাতিও অর্জন করলেন। দরবারের রাজকর্মচারী ও করণিকেরা সম্রাটের কাছে প্রতি সপ্তাহে নানা ধরনের ছবি হাজির করতেন। বাদশা সেই ছবির কারুকুশলতার উৎকর্ষ তারিফ করে পুরস্কারও দিতেন শিল্পীদের। কারও বা মাসিক তনখা বাড়িয়ে দিতেন খুশি মনে।’

শিল্প ও শিল্পী উভয়কেই আকবর লালন করেছেন সযত্নে। ধর্মীয় অনুশাসনের গোঁড়ামিকে উপেক্ষা করেছেন শিল্পের বিকাশের স্বার্থে। আকবর জানতেন ইসলামের কট্টরপন্থীরা চিত্রকলা চর্চার বিপক্ষে ছিলেন। এ প্রসঙ্গে একবার তিনি ব্যক্তিগত বন্ধুদের আসরে মন্তব্য করেছিলেন, ‘এমন অনেক ব্যক্তি আছেন যাঁরা ছবি আঁকাকে ছোট চোখে দেখেন। আমি তাঁদের অপছন্দ করি। আমার তো মনে হয় চিত্রশিল্পী তাঁর নিজস্ব পদ্ধতিতে ঈশ্বরকে সর্বদা স্মরণ করে থাকেন। শিল্পী যখন কোনও প্রাণীর ছবি আঁকেন, অঙ্গপ্রত্যঙ্গগুলো একে একে রূপায়িত করতে থাকেন তখন অবশ্যই তাঁর মনে হয় যে তিনি ওই চরিত্রটির মধ্যে প্রাণসঞ্চার করতে পারছেন না। আর তখনই তাঁকে বাধ্য হয়ে ভাবতে হয় সেই পরমেশ্বরের কথা যিনিই কেবল জীবন দিতে পারেন। এভাবেই সেই অপারগ শিল্পীদের ঈশ্বর জ্ঞানের চোখ খুলে যায়।’

দুই

এ বিষয়ে কোনও সন্দেহ নেই জীবনের প্রথম দিকে ইরানের শিক্ষা সংস্কৃতি ও শিল্পকলা আকবরকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তিনি বেশ বুঝেছিলেন তাঁর সমধর্মী পূর্বসূরিরা ভারত শাসনের রাজদণ্ডটি ভাল করে ধরতে ব্যর্থ হয়েছিলেন এদেশের মানুষের প্রতি আন্তরিক সহানুভূতির অভাবে। অসাধারণ বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক দূরদৃষ্টির সূত্রে তাঁর প্রত্যয় জন্মেছিল মোগল সাম্রাজ্যকে সুস্থিত করতে হলে ভারতের মূল অধিবাসী হিন্দুদেরও আস্থা অর্জন করতে হবে। হিন্দু-মুসলমান সম্প্রীতিকে দৃঢ করে ন্যায় ও ঐক্য প্রতিষ্ঠা করাই হয়ে উঠল সম্রাট আকবরের স্বপ্ন।

এক সুসংগঠিত সাম্রাজ্য তৈরি করার সঙ্গে সঙ্গে একটি মুক্ত উদার সমাজব্যবস্থা কায়েম করার প্রচেষ্টা ছিল আকবরের। তাঁর পূর্বপুরুষের ফেলে আসা ভিটেমাটির সাংস্কৃতিক গন্ধটি তিনি এদেশের বাতাসেও ঘুরেফিরে ভাসতে দিয়েছেন। দক্ষিণ-মধ্য এশিয়া, ইরান এবং কিছুটা পরোক্ষভাবে চিন ও মঙ্গোলিয়ার শিল্পভাবনার সূত্রগুলো আকবরের আগের মুসলিম জমানায় এদেশের স্থানীয় শিল্পচেতনার সঙ্গে সবে মিশতে শুরু করেছিল। আকবর সেই মিশ্রণে প্রয়োজনীয় গতিসঞ্চার করলেন। ফলে পশ্চিম ভারতীয় শিল্পরীতি, সুলতানি আমলের চিত্র-প্রক্রিয়া ও হিমালয়ের ওপার উপসাগরীয় অঞ্চলের দেশ থেকে আমদানি করা শিল্পের এক নতুন ঢং মিলেমিশে একাকার হয়ে গেল আকবরি আমলের শিল্পকলায়।

সাম্রাজ্যগঠনে যেমন তাঁর এক ব্যাপক সামগ্রিক দর্শন ও পরিকল্পনা ছিল তেমনই তাঁর সময়কার চিত্রচর্চা, সঙ্গীতসাধনা, কারুকলা এমনকি ধর্মচর্চার মধ্যেও তিনি আনতে চেয়েছিলেন তাঁর সেই ‘টোটাল ভিশনের’ ছায়া। তিনি বুঝেছিলেন একটি সাংস্কৃতিক নতুন নগরী গড়ে তোলা দরকার। তাই ১৫৬৮ থেকে মাত্র পাঁচ বছরের মধ্যে ফতেপুর সিক্রিতে স্থাপন করলেন তাঁর স্বপ্নে দেখা রাজধানী, যেখানে জ্ঞানী, গুণী, শিল্পী, কারিগর, ধর্মালোচক সকলেরই নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হল ঢালাওভাবে। এখানে আসতে শুরু করলেন পৃথিবীর নানা দেশ থেকে কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক, জ্ঞানপিপাসু মানুষ। এই ফতেপুর সিক্রির ইবাদতখানায় সম্রাটের ব্যক্তিগত তত্ত্বাবধানে চলত নানা আলোচনা। সেই মন্থনে তৈরি হল সকল সমন্বয়ের এক নিকষিত হেম ‘দীন-ই-ইলাহী’, যার মূলমন্ত্র ছিল ‘সুলহ-ই-কুল’ বা সবার তরে শান্তি।

বিবিধের মাঝে মিলন, অনৈক্যের মাঝে ঐক্য; আকবরের জীবনে এই ছিল সত্যের পথে যাত্রার পাথেয়। ভারতের বিভিন্ন জীবনধারণের উপাদানের মধ্যে কোনটি সবচেয়ে শ্ৰেষ্ঠ, তা খুঁজে বার করতে আকবর বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। সাহিত্যে, ধর্মে, রাজনীতিতে, সংস্কৃতিতে, বাস্তুবিদ্যায় বা চিত্রকলায় আকবরের নিত্যনতুন পরীক্ষানিরীক্ষা চলত সবসময়। তাঁর তৈমুরীয় পূর্বপুরুষেরা যেভাবে বুখারা, সমরকন্দ ও অক্সাসের বড় বড় শহর নির্মাণ করে সাজিয়ে তুলেছিলেন, তেমনই আকবরও চেয়েছিলেন তাঁর সাধের রাজধানী ফতেপুর সিক্রিকে গ্রন্থাগার, বিদ্যালয়, উপাসনাগৃহ, শিল্পশালা দিয়ে সাজিয়ে দিতে। হিন্দু-মুসলিম স্থাপত্যশিল্পের এক অনবদ্য নিদর্শন ফতেপুর সিক্রি। তাঁর সেই আদর্শ নগরীর বুলন্দ দরওয়াজা, দিওয়ানি খাস, পাঁচমহল, সেলিম চিস্তির সমাধি সে যুগের স্থপতিদের প্রতিভার বিশেষ স্বাক্ষর বহন করে আসছে।

মুঘল চিত্রকলায় হিন্দু নারী।

ফতেপুর সিক্রিতে যোধাবাই-এর মহল এবং আকবরের প্রাসাদে আঁকা হয়েছিল বেশ কিছু মুর‍্যাল। এর কোনও ছবি হিন্দু শিল্পীর আঁকা; কোনও কোনও ছবি একেবারে পারসিক। ধরে নিলে ভুল হবে না যে, রাজকার্যের নানা ব্যস্ততার মধ্যেও আকবর নিজে এসে ছবি আঁকার তদারকি করতেন। আর স্থাপত্যের সঙ্গে চিত্রকলার যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে সে কথা আকবর বোঝাতে চেয়েছিলেন তাঁর এই পরিকল্পনা মারফত। রাজপ্রাসাদের এই মুঘল মুর‍্যালগুলো আঁকার সময় বোধ হয় ১৫৭৫। পার্সি ব্রাউনের মতে, ফতেপুর সিক্রির দেওয়াল অলঙ্করণের সূত্রেই আকবরের আকাঙ্ক্ষা জাগে মুঘল চিত্রকলার সুসংহত শৈলীর এক বিশাল সম্ভার গড়ে তোলার।

শিল্পের নানা শাখায় আকবরের আগ্রহ ছিল অপরিসীম। মুসলমান লেখক-শিল্পীরা কলমকারিকে শিল্পের পর্যায়ে উন্নত করেছিলেন যুগে যুগে। দরবারি ঐতিহাসিক আবুল ফজল তো চিত্রকলা থেকে ক্যালিগ্রাফিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আকবরও এই লেখনী-শৈলীর কদর করেছিলেন অত্যন্ত আগ্রহের সঙ্গে। দক্ষ ক্যালিগ্রাফার হিসেবে কাশ্মীরের মুহম্মদ হোসেনকে ‘জরিন কলম’ বা স্বর্ণ কলম উপাধিতে ভূষিতও করেছিলেন। আকবরের এই শিল্পচেতনা যে নানা ধারায় প্রবাহিত হত তার আর একটি উদাহরণ তাঁর আমলের স্বর্ণমুদ্রার অলঙ্করণে। শিল্পী আবদুস সামাদকে ১৫৭৭ খ্রিস্টাব্দে ‘মাস্টার অব দি মিন্ট’ নিযুক্ত করেছিলেন আকবর হয়তো এই ভেবেই যে ছবির পাতার মতই মুদ্রার ধাতুর পাতটি চিত্রের সৌন্দর্যে মনোহারী হয়ে উঠবে। আসিরগড় দুর্গজয়ের পর তাঁর মুদ্রায় ফুটে ওঠে ফুললতাপাতার কারুকাজের মধ্যে এক বাজপাখি। আগ্রা থেকে প্রচারিত মুদ্রায় সেই একই ধরনের কারুকাজের মাঝে ভেসে বেড়ায় একটি হাঁস আর সেই যুগপুরুষ রাম এবং সীতাকে নিয়ে তাঁর সেই অর্ধ মোহরখানা যেন। মিনি সাইজের সোনার পাতে এক অপূর্ব মিনিয়েচার।

কারুশিল্পেও বাদশাহি অনুরাগ ছিল দেখার মত। অস্ত্রশস্ত্র, বাসনকোসন, তাঁবু, গালচে, জ্যামিতিক জাফরির কাজ— আকবরি যুগের সবেতেই ছিল শিল্পরুচির ছোঁয়া। মুঘল বাদশারা ফুল ভালবাসতেন তাই ফুলে ফুলে ভরে যেত তাঁদের সাজানো বাগান। মণিমুক্তোর মধ্যে আকবরের বিশেষ পছন্দ ছিল পান্না। দরবারের শিল্পী কারিগরেরা এই পান্নাকে মণির জগৎ থেকে তুলে এনেছিল শিল্পের পর্যায়ে নানা কারুকাজে খচিত করে। রবীন্দ্রনাথের মত আকবরও হয়তো ভাবতেন তাঁর চেতনার রঙে পান্না হয়েছিল সবুজ। এই পান্না-পসন্দ সম্রাটের কাছে রত্নটি ছিল আনন্দ, অধ্যাত্মচেতনা ও যাদুমন্ত্রের প্রতীক।

শিল্পসংস্কৃতির আর এক শাখা সঙ্গীতেও আকবরের অধিকার ছিল যথেষ্ট। নিজে তিনি হিন্দুস্থানী কণ্ঠসঙ্গীত শিখেছিলেন লাল কলাবন্তের কাছে। নাকাড়াও বাজাতে পারতেন তিনি বেশ স্বচ্ছন্দে। আবুল ফজল লিখেছেন, জনা ছত্রিশ সঙ্গীতজ্ঞ ছিলেন আকবরের রাজসভায় আর তানসেন তো আবুলের মতে সেই বিরল প্রতিভা যাঁর মত শিল্পী ভারতবর্ষে হাজার বছরের মধ্যে জন্মাননি। আর ছিলেন বাবা রামদাস। রাজদরবারে মিঞা তানসেনের পরেই ছিল তাঁর খ্যাতি। ইরানি, তুরানি, কাশ্মীরি পুরুষ-মহিলা নানা ধরনের শিল্পীরা আলো করেছিলেন আকবরের সঙ্গীতসভা।

স্থাপত্য, সঙ্গীত, উদ্যানকলা, বয়নশিল্প, কারুকলা শিল্পের সবক্ষেত্রেই আকবর ছিলেন পরম এক রসিক। আকবর-সভার জৈন পণ্ডিত সিদ্ধিচন্দ্ৰ উপাধ্যায় সংস্কৃত একটি শ্লোকে বাদশার গুণকীর্তন করেছেন: ‘ন সা কলা ন তদ্ জ্ঞানম্, নতদ্ বৈর্যং, ন তদ বলং। সহীন, যুবরাজেন যএ নৈবোদ্যমঃ কৃত৷’ এমন কোনও কলা নেই, এমন কোনও জ্ঞানের শাখা নেই, এমন কোনও ধৈর্য বা সাহসের বিষয় নেই, সে ব্যাপারে যুবরাজ উদ্যম দেখাননি।

কভারের ছবি: সম্রাট আকবরের আঁকা সীতা, হনুমানকে ছদ্মবেশী রাবণ ভেবে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন। চিত্র: গুগল

হাপু: কৌতুক-কথায় বিদ্ধ করে সমাজকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

মূকাভিনয়: প্রাচীন ভারতীয় ঐতিহ্য

যুগে যুগে মূকাভিনয় রূপ পাল্টেছে, পাল্টাচ্ছে প্রতিনিয়ত। নাটকে, নৃত্যে, কথকতায় যা ছিল, এখন ‘White face makeup’ তার লাঞ্ছন। রঙের ব্যবহার হচ্ছে, নাটকের যৌথ শিল্পকলা থেকে বেরিয়ে এসে একদা একক প্রদর্শেয় হয়ে উঠে ফের দলগত প্রদর্শনীতে ফিরে গেছে। মার্সো মঞ্চ থেকে তাকে নিয়ে গেছেন পথে। এমনকী চ্যাপলিনের ভবঘুরের সমান্তরাল তাঁর বিখ্যাত ‘বিপ দ্য ক্লাউন’ নিয়ে তিনি চলচ্চিত্রেও অবতীর্ণ। মূকাভিনয় আর মার্সো আজ এতটাই সমার্থক যে, যোগেশ দত্ত সত্যজিৎ রায়ের কাছে ভারতীয় মার্সো! দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সৈনিক তাঁর মূকাভিনয়ের জাদুতেই ইহুদি বহু শিশুদের বাঁচিয়েছিলেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারায়ণগঞ্জের দুর্গাপুজো

বাংলাদেশের নানা জেলার‌ রামকৃষ্ণ মিশনে ঘোরার অভিজ্ঞতায় দেখেছি, সব জায়গাতেই আচারপরায়ণ মহারাজ ও ব্রহ্মচারীদের সুমধুর ব্যবহার। এখানে এসেই যখন এখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী একনাথানন্দজির সঙ্গে আলাপ হল, মুহূর্তের মধ্যেই তিনি অন্তরঙ্গ হয়ে উঠলেন। আমাকে পূজামণ্ডপে নিয়ে তাঁর কাছে বসালেন। ষষ্ঠীর রাতে নববস্ত্র বিতরণ অনুষ্ঠান‌ ছিল। আমাকে দিয়েও বস্ত্রদান করালেন। এই যে আচরণ, এতে করে আমি যে কী পরিমাণ সম্মানিত বোধ করলাম, তা বলার‌ নয়। কেবল‌ তাই নয়, সমবেত দর্শক-শ্রোতার সামনে আমাকে কিছু বলার আমন্ত্রণ-ও জানালেন। আমাকে আপ্লুত করল তাঁর এই আহ্বান।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

দুর্গাপূজা ও প্রসঙ্গত

এতদিন ধরে অন্য কোনও দেবদেবীর পুজো কোথাও হয় না। দুর্গাপুজোর এটি একটি অনন্য বৈশিষ্ট্য। আরও একটি বৈশিষ্ট্য, এই পুজো উপলক্ষে কত যে পত্রপত্রিকা বেরোয়, তার কোনও সীমা নেই। কলকাতা যেহেতু এ-পুজোর প্রাণকেন্দ্র, স্বভাবতই এখান থেকে সবচেয়ে বেশি পুজোসংখ্যা পত্রিকা বেরোয়। প্রতিটি দৈনিক পত্রিকা বিরাট আকারে পুজোর অর্ঘ্য সাজায়। প্রসঙ্গত, সত্যজিৎ রায় তাঁর যে দু’টি ভিন্নধারার লেখার মাধ্যমে দীর্ঘ পঞ্চাশ বছরের ওপর জনপ্রিয়তার শীর্ষে, তা কিন্তু এই পুজোর ‘দেশ’ আর’ আনন্দমেলা’-র সূত্রেই।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মহালয়া

এই চণ্ডীপাঠকে অভাবিত মাত্রা দিয়েছে কলকাতার আকাশবাণী কেন্দ্র। ১৯২৭ সালে স্থাপিত হওয়া এই বেতার প্রচারকেন্দ্র থেকে (তখন নাম ছিল ‘Indian State Broadcasting Service’) ১৯৩১-এর ১১-ই অক্টোবর সর্বপ্রথম মহালয়ার অনুষ্ঠান প্রচারিত হয়। স্তোত্রপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পরিকল্পনা বাণীকুমার, প্রকৃত নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক। অচিরেই এটি তুমুল জনপ্রিয় হয়। অদ্যাপি, প্রায় শতবর্ষ হতে চলল, অনুষ্ঠানটির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সময়ের পরিবর্তনের সঙ্গে শিল্পীর পরিবর্তন হয়েছে, মহালয়ার প্রাক্-সূর্যোদয়ে এখনও কী কলকাতা, কী কানপুর-ঢাকা-ম্যাসাচুসেটস-আগরতলা-আন্দামান-মেহেরপুর-টোকিওর বাঙালি এটা শুনতে ভোলেন না।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চিরজীবী বিদ্যাসাগর

বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ লেখার মাধ্যমে শিশুশিক্ষার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা রেখেছিলেন। ১৮৫৫-র ১৪-ই এপ্রিল, অর্থাৎ ১২৬২-র পয়লা বৈশাখ এর প্রথম খণ্ড, ও সে বছরের-ই পয়লা আষাঢ় বইটির দ্বিতীয় খণ্ড বেরোয়। এর আগেও শিশুদের অক্ষর পরিচয় ও বাক্যগঠনের বেশ কিছু বই থাকলেও বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ উপযোগিতার দিক দিয়ে সেগুলিকে, ও পরবর্তীকালে রবীন্দ্রনাথের ‘সহজপাঠ’-কে বহুগুণে ছাড়িয়ে গিয়েছে। তাঁর জীবিতকালেই বইটির ১৫০-এর ওপর সংস্করণ হয়, আর ছাপা হয়েছিল তিরিশ লাখের-ও বেশি। এখন-ও ও বইটির উপযোগিতা শেষ হয়ে যায়নি।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

অজানা বিভূতিভূষণ

নিতান্ত দারিদ্র্যের মধ্য থেকে তিনি উঠে এসেছিলেন বলে দারিদ্র্য ও প্রতিকূলতা নিয়ে তাঁর নিজস্ব এক দর্শন ছিল। তাই দেখি, ডায়েরির এক জায়গায় তিনি লিখছেন, ‘দুঃখ জীবনের বড় সম্পদ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ— Sadness ভিন্ন profundity আসে না।’ অতীত দারিদ্র্যময় জীবনের কথা মনে করে নিজে সপ্তাহে একদিন শুধু নুন আর ভাত খেতেন।

Read More »