র ণ বী র দ ত্ত
রাত্রির মধ্যে এক রাত্রি
দুমকার পথে যেতে আমার কুঁড়েতে তোমাকে রাখতে চাই
সারা দুপুর একা বসে থাকে রোগা রোগা ফর্সা টগর
ফুল নয় বোষ্টমির ঘরের কলসির জল খেয়ে মহুয়ামদির
বিশ্বাস করো তোমার জন্যই আমার এ জীবনের সব আয়োজন
তুমি দেখবে সব সাজানো আমার একতারা নয়নসুখ গ্রাম
কাঠবিড়ালি খুঁটে খুঁটে খাচ্ছে পাকা বটফলের ঝুরো বিচি
কে যেন বলছে আমাকে তুমি বাস থেকে নেমেছ—
আমার কুঁড়ের জানলা খুলে দেখলাম একখণ্ড মেঘ
দূরে বাজনা বাজছে অবিকল একটি বিষাদস্নিগ্ধ প্রতিমা।
°°°
চিত্রণ: মৃণাল শীল





