Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

শুভদীপ রায়চৌধুরীর গুচ্ছ কবিতা

যত অনার্য স্বর, যত ঘ্রাণ শিউলি ফুলের, ঝরে যায়, ঝরে মিশে যায় স্বখাত সলিলে। সে তুমি জানো না প্রিয়, জানো না আহীর ভোর ভোর রেখেছে দুয়ার খুলে। আমাদের যত গান, দাগ লাগা অভিমান, লাল শালু গায়ে আছে শুয়ে। ভুলে আছে অভিযান, হিসাব নিকাশ আর রং মিলানো কড়ি খেলা। কৃষিকাজ শেষ করে চাষা বসে গোল হয়ে গানের বাক্স তার খুলে। সঙ্গীত, সঙ্গীত যদি, বয়ে যায় নিরবধি, বাকি সব হয়ে ওঠে হেলা। হেলায় ঠেকিয়ে রাখি, কোনওদিন ভেবেছি কি? এভাবেই তুমি আসো যদি। আমিও গহীনে যাব, চোখ নাক বেঁধে হব, একডুবে পার ভবনদী।

মাথা নীচু করে পেরিয়ে যাই সীমান্ত।
                      ওপারে গাছের শরীর মানুষ বলে ভ্রম হয়
এমন আবছা আজ সবকিছু
শরীর কেঁপে ওঠে, জলা-হাওয়ার ছোঁয়া পাই
মাঠ ঘাট এক করে তৎক্ষণাৎ
টিয়াপাখিদের শহরে বৃষ্টি আসে
কতদিন সাঁতার কাটি না
                        কতদিন গাই নাকো গান
কখনও কীর্তন ছিল বলে, রাধাভাবে মজে যেত প্রাণ
আজ দেখো, সরস তরমুজ নিয়ে বন্দরে যাই
জাহাজ আসবে বলে ঘোষণা হয়েছে
আদার ব্যাপারীরা কেউ এদিকে আসেনি
তরমুজ, শুধু তরমুজ আর
                   শুকনো মাছ পড়ে আছে রোদে

দিগন্ত-টিগন্ত মুছে দিয়ে বৃষ্টি নামছে আর—
কালো-কুলো, ন্যাংটো বাচ্চার দল
                    ছুটে যাচ্ছে দূরের মাঠে
‘আহারে, গরিব খুব, ভাল করে
খেতে পায় না বোধহয়…’
তুমি বলছ,
ঠোঁট কি সামান্য ফুলে যায়?
একথা বলার সময়? বিলি কাটো চুলে?
‘তুমি তা জানো না কিছু— না জানিলে,’
সময় ঝরে পড়ে যায়, অবিরাম বৃষ্টি ঝরে
‘আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে;’

কালো-কুলো, ন্যাংটো বাচ্চার দল নামছে
দূরের মাঠে আর
দিগন্ত-টিগন্ত মুছে দিয়ে বৃষ্টি যাচ্ছে ওদিকে ছুটে

মনে রেখো এই কথা, প্রিয়
শেষ শ্বাস ঘনাবার আগে
এইসব লেখাগুলি আমি
প্রকাশিত করে দিয়ে যাব
কাঁধে করে এশরীর যারা
বয়ে নিয়ে ছুটেপায়ে যাবে
আগুনের বিছানার ঘরে
যেন তুমি মনে করে বলো
হরিবোল হরিবোল নয়
কবি যেন কবিতায় যায়

মনে আছে তোমাকে বিভাময়, গরানহাটার দিকে বাড়ি ছিল তোমার, সকাল সকাল হাজির হতে এদিকে। কী হয়েছিল? খবর নেই কতদিন? সকালের কাগজ আর দুপুরের ডাক পেতে পেতে
                            বহুদিন ঝরে গেছে আমাদের
তুমি তো কই একটাও ফোন করোনি কোনওদিন, নিদেন চিঠি একখানা
হ্যাঁ, কী বলছ? অসুখ হয়েছিল খুব? বিছানায় শুয়ে এক প্রজন্ম?
বেশ তো আজ এসো সূর্যাস্তে হাটে যাব ঠিক আগেকার মত
ঘুড়ি ও জিলিপি কিনে ফেরার পথে শ্যাওলাঘাটায় বসে আমোদ করব খুব

এসো বিভাময়, আজ নিশ্চয় এসো
নেহাতই না আসতে পারলে একটা মাছরাঙা উড়িয়ে দিয়ো এই ঠিকানায়।

জ্বরে কাঁপি নাকি কামজ্বরেই কাঁপায়?
জল ঘেরে, জল আসে, জলে ভাসে মাছ
ঝাঁপাব ভেবেছি যেই, জল নয় কাচ
বঁধুয়া গিয়াছে দেখো কার আঙিনায়

নূপুর রেখেছ খুলে, খুলেছ পোশাক
অতিঘোর অসুখের কেটে যায় দিন
নূপুরের দোষ নেই বোতলের জিন
ইচ্ছেপূরণ হবে এই কথা থাক

কতদিন আমাদের দেখা হয় নাকো
অনেক ঝরেছে ফুল বাগানে তোমার?
বোতাম খুলবে তুমি পুরোনো জামার
এই জেনে আমি রোজ পার হই সাঁকো

কামজ্বর নাকি এক জ্বরেই কাঁপায়?
পাপ ঝেঁপে আসে বধূ চোখের দেখায়।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − six =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

স্যার রোনাল্ড রস, ম্যালেরিয়া ও অন্যান্য

রোনাল্ড রসকে তাঁর গবেষণার সহায়তাকারী এক বিস্মৃত বাঙালি বিজ্ঞানীর নাম কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় (১৮৭৭-১৯২৯)। তাঁর অবদান কিন্তু খুব কম নয়। তিনি ছিলেন রস-এর অধীনে সহ-গবেষক। রস নোবেল পেলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শিবনাথ শাস্ত্রী, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কিশোরীনাথের ভূমিকার বিষয়টি বড়লাট লর্ড কার্জনকে জানান। কার্জন এ-বিষয়টি ব্রিটিশ সরকারের গোচরে আনেন। এর ফলে ১৯০৩ সালে যখন দিল্লিতে দরবার বসে, তখন ডিউক অফ কনট-এর মাধ্যমে কিশোরীনাথকে ব্রিটিশরাজ সপ্তম এড‌ওয়ার্ড-এর তরফ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে কলকাতা
র সেনেট হলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

Read More »
গৌতম চক্রবর্তী

দুই হুজুরের গপ্পো

১৯৩০ সালের ১৪ জুলাই, আলবার্ট আইনস্টাইন বার্লিনের উপকণ্ঠে নিজের বাড়িতে স্বাগত জানান ভারতীয় কবি, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী। তাঁদের এই সাক্ষাৎকারটি ইতিহাসের অন্যতম বুদ্ধিদীপ্ত ও মননশীল আলাপচারিতায় পরিণত হয়, যেখানে তাঁরা বিজ্ঞান ও ধর্মের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন। “সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ট্রাডিশন: হোয়েন আইনস্টাইন মেট টেগোর” গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। এই বইতে বিশ শতকের শুরুতে ভারতের বৌদ্ধিক পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আশা ভোসলে ও তাঁর বাংলা গান

সুদীর্ঘ আট দশক ধরে তিনি তাঁর সঙ্গীতের সুধায় ভরিয়ে দিয়েছেন কেবল ভারত বা এই উপমহাদেশকেই নয়, বিশ্বকে। পরিণত বয়সেই মৃত্যু হয়েছে তাঁর, যেমন কয়েক বছর আগে হয়েছিল তাঁর স্বনামখ্যাত অগ্রজা লতা মঙ্গেশকরের। আশা ভোসলে তাঁর সমগ্র জীবনে বারো হাজার গান গেয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। একদিকে ধ্রুপদী সঙ্গীত, অন্যদিকে লঘু, পপ, এমনকী চটুল গানেও তাঁর সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন। সমসাময়িক কিংবদন্তি শিল্পীদের মধ্যে এজন্য অনায়াসে স্থান করে নিয়েছিলেন তিনি।

Read More »
গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »
যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »