Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আমার বাড়ি

দরজা খুলে চশমার ওপর দিয়ে আপাদমস্তক দেখে বুড়ো ভদ্রলোক তাকিয়ে রইলেন। ‘কাকে চাই?’

‘কিছু মনে করবেন না।’ আমতা আমতা করে বললাম, ‘আপনারা কতদিন আছেন?’

বিরক্ত হলেন। ‘আছি অনেকদিন। আপনার কী চাই? আমার তাড়া আছে, স্নানে যাব।’ দেখলাম গামছা পরা। ‘কোনও ঠিকানা খুঁজছেন? আমি বলতে পারব না। আমি এখানে বেড়াতে এসেছি, বলতে পারব না।’

‘কে, কে বাবা? কার সঙ্গে কথা বলছ!’ বলতে বলতে একটি যুবতী মহিলা এসে দাঁড়ায়। বাবাকে জিজ্ঞাসা করে, ‘কে ইনি?’

আমি ফ্যালফ্যাল করে চেয়ে আছি দেখে বিরক্ত হয়। ‘কী ব্যাপার বলুন তো? কী চাইছেন?’ এবার সে একটু কর্কশ।

এবার বলতেই হল। ‘বহু বছর আগে আমি এখানে থাকতাম।’ এতটুকুই মুখ দিয়ে বের হয়। এই অসমাপ্ত কথা শুনে মেয়েটি ও তার বাবা একসাথে বলেন, ‘ও।’

ব্যাস চুপ। এখন দুপুরের মুখে কী উপদ্রব করব সেটা বুঝতে পারছেন না। তাই কথা বাড়াতে চান না। বাবা হঠাৎ করে একটু নরম হলেন। ‘দেখবেন?’

মেয়েটি বলে উঠল, ‘আঃ, বাবা।’ তারপর বিরক্তি সহকারে বলল, ‘আসলে, এখন তো স্নান-খাওয়ার সময়। আপনি বিকেলের দিকে এলে আপনার পুরনো বাড়ি দেখাতে পারতাম।’

এরপর আর দাঁড়ানো যায় না। মেয়েটির বাবা বলেন, ‘তুই ভিতরে যা।’

বড় ভুল সময় এসেছি। বললাম, ‘ঠিক আছে। আমি পরে আসব। আসলে অনেক দিন কাটিয়েছি, তাই কিছু স্মৃতি রয়ে গেছে। তারই টানে…।’

ভদ্রলোকের কী মায়া হল, বললেন, ‘আসুন ভিতরে।’

ঢুকেই যে ঘরে আমি পড়াশুনা করতাম, শুতাম, দেখি, সেই ঘরটা কাঠের পার্টিশন করে ছোট একফালি ঘর হয়েছে। দুটো জানলায় দামি পর্দা। সামনের টেবিল-চেয়ারও বেশ দামি। আমাদেরটা দামি ছিল না। শিয়ালদহ থেকে সস্তা কাঠের কেনা। পর্দাগুলো রংওঠা জ্যালজ্যালে কাপড়ের, তাও দুয়েক জায়গায় মায়ের সেলাই করা। ঘরে ঢুকেই অচেনা হয়ে গেল বাড়িটা। বুড়ো ভদ্রলোক বললেন, ‘জল খাবেন?’ মেয়েটি বিরক্ত হয়ে ভিতরে চলে গেছে। বৃদ্ধ আমার সম্মতি পেয়ে এক গ্লাস জল এনে এগিয়ে দিয়ে বললেন, ‘আসলে যে বাড়িতে প্রথম জ্ঞানের উদ্রেক হয়, সেই বাড়িটিই নিজের বাড়ি। বাকি সব আসাযাওয়া।’

বললাম, ‘খুব ভাল বলেছেন। আমি আসতে চাইনি। কোথায় কোন গহীন কোণে স্মৃতি লুকিয়ে থাকে কে জানে! সেই টানতে টানতে…।’

‘কে কে থাকতেন এখানে?’

‘আমি, ভাই, দিদি, মা-বাবা। আজ কড়া নেড়েই ফেললাম কিন্তু অনেকদিন আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে চলে গিয়েছি। অনেকটা দূর থেকে এসে উল্টো দিকের ফুটপাতে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেছি। খুব শান্তি লেগেছিল।’

‘আশ্চর্য! কেন? আমাদের ডাকতে পারতেন। আদতে আমরা তো একই বাড়ির বাসিন্দা। তাই না?’ ভদ্রলোক ভারী সুন্দর কথা বলেন।

জামা পাল্টায়, সেই জামায় লেগে থাকে স্মৃতি। উল্টো দিকের ফুটপাতে একটা টিউবওয়েল ছিল। বাবা রাস্তা পেরিয়ে টিউবওয়েল থেকে জল নিয়ে এসে স্নান করতেন। ‘দরজার পাশে একটা ছোট্ট লেটার বক্স ছিল। কতদিন সেখানে চিঠি পেয়ে আনন্দে ভেসে গেছি আমি, মা। কতদিন শুধু খুলে খুলে হাতড়ে দেখেছি ইন্টারভিউ বা চাকরির পরীক্ষার চিঠি এল কিনা। এই দেখুন, ঠিক বেরিয়েই এখানে। ছেলেমানুষের মত বেরিয়ে গিয়ে দেখালাম।’

ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ‘কত বছর ছিলেন?’

‘বেশি না। প্রথম বারো বছর।’

Advertisement

বুড়ো ভদ্রলোক হেসে বললেন, ‘আপনি তো তাও দেখতে পেলেন আপনার বাড়ি। আর আমাদের তো তারও উপায় নেই।’

‘কেন?’

‘সব ফেলে এসেছি। এখন বুঝি ওটাই সর্বস্বান্ত হওয়া। ধন নয়, মান নয়, স্মৃতিকে আর না ছুতে পারা।’ উদাস দৃষ্টিতে বললেন, ‘এমনকি এখন গেলেও দেখিয়ে দিতে পারি চাঁদপুরের বসবার ঘরের জানলার কাঠের ফ্রেমের মধ্যে গর্ত করে গুলি খেলার গুলি লুকিয়ে রেখে মুখ কাঠের গুঁড়ো দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। ওপর থেকে কেউ বুঝতে পারবে না।’

‘সেকি কেন?’ মুখ দিয়ে বেরিয়ে গেল।

মলিন হেসে বললেন, ‘দাদার হাত থেকে বাঁচাতে।’ বলে হেসে ফেললেন। ‘দাদা আজ কতদিন হল চলে গেছে। এপারে চলে আসার পর ও অনেক বার জিজ্ঞাসা করেছে নীল রঙের গুলিটা কোথায় রেখেছিস রে?’

‘বলিনি। কারণ আমার ধারণা ছিল এখানে কিছুদিনের জন্যে এসেছি, আবার ফিরে যাব বাড়িতে। নিজের বাড়িতে। যার প্রতিটি কোনা খামচি, ভাঙাচোরা আমি চিনি। যার প্রতিটি জায়গার গন্ধ আমি চিনি।’

মেয়েটি এসে দাঁড়ায়। ‘বাবা, চলো ভিতরে, চান করে নাও, তোমার খেতে অনেক দেরি হয় যাবে।’ বিরক্তভাবে বোঝাতে চায়, আমি এখনও দাঁড়িয়ে?

এরপর আর দাঁড়ানো সমীচীন নয়। বুড়ো ভদ্রলোক বলেছিলেন, ‘দাঁড়ান দেখি, ভিতরে গিয়ে দেখানো যায় কিনা।’ আমি রাজি হয়নি। ওদের দরজা বন্ধ হল।

***

ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে রাসবিহারী মোড় পেরিয়ে ছেলের বাড়ির কাছে আসতেই দুটো বাড়ি আগে দেখি ডক্টর চক্রবর্তীকে দুই ছেলে ধরে ধরে বিরাট গাড়ি থেকে নামিয়ে ভিতরে যাচ্ছে। আর এক ছেলে কাছে দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলাম, ‘অসুস্থ? কী হল?’

ছোটছেলে সমীর বিমর্ষ মুখে বলল, ‘‘কী বলি বলুন তো কাকু! এই যে কী এক রোগ হয়েছে বাবার, বুঝতে পারছি না। প্রায়ই না বলে বেরিয়ে যায়। জিজ্ঞাসা করলে বলে, ‘বাড়ি খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলাম দূরে!’ এটা কোনও কথা হল? এত বড় বাড়ি, সঙ্গে দেখাশুনার জন্যে সব সময়ের লোক আছে, তবু বাবা কেমন অবুঝের মতন করে। বাড়ি আর কোথায়? এটাই তো বাড়ি, তবু মাঝে মাঝেই বলে, ‘আমার বাড়ি কই? আমি বাড়ি যাব।’ সল্ট ইমব্যালেন্স বা মাথার গণ্ডগোল হল কিনা বুঝতে পারছি না।’’

