Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কল্পতারা

এক চিত্রশিল্পীর ছেলেবেলা নিয়ে একটি লেখা পড়েছিলাম৷ এই অস্থিরমতি শিল্পী জীবনভর ছবি ছাড়া আর কোনও ভালবাসায় টানা মন রাখতে পারেননি৷ কান-ঘেঁষে চলা ডানাকাটা বেশ্যাতেও তাঁর মন থাকত মেরেকেটে পাঁচ কী ছ’দিন৷ ফের নতুন কেউ৷ নতুন হতেই হবে৷

ভালবাসতেন কেবল ছোট ভাইটাকে৷ রাতের বেলা এক বিছানায় ঘুমোতেন৷ ভাই পাশে৷ শিল্পী দাদা শুধোতেন— ও ভাই! কী দেখিস উপরে? বোকা গলায় ভাই বলতেন— কী আবার দেখব? বিছানার উপর তো ছাদ! বলতে বলতেই দেখতেন, বিস্ফারিত হচ্ছেন পাশে শুয়ে থাকা দাদা; নাকের পাটা ফুলছে৷ চোখ আগুনপানা শিল্পী দাদার৷

ভয়ে দাদাকে জড়িয়ে ধরতেন ভাই— ও দাদা, তুমি কী দ্যাখো? ঘোলাটে চোখে শিল্পীর উত্তর— ছাদ ফুটো হয়ে গ্যাছে, দেখতে পাস না ভাই? আর সেই ফুটো দিয়ে উঁকি দেয় আকাশ৷ ভাইয়ের মুণ্ডুটা উঁচিয়ে একনাগাড়ে বলেই চলেছেন দাদা— ওই দ্যাখ ভাই, কালো আকাশে লাল তারা৷

পড়তে পড়তে কাল শিউরে উঠেছি বহুদিন পর৷ কল্পনা কতদূর আলো-হাওয়া পেলে পাথরের ছাদে তারা গোনেন শিল্পী? এমন কল্পনা কি মঞ্চেও লাগে না? কল্পনায় যে মঞ্চ কখনও গৃহবাসীর আঙিনা— পরমুহূর্তেই তা কি হয় না ছেলেদের খেলার মাঠ? মঞ্চে যদি কল্পনা না লাগে তো লাগবে কীসে!

থিয়েটার একটি বয়ে যাওয়া নদী৷ কল্পনা সে নদীকে কতদূর পৌঁছে দেয় কত্ত কত্ত দূর! পাঁচ মিনিট আগে নির্দেশকও কি ঠাওরে উঠতে পারেন সেই কত্ত দূরটাকে? আচ্ছা বেশ, ধরুন একটি আলো ঝলমলে পাহাড়! মাপা যায়৷ চুড়োয় উঠে নাচাও যায়৷ কিন্তু কুয়াশা ঘেরা না দেখা ধরাতলেই যে কল্পনার জৌলুস৷ যদি তা হয় সমভূমি তাও আবছা তো! আনকা তো৷ আবছায়াতেই কল্পনার কথামালা৷ কল্পকথা৷ কথায় সাজানো গাথা৷ সেই থেকে মঞ্চে নামলেই বিড়বিড়—

এই থিয়েটার—
বরং থমকে যা খানিক
চেনা পথে পথ হারাবি
অচেনায় মানিক৷

থিয়েটারশিল্পী কিনা তাই কল্পনার কথা সাজাতে বসে প্রথমেই কল্পনা দিয়েই সাজিয়ে ফেললাম থিয়েটারকে৷ থিয়েটার তো আসে জীবনের পথ বেয়ে৷ অন্যভাবেও বলতে পারেন— থিয়েটার পৌঁছে যায় মানুষের জীবনের সমস্ত ফুটিফাটায়৷ কল্পনার লোভে একদিন নিজেকে নিয়েই একটা নাটক বানিয়ে ফেলব ভাবলাম একলাম৷ রিকুইজিশান একটা ধারালো কচকচে কাঁচি ও শাশুড়ি মায়ের আলমিরাতে সাজানো দুটো মাটির পাখি৷ মাটির পাখি বলল— তুই না মঞ্চে চাদর দুলিয়ে নদীকে বইয়ে দিস জনপদে৷ এবার আমায় জ্যান্ত করে আকাশে পাঠা৷ আমায় শ্বাস নিতে দিবি না হতভাগী? দেখিস না কতকাল কাচের আলমিরাতে প্রাণহীন হয়ে আছি আমি?

ব্যাস! আমার টাকে টুকটুকে সবুজ দুই মৃৎপক্ষী৷

হ্যাঁ তো৷ সুদর্শন কাঁচিটা দিয়ে কুচ কুচ করে চুলগুলো সেবার কেটেই ফেলল ময়ূরা৷ ঝরা ফুলের পাপড়ি হয়ে কাটা চুলের ডগা আগা সব উড়ে উড়ে ঘুরছিল তার ঘরে৷ খুকুকাল থেকেই মাথায় রাগ চড়লে এমনটাই করে আসে যে ময়ূরপক্ষী৷ রাগের চোটে কেন রাগ বা কার ওপর রাগ, সেটাই ধরতে পারি না৷ আর ধরতে না পেরে তার যত রাগ ঝামড়ে পরে শনের নুড়ি চুলে৷

Advertisement

সেদিনও ওরম৷ মাটির পাখি ওড়াতে না পেরে ওরম ফুটন্ত রাগ৷ কল্পনার চারাগাছ বৃক্ষ করতে না পেরে ঘরের মধ্যে নাটক তৈরির গোড়াতেই গ্লানি আর গ্লানি৷ চুল কাটতে গিয়ে রাগী ময়ূর দেখল, ডানদিকের চুল বড় হয়ে গ্যাছে৷ এমা! অন্যদিকটা কত্ত বেঁটে রে৷ দ্রুত হাত চালায় ময়ূরা৷ খাটো হতে লাগে ডানদিক৷ কিন্তু একটু বেশিই খাটো হয়ে গেল না? ধুর! বেঁটে সাইডটা দ্যাখো আবার কেমন দামড়া হয়ে যাচ্ছে! চুল কেটে কেটে থকে যেতে লাগল সেদিন নাট্যশিল্পী ময়ূরকুমার৷ তবু সমান হয় না দুপাশ৷ বিল্লিচোখ আর ঝিনুকঠোঁট আয়নায় লেপ্টে নিয়ে দেখতে লাগি নিজেকে৷

নাহ! রাগ আর চুলের রাগী রাগী ছাঁটে বড় কুচ্ছিত হয়ে গ্যাছে না তার মোটামুটি সুন্দর মুখটা? মাথাটা এক্কেরে পাখির বাসা৷ আচ্ছা পাখির বাসায় দুটো একটা বাসিন্দা আনলে কেমন হয়? তাহলেও কি একটু খুলবে না ময়ূরার ফসলকাটা ফাঁকা মাথা? শাশুড়ি মায়ের পুতুল আলমারি থেকে কমলা সবুজ মাটির জোড়া পাখি এনে মাথার মাঝে সেট করল ময়ূরা! না এইবার বেশ হয়েছে তার পাখির বাসাটি৷ আরে ভাই! গৃহস্থ না থাকলে কখনও ঘরবাসা জমে? পাখির বাসায় পাখিও তো তাই!

কিন্তু পাখিদুটো ওমন পলক না ফেলে চেয়ে আছে কেন ময়ূরার দিকে? চোয়াল অব্দি নড়ে না যে পাখির! আয়না দিয়েই মাথায় বসা মাটির পাখিকে ভেংচি মারল ময়ূর পাখি৷ মৃৎপক্ষী স্থির৷ একইরকম ত্যাবড়া মুখে বসে! আচ্ছা ওরাও কি ভেংচি কাটছে ময়ূরাকে? হাঁ করে দেখছেই বা কি এতসময় ধরে? রূপহীন পাগলপারা ময়ূরাকে? ক্লান্ত হয়ে ঘুমোলাম আমি৷

পরদিনের ভোর এল৷ জানলা খোলে ময়ূরা৷ মাথা গলায় শিকের ফাঁক দিয়ে! বাড়ির পাশেই খাটাল৷ গোবরের স্তূপে উড়ছে মস্ত মস্ত মাছি৷ হতাশ গাভীর দল৷ গা থেকে মাছি নড়াতেই পারছে না মোটে৷ আরে! আরে! তার মধ্যেই নাচছে দু-দুখানা মিশকালো সাদা ডুরে পাখি! কী নাম রে ভাই তোদের? আচ্ছা আছছা আচছাআ! বলতে হবে না নাম! তাকাচ্ছে দ্যাখো কটমট গর্বে! রাঙা রাঙা চোখে! ঝটপট ডানা মেলে উড়ে আয়৷ উড়ে এসে ঝুপ করে বোস আমার পাখির বাসা মাথায়! এ বাসা তো তোদের! তোদেরই রে! শুধু রাগের পোকাগুলো বেছে বেছে খেয়ে ফেল দেখি!

মাটির পাখি ফিরেছে তাদের কাচের আলমিরাতে! আসবে এখন প্রাণের পাখি৷ কী হয়! কী হয়!

এবার নতুন কোনও কল্পনাট্য!

নাকি আমার কল্পনার সেই— সেই জীবনটা!

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + ten =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »