Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নিজভূমেই বিস্মৃত বেঙ্গল ভলান্টিয়ার্সের সৈনিক শান্তিগোপাল সেন

১৯৩৫ সাল। সুদূর আন্দামানের সেলুলার জেলের কারাকক্ষ। সন্ধ্যাবেলার অলস আড্ডায় কোনও এক স্বাধীনতা সংগ্রামী আক্ষেপ করে বলছেন— গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে রিভলভার কেঁপে যায় বলে রিভলভারে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রাইফেলের থেকে অনেক বেশি। সেই জন্যই তিনি চোদ্দো হাতের মধ্যে থাকা ইংরেজ সাহেবকে সামনে পেয়েও মারতে পারেননি। এই লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনা নিয়েই বিপ্লবীদের মধ্যে সেদিন তুমুল তর্ক। চশমা পরা খুব সাধারণ চেহারার এক যুবক তুমুল তর্কের মাঝখানে মৃদু গলায় বললেন— ‘সিক্স ও ক্লক এ রেখে এইম করলেই টার্গেট মিস হয় না। পরে প্র্যাকটিস করে দেখতে পারেন।’ তিনিই ব্যাখ্যা করে বোঝান— দেওয়াল ঘড়ির কাঁটার বারো সংখ্যাটিকে যদি টার্গেট করতে হয়, রিভলভার তাক করতে হবে ছয় সংখ্যাটির দিকে। তাহলেই সঠিকভাবে লক্ষ্যভেদ সম্ভব। বিপ্লবী উল্লাসকর দত্ত তাঁর কারাবিবরণীতে লিখছেন: রিভলভারের টার্গেট প্রসঙ্গে বলতে গিয়ে ঝকঝক করে উঠছিল চশমার আড়ালে একজোড়া চোখ। তিনি কোনওদিন ভুলতে পারেননি তীব্র চোখের সেই তরুণকে। তাঁর নাম শান্তিগোপাল সেন।

মালদা জেলার ইংরেজবাজারের পিরোজপুরে মালদা উইমেন্স কলেজের যাওয়ার রাস্তার একধারে আছে পুরসভার উদ্যোগে স্থাপিত তাঁর আবক্ষ মূর্তি। শহরের পুরনো বাসিন্দারা বলেন, শান্তিগোপাল সেন জাতীয় কংগ্রেসের টিকিটে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তিনবার নির্বাচিত বিধায়ক। স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সামাজিক সংস্কারমূলক আন্দোলন ছাড়াও মালদা গার্লস স্কুল এবং মালদা উইমেন্স কলেজ প্রতিষ্ঠার পিছনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যস, এটুকুই। ৭৬তম স্বাধীনতা দিবস পালনের তুমুল উল্লাসের মধ্যে আমরা ভুলেই থাকলাম ১৯৩০-এর দশকে ইংরেজ প্রশাসনের বুক কাঁপিয়ে দেওয়া বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনের এই নায়ককে। ভুললে চলবে না, রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া বিনয়-বাদল-দীনেশ এই বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বি ভি দলেরই সদস্য।

শান্তি ‘ক্র্যাকশট’ সেন— ইংরেজ পুলিশের গোয়েন্দা বিভাগের গোপন নথিতে এটাই ছিল শান্তিগোপাল সেনের সাংকেতিক নাম। অভিধান বলছে— ‘ক্র্যাকশট’ শব্দের অর্থ বন্দুক-পিস্তলে অব্যর্থ লক্ষ্য। পুলিশের এই নামকরণ থেকেই পরিষ্কার, আপাত সাধারণ চেহারার এই চশমাপরা তরুণটিকে তারা কী চোখে দেখত। অবশ্য তা হবে নাই বা কেন? তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের হাতে তৈরি এবং পরবর্তীকালে মেজর সত্য গুপ্তের হাতে পরিচালনাধীন অন্যতম সশস্ত্র গুপ্ত বিপ্লবী সংগঠন বেঙ্গল ভলেন্টিয়ার্স-এর সক্রিয় সদস্য। অবিভক্ত বঙ্গের মেদিনীপুর জেলা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল তাঁর কর্মক্ষেত্র।

বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বি ভি-র সদস্যদের সঙ্গে সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। ১৯২৮-এ তোলা ছবি।

১৯১৩ সালের ২৫ ডিসেম্বর ইংরেজবাজার শহরেই জন্ম তাঁর। মালদা জিলা স্কুল থেকে ১৯২০-২১ নাগাদ ম্যাট্রিক্যুলেশন পাস করে বাবার চাকরিসূত্রে ভর্তি হন মেদিনীপুর কলেজে। সেখানে সহপাঠী বন্ধু পূর্ণানন্দ সান্যালের মাধ্যমে যুক্ত হয়ে যান বেঙ্গল ভলেন্টিয়ার্সের সশস্ত্র বিপ্লববাদী আন্দোলনে। ১৯৩১-৩২-এর মধ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুলিতে মেদিনীপুর শহরেই ম্যাজিস্ট্রেট পেডি এবং ডগলাসের মৃত্যুর পর কড়া হাতে মেদিনীপুরকে দমন করার দায়িত্ব দিয়ে পাঠানো হয় কুখ্যাত ব্রিটিশ আইসিএস বার্জকে। বেঙ্গল ভলান্টিয়ার্সদের সভায় সিদ্ধান্ত হয়, বার্জ সাহেবকেও সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। সভায় উপস্থিত ছিলেন নবজীবন ঘোষ, রামকৃষ্ণ রায়, ব্রজকিশোর চক্রবর্তী, প্রভাংশুশেখর পাল, কামাখ্যাচরণ ঘোষ, সনাতন রায়, নন্দদুলাল সিংহ, সুকুমার সেনগুপ্ত, বিজয়কৃষ্ণ ঘোষ, পূর্ণানন্দ সান্যাল, মণীন্দ্রনাথ চৌধুরী, সরোজরঞ্জন দাস কানুনগো, শান্তিগোপাল সেন, শৈলেশচন্দ্র ঘোষ, অনাথবন্ধু পাঁজা এবং মৃগেন্দ্রনাথ দত্ত। হত্যার পরিকল্পনার তৈরির ক্ষেত্রে সকলের ভূমিকা থাকলেও নির্মলজীবন ঘোষ এবং মৃগেন দত্তের উপর গুলি করার দায়িত্ব দেওয়া হয়। ঘটনার একমাস আগে থেকে শান্তিগোপাল সেন এবং অন্যান্যরা সাইকেল করে মেদিনীপুর শহর সরজমিনে ঘুরে দেখে সিদ্ধান্ত নেন, পুলিশ গ্রাউন্ডে আয়োজিত ফুটবল ম্যাচেই গুলি করতে হবে বার্জকে।

তারপর এল সেই দিন। ৩ সেপ্টেম্বর ১৯৩৩। ব্র্যাডলে বার্ট পুলিশ টুর্নামেন্টের হাফটাইমে খেলে বেরিয়ে আসছেন দক্ষ খেলোয়াড় (ক্যালকাটা ফুটবল ক্লাবের নিয়মিত সদস্য) জেলাশাসক বার্নার্ড বার্জ। তাকে ঘিরে ধরে গাড়ির দিকে নিয়ে যাবেন নিরাপত্তারক্ষীরা। এমন সময় নিরাপত্তাবেষ্টনী ভেদ করে তার দিকে গুলি চালান মৃগেন দত্ত এবং অনাথবন্ধু পাঁজা। গুলির আঘাতে গাড়ির পাদানিতেই মুখ থুবড়ে পড়েন বার্জ। দেহরক্ষীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান অনাথবন্ধু এবং আহত মৃগেন দত্ত পরের দিন মেদিনীপুর জেলা হাসপাতালে মারা যান।

সারা শহর জুড়ে পুলিশি তাণ্ডবের ফলে ধরা পড়ে যান সকলে। বিশেষ ট্রাইবুনাল গঠন করে শুরু হয় বিচারের নামে প্রহসন। রায় বেরোলে দেখা যায়, শান্তিগোপাল সেনের নেতৃত্বে কামাখ্যাচরণ ঘোষ, সনাতন রায়, নন্দদুলাল সিংহ, সুকুমার সেনগুপ্ত, প্রভাংশুশেখর পাল এবং শৈলেশচন্দ্র ঘোষের যাবজ্জীবন দ্বীপান্তর হয়েছে প্রমাণের অভাবে এবং অপরিণত বয়স্ক হওয়ার জন্য সামান্য কয়েকজন ছাড়া পেয়েছেন। আন্দামানের সেলুলার জেলের বাঙালি বন্দিদের ১৯৩৫ সালের তালিকায় চোখ রাখলে তার দ্বিতীয় নাম হিসেবে শান্তিগোপাল সেনের নামটি আজও জ্বলজ্বল করে। প্রায় ১২ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করার পর তিনি নিজ ভূমিতে ফিরে আসেন।

আন্দামানের সেলুলার জেলের বাঙালি বন্দিদের এই তালিকায় দ্বাদশ নামটি শান্তিগোপাল সেনের।

দেশ স্বাধীন হওয়ার পর শুরু হয় তার অন্যরকম রাজনৈতিক কর্মকাণ্ড। ১৯৫৭ সালের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে শান্তিগোপাল সেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির নরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রায় চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে ইংরেজবাজারের বিধায়ক হন। ১৯৬২ এবং ৬৭ সালের বিধানসভা নির্বাচনেও তিনি অপরাজেয় ছিলেন। জেলার শিক্ষা বিস্তার আন্দোলনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ১৯৭২ সালে ভারত সরকার স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদানের জন্য তাঁকে তাম্রপত্র দিয়ে সম্মানিত করে। ১৯৯৬ সালের ১৬ সেপ্টেম্বর মালদাতেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

আর কিছুদিন বাদেই তাঁর মৃত্যুবার্ষিকী। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে যথানিয়মে একটি মালা জুটবে মূর্তির গলায়। সামনে দিয়ে বয়ে যাবে শহরমুখী জনস্রোত। মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে এই বদলে যাওয়া পৃথিবীর দিকে অবাক চোখে তাকিয়ে থাকবেন তিনি— বিপ্লবী শান্তিগোপাল সেন।

চিত্র: গুগল

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »