Search
Generic filters
Search
Generic filters

বাঘের ঘরে ঘোগের বাসা

গত শতকের প্রথম দিকে দেশে বাঘের সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার। প্রধানত, নির্বিচারে শিকারের কারণে কমে কমে ১৯৭৩-এ যখন সেই সংখ্যা ১৮২৭-এ পৌঁছেছিল, সেই সময় পয়লা এপ্রিল ১৯৭৩-এ বাঘ সংরক্ষণের জন্য শুরু হল প্রোজেক্ট টাইগার। বিভিন্ন রাজ্যের ১৮,২৭৮ বর্গ-কিমি অরণ্যে ন’টি ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। পরিধি ও সংখ্যা বেড়ে এখন দেশ জুড়ে ৭৫,০০০ বর্গ-কিমিতে ৫৩টি ব্যাঘ্র প্রকল্প। গত ১ এপ্রিল ২০২৩-এ প্রকল্পের সুবর্ণজয়ন্তীতে দেশ জুড়ে ধন্য ধন্য। সভা, সেমিনার, বক্তৃতায় সরগরম হয়েছে দেশ।

২০২২-এ বাঘ সুমারি অনুযায়ী দেশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৬৭; ২০১৮-য় সেই সংখ্যা ছিল ২,৯৬৭। অর্থাৎ পাঁচ বছরে দেশে দু’শোটি বাঘ বেড়েছে। নিশ্চিত আনন্দের খবর। যদিও দুর্জনরা বলছেন, এই হিসেবে জল আছে প্রচুর। ২০২২ থেকে ইতিমধ্যেই একশোর ওপর বাঘ মারা গিয়েছে নানা কারণে; সেগুলিও নাকি এখনও জীবিত হিসেবেই ধরা! সে যাই হোক, বাঘ বাড়ছে, এ নিশ্চয়ই ভাল খবর। সারা পৃথিবীর বাঘের ৭০ শতাংশ রয়েছে ভারতে আর তাদের সংখ্যা বছরে ৬ শতাংশ হারে বাড়ছে। কিন্তু এও আবার বেশ দুঃখের যে, ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থা (Wildlife Protection Society of India; WPSI) জানিয়েছে, মূলত চোরাশিকার ও নানান দুর্ঘটনায় ২০০৮ থেকে ২০২৩-এর পয়লা এপ্রিলের মধ্যে ভারতে ১,২৮৭টি বাঘ প্রাণ হারিয়েছে!

গোদের ওপর বিষফোড়ার মতো এখন ব্যাঘ্র প্রকল্পের আর্থিক বরাদ্দে বোধকরি ভাগ বসাতে চলেছে আমদানি করা, নব্য অতিথি প্রাণী, চিতা। চলতি আর্থিক বছরে ব্যাঘ্র প্রকল্পের জন্য বরাদ্দ ৩৮.৭ কোটি টাকা আর চিতার জন্য বাসস্থানের ব্যবস্থা, আফ্রিকা থেকে আনার খরচ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি বাবদ CAMPA-র (Compensatory Afforestation Fund Management and Planning Authority) আওতায় বরাদ্দ হয়েছে ২৯.৪৭ কোটি টাকা। অথচ ভারত সরকারের Ministry of Environment, Forest and Climate Change-এর Funds for Project Tiger জানাচ্ছে যে, সারা দেশে ২০১৮-১৯ থেকে ২০২১-২২, এই চার অর্থবর্ষে ব্যাঘ্র সংরক্ষণের জন্য মোট বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১,০৪৮ কোটি টাকা। ভারতের বাঘকে তো বটেই বোধহয় গুজরাতের সিংহকেও আফ্রিকা থেকে আগত চিতাদের জন্য কিছুকাল ‘অতিথি দেবো ভবঃ’ বলে নিজেদের স্বাচ্ছন্দ্য বলিদান দিতে হবে।

মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয়ের ১৫/৪/২০১৩ আর ২৮/১/২০২০-র দুটি নির্দেশ এখানে বলা দরকার। প্রথমটি ছিল অবিলম্বে কুনো-পালপুর অভয়ারণ্যের এলাকা বাড়িয়ে গুজরাতের গির অরণ্যের বেড়ে চলা ভারতীয় সিংহের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর সাত বছর পরের দ্বিতীয় আদেশনামায় ছিল আফ্রিকা থেকে চিতা আনার অনুমতি। এই সর্বব্যাপী দেখনদারির দেশে আফ্রিকার চিতা আমদানি যে দেশের সিংহের পুনর্বাসনের চেয়ে জনচিত্ত অনেক বেশি আলোড়িত করবে, সেটুকু বুঝতে রাজনীতির দেরি হবে কেন! তাই বুঝতে অসুবিধে নেই, কেন ঢাকঢোল পিটিয়ে চিতারা আগেই কুনো-পালপুরে অধিষ্ঠিত। অথচ ১৯১৩ সালের ২০টি সিংহ বেড়ে ২০২২-এ ৭৫০টি হয়েছে। শুধুমাত্র জুনাগড় বন্যপ্রাণ অঞ্চলে, ১২ জন মানুষ সিংহের আক্রমণে প্রাণ হারিয়েছেন, দারুণ জখম হয়েছেন ৭০ জন আর ৩,৯২৭টি গবাদিপশুর প্রাণ গিয়েছে। কিন্তু নির্বাচন বড় বালাই; আর্থিক সংস্থানও দেশে সীমিত। এইসব টানাটানির মধ্যে কূল রাখতে গিয়ে আমাদের নিজের দেশের অরণ্য আর বন্যপ্রাণের সঙ্গে নতুন অতিথি শ্যামেরা বাঁচলেই মঙ্গল।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

মূকাভিনয়: প্রাচীন ভারতীয় ঐতিহ্য

যুগে যুগে মূকাভিনয় রূপ পাল্টেছে, পাল্টাচ্ছে প্রতিনিয়ত। নাটকে, নৃত্যে, কথকতায় যা ছিল, এখন ‘White face makeup’ তার লাঞ্ছন। রঙের ব্যবহার হচ্ছে, নাটকের যৌথ শিল্পকলা থেকে বেরিয়ে এসে একদা একক প্রদর্শেয় হয়ে উঠে ফের দলগত প্রদর্শনীতে ফিরে গেছে। মার্সো মঞ্চ থেকে তাকে নিয়ে গেছেন পথে। এমনকী চ্যাপলিনের ভবঘুরের সমান্তরাল তাঁর বিখ্যাত ‘বিপ দ্য ক্লাউন’ নিয়ে তিনি চলচ্চিত্রেও অবতীর্ণ। মূকাভিনয় আর মার্সো আজ এতটাই সমার্থক যে, যোগেশ দত্ত সত্যজিৎ রায়ের কাছে ভারতীয় মার্সো! দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সৈনিক তাঁর মূকাভিনয়ের জাদুতেই ইহুদি বহু শিশুদের বাঁচিয়েছিলেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারায়ণগঞ্জের দুর্গাপুজো

বাংলাদেশের নানা জেলার‌ রামকৃষ্ণ মিশনে ঘোরার অভিজ্ঞতায় দেখেছি, সব জায়গাতেই আচারপরায়ণ মহারাজ ও ব্রহ্মচারীদের সুমধুর ব্যবহার। এখানে এসেই যখন এখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী একনাথানন্দজির সঙ্গে আলাপ হল, মুহূর্তের মধ্যেই তিনি অন্তরঙ্গ হয়ে উঠলেন। আমাকে পূজামণ্ডপে নিয়ে তাঁর কাছে বসালেন। ষষ্ঠীর রাতে নববস্ত্র বিতরণ অনুষ্ঠান‌ ছিল। আমাকে দিয়েও বস্ত্রদান করালেন। এই যে আচরণ, এতে করে আমি যে কী পরিমাণ সম্মানিত বোধ করলাম, তা বলার‌ নয়। কেবল‌ তাই নয়, সমবেত দর্শক-শ্রোতার সামনে আমাকে কিছু বলার আমন্ত্রণ-ও জানালেন। আমাকে আপ্লুত করল তাঁর এই আহ্বান।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

দুর্গাপূজা ও প্রসঙ্গত

এতদিন ধরে অন্য কোনও দেবদেবীর পুজো কোথাও হয় না। দুর্গাপুজোর এটি একটি অনন্য বৈশিষ্ট্য। আরও একটি বৈশিষ্ট্য, এই পুজো উপলক্ষে কত যে পত্রপত্রিকা বেরোয়, তার কোনও সীমা নেই। কলকাতা যেহেতু এ-পুজোর প্রাণকেন্দ্র, স্বভাবতই এখান থেকে সবচেয়ে বেশি পুজোসংখ্যা পত্রিকা বেরোয়। প্রতিটি দৈনিক পত্রিকা বিরাট আকারে পুজোর অর্ঘ্য সাজায়। প্রসঙ্গত, সত্যজিৎ রায় তাঁর যে দু’টি ভিন্নধারার লেখার মাধ্যমে দীর্ঘ পঞ্চাশ বছরের ওপর জনপ্রিয়তার শীর্ষে, তা কিন্তু এই পুজোর ‘দেশ’ আর’ আনন্দমেলা’-র সূত্রেই।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মহালয়া

এই চণ্ডীপাঠকে অভাবিত মাত্রা দিয়েছে কলকাতার আকাশবাণী কেন্দ্র। ১৯২৭ সালে স্থাপিত হওয়া এই বেতার প্রচারকেন্দ্র থেকে (তখন নাম ছিল ‘Indian State Broadcasting Service’) ১৯৩১-এর ১১-ই অক্টোবর সর্বপ্রথম মহালয়ার অনুষ্ঠান প্রচারিত হয়। স্তোত্রপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পরিকল্পনা বাণীকুমার, প্রকৃত নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক। অচিরেই এটি তুমুল জনপ্রিয় হয়। অদ্যাপি, প্রায় শতবর্ষ হতে চলল, অনুষ্ঠানটির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সময়ের পরিবর্তনের সঙ্গে শিল্পীর পরিবর্তন হয়েছে, মহালয়ার প্রাক্-সূর্যোদয়ে এখনও কী কলকাতা, কী কানপুর-ঢাকা-ম্যাসাচুসেটস-আগরতলা-আন্দামান-মেহেরপুর-টোকিওর বাঙালি এটা শুনতে ভোলেন না।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চিরজীবী বিদ্যাসাগর

বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ লেখার মাধ্যমে শিশুশিক্ষার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা রেখেছিলেন। ১৮৫৫-র ১৪-ই এপ্রিল, অর্থাৎ ১২৬২-র পয়লা বৈশাখ এর প্রথম খণ্ড, ও সে বছরের-ই পয়লা আষাঢ় বইটির দ্বিতীয় খণ্ড বেরোয়। এর আগেও শিশুদের অক্ষর পরিচয় ও বাক্যগঠনের বেশ কিছু বই থাকলেও বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ উপযোগিতার দিক দিয়ে সেগুলিকে, ও পরবর্তীকালে রবীন্দ্রনাথের ‘সহজপাঠ’-কে বহুগুণে ছাড়িয়ে গিয়েছে। তাঁর জীবিতকালেই বইটির ১৫০-এর ওপর সংস্করণ হয়, আর ছাপা হয়েছিল তিরিশ লাখের-ও বেশি। এখন-ও ও বইটির উপযোগিতা শেষ হয়ে যায়নি।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

অজানা বিভূতিভূষণ

নিতান্ত দারিদ্র্যের মধ্য থেকে তিনি উঠে এসেছিলেন বলে দারিদ্র্য ও প্রতিকূলতা নিয়ে তাঁর নিজস্ব এক দর্শন ছিল। তাই দেখি, ডায়েরির এক জায়গায় তিনি লিখছেন, ‘দুঃখ জীবনের বড় সম্পদ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ— Sadness ভিন্ন profundity আসে না।’ অতীত দারিদ্র্যময় জীবনের কথা মনে করে নিজে সপ্তাহে একদিন শুধু নুন আর ভাত খেতেন।

Read More »