ডক্টর চক্রবর্তী এক সময় ভাবা অ্যাটমিক রিসার্চ-এ একজন সফল বৈজ্ঞানিক ছিলেন। তিন ছেলেই উচ্চশিক্ষিত। তিনতলা বিরাট বাড়ি। সমীরকে বললাম, ‘চিন্তা করো না। বয়েসকালে মানুষ উৎসমুখে ফিরতে চায়, ফিরে দেখতে চায়। মনখারাপ করো না। উনি ওনার ছোটবেলার বাড়ি বোধ হয় খুঁজছেন।’ সমীর আমার মুখের দিকে তাকিয়ে আরও ব্যথিত চোখে তাকিয়ে বলল, ‘এটা বাবার বাড়ি নয়? তাহলে এতবড় বাড়ি করে কী লাভ হল?’ অন্য দুই দাদা ডাকছে বলে হুড়োহুড়ি করে বাবাকে ধরতে এগিয়ে গেল।

ভদ্রলোক ঠিকই বলেছেন, যে বাড়িতে থেকে নৌকা ভাসিয়েছি জলে, যেখানে বর্ষার সময় ছপর ছপর করে হাফ প্যান্ট পরে ফিরেছি ভিজে চুপচুপে হয়ে, যার সোঁদা দেয়ালে গাঁথা আছে আমার সুখ দুঃখ বিরহ, সেই হচ্ছে আমার বাড়ি। জানলার ক্ষয়ে যাওয়া লোহার শিকের নীচে বৃষ্টির সময় ফোঁটা ফোঁটা জল টইটুম্বুর হয়ে থাকে। জানলার পচে ফুলে যাওয়া ফ্রেমে পিঁপড়েরা লাইন দিয়ে অপেক্ষা করে জল শুকিয়ে পারাপার হবার। ইট কাঠ পাথরের বাড়ি একই থাকে। পাল্টে যায় মানুষজন। বাড়ি একটা স্মৃতির অংশ।

আমার ছেলে বিরাট বাড়ি করে বড় একটা ঘরে আমাকে থাকতে দিয়েছে। বিরাট খাট, বড় হাতলওয়ালা চেয়ার। সঙ্গে দক্ষিণের বারান্দা। পিছনে গাছগাছালির শোভা। শীতের সময় রৌদ্রে ঘর ভেসে যায়। বউমা রৌদ্রে বালিশ রেখে গরম করে দেয় আরামের জন্যে। কিন্তু আমি ওখানে শুধু থাকতে এসেছি কয়দিনের জন্যে। জানি ওটা আমার বাড়ি নয়।

আমার বাড়ি তো সেই দেড় ঘরের পুরনো বাড়ি। তার একটা ছোট্ট ঘরে শীতের দিনে একই খাটে মা আমি ভাই দিদি একটা লেপ নিয়ে টানাটানি করি। কে জানলার ধারে শোবে, কে মার পাশে শোবে এই নিয়ে চলে মারপিট। মাঝরাতে ঝগড়া করি, মার কাছে বকা খাই। আবার অকাতরে ঘুমাই। বকাঝকাতেও ঘুম ভাঙে না। ওইটা আমার বাড়ি। কয়লার ধোঁয়ায় কালো পলেস্তারা ভাঙা ছোট্ট এক রান্নাঘরে মা তরকারি কুটছে, আমি পিছন থেকে গলা ধরে দোল খাচ্ছি, সামনে তরকারি ছেটানো, লোহার বালতি, বাসনে পা রাখার জায়গা নেই। মা পড়া ধরছে তার মধ্যে ‘কুমোর পাড়ার… বল বল। তারপর কী? গো… গো…।’ অস্পষ্ট ছবি, তবু ওইটা আমার বাড়ি। ওই ভাঙাচোরা রান্নাঘরে হামাগুড়ি দেওয়া থেকে থপথপ করে হেঁটে আসা, মায়ের পিঠ ধরে ঝোলা, জলের বাটির মধ্যে পা পড়ে যাওয়া, ওইটা আমার বাড়ি।

এখন কে ফেরত দেবে? কার সেই সাধ্য? ছেলের বাড়ি আমার বাড়ি নয়। কতগুলো ছোট থেকে বড় বাড়িতে জীবনের খণ্ড খণ্ড সময় কাটিয়েছি, সেগুলো হচ্ছে থাকবার বাসা, সে আমার বাড়ি নয়। আমার বাড়ির দেড়খানা ঘরে, কাচভাঙা আলমারিতে, রান্নাঘরে, বিশৃঙ্খল বইয়ের তাকে আমার বাড়ি লুকিয়ে আছে। সেই বাড়িকে আমি বয়ে বেড়াই। আজীবন বয়ে বেড়াতে হবে।

আমি জানি ডক্টর চক্রবর্তীর মাথার গণ্ডগোল হয়নি। উনিও আমার মত সেই বাড়িকেই খুঁজছেন।

চিত্র: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »