Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মা ও ছা

শক্ খেয়ে মাথার চুলগুলো সব খাড়া হয়ে গেছে— এমন ফটো আমরা অনেকেই দেখেছি। আজকাল টিভির বিজ্ঞাপন আর গুগলের দৌলতে এমন সব নানা ধরনের ছবি নাকের ডগাতেই বলা যায়। কিন্তু সত্যি সত্যি ‘Live-wire’ নিয়ে কারা deal করে জানো? বাবা-মায়েরা! এক-একটা বাচ্চা, এক-একটা live-wire! আর সে বাচ্চা যত ছোটই হোক না কেন!

আমরা যৌথ পরিবারে বড় হয়েছি। মা-কাকিমার কাছে শুনেছি, একবার কোনও এক আত্মীয়ের বাড়ি গিয়ে, আমি আর আমার খুড়তুতো ভাই, বাড়ির লোকদের বেজায় লজ্জিত করেছিলাম। ব্যাপারটা এইরকম: আত্মীয় নানারকম খাবার থালায় পরিবেশন করেছেন। যথাযথ সম্মান জারি রয়েছে। গরম গরম বেগুনভাজা উনি থালায় দিতে যাবেন, এমন সময় মা আর কাকিমা দুজনেই প্রায় একইসঙ্গে বলে উঠেছিলেন, ‘না, না ওদের (ইঙ্গিত আমার আর খুড়তুতো ভাইয়ের প্রতি) দেবেন না। ওরা বেগুনভাজা খায় না। মিছিমিছি নষ্ট হবে।’

বাড়ির রোজকার অভিজ্ঞতা থেকেই ওঁরা কথাটা বলেছেন। কিন্তু ওঁরা কী করে বুঝবেন, বাচ্চারা অভিযানে বেরিয়েছে! এখানে সেট রুটিন ফেল! আমি আর খুড়তুতো ভাই নাকি সমস্বরে বলে উঠেছিলাম, ‘না, না আমরা বেগুনভাজা খাই। খুব খাই। দিন।’ মা-কাকিমার তখন কী অপ্রস্তুত অবস্থা হয়ে থাকবে, আজ তা খুব বুঝতে পারি! বাড়ির লোকেদের কাছে আরও শুনেছি, আমি নাকি ছোটবেলায় ঘরের বাইরের বাগানে দাঁড়িয়ে, যেকোনও লোককে বলতাম, ‘ও কাকু, ও কাকিমা, আসুন না, আমাদের বাড়িতে একটু চা খেয়ে যান।’ অনেক সময় আবার নাছোড়বান্দা হয়ে কাউকে কাউকে বাড়িতে প্রায় টেনে নিয়ে আসতাম। তখন আমার বয়স নাকি বছর চারেকের বেশি নয়! বাড়ির লোকে এমনও বলে, ‘আধা কলোনির লোকের সঙ্গে তো তোর সূত্রেই আলাপ! সবাই নাকি তোর কোনও কাকু-কাকিমা!’

এই ক’বছর আগের কথা। আমার বাড়িতে, একবার আমার বন্ধুর দুই ছেলে এসেছে। তাদের বয়স তখন পাঁচ আর সাত। ওরা চিঁড়ে ভাজা খেতে খুব ভালবাসত। দুজনেই খাচ্ছে। হঠাৎ করে ছোট ছেলেটি একমুঠো চিঁড়ে ভাজা নিয়ে, ঘরের সিলিংয়ের উপর ছুড়ে দিয়ে বলল, ‘হোলি হ্যায়!’ আমার সাধের কার্পেট, সোফা সব ততক্ষণে চিঁড়ে ভাজা নামক আবির মেখে হোলি খেলেছে!

আরও একবার এই বাচ্চাটিই তার প্রিয় ‘পার্লে-জি’ বিস্কুট খাচ্ছে। আমার মনে আছে, এই বাচ্চাটির কথা মনে রেখেই আমি ‘পার্লে-জি’ বিস্কুট আনিয়ে রাখতাম তখন। বাচ্চাটি জলে ডুবিয়ে ‘পার্লে-জি’ বিস্কুট খেত। বাড়িতে এসেই বলত, ‘আন্টি, পানি বিস্কিট দিজিয়ে।’ তারপর যত মনোহারী বিস্কুটই তুমি দাও না কেন, ‘পার্লে-জি’ বিস্কুট দেখলে, তা হাতে তুলে নিয়ে বলত, ‘আরে বাহ! ‘পার্লে-জি’…ই তো হমরা পুরা দেহ মে ভরল হ্যায়!’

আমার ছেলের বয়স তখন বছর আড়াই হবে। নতুন জায়গায় শিফ্ট করেছি সবে। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট। আমার ফ্ল্যাটের ব্যাংগ অপোজিটে যারা থাকেন, তাঁদেরও এক ছেলে। তার বয়স বছর পাঁচেকের বেশি নয়। কোনও একদিন নিচে খেলার সময়, ওদের আলাপ হয়ে থাকবে। একদিন ওই বাড়ির মহিলা আমার সঙ্গে গল্প করছিলেন। ওঁর কোনও তুতো বোনের বিয়েতে যাবার জন্য প্রস্তুতির কথা বলছিলেন। কথা বলতে বলতে উনি আমায় বললেন, আপনি তো আমাদের রীতি-রেওয়াজ সবই জানেন দেখছি। তাহলে আপনার বুঝি অন্য ধর্মে বিয়ে হয়েছে? আমি প্রশ্নটা ঠিক বুঝে উঠতে পারলাম না। উনি সেটা বুঝিয়ে বললেন, ‘না মানে, ওই যে আপনার ছেলে সেদিন বলল, ওর নাম পিটার… কী যেন… তাই জিজ্ঞেস করছিলাম।’

এটা শুনতেই আমি বুঝে গেলাম, কী ব্যাপার। আমি হেসে বললাম, ‘কী নাম বলেছে? পিটার পার্কার? যথার্থ…।’ মহিলাটি বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ এটাই বলেছে।’ আমার ছেলে স্পাইডারম্যান-পাগল। সে তার নিজের নামের আগে ‘পিটার পার্কার’ জুড়ে দিয়েছে বুঝলাম। তার নিজস্ব নাম পিছনের সারিতে থাকায়, মহিলাটির শুধু পিটার মনে ছিল, আর ‘পার্কার’ তিনি বিস্মৃত হয়েছেন। তার পরের অক্ষরগুলি তার মনে ঠাঁইও পায়নি। যত্নে রাখা নামটিকে যখন নামধারকই পাত্তা দেয়নি, তখন মহিলাটি আর ও নাম মনে রাখার দায় সামলাতেন কী করে? ছায়ের নাম চয়ন, মাকে একটু হলেই অজ্ঞান করেছিল আর কী! আমার কথা শুনে ভদ্রমহিলা হেসে কুটিপাটি!

Advertisement

এটাও ক’বছর আগের কথা। আমার ছেলের স্কুলে ওপেন হাউসে গেছি। খাতাপত্র দেখে বেরোব, এমন সময় ওর এক বন্ধুর মা আমাকে ডাকলেন। উনি তখনও ওঁর ছেলের খাতা দেখছেন। আমাকে ডেকে বললেন, ‘জারা দেখিয়ে একবার। ইয়ে লারকা ক্যা গুল খিলায়া হ্যায়।’ বাচ্চা তখন ক্লাস ফোর-এ পড়ে। আমি দাঁড়িয়ে আছি। ছেলের পরীক্ষার খাতার একটা পাতা উল্টে উনি ওনার ছেলের উদ্দেশে বললেন, ‘অউর ই কাহে নহি লিখে? ইয়েবালা তো জানতে থে না?’ ওঁর বাচ্চা গম্ভীরভাবে, জিজ্ঞাস্য প্রশ্নের দিকে নজর দিল। তারপর বলল, ‘লিখা তো থা।’ মা বললেন, ‘তো ফির টিচার মিটা দি হ্যায় ক্যা?’ বাচ্চা সরপট বলল, ‘লাগতা তো ওহি হ্যায়।’ মা প্রথমে আমার দিকে নজর দিয়ে বললেন, ‘দেখ রহী হ্যায়? এইসা হ্যায় ইয়ে।’ তারপর বাচ্চাকে উদ্দেশ করে বললেন, ‘চলো আজ ঘর তুম। মিটাতি হু তুমকো!’ কোনওরকমে আমি ওখান থেকে আগেভাগে কেটে পড়লাম! এমনতর উদাহরণের শেষ নেই। অভিভাবক আর বাচ্চাদের মধ্যে সম্পর্কটা যে ঠিক কী রকম, তা এককথায় বলা মুশকিল। নানা রঙের পরত থাকে তাতে!

আর এক বছরের কথা। রাজস্থান ভ্রমণে বেরিয়েছি আমরা। বাই রোড। উদয়পুরে পৌঁছনো হল ২৪ ডিসেম্বর সন্ধেতে। আমার ছেলে হঠাৎ করে বলল, ‘এবছর স্যান্টা আমায় গিফট দিতে পারবে না। স্যান্টা তো বাড়ি এসে আমায় খুঁজেই পাবে না!’ বললাম, ‘স্যান্টা পরে কখনও গিফট দিয়ে দেবেন।’ কিন্তু আমি খুব বুঝছিলাম, ক্রিসমাসের সকালে মোজার ভেতর কিছু আবিষ্কার না করার দুঃখ তার মনে বেশ চেপে বসেছে। আমি সেবছর এসব ভাবার একদম সময় পাইনি। তাই নিজের একটু খারাপ লাগলেও সেটাকে আর প্রশ্রয় দিলাম না। ছেলেও ডিনারের পর লোকাল পেস্ট্রি শপে গিয়েই খুশি হয়ে গেল। পরের দিন পঁচিশে ডিসেম্বর। ছেলে বিছানায় বসে খেলছে। আমরা হোটেল থেকে বেরোনোর জন্য তৈরি হচ্ছি। বাই রোড ট্রিপে কিছু ক্যাশ টাকাপয়সা রাখতে হয়। সব জায়গায় কার্ড চলে না। তাই বেশ কিছু টাকা আমি বাড়ি থেকে বেরোনোর সময় লাগেজের মধ্যে, জামাকাপড়ের ব্যাগে রেখেছিলাম। পুরো সুটকেস খুঁজেও তার হদিস পেলাম না।

মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়েছি। বাড়ির লোক বলছে, ‘এখন থাক না। পরে ঠিক পাওয়া যাবে।’ আমার মন তবু খটখট করছে। আনমনা হয়েই সুটকেস বন্ধ করলাম। তখনই ছেলে খুশিতে প্রায় চেঁচিয়ে উঠল, ‘ইয়েএএএ… স্যান্টা গিফট দিয়ে গেছে! স্যান্টা হ্যাজ ফাউন্ড মাই অ্যাড্রেস!’ সাত বছরের ছেলে কীসে এত আত্মহারা, তা দেখতে গিয়ে দেখলাম, সে লাল-সাদা স্যান্টা টুপিটা পরতে গিয়ে, তার ভেতর ক্যাশ টাকা আবিষ্কার করেছে। আর সে নিশ্চিত, টুপির ভেতর স্যান্টাই টাকা রেখে গেছে! ততক্ষণে আমার মুখেও হাসি ফুটেছে।

পরে উদয়পুর দর্শনের সময় ছেলে আমাকে বলল, ‘মা, স্যান্টা দেখেছে, আমরা বাইরে আছি। তাই গিফট না দিয়ে টাকা দিয়ে গেছে। যাতে আমরা পরে ওই দিয়ে নিজেরাই গিফট কিনে নিই। এখানে গিফট দিলে ক্যারি করতে প্রবলেম হতে পারে তো তাই।’ আমি আমার আগামী গচ্চার হিসাব করে নিলাম! মনে মনে স্যান্টাকে ধন্যবাদও দিয়ে দিলাম। সেবারের ক্রিসমাস গিফটটা স্যান্টা আমাকেই দিয়েছিল! মনে মনে ‘ছা’-কে বললাম, ‘কার স্যান্টা কে!’

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »