Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আচার্য প্রমথনাথ বসু: ভারতে শিল্পবিকাশের ভগীরথ

আধুনিক ভারতের বিজ্ঞানের ইতিহাসে আচার্য প্রমথনাথ বসুর নাম চিরদিন সোনার অক্ষরে লেখা থাকবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ক’জন তাঁর নাম জানেন, আর ক’জনই বা তাঁর কীর্তির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন!

প্রমথনাথ বসু প্রথম ভারতীয় ভূতত্ত্ববিদ। তিনি ভারতের বিস্তীর্ণ অঞ্চল এবং ব্রহ্মদেশ বা বর্তমান মায়ানমারেও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আবিষ্কার করেছিলেন। আজ আমরা ঝাড়খণ্ডের জামসেদপুরে যে ‘টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি’ দেখতে পাই, তা তাঁরই আবিষ্কারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মধ্যপ্রদেশের ভিলাই, ওড়িশার রৌরকেলা এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুরের কারখানাগুলিতে আজ যে কাঁচামাল আমদানি হয়, তাও তাঁর আবিষ্কৃত লৌহের আকরগুলি থেকেই প্রাপ্ত। সেদিনের ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ যা বর্তমানের ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়’ নামে পরিচিত, তারও অন্যতম প্রতিষ্ঠাতা, প্রথম অধ্যক্ষ এবং পরিদর্শক ছিলেন প্রমথনাথ।

প্রমথনাথ বসুর (P N Bose) জন্ম ১৮৫৫ সালের ২২ মে, বর্তমান উত্তর ২৪ পরগনার গোবরডাঙার গৈপুর গ্রামে। তাঁর পিতার নাম তারাপ্রসন্ন বসু এবং মাতার নাম শশীমুখী দেবী। তারাপ্রসন্ন পশ্চিমবঙ্গ সরকারের জলপুলিশের ইন্সপেক্টর ছিলেন। তারাপ্রসন্নের পিতা অর্থাৎ প্রমথনাথের পিতামহের নাম ছিল নবকৃষ্ণ বসু। নবকৃষ্ণ ছিলেন নদীয়ার রাজধানী কৃষ্ণনগরের একজন বিখ্যাত মোক্তার।

প্রমথনাথ ৯ বছর বয়স পর্যন্ত খাঁটুরার বঙ্গ বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। তারপর তিনি পিতামহ নবকৃষ্ণের কাছে কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে ১৮৭১ সালে তিনি এন্ট্রান্স পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। এবার ভর্তি হলেন কৃষ্ণনগর কলেজে। এখানেও তিনি ভাল ফল করলেন। ১৮৭৩ সালে এফ এ পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। এই কলেজে পড়ার সময়ে গিলক্রাইস্ট স্কলারশিপ এগজামিনেশনে সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে প্রমথনাথ ১৮৭৪ সালে উচ্চশিক্ষার জন্য বিলেত যান। ১৮৭৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বি এসসি এবং ১৮৭৯ সালে রয়াল স্কুল অব মাইনস-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮৮০ সালের ১৩ মে বিলেতে থাকার সময়েই প্রমথনাথ জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে যোগ দেন। তারপর ১৮৮০ সালে ৩০ জুলাই তিনি দেশে ফিরে আসেন।

যৌবনে প্রমথনাথ বসু।

বিলেতে অবস্থানকালে একসময় প্রমথনাথের দারুণ অর্থসংকটও দেখা দিয়েছিল। কারণ, তখন তাঁর গিলক্রাইস্ট স্কলারশিপ শেষ হয়ে গিয়েছিল এবং তখন তিনি চাকরিও পাননি। তাই বাধ্য হয়ে তিনি বক্তৃতা দিয়ে, প্রবন্ধ লিখে এবং ছাত্র পড়িয়ে পয়সা উপার্জন করতে শুরু করেন। বিলেতে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্ররা পরীক্ষায় যাতে বিশেষ সফলতা লাভ করতে পারেন, তার জন্য সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরের দু-একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এরই একটিতে প্রমথনাথ অধ্যাপনা করতে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিনের জন্য প্রমথনাথের ছাত্র ছিলেন।

বিলেত থেকে ফিরে আসার পর কলকাতার শিক্ষিত সমাজ তাঁকে গ্রহণ করলেও, তাঁর নিজের গ্রাম গৈপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষেরা তাঁকে গ্রহণ করলেন না। কারণ, তাঁদের সংস্কার অনুযায়ী সেকালে সমুদ্রযাত্রা ছিল ধর্মত্যাগের অনুরূপ। তাঁরা প্রমথনাথকে প্রায়শ্চিত্ত করতে বললেন। কিন্তু প্রমথনাথ প্রায়শ্চিত্ত করতে সম্মত হলেন না। এইভাবে তাঁর নিজের গ্রাম, তাঁর নিজের সমাজ তাঁকে দীর্ঘদিনের জন্য দূরে ঠেলে দিল।

১৮৮২ সালের ২৪ জুলাই প্রমথনাথ কমলাদেবীকে বিবাহ করেন। কমলাদেবী ছিলেন বিখ্যাত সিভিলিয়ান এবং ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্তের প্রথমা কন্যা। এই বিবাহ অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরও উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে একটি বিশেষ স্মরণীয় ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি রবীন্দ্রনাথ তাঁর ‘জীবনস্মৃতি’ গ্রন্থে সুন্দরভাবে ব্যক্ত করেছেন। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘‘রমেশ দত্ত মহাশয়ের জ্যেষ্ঠা কন্যার বিবাহসভার দ্বারের কাছে বঙ্কিমবাবু দাঁড়াইয়া ছিলেন; রমেশবাবু বঙ্কিমবাবুর গলায় মালা পরাইতে উদ্যত হইয়াছেন এমন সময়ে আমি সেখানে উপস্থিত হইলাম। বঙ্কিমবাবু তাড়াতাড়ি সে-মালা আমার গলায় দিয়া বলিলেন, ‘এ-মালা ইহারই প্রাপ্য। রমেশ, তুমি সন্ধ্যাসংগীত পড়িয়াছ?’ তিনি বলিলেন, ‘না’। তখন বঙ্কিমবাবু সন্ধ্যাসংগীতের গান কবিতা সম্বন্ধে যে-মত ব্যক্ত করিলেন তাহাতে আমি পুরস্কৃত হইয়াছিলাম।’’

প্রমথনাথ তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন দুর্গম পাহাড়-পর্বতে, হিংস্র বন্যজন্তুতে পরিপূর্ণ গভীর অরণ্যে। তাঁর একমাত্র স্বপ্ন ছিল খনিজ সম্পদের সন্ধান এবং সেই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধ করে তোলা। তাঁর আবিষ্কৃত খনিজের তালিকাও সুদীর্ঘ। নর্মদা নদী উপত্যকার দক্ষিণ অংশে অবস্থিত নিমাত্তর এবং কাওয়াতের মাঝখানের খনিজ, মধ্য ভারতের রাইপুরের কাছের লিগনাইট কয়লা, রাইপুর জেলার পশ্চিম অংশে ধল্লী ও রাজহরা পর্বতে লৌহ ও অন্যান্য খনিজ, রাইপুর এবং বালাঘাট জেলায় আগ্নেয় শিলা, জব্বলপুর জেলায় ম্যাঙ্গানিজ ও ম্যাঙ্গানিজ ঘটিত লোহা, রানিগঞ্জ এবং বরাকরে অভ্র— এ সবই প্রমথনাথের আবিষ্কার। এ ছাড়াও তিনি দার্জিলিংয়ের লিমু ও রামথী নদীর মধ্যবর্তী স্থানে কয়লা, সিকিমে তামা, ব্রহ্মদেশ বা মায়ানমারের ট্যাভয় ও মারগুই জেলায় গ্র‌্যানাইট, আসামের উম-রিলেং নদীতীর এবং খাসিয়া ও জইন্তিয়া পাহাড়ে তেল ও কয়লা, ওড়িশার ময়ূরভঞ্জ জেলার গোরুমহিষানী অঞ্চলে লৌহখনি, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় দস্তা ঘটিত খনিজ এবং বড়গুন্ডাতে স্বর্ণ ঘটিত ও তাম্র ঘটিত খনিজ প্রভৃতি আবিষ্কার করেন।

Advertisement
প্রমথনাথ বসুর জন্ম ১৮৫৫ সালের ২২ মে, উত্তর ২৪ পরগনার গোবরডাঙার গৈপুর গ্রামে।

১৮৮৭ সালে প্রমথনাথ জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদও অলংকৃত করেন। ১৯০১ সালে তিনি প্রেসিডেন্সি কলেজের ভূতত্ত্ব বিভাগে অধ্যাপনা করতেও শুরু করেন। তারপর এল ১৯০৩ সাল। এই বছরেই প্রমথনাথের জীবনের গতিপথ অন্যদিকে ঘুরে গেল। প্রমথনাথের দশ বছরের জুনিয়র স্যার টমাস হেনরি হল্যান্ডকে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর করা হল। এতে তাঁর আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগল। প্রতিবাদে ১৯০৩ সালে প্রমথনাথ উনপঞ্চাশ বছর বয়সে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া থেকে পদত্যাগ করলেন।

১৯০৬ সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হল। এই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথনাথ। শুধু তাই নয়, এর প্রথম অধ্যক্ষও ছিলেন তিনি। ১৯০৮ সালের শেষের দিকে তিনি সাময়িক কালের জন্য অধ্যক্ষের পদ ত্যাগ করেন। ১৯০৯ সালে আবার তিনি এই প্রতিষ্ঠানের ‘রেকটর’ নির্বাচিত হন। ১৯০৯ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত, দীর্ঘ সময় ধরে তিনি এই পদে নিযুক্ত ছিলেন। ১৯২০ সালে তিনি স্বেচ্ছায় এই পদটি ছেড়ে দেন। কিন্তু তাঁর প্রিয় প্রতিষ্ঠানটি তাঁকে কিছুতেই ছেড়ে দিতে চায়নি। ১৯২১ সালে আবার তিনি এর ‘ভিজিটর’ নির্বাচিত হন।

প্রমথনাথ বসুর জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি ১৯০৩-০৪ সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার গোরুমহিষানী অঞ্চলে লৌহখনি আবিষ্কার এবং মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি জামসেদজি নাসেরওয়ানজি টাটার সুযোগ্য পুত্র, ডোরাবজি টাটাকে ডেকে এনে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি স্থাপনে রাজি করানো। প্রমথনাথের ডাকে সাড়া দিয়ে শুধু ডোরাবজি টাটাই আসেননি, তাঁর সঙ্গে এসেছিলেন সি পি পেরিন, সি এম ওয়েল্ড এবং সাকলাতওয়ালা। ১৯০৮ সালের ২৭ ফেব্রুয়ারি সাকচী গ্রামে এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এই অঞ্চলটির নাম হয় জামসেদপুর। এটিই ভারতের প্রথম লোহা এবং ইস্পাতের কারখানা। তাই প্রমথনাথ বসুকে ভারতে শিল্পবিকাশের ভগীরথ বলা চলে।

প্রমথনাথ বসু শুধু একজন ভূতত্ত্ববিদই ছিলেন না, তিনি ছিলেন একজন বিখ্যাত লেখকও। তাঁর লেখা গ্রন্থগুলির মধ্যে ‘A History of Hindu Civilization during British Rule’, ‘Epochs of Civilization’, ‘Civilization Through The Ages’, ‘The Illusions of New India’, ‘Swaraj— Cultural and Political’ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।

১৯৩৪ সালের ২৭ এপ্রিল। প্রমথনাথ পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। পিছনে পড়ে রইল তাঁর সারা জীবনের অসংখ্য কীর্তি। তাঁর মৃত্যুতে বন্ধু কর্নেল সিং অশ্রুভরা চোখে উচ্চারণ করলেন– ‘‘A great ‘Sadhu’ has passed away.’’

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Recent Posts

গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »
যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »
তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »