Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গম্ভীরার কিংবদন্তি সুফি মাস্টার: পড়েছিলেন ব্রিটিশের রোষানলেও

জন্ম মালদার ইংরেজবাজারের ফুলবাড়িতে, শেখ সফিউর রহমানের কিংবদন্তি গম্ভীরা শিল্পী ‘সুফি মাস্টার’ হয়ে ওঠা এখানেই। দেশভাগের পর চলে গেছিলেন ওপার বাংলার চাঁপাইনবাবগঞ্জে, তৈরি করেছিলেন গম্ভীরার নয়া ঘরানা। ২৬ জানুয়ারির দিন বঙ্গবন্ধু মুজিবর রহমানের সামনে গম্ভীরা পরিবেশন করেন বর্ষীয়ান সুফি মাস্টার। মালদা বা এপার বাংলা আজ মনেও রাখেনি এই গম্ভীরা শিল্পীকে।

১৮৯৪-এ ইংরেজবাজারের ফুলবাড়িতে জন্ম শেখ সফিউর রহমানের। অনেক ভাইবোনের সংসার চালাতে গিয়ে মাত্র ১১ বছর বয়সে মালদা ডাকঘরে পার্সেল প্যাকারের কাজ। পনেরো থেকেই গম্ভীরার মায়ায় জড়িয়ে পড়া। প্রথমে ফুলবাড়ির কিশোরী পণ্ডিতের দলে, তারপর নিজস্ব দল। গম্ভীরা গানের লেখক বা বাঁধনদার হিসাবে শিল্পে ও প্রতিবাদে প্রথম থেকেই অনন্য।

ব্রিটিশ সরকার চালু করল নতুন একটাকার নোট— তাতে কলাগাছের ছবি। তা নিয়েই গান বাঁধলেন সুফি মাস্টার— ‘সাহেব ধরিয়া লাঙন কলার গাছ হে/ নাচাচ্ছো বেশ ভালুক নাচ হে/ এই সোনার ভারতে, দোকানে আড়তে/ চাঁদির বিনিময়ে কাচ হে।’ হৈহৈ পড়ে গেল। পরবর্তীতে এই গান বহুবার ব্যবহৃত হবে লোকসংস্কৃতির গবেষকদের হাতে— সেই ইতিহাস সেদিন থেকেই তৈরি হল।

১৯০৫। এল বঙ্গভঙ্গের হাওয়া। সরকারি ডাকবিভাগের কিশোর কর্মীটি লিখে ফেললেন— ‘তুমি ঘুঁটের আগুন তুষের ধোঁয়া/ লাগিয়ে দিলে বঙ্গে/ আজ হাবুডুবু খায় ভারতবাসী— স্বরাজ তরঙ্গে।’ সেই গানও ঝড় তুলল। আর যায় কোথায়? যদিও গানের ভণিতায় নিজের নাম উল্লেখ করতেন না ওস্তাদ সুফি, তাও বিশেষ সূত্র ধরে ব্রিটিশ পুলিশ হানা দিল তাঁর বাড়িতে। বাজেয়াপ্ত হল গানের খাতা। বয়স অল্প বলে সতর্ক করেই ছেড়ে দিলেন সহৃদয় বাঙালি দারোগা। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ তাঁকে সহজে ছাড়েনি। সরকার-বিরোধী গান বাঁধার জন্য জেরা, অনুষ্ঠান বন্ধ করার মত পুলিশি হাঙ্গামা তাঁকে নিয়মিতভাবেই পোহাতে হয়েছে।

১৯১০-১২ থেকেই সুফি মাস্টার মালদা ও বৃহত্তর মালদার জনমানসে স্থায়ী আসন পেয়ে যান। ড. প্রদ্যোৎ ঘোষ, ড. পুষ্পজিৎ রায়, ড. ফণী পাল বা শচীকান্ত দাসের মত গম্ভীরা গবেষকরা এ বিষয়ে একমত। মালদার বাইরে থেকে বড় স্বীকৃতি এল এর পরই।

১৯১৮ সাল। পাবনায় বঙ্গীয় সাহিত্য পরিষদের বার্ষিক সম্মেলন। আমন্ত্রিত হয়ে গান বাঁধলেন সুফি মাস্টার, নানা ও নাতির ভূমিকায় তাঁর দলের দুই বিশ্বস্ত শাগরেদ মহ. কুতুবুল আলম ও মহ. রাকিবুদ্দিন। গম্ভীরার আসরের পর সাহিত্য সম্মেলনে সকলের মুগ্ধতার মাঝে সুফির গলায় সোনার মেডেল পরিয়ে দিলেন সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং! গম্ভীরা নিয়ে কবিগুরুর মুগ্ধতার রেশ ছড়িয়ে রইল সম্মেলনের লিখিত কার্যবিবরণীর মধ্যে।

ওস্তাদ সুফির প্রধান খ্যাতি গীতিকার হিসাবে। ১৯২২-এ মালদার পুড়াটুলির একটি ছাপাখানা থেকে তাঁর সম্পাদনায় বেরল গম্ভীরাগীতির ঐতিহাসিকভাবে প্রথম সংকলনগ্রন্থ ‘গম্ভীরা সংগীত’। মযহারুল ইসলাম তরু তাঁর ‘হাজার বছরের গম্ভীরা’ বইতে আক্ষেপ করে লিখেছিলেন, এই বইটি উদ্ধার করা গেলে গম্ভীরার ইতিহাস অন্যভাবে লেখা হত। হারিয়েই গেল সেই বই। জাতীয় গ্রন্থাগারে কোনওমতে সংরক্ষিত রয়েছে একটি কপি।

যেকোনও সমসাময়িক বিষয় নিয়ে চটজলদি গান বাঁধার ক্ষমতা ছিল সুফি মাস্টারের। তাতে সাহিত্যগুণও থাকত যথেষ্ট পরিমাণে। মালদার প্রবীণ গম্ভীরাশিল্পী যোগেন্দ্রনাথ চৌধুরী (মটরা) এবং দেবনাথ রায় (হাবলা) তাঁদের স্মৃতিচারণে বলেছিলেন সুফি মাস্টারের শিঙাড়াপ্রীতির কথা। শিঙাড়া খেতে অসম্ভব ভালবাসতেন তিনি। কোনও এক আসরের শেষে অনুরাগীরা শিঙাড়ার মালা পরিয়ে সংবর্ধনা জানিয়েছিলেন তাদের প্রিয় শিল্পীকে। প্রত্যুত্তরে সেই শিঙাড়া নিয়েই গান বেঁধে শুনিয়েছিলেন সুফি মাস্টার।

১৯২৪-এ দেশবন্ধু ও নেতাজির মালদায় আগমনের সময় তাঁদের সামনেও গম্ভীরা পরিবেশন করেন সুফি মাস্টার। দুজনেই লিখিতভাবে সম্মাননা জানান এই গুণী শিল্পীকে। তরুণ সুভাষচন্দ্রের ভাললাগা এতটাই ছিল যে, মান্দালয় জেল থেকে ৯ নভেম্বর, ১৯২৫-এ লেখা একটি চিঠিতেও তিনি গম্ভীরার অনন্যতার উল্লেখ করেছেন।

হাতে আঁকা সুফি মাস্টারের প্রতিকৃতিটি  শশীকান্ত দাস লিখিত ‘গম্ভীরার অতীত ও বর্তমান’ গ্রন্থ থেকে সংগৃহীত।

দেশভাগের সময় পরিবার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর বাজার এলাকায় চলে যান তিনি। মোটামুটি ১৯৪০-এর সময় থেকে চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরার নতুন আঙ্গিক তৈরি হতে থাকে মূলত তাঁর হাত ধরেই। এককথায়, প্রাচীন শৈবভাবনাকেন্দ্রিক গম্ভীরায় আসে নাটকীয়তার মোচড় ও গতি। বৃদ্ধ দাদু নানা আর নাতির সংলাপের মধ্যে তীব্রভাবে উঠে আসতে থাকে সময় ও সমসাময়িক সমস্যা। সঙ্গীতের স্থান নেয় সংলাপ।

Advertisement

এর মধ্যেই ভারতের স্বাধীনতা লাভ। এই দু-টুকরো হয়ে স্বাধীনতা নিয়েও গান বেঁধেছেন সুফি মাস্টার। সংবিধান কার্যকর করার দিন বিশেষ আমন্ত্রণে বঙ্গবন্ধু মুজিবর রহমানের সামনে গান করার আমন্ত্রণ পেলেন সশিষ্য সুফি মাস্টার।

কী হয়েছিল সেই বিশেষ দিনে? বাংলাদেশের খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ ‘যুগান্তর’ পত্রিকায় লিখছেন, ‘বাংলার চিরন্তন কৃষকের সাজে নানাবেশী কুতুবুল আলম এলেন মঞ্চে। পিছন পিছন যথারীতি এলো তার বিয়েপাগল নাতিবেশী রাকিবুদ্দিন। আজ নানা নাতি বিশেষ আমন্ত্রণে এসেছেন বঙ্গবন্ধুকে সুখ দুঃখের গান শোনাতে। আছেন সুফি মাস্টারও। কৃষক নানার গান শুনে বঙ্গবন্ধু বিমোহিত। বঙ্গবন্ধু এতোই মুগ্ধ হলেন যে তিনি মন্ত্রীসভার প্রত্যেক মন্ত্রীকে গম্ভীরা গান মনোযোগ দিয়ে শুনে কৃষক নানার অভিযোগগুলো প্রতিকার করার আহ্বান জানান।’

পরবর্তীতে ২০১৬-তে বাংলাদেশের জাতীয় গম্ভীরা উৎসবে বর্ষীয়ান নানা মহ. কুতুবুল আলমের সম্মাননা জ্ঞাপন করতে গিয়েও ঢাকার গণভবনের ২৬ জানুয়ারির এই গম্ভীরা আসরের উল্লেখ করা হয়েছে, তবে ১৯৫০ না ১৯৫১— তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। তবে কৃষিনির্ভর দুটি রাষ্ট্র, ভারত ও বাংলাদেশ, প্রজাতন্ত্র দিবসের বিশেষ দিনে কৃষকের সমস্যা নিয়েই ভেবেছিল, আর ভাবিয়েছিলেন একজন লোকশিল্পী— এই ইতিহাস আজ কার্যত হারিয়ে যাওয়ার পথে।

তবে ইতিহাসের চাকা ঘুরেও আসে। যে বঙ্গবন্ধুকে গান শুনিয়ে আপ্লুত করেছিলেন সুফি মাস্টার, কুতুবুল আলম বা রাকিবুদ্দিন; সেই মুজিবুর রহমানকেই ‘বড়ো নানা’ সম্বোধন করে বিদ্রূপের তির ছুড়ে দিয়েছিলেন তাঁরা। রাষ্ট্রপ্রধান হিসাবে কোনও রেয়াত করা হয়নি তাঁকে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত থেকে যে কাপড় আমদানি করা হত, তা গুণমানে এতটাই অপকৃষ্ট ছিল যে তা লজ্জানিবারণের অনুপযুক্ত— এই বিষয়টিকে কেন্দ্র করে ১৯৭৫-এ নাটোরের উত্তরা গণভবনে গম্ভীরার অনুষ্ঠানে তাঁরা গাইলেন— ‘হে নানা, কেনে করিস তুই ভাবনা/ ঐ দেখ আসছে হাঁরঘে বড়ো নানা/ বল্যা যাব নানা লাতি/ কোন কথা বাকি রাখবো না/ বিদ্যাশ হতে আসছে নানা/ দামি দামি সব কাপড়/ কিনতে যায়্যা ধরা খাইছে/ হাঁরঘে হাফর ফাপর/ তারপরেও পিন্ধলে কাপড়/ দেখা যায় বড়ো নানা।’ এই আসরের পর আর বছর আটেক বেঁচেছিলেন ওস্তাদ শেখ সফিউর রহমান— সুফি মাস্টার।

সরকারি অনুদান পেতে যেনতেনপ্রকারেণ সরকারি প্রকল্পের গুণগান করতে করতে গম্ভীরা আজ সরে এসেছে তার প্রতিবাদের জায়গা থেকে। ক্ষমতাবানের চোখে চোখ রেখে সত্যি কথাটা মুখের ওপর বলার সাহস এই লোকমাধ্যমের শিল্পরূপ তৈরি করেছিল; সুফি মাস্টারদের সঙ্গে সেটাও আজ হারিয়ে যাওয়ার পথে।

মলাটচিত্র: ফোটোগ্রাফের ডানদিক থেকে দ্বিতীয় ব্যক্তি সুফি মাস্টার। ১৯৮৩-তে মৃত্যুর কয়েকবছর আগে তোলা শেষ ফোটোগ্রাফ।

চিত্র: লেখক কর্তৃক সংগৃহীত

বাঙ্গিটোলার ছানার মণ্ডা এবং সত্তরোর্ধ্ব ষষ্ঠীচরণ

5 Responses

  1. খুব অনালোচিত একজন গম্ভীরাশিল্পীর কথা উঠে এল।লেখককে অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »
রাধাবল্লভ রায়

ধর্মযুদ্ধ

এই যে সংবাদমাধ্যমে প্রতিদিন শতমুখে বিদ্বেষ ছড়ানো হয়, এই যে ফেসবুক জুড়ে বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করে সম্মানীয় নেতা-মন্ত্রীদের কুৎসিত ইঙ্গিত, হিংসার প্রদর্শনী— এর প্রতিক্রিয়া কোথায় গিয়ে ঠেকে তাঁরা কি জানেন? পাড়ায় পাড়ায়, রকের আড্ডায়, ক্লাবের আড্ডায়— সর্বত্র বয়োজ্যেষ্ঠদের নির্বোধ অসংযত উচ্চারণ কোন শিশুর হৃদয়ে কেমন ভাবে প্রোথিত হয় তাঁরা কি জানেন? ভেবে দেখেছেন কি এই বিদ্বেষিতার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবে আগামী প্রজন্ম?

Read More »