অ নি ন্দ্য ভু ক্ত
এসো সক্রেটিস
বিষপাত্র হাতে নিলেই
সক্রেটিস
কেন তুমি স্থিতধী হয়ে যাও
এ কি কোনও কৌশলী প্রজ্ঞা,
যা তোমাকে আমাদের নেতার আসনে বসিয়েছে?
বিষপাত্র হাতে তুলে দিয়েও
ওরা তোমাকে ভয় পায়
তোমাকে ভয় পায় সক্রেটিস।
তোমার এই স্মিতহাস্য, প্রশান্ত মুখমণ্ডলেই
লুকিয়ে আছে ওদের ভয়
সশস্ত্র পৃথিবীতে আজ
নিরস্ত্র তোমাকে তাই,
বড় প্রয়োজন ছিল সক্রেটিস।
তোমার ওই
শান্ত, স্মিত হাস্য প্রজ্ঞাকে।
ক্রোধের উত্তরে শুধু ক্রোধ নয়
তবেই তো
ক্রোধের চিতায় যখন দগ্ধ হবে এক জীবন
অন্য প্রান্তে তখন সূর্যের প্রথম আলোয়
চোখ মেলে, স্মিত হাস্যে
জীবন বহমান হয়ে উঠবে।
ওরা ভুলে যায়
তোমার স্পর্শে পৃথিবী
নিজেই এক ফিনিক্স পাখি।
°°°
চিত্রণ: সৌজন্য চক্রবর্তী





