Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বাথুকাম্মা: মেয়েদের একান্ত নিজস্ব কুসুম মহোৎসব

‘উত্তরের দক্ষিণ এবং দক্ষিণের উত্তর’, তেলেঙ্গানা দীর্ঘকাল ধরে বিবিধ ভাষা ও সংস্কৃতির মিলনস্থল। একে সহজেই ভারতের মিশ্র সংস্কৃতি, বহুত্ববাদ এবং সহাবস্থানের জন্য সর্বোত্তম উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। দাক্ষিণাত্য মালভূমির উচ্চভূমিতে অবস্থিত তেলেঙ্গানা উত্তর ও দক্ষিণ ভারতের সেতু। এটা কোনও আশ্চর্যের বিষয় নয় যে, গোটা অঞ্চলটি তার ‘গঙ্গা-যমুনী তহজীব’-এর জন্য এবং এর রাজধানী হায়দ্রাবাদ একটি ‘ক্ষুদ্র ভারত’ হিসাবে পরিচিত! ‘গঙ্গা-যমুনী তহজীব’ একটি উর্দু লবজ, যা হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্র বোঝাতে ব্যবহৃত হয়।
এই অঞ্চলের ভূগোল, রাজনীতি এবং অর্থনীতি তেলেঙ্গানার সাংস্কৃতিক পটভূমি নির্ধারণ করেছে। এই অঞ্চলের প্রাচীনতম সাতবাহন শাসকরা স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ গ্রাম অর্থনীতির বীজ বপন করেছিলেন, যার রেশ আজও অনুভব করা যায়। মধ্যযুগে কাকতিয় রাজবংশের শাসন (এগারো থেকে এবং চোদ্দো শতকের মধ্যে ওয়ারঙ্গল তাদের রাজধানী ছিল) এবং পরবর্তীকালে হায়দ্রাবাদ রাজ্যে কুতুব শাহী বংশ এবং আসফ জাহী বংশের শাসনে এই অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছিল।
তেলেঙ্গানা, একটি ভৌগোলিক এবং রাজনৈতিক সত্তা হিসাবে ২০১৪ সালের ২ জুন ভারতের ২৯তম এবং সর্বকনিষ্ঠ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তবে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সত্তা হিসেবে এর গৌরবময় ইতিহাস অন্তত আড়াই হাজার বছর বা তারও বেশি। ১৯৪৭ সালে যখন ব্রিটিশ শাসকের কবল থেকে মুক্ত হয়ে যখন ভারত স্বাধীন হল, তখনও ১৩ মাসের জন্য একটি স্বাধীন রাজ্য হিসেবে ছিল হায়দ্রাবাদ। পরে তার ভারতভুক্তি ঘটে। মাঝখানে অনেক আন্দোলন-সংগ্রাম প্রত্যক্ষ করেছে রাজ্যটি। পরবর্তীতে বেশ কয়েকটি ভৌগোলিক-রাজনৈতিক ধাপ পেরিয়ে তেলেঙ্গানার জন্মবৃত্তান্ত পর্যন্ত ইতিহাস প্রায় সকলেরই জানা। আমাদের আজকের আলোচ্য তেলেঙ্গানা রাজ‍্যের সবচেয়ে জনপ্রিয় উ‌ৎসব বাথুকাম্মা নিয়ে। আমরা বরং সেখানে ফিরি।

বাথুকাম্মার প্রতীক আসলে একটি সুন্দর ফুলের স্তূপ।

ভারতের অন্যান্য উৎসবের মত বাথুকাম্মাও কৃষি সংস্কৃতির একটি উৎসব। বর্ষাকালের সফল সমাপ্তি এবং সেই সময়ে জীবনরক্ষার জন্য দেবী মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই শারদোৎসব উদযাপিত হয়। বাথুকাম্মা তেলেঙ্গানার সাংস্কৃতিক চেতনার প্রতিনিধিত্বকারী উৎসব। ২০১৪-তে তেলেঙ্গানা রাজ্য গঠনের পর থেকেই বাথুকাম্মা তাদের রাজ্য উৎসব হিসাবে পালিত হচ্ছে। বাথুকাম্মার প্রতীক আসলে একটি সুন্দর ফুলের স্তূপ, যা মন্দিরের আকারে সাতটি কেন্দ্রিক স্তরে শরৎকালে ফোটা বিভিন্ন মৌসুমী ফুল ও লতাপাতায় তৈরি করা হয়।
বাথুকাম্মার নাম ‘বাতুকু’ থেকে এসেছে, তেলুগুতে যার অর্থ জীবন আর আম্মা অর্থাৎ মা। দেবী মহাগৌরীকে জীবনদাত্রী বাথুকাম্মারূপে উপাসনা করা হয়। নারীত্বের পৃষ্ঠপোষক হলেন গৌরীদেবী।
বাথুকাম্মা উৎসব মহালয়া অমাবস্যার দিন থেকে শুরু হয় এবং ৯ দিন ধরে চলে। এই উৎসবটি সমাপ্ত হয় অশ্বয়ুজা নবমীতে, যা দুর্গাষ্টমী নামে পরিচিত।
প্রথম দিন: ইঙ্গিলি পুলা বাথুকাম্মা
দ্বিতীয় দিন: আত্তুকুলা বাথুকাম্মা
তৃতীয় দিন: মুদ্দাপ্পু বাথুকাম্মা
চতুর্থ দিন: নানাবিয়্যাম বাথুকাম্মা
পঞ্চম দিন: আতলা বাথুকাম্মা
ষষ্ঠ দিন: আলিগিনা বাথুকাম্মা (অলকা বাথুকাম্মা)
সপ্তম দিন: ভেপাকায়ালা বাথুকাম্মা
অষ্টম দিন: ভেন্নায়ি মুদ্দালা বাথুকাম্মা
নবম দিন: সাদ্দুলা বাথুকাম্মা।
প্রতিটি দিনের এই নামকরণ মূলত এরজন্য প্রস্তাবিত ‘নৈবেদ‍্যম’ বা নৈবেদ্যের প্রকারকে নির্দেশ করে। বেশিরভাগ নৈবেদ্য প্রস্তুত করা খুব সহজ এবং সাধারণত অল্পবয়সী বাচ্চা বা অল্পবয়সী মেয়েরা উৎসবের প্রথম আট দিনের নৈবেদ্য প্রস্তুত করে। শেষদিন, সাদুলা বাথুকাম্মার নৈবেদ্য প্রস্তুতিতে পরিবারের সমস্ত মহিলা অংশ নেন। উৎসবের প্রতিটি দিন নৈবেদ্যম বা একটি বিশেষ থালা দেবীর উদ্দেশে প্রস্তুত ও উৎসর্গ করা হয়। এর সাধারণ উপাদান হল ভুট্টা, বাজরা, কালো ছোলা, হলুদ ছোলা, সবুজ ছোলা, বাদাম, তিল, গম, চালের গুঁড়ো, কাজুবাদাম, গুড়, দুধ, মাখন, ঘি ইত্যাদি।

ভারতের অন্যান্য উৎসবের মত বাথুকাম্মাও কৃষি সংস্কৃতির একটি উৎসব।

সাদ্দুলা বাথুকাম্মা অর্থাৎ বাথুকাম্মার নবম দিন, অশ্বয়ুজা মাসের অষ্টম দিনে দুর্গাষ্টমীর সঙ্গে মিলিত হয়। এই দিনে খাবারের নৈবেদ্য বা নৈবেদ্যম পাঁচ ধরনের রান্না করা ভাতের থালা: পেরুগান্নম সাদ্দি (দই ভাত), চিন্থাপান্ডু পুলিহোরা সাদ্দি (তেঁতুলের চাল), নিম্মকায়া সাদ্দি (লেবু ভাত), কোব্বরা সাদ্দি (নারকেল চাল) এবং নুভ্ভুলা সাদ্দি (তিলের চাল) নিবেদন করা হয়।
সামাজিকভাবে, বাথুকাম্মা মানে ‘জীবনের উৎসব’ এবং গোলাভর্তি ফসল তোলা ও আর্থিক সমৃদ্ধির জন্য দেবী পার্বতীর আশীর্বাদ প্রার্থনা করার বিশেষ পার্বণ। বাথুকাম্মা উৎসবের প্রস্তুতির জন্যে প্রথম পাঁচ দিন মহিলারা তাদের ভাকিলি (উঠোন) পরিষ্কার করেন গোবরজল দিয়ে, এরপর আঙিনায় বেস হিসাবে ছড়িয়ে দেওয়া হয় মানাগলা আকারা বা মগগু, অর্থাৎ চালের ময়দা। এর পরে রাঙ্গোলির সাহায্যে সাজানো হয়। বাড়ির পুরুষ সদস্যরা এই সময় ফুল সংগ্রহ করেন বিভিন্ন জলাভূমির পাশে বা উন্মুক্ত মাঠ থেকে।
বাথুকাম্মার প্রতীকী গোপুরমটি মোরগ ফুল, সোনামুখী ফুল, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, পদ্ম ফুল, কুকুরবিতা (Cucurbita) ও কুকুমিস স্যাটিভাস (Cucumis Sativus) পাতা ও ফুল, নীল অঞ্জন ফুল, ত্রিধারা ফুল, জোয়ান ফুল ইত্যাদি প্রাণবন্ত বিভিন্ন রঙের ফুল দিয়ে। এত দৃষ্টিনন্দনভাবে এত রকম ফুল দিয়ে এটি সাজানো হয়, যে কারণে বাথুকাম্মাকে ‘ফুলের উৎসব’ বলেও অভিহিত করা হয়।

বাথুকাম্মাকে ‘ফুলের উৎসব’ বলেও বর্ণনা করা হয়।

বাথুকম্মার প্রতীকী গোপুরম প্রস্তুত করা তেলেঙ্গানার একটি লোকশিল্প। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশের মহিলারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত রুচিশীলভাবে এই সজ্জায় তাদের পারদর্শিতা প্রদর্শন করে আসছেন নিষ্ঠা ও ভক্তির সঙ্গে সৃজনশীলতার সম্মিলনে।
বাথুকম্মার অর্থ, ‘জীবনে ফিরে আসুন মা’ এবং এটি দেবী সতীকে ফিরে আসার অনুরোধ। জনশ্রুতি এই যে, সতীদেবী পার্বতী হিসাবে ফিরে এসেছিলেন এবং তাই উৎসবটি দেবী পার্বতীর জন্য উত্সর্গীকৃত। এই উৎসবের পিছনে কয়েকটি মিথ রয়েছে। একটি পৌরাণিক কাহিনি অনুসারে দেবী গৌরী ‘মহিষাসুর’-কে তীব্র লড়াইয়ের পরে হত্যা করেছিলেন। এই লড়াইয়ের পরে ক্লান্তির কারণে তিনি ‘অশ্বয়ুজা পদ্যমী’-তে ঘুমাতে গেলেন। ভক্তরা তাঁর ঘুম থেকে ওঠার জন্য প্রার্থনা করেছিলেন‌ এইসময়ে দেবী যাতে ঘুম থেকে উঠে ফুলের শোভা ও সুগন্ধে আবার সতেজ হয়ে ওঠেন।

তেলেঙ্গানা রাজ‍্যের সবচেয়ে জনপ্রিয় উ‌ৎসব বাথুকাম্মা।

অন্য মিথটি হল, বাথুকাম্মা ‘চোল’ রাজা ‘ধর্মাঙ্গদ’ ও ‘সত্যবতী’র মেয়ে হিসাবে জন্মান। রাজা এবং রানি যুদ্ধের ময়দানে তাদের ১০০ পুত্রকে হারিয়ে দেবতা লক্ষ্মীর কাছে তাদের সন্তানের মত জন্মের জন্য প্রার্থনা করেছিলেন। দেবী লক্ষ্মী তাঁদের আন্তরিক প্রার্থনা শুনে তাতে সাড়া দিয়েছিলেন। লক্ষ্মীদেবী যখন রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন, সমস্ত ঋষি তাঁকে আশীর্বাদ করতে এসেছিলেন এবং তারা তাঁকে অমরত্ব দিয়েছিলেন, যার অর্থ বাথুকাম্মা বা ‘চিরকাল জীবিত‌ ও জাগ্রত’। সেই থেকে তেলেঙ্গানার যুবতী মেয়েরা বাথুকাম্মা উৎসব পালন করে আসছেন। কন্যারা যেন ভাল স্বামী পান এই বিশ্বাসে দেবীর কাছে প্রার্থনা করা আর বিবাহিত মহিলারা তাদের পরিবারের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য দেবীর কাছে প্রার্থনার জন্য উৎসবটি উদযাপন করেন। তাই পরিবারের ছোট থেকে বড় সকল মহিলা বিশেষভাবে সাজানো ফুলের উপাচারের চারপাশে তাদের সেরা পোশাক ও গহনায় সুসজ্জিত হয়ে নাচগান সহযোগে নয়দিন ব‍্যাপী বাথুকাম্মা উৎসবে সামিল হন।

Advertisement
জলে ভাসানোর বেলা।

নবমতম দিনে সাতটি স্তরে সজ্জিত, ফুলের অনন্য শৈলীর স্তূপটি, যা এতদিন যে যার বাড়িতে নৈবেদ্য দিয়ে পুজো করছিলেন, সেগুলি বহন করে নিয়ে এসে পুকুর, দিঘি বা নদীর পাশে কোনও উন্মুক্ত প্রান্তরে একসঙ্গে গোল করে রেখে তাকে ঘিরে নাচগান করেন মেয়েরা। এই স্থানটি আলো দিয়ে সুসজ্জিত করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মহিলারা শোভাযাত্রা করে ওই ফুলের তৈরি গোপুরম-সদৃশ কাঠামো বা কখনও তার ওপর স্থাপিত দেবীমূর্তিকে ধীরে ধীরে জলে সংস্থাপন করেন। এরপর বাড়ি ফিরে আত্মীয়স্বজন, বন্ধু ও প্রতিবেশীদের মধ‍্যে প্রসাদ বিতরণ করেন।

হুসেন সাগর লেক।

বর্তমান সময়ে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটির গুরুত্ব হল একটি সাংস্কৃতিক উত্তরাধিকারকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পালন করে এগিয়ে নিয়ে চলা। অশুভের বিরুদ্ধে শুভ ও মৈত্রীর আদর্শ বহন করা এবং মানুষে মানুষে একত্রিত হয়ে একতা ও সম্প্রীতির সুযোগ করে দেওয়া ও আমাদের দেশীয় লোকশিল্পকে উজ্জীবিত করা।

চিত্র : গুগল

ফুল দেই: উত্তরাখণ্ডের ফুলেল উৎসব

গড়িয়া: ত্রিপুরার জনজাতিদের উৎসব আজ সর্বজনীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

বুদ্ধ: অন্ধকারে আলোর দিশারী

তিনি বলেন গেছেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, তাকে জয় করতে প্রেম ও ভালবাসা দিয়ে। মৈত্রী ও করুণা— এই দুটি ছিল তাঁর আয়ুধ, মানুষের প্রতি ভালবাসার, সহযোগিতার, বিশ্বপ্রেমের। তাই তো তাঁর অহিংসার আহ্বান ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশে,— চীন, জাপান, মায়ানমার, তিব্বত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে। এই বাংলায় যে পালযুগ, তা চিহ্নিত হয়ে আছে বৌদ্ধযুগ-রূপে। সুদীর্ঘ পাঁচ শতাব্দী ধরে সমগ্র বাংলা বুদ্ধ-অনুশাসিত ছিল। বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ বৌদ্ধ কবিদের দ্বারাই রচিত হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

স্যার রোনাল্ড রস, ম্যালেরিয়া ও অন্যান্য

রোনাল্ড রসকে তাঁর গবেষণার সহায়তাকারী এক বিস্মৃত বাঙালি বিজ্ঞানীর নাম কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় (১৮৭৭-১৯২৯)। তাঁর অবদান কিন্তু খুব কম নয়। তিনি ছিলেন রস-এর অধীনে সহ-গবেষক। রস নোবেল পেলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শিবনাথ শাস্ত্রী, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কিশোরীনাথের ভূমিকার বিষয়টি বড়লাট লর্ড কার্জনকে জানান। কার্জন এ-বিষয়টি ব্রিটিশ সরকারের গোচরে আনেন। এর ফলে ১৯০৩ সালে যখন দিল্লিতে দরবার বসে, তখন ডিউক অফ কনট-এর মাধ্যমে কিশোরীনাথকে ব্রিটিশরাজ সপ্তম এড‌ওয়ার্ড-এর তরফ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে কলকাতা
র সেনেট হলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

Read More »
গৌতম চক্রবর্তী

দুই হুজুরের গপ্পো

১৯৩০ সালের ১৪ জুলাই, আলবার্ট আইনস্টাইন বার্লিনের উপকণ্ঠে নিজের বাড়িতে স্বাগত জানান ভারতীয় কবি, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী। তাঁদের এই সাক্ষাৎকারটি ইতিহাসের অন্যতম বুদ্ধিদীপ্ত ও মননশীল আলাপচারিতায় পরিণত হয়, যেখানে তাঁরা বিজ্ঞান ও ধর্মের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন। “সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ট্রাডিশন: হোয়েন আইনস্টাইন মেট টেগোর” গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। এই বইতে বিশ শতকের শুরুতে ভারতের বৌদ্ধিক পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শতবর্ষী বাঙালি

বাঙালিদের মধ্যেও শতায়ু লোক নেহাত কম নেই। একটা কথা মনে রাখা জরুরি, বিখ্যাত ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের আয়ু নিয়ে বিশেষ কোনও গবেষণা থাকে না। আবার একটু বেশি বয়স্ক মানুষকে শতায়ু বলে চালিয়ে দেওয়ার রেওয়াজ-ও রয়েছে। তবে শতবর্ষের আয়ুলাভ যে মানুষের কাঙ্ক্ষিত, তা উপনিষদের‌ একটি বাক্যে সুন্দরভাবে ধরা পড়েছে— ‘জীবেম শরদঃ শতম্’, অর্থাৎ শতবর্ষ বাঁচতে ইচ্ছে করবে। কেবল অলস জীবন নিয়ে বাঁচবার ইচ্ছে করলেই হবে না, কর্ম করে বাঁচার কথাও বলা হয়েছে সেখানে— ‘কুর্বেন্নেবেহ কর্মাণি জিজীবিষেচ্ছতম্ সমাঃ’।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আশা ভোসলে ও তাঁর বাংলা গান

সুদীর্ঘ আট দশক ধরে তিনি তাঁর সঙ্গীতের সুধায় ভরিয়ে দিয়েছেন কেবল ভারত বা এই উপমহাদেশকেই নয়, বিশ্বকে। পরিণত বয়সেই মৃত্যু হয়েছে তাঁর, যেমন কয়েক বছর আগে হয়েছিল তাঁর স্বনামখ্যাত অগ্রজা লতা মঙ্গেশকরের। আশা ভোসলে তাঁর সমগ্র জীবনে বারো হাজার গান গেয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। একদিকে ধ্রুপদী সঙ্গীত, অন্যদিকে লঘু, পপ, এমনকী চটুল গানেও তাঁর সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন। সমসাময়িক কিংবদন্তি শিল্পীদের মধ্যে এজন্য অনায়াসে স্থান করে নিয়েছিলেন তিনি।

Read More »
গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »