Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কার্ড

ব্যারি পেন

অনুবাদ: অনিন্দিতা মণ্ডল

বছরখানেক আগে এলিজার সঙ্গে আমার একটু মতপার্থক্য হয়। আমি বলেছিলাম যে আমাদের কোনও ভিজিটিং কার্ড নেই।

“না নেই!” সে খুব রেগে বলেছিল, “আমি স্বপ্নেও এমন ভাবি না!”

আমি শান্ত স্বরে বলেছিলাম, “কেন থাকতে পারে না? ভিজিটিং কার্ড একটা স্বাভাবিক বস্তু। সব ভদ্রলোক ও ভদ্রমহিলার কাছেই থাকে।”

সে উত্তরে বলেছিল, জিনিসটার যে ঠিক কী দরকার সে তার জানা নেই।

বললাম, অতশত জানি না। এটুকু বলতে পারি যে, ভিজিটিং কার্ড ছাড়া আমি একটি পাও বাইরে রাখছি না।

“দরকারটা কী? আমরা তো কাউকে বাড়িতে ডাকি না। আমাদেরও কেউ ডাকে না।” এলিজা বলল।

—মিস সকার্স কেউ নয় তাহলে?

—তিনি তো কখনও কার্ড রেখে যাননি? তিনি অতি ভদ্র স্বভাবের। আমাকে না পেলে তিনি মেয়েটিকে বলে যান আমাকে বলতে যে তিনি এসেছিলেন। তাঁর যদি কার্ড ছাড়া এভাবে চলে যায় তাহলে আমাদেরও যেতে পারে!

—ধন্যবাদ। সম্মানজনক কাজ সম্পর্কে আমার নিজস্ব ধারণা আছে। মিস সকার্সের থেকে শিখতে হবে না আমায়। আমি আজ সকালে অ্যামরডের কাছে পঞ্চাশটি করে ভিন্ন ভিন্ন রকম কার্ড বরাত দেব।

—শ’য়ে শ’য়ে কার্ড নষ্ট হবে।

—হয় তুমি গুনতে জানো না কিংবা তুমি জানো না যে বিবাহিত দম্পতিরা কত ধরনের কার্ড ব্যবহার করে। স্বামীর একার একরকম, স্ত্রীর একরকম, এবং দুজনের একসঙ্গে যে কার্ড তাতে দুজনের নাম থাকে।

এলিজা চিৎকার করল— তবে আর কী? যাও! বেড়ালের নামেও কার্ড করাও। আমরা যত মানুষ চিনি তার চেয়ে বেশি বেড়ালের সঙ্গে ওর চেনাজানা।

আমি কড়া করে উত্তর দিতে পারতাম কিন্তু একদম চুপ করে থাকাই স্থির করলাম। কারণ তাইতে এলিজার বিশ্রী মেজাজ আরও প্রকট হত। কিন্তু এলিজা থামল না, —মা থাকলে খুব বিরক্ত হত, আমি জানি। যেখানে শেষ হয়ে আসা কয়লার দাম পর্যন্ত এখনও বাকি সেখানে সেই পয়সায় কার্ড আনা আমি কিছুতেই সমর্থন করি না।

কোনও কথা না বলে আমি সোজা অ্যামরডের কাছে গিয়ে কার্ডের অর্ডার দিলাম। নিজের জেদ বজায় রাখতে অনেকের মতই আমি শক্ত হই। আমার সঙ্গে বসবাস অত্যন্ত সহজ, এবং আমি জানি যে এলিজাও সেটা জানে। কিন্তু আমার কথা হল, পুরুষ মানুষ যদি নিজের বাড়ির কর্তা না হয় তবে সে কোথায় কর্তাটি হবে?

***

অ্যামরড যতক্ষণ কার্ড ছাপাচ্ছিল ততক্ষণ আমি অপেক্ষা করলাম। মাঝে মাঝে আমি তাকে কোথাও একটুকরো পাতা, বা নামের তলায় একটা লাইন দেওয়ার পরামর্শ দিচ্ছিলাম যাতে কার্ডগুলো দেখতে সুন্দর লাগে। কিন্তু অ্যামরড রাজি হল না। সে মনে করেছে এগুলো নিতান্তই বাহুল্য, আর এর জন্য খরচও বেশি পড়বে। তাছাড়া তার কাছে প্রয়োজনীয় স্টকও নেই। মেনে নিলাম। কার্ডগুলো ভালই দেখতে হল। ছিমছাম পরিষ্কার (শুধু কয়েকটার কালি তখনও শুকোয়নি)। নিজের সম্মানরক্ষার জন্য যথেষ্ট মনে হল।

সেদিন সন্ধেয় একটা ছোট্ট বাক্সে বাগান থেকে কিছু সুন্দর ফুল তুলে ভরলাম। সেখানে একটি কার্ড রাখলাম। কার্ডে লিখলাম, বুকভরা ভালবাসা। তারপর সেটা এলিজার মাকে পোস্ট করলাম।

এতদিন এলিজার মা কার্ডের পেছনে খরচ অপ্রয়োজনীয় মনে করেছেন। কিন্তু এবার তিনি এলিজাকে পাঁচটি শিলিং, তিন পাউন্ড গোরুর মাংস ও একটি অ্যাপ্রন উপহার পাঠালেন।

এই ছোট্ট ঘটনাটি বলবার একটাই উদ্দেশ্য, এক্ষেত্রে কে ঠিক ছিল, এলিজা না আমি?

Advertisement

কয়েকটা কার্ড পকেটে রাখলাম, বাকিগুলো ড্রয়ারে রইল। কয়েক সপ্তাহ পর খুব বিরক্ত হয়ে লক্ষ করলাম, এলিজা কার্ডগুলো সিল্কসুতো গোটাতে ব্যবহার করছে। এলিজা বলল, এভাবে ব্যবহারের জন্য কার্ডগুলো মোটেই নষ্ট হচ্ছে না। ওগুলো ব্যবহার করতে অসুবিধে হবে না।

—কার্ডগুলো ব্যবহারযোগ্য থাকা চাই। ময়লা হলে হবে না, বুঝলে? বললাম আমি।

সেদিন এলিজা খবর দিল যে আমাদের গলির চোদ্দো নম্বর বাড়িতে পপওয়ার্থ নামে একজন ভাড়া এসেছে।

আমি ওকে বললাম, “এ নিশ্চয় সেই ছোকরা পপওয়ার্থ যে আমাদের অফিসে ছিল। শুনেছি এ বছরে বিয়ে করতে চলেছে। অবশ্যই তার বাড়ি যেয়ো ও কার্ড দিয়ে এসো।”

—কোনগুলো? আর ক’টা করে?

—কোনও বই না দেখে এভাবে আমি বলতে পারব না। এটা রুচির ব্যাপার। বেশ ক’টা দিয়ে এসো। বাড়িতে যে ক’জন আছে সবার জন্য।

—কিন্তু আমি কী করে জানব যে বাড়িতে ক’জন আছে?

—ওরা যদি আমরা যে দোকান থেকে মাংস কিনি সেখান থেকেই কেনে তাহলে তো দোকানিকে জিজ্ঞেস করলেই জানতে পারবে।

পরের দিন আমার মনে হল এলিজা নিশ্চয় কার্ড দিয়ে এসেছে। পপওয়ার্থের নিশ্চয় বেশ পয়সা আছে। এত বড় একটা বাড়ি সে ভাড়া নিয়েছে! কিন্তু এলিজা বলল—

—মাংসের দোকানে দোকানি বলল, ও বাড়িতে পপওয়ার্থ, তার বউ, তার দুই বোন, একজন জার্মান বন্ধু ও এগারোটি বাচ্চাকাচ্চা আছে। মানে সব মিলিয়ে ষোলো জন। মানে দাঁড়াল আটচল্লিশটা কার্ড। দেখেছ তো? আমি কিন্তু তোমার নিয়ম ভুলিনি।

—এলিজা, আমি তোমাকে বলেছিলাম, এটা রুচির ব্যাপার। তোমার একসঙ্গে আটচল্লিশটা কার্ড রেখে আসা মোটেই ঠিক হয়নি।

—মানে তুমি বলতে চাইছ যে আমি মাঝে মাঝেই গিয়ে কার্ড রেখে আসব? আমার কি আর অন্য কাজ নেই? ঝুড়িতে তোমার তিন জোড়া ময়লা মোজা এখনও পড়ে। ধোওয়া হয়নি।

—কিন্তু এ তো আমি যাকে মনে করেছি সেই পপওয়ার্থ নয়! যদি তার এ বছর বিয়ে হবার থাকে তাহলে কী করে তার এগারোটা বাচ্চা থাকবে? আর এই বাড়িটাও তেমন নয় যেমনটা ভেবেছি!

—আমিও সেটাই ভাবছিলাম।

—তাহলে তুমি তাদের ডাকলে কেন?

—কে বলেছে আমি ডেকেছি? ডাকিনি তো?

***

আমি স্বস্তির নিশ্বাস ফেললাম। সেদিন সন্ধেয় এলিজা যখন কার্ডের দুটি কোনা অল্প ছিঁড়ে সুতো গোটাচ্ছিল, আমি চুপ করে থাকাই স্থির করলাম। মাঝে মাঝে এমন ভান করাটা ভাল, যে তুমি কিছু দেখোইনি।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fourteen =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